আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 227

যুক্তরাষ্ট্র থেকে গমের তৃতীয় চালান এলো মোংলা বন্দরে

আলোকিত ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে দেশটি থেকে ৬০ হাজার ৮৭৫ টন গমবাহী জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

১৫ নভেম্বর শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ এরইমধ্যে সরকার টু সরকার জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর এবং দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর দেশে পৌঁছেছে। এটি আমদানি করা গমের তৃতীয় চালান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ৪ লাখ ৪০ হাজার টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে এই জুটি।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রিন্স’।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন। এই নতুন জুটি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

ধামরাইয়ে নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রে*প্তার

মামুন আহমেদ জয়: ঢাকার ধামরাইয়ে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০) এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাসেম বকুল (৪৬)। পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে (মামলা নং–২৫) তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, “নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত ছয়জনের ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে আবেদন করা হয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতাকর্মী।”

আলোকিত প্রতিদিন/এপি

কুড়িগ্রামে সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা

জি এম রাশোদুল ইসলাম:

কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর (অব.) ড. গাজী রহমান ডি.লিট।
তিনি বলেন, সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় কবি ও ছড়াকার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. বজলুর রশিদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মোঃ আবু জোবায়ের আল মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন প্রমুখ।বক্তারা বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের পথ দেখায়। তারা লেখকদের সৃজনশীল কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্য, শিক্ষা ও আইন পেশার বিশিষ্ট ব্যক্তিরা সমাজ নির্মাণে সৃজনশীল লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।

আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

বিহারে গত নির্বাচনের তুলনায় এবার অর্ধেকে নামল মুসলিম বিধায়কের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় ২০২০ সালের নির্বাচনে যত সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন তার প্রায় অর্ধেক সংখ্যক। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিহারের বিধাসনসভায় মোট আসনসংখ্যা ২৪৩টি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলার আসন থেকে জয়ী হয়েছেন মাত্র ১০ জন প্রার্থী। এই দশজনের মধ্যে ৫জন আবার বিহারভিত্তিক কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন; তারা তেলেঙ্গানাভিত্তিক রাজনৈতিক দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)।

বিজয়ী বাকি ৫ জন বিধায়কের মধ্যে একজন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের, বাকি চারজনের ২ জন কংগ্রেস এবং ২ জন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী ছিলেন।

এর আগে ২০২০ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে। সেই নির্বাচনে ১৯ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিলেন। তার আগে ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ২৪ জন  মুসলিম প্রার্থী।

২০২২-’২৩ সালে জনশুমারি হয়েছিল বিহারে। সেই শুমারির ফলাফল বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে মুসলিমদের সংখ্যা ১৩ কোটি ৭ লাখ, অর্থাৎ শতকরা হিসেবে বিহারের মোট জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশ মুসলিম। কিন্তু বিধানসভায় সে রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই। ২০১৫ ও ’২০ সালে যেখানে বিহারের বিধানসভায় মুসলিমদের আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল যথাক্রমে ৯ দশমিক ৮৭ এবং ৭ দশমিক ৮ শতাংশ, সেখানে এবার তা নেমে এসেছে ৫ শতাংশেরও নিচে।

ভারতের রাজনীতি এবং নির্বাচন বিশ্লেষকদের মতে, গত সাত দশকের মধ্যে এবারই সবচেয়ে কম সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন বিহারে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ। ১৫ নভেম্বর শনিবার সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বলেন,হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলাটি দায়ের করেছিলেন।

গত ১২ নভেম্বর বুধবার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।

এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

নেত্রকোনা ৪ আসনে প্রথম নির্বাচনী প্রচারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা -৪(মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়ন পেয়ে প্রথম এলাকায় আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শুক্রবার নেতার আগমন উপলক্ষে দুপুর থেকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করে ধানের শীষ দিয়ে প্রিয় নেতাকে সংবধর্না জানান।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আমি আবার কখনো নির্বাচন করতে পারব, ভাবি নাই,এজন্য মহান আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটিবাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এ জন্য নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা -৪( মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরী) ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।এদিকে আগামীতেও হাওড় পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন,পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী এবং নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে তাও মহান আল্লাহ তা’য়ালা আর আমার নেত্রীও নেতাই নির্ধারণ করবেন।
আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

খতমে নবুয়তের সমাবেশে বিএনপি,আরও আছেন ৫ দেশের ধর্মীয় নেতারা

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এ পাঁচদেশের ধর্মভিত্তিক দল ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেছেন। ১৫ নভেম্বর শনিবার সকাল থেকে শুরু হয়ে এই সমাবেশ চলছে এখনও। সম্মেলনে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সালাহ উদ্দিন আহমদ অংশ নিয়েছেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি। ধর্মীয় নেতাদের এই অনুষ্ঠানে বিএনপির অংশগ্রহণের কারণ হিসেবে একটি সূত্র জানিয়েছে, ভোটের সমীকরণ থেকেই বিএনপি সমাবেশে গেছে। বিএনপির মূল লক্ষ্য নির্বাচন। সবাইকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। গত ১৬ বছর ধরে প্রধান দাবি ছিল বিএনপির। সবমিলিয়ে এখনও জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে সূ্ত্র জানায়।

সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা । এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি।

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে থাকছেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মামুনুল হক, খলিল আহমাদ কুরাইশী, মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

আলোকিত প্রতিদিন/১৫নভেম্বর ২০২৫/মওম 

একটি পরিষদ দেশ চালাচ্ছে, এটাকে আমি সরকার বলি না: লতিফ সিদ্দিকী 

প্রতিনিধি,টাঙ্গাইল:
মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ, সাবেক মন্ত্রী সদ্য জামিনপ্রাপ্ত আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে- এটাকে আমি সরকার বলিনা। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্খা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পুরণ হয় নাই। শুক্রবার(১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে জুমআ’র নামাজ শেষে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্খা পুরণ করতে পারে নাই, জিয়া পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই- আর একজনের নামই আমি বলতে চাইনা।
তিনি আরো বলেন, জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করবোনা। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকবো।
এ সময় কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সর্ব সময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।
তিনি বলেন, ড. ইউনূসকে আগেই চেনার কারণে আমি অন্তরের অন্তস্থল থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। আমরা আনেক পরে তাঁকে চিনতে পেরেছি- আমি তো আরো পরে চিনেছি। শেখ হাসিনা ড. ইউনূসকে অনেক আগেই চিনেছিলেন- তিনি তাঁকে সুদখোর বলতেন।
বঙ্গবীর বলেন, আমি আওয়ামীলীগ করেছি। ভাসানীর আওয়ামীলীগ করেছি, বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করেছি, গণমানুষের আওয়ামীলীগ করেছি। আমি নারী প্রেম করি নাই, বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষকে ভালোবাসতে শিখেছি, বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছি। দেশপ্রেম সহজ জিনিস না। দেশপ্রেম ধারণ করতে তপস্যা করতে হয়, ধৈর্য্য ধারণ করতে হয়। গণমানুষের ভালোবাসা পেলে দেশপ্রেম হয়ে যায়।
তিনি বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। কারণ শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল- দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু অভ্যুত্থান পরবর্তী জুলাইযোদ্ধাদের কার্যক্রমকে একবিন্দুও সমর্থন করিনা। এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান, শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন
এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।
এরআগে, শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরী(র.) এর মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তাঁর নির্বাচনী
এলাকার মানুষ এলেঙ্গায় তাকে স্বাগত জানায় এবং নিজ গ্রাম ছাতিহাটীতে নিয়ে আসেন।
সেখানে তিনি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমআ’র নামাজ আদায় করেন।
আলোকিত প্রতিদিন/১৪নভেম্বর ২০২৫/মওম 

দেবিদ্বারে ৩০০ মিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ,নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ডের বিনাইপাড়া গোমতী বেড়িবাঁধ এলাকায় এডিপির আওতায় ৩০০ মিটার সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার অধীন পানি উন্নয়ন বোর্ডের কাঁচা সড়কটি পাকা করার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগ পাওয়ার পর দেবিদ্বারের পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। খবর পেয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশনা প্রদান করেন। পৌর প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী বিষয়টি অফিসিয়ালি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, দেবিদ্বার পৌরসভার এডিপি প্রকল্পের আওতায় আরহাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০০ মিটার সড়কটি পিচ ঢালাই করে নির্মাণের কাজ করছে, যার ব্যয় ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে ট্রাকে করে নিম্নমানের ইটের খোয়া এনে ফেলেছে। আমরা বাধা দিলেও ঠিকাদার আমাদের কথা শোনেননি। এসব খোয়ায় রাস্তা টিকবে না, কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।

এলাকাবাসীরা আরও বলেন, এই সড়কটি এলাকায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। নিম্নমানের কাজ হলে অল্পদিনেই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে ভোগান্তি বাড়বে।

এদিকে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও তারা সড়কটির কাজ সঠিক মান বজায় রেখে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/১৪নভেম্বর ২০২৫/মওম