আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 222

রুশ বাহিনীর গত রাতের হামলায় ইউক্রেনের এক শহরে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলের আবাসিক এলকায় এক রাতে নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও ৭৭ জন। নিহতদের মধ্যে ৩ জন এবং আহতদের মধ্যে ১৫ জন শিশু আছে।

গত মঙ্গলবার রাতে তেরনোপিলে হামলা চালায় রুশ বাহিনী। এই শহরটি পোল্যান্ডের সীমান্তবর্তী। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবার রাতে তেরনোপিল, লভিভ এবং খারকিভ শহরে ৪৮৩টি ড্রোন এবং ৪৮টি বিভিন্ন পাল্লারি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা প্রায় ৪৪২ ও ৪২টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পারলেও বাকি ড্রোন-ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। এই ছয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে হতাহতের এসব ঘটনা।

যে তিন জন শিশু নিহত হয়েছে, তাদের বয়স যথাক্রমে ৫, ৭ এবং ১৬ বছর। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ২৫ জনের মধ্যে ১৯ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এ ১৯ জনের মধ্যে তিন শিশুও রয়েছে। হামলার পর ইউক্রেনের জাতীয় জরুরি অবস্থা পরিষেবা বাহিনীর ৪৫টি ইউনিটের ১৬০ জন সদস্য তেরনোপিলের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন। বাহিনীর সদস্যরা জানিয়েছেন তাদের উদ্ধার তৎপরতা চলছে এবং গতকাল তারা বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের নিহত এবং আহতকে উদ্ধার করতে পেরেছেন।

তেরনোপিলে হামলার প্রতিক্রিয়ায় গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর রুশ বাহিনীর প্রতিটি নির্লজ্জ আক্রমণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাশিয়ার ওপর বৈশ্বিক চাপ কোনো কাজ করছে না।”

সূত্র : এএফপি, এপি, আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

১৩ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়,জরুরি প্রত্যাবাসনের আহ্বান 

আলোকিত প্রতিবেদক:

১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয়। সেজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোহিঙ্গা মুসলিমদের ওপর গৃহীত এক প্রস্তাব অনুষ্ঠানে এ কথা জানায় বাংলাদেশ।

 ২০ নভেম্বর বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্থায়ী মিশন জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন করে বিশ্বব্যাপী প্রচেষ্টার আহ্বান জানিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর প্রস্তাব গৃহীত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এ প্রস্তাব পেশ করেছে। আর ১০৫টি দেশ যৌথভাবে এ প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করেছে।

২০১৭ সাল থেকে গৃহীত এই বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্যবস্তু করা, মানবিক প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও গত আট বছরে মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।

আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

পুলিশের মনোবল ভাঙবেন না,তাহলে বাঁশের লাঠি হাতে বাড়িঘর পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
পুলিশের ওপর হামলা চলতে থাকলে জনগণকে নিজেদের ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তি‌নি ব‌লেন, “অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে। আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। তাহলে, আপনাদের ৫ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি হাতে রাত জেগে বাড়িঘর পাহারা দিতে হবে।”

২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশের গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ যখন কোনও একটি অরাজকতা ঠেকানো বা প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সঙ্গে করেন, তাদের অনুরোধ করবো আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সঙ্গে রাস্তায় কোনও সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়। আমরা আপনাদের সেবা দিতে চাই।”

পল্লবীতে ককটেলে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার বিষয় তিনি বলেন, “গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল। নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করা হলো। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।”

মো.সাজ্জাত আলী বলেন, “৫ আগস্টের পর ৮০ বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে পাহারা দিতে হয়েছে। আমার অফিসারদের মনোবাল যদি ভেঙে যায়, তাহলে আপনাদের আবার এই বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নেমে বাড়িঘরের পাহারা দিতে হবে। সুতরাং, যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙ্গার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য।”

তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভয়ঙ্কর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায়, অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। কাজেই আর মনোবলকে ভাঙ্গার চেষ্টা প্লিজ করবেন না। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ।”

গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।”

ডিজিটাল মাধ্যম ব্যবহারে সতর্ক বার্তা:

একই স্থা‌নে একই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “বিশ্বে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি অপরাধের ধরণও দ্রুত পরিবর্তিত হচ্ছে।”

ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার আরেকটি শক্তিশালী পদক্ষেপ। বর্তমান বিশ্বে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি অপরাধের ধরণও দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতনা, ডিজিটাল হয়রানি, মানহানি- এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। সাথে যুক্ত হয়েছে অনলাইন গ্যাম্বেলিং। অনলাইন গ্যাম্বেলিং এর মাধ্যমে লক্ষ কোটি টাকা জুয়ারিরা হাতিয়ে নিচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতারই একটি দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “সাইবার সাপোর্ট সেন্টারে আধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘন্টা সাপোর্ট টিম থাকবে। যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ, বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রযুক্তি নির্ভর সময় উপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা।”  “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবে। সামাজিক মাধ্যম, অনলাইন জগতে যারা হয়রানী বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

ডিএমপি কমিশনার বলেন, “ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এটি নাগরিকদের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই আমি সবাইকে অনুরোধ করবো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন। আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দেই, নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার।”

আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

জন্মদিনে নারীদের সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের!

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা অস্বীকার করার উপায় নেই যে, দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে বৈশ্বিক অঙ্গনে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পর্যন্ত; ডিজিটাল বিশ্ব এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করছে। প্রযুক্তি যে গতিতে বিশ্ব এবং বাংলাদেশ উভয়কেই বদলে দিয়েছে, তা আমাদের কেউই উপেক্ষা করতে পারে না।

নিজের ৬১তম জন্মদিনে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অনেক সময় আমার স্ত্রী ও আমি বসে ভাবি—আমাদের শৈশবের পৃথিবী আর আজ আমাদের মেয়ের সামনে থাকা পৃথিবী কতটা ভিন্ন। আর অনেক অভিভাবক ও সচেতন নাগরিকের মতো আমরাও একই সঙ্গে আশা ও উদ্বেগ অনুভব করি।

আজ সুযোগ আগের যেকোনো সময়ের চেয়ে বড়, কিন্তু ঝুঁকিও ততটাই বিস্তৃত।’ তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ যদি সামনে এগোতে চায়, তাহলে আমাদের কন্যা, মায়েরা, বোনেরা, সহকর্মীরা—এভাবে ভয় নিয়ে বাঁচতে পারে না। প্রতিদিন অসংখ্য নারী শুধু কথা বলার জন্য, কাজ করার জন্য, পড়াশোনা করার জন্য বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার জন্য হয়রানি, হুমকি, বুলিং এবং সহিংসতার মুখোমুখি হন।’‘এটা সেই বাংলাদেশ নয়, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি।
আর এটা আমাদের সেই ভবিষ্যৎও নয় যা আমাদের কন্যারা প্রত্যাশা করে। নারীদের নিরাপদ বোধ করতে হবে—অনলাইনে এবং অফলাইনে, ঘরে এবং বাইরে, ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রতিটি ধাপে।’এ বাস্তবতা গড়ে তুলতে, বিএনপি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের স্বপ্ন দেখে তা হলো—প্রথমত, একটি জাতীয় অনলাইন সেফটি সিস্টেম—যেখানে নারীরা খুব সহজে সাইবার বুলিং, হুমকি, ভুয়া পরিচয় ব্যবহার, বা তথ্য ফাঁসের অভিযোগ জানাতে পারবেন। থাকবে ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল, এবং প্রশিক্ষিত সাড়া-দাতার দল যারা দ্রুত, সম্মানজনক ও কার্যকর সহায়তা দেবে।
বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলা ভাষায় কনটেন্ট মডারেশন আরো উন্নত হবে, এবং অপমানজনক কনটেন্ট দ্রুত অপসারিত হবে। দ্বিতীয়ত, সার্বজনীন জীবনে থাকা নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল—যেখানে সাংবাদিক, কর্মী, শিক্ষার্থী বা কমিউনিটি নেত্রী হিসেবে যারা আক্রমণের মুখে পড়েন, তাদের জন্য স্পষ্ট জাতীয় নির্দেশিকা থাকবে। থাকবে দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা, গোপনীয়ভাবে অভিযোগ জানানোর পথ এবং এমন একটি পরিবেশ যেখানে কোনো নারীকে জনজীবনে অংশ নেওয়ার কারণে চুপ করানো হবে না।তৃতীয়ত, ডিজিটাল নিরাপত্তা শিক্ষা—স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন থেকেই ব্যবহারিক ডিজিটাল নিরাপত্তা শেখানো হবে। প্রশিক্ষিত শিক্ষকরা ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে কাজ করবেন, আর বার্ষিক সচেতনতামূলক কর্মসূচি তরুণদের ডিজিটাল পৃথিবীতে আত্মবিশ্বাসের সঙ্গে চলতে সাহায্য করবে।

চতুর্থত, নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে শক্তিশালী কমিউনিটি-ভিত্তিক প্রতিক্রিয়া—কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন রুট, উন্নত স্ট্রিট লাইটিং, এবং ট্রমা-সেন্সিটিভ রেসপন্ডারদের মাধ্যমে নারীদের প্রতিদিনের জীবনকে আরও নিরাপদ ও পূর্বানুমেয় করা হবে। পঞ্চমত, নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে জাতীয় পর্যায়ে উদ্যোগ; যেমন নেতৃত্ব প্রশিক্ষণ, পরামর্শদাতা নেটওয়ার্ক, স্কুল-অফিস-কারখানায় শিশু পরিচর্যার বিস্তৃত ব্যবস্থা নারীদের নেতৃত্ব গ্রহণ, অর্জন, ও পূর্ণাঙ্গভাবে অবদান রাখার সুযোগ তৈরি করবে। কারণ, নারী এগোলে জাতি এগোবে। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে।

আলোকিত প্রতিদিন/এপি

হোসেনপুরে-অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সংবর্ধনা

তৌহিদুল ইসলাম সরকার, কিশোরগঞ্জের- হোসেনপুরে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়বিশুদিয়া গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডা. আবুল কেনান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখা ড্যাবের সভাপতি ডা. মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

দৈনিক আলোকিত প্রতিদিনের সাংবাদিক হাজী আলমগীর এর ছেলে আর নেই

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সখিপুর প্রতিনিধি হাজী আলমগীর এর ছেলে লিকছন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৯ নভেম্বর ২০২৫) ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। লিকছনের মৃত্যুতে দৈনিক আলোকিত প্রতিদিনের পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সম্পাদক সৈয়দ রনো। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বুধবার সকালে ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল শহর হয়ে পোড়াবাড়ি গারোবাজারসহ বিভিন্ন সড়ক  প্রদক্ষিন করে কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় তার কর্মী সমর্থক অনুসারীরা  নিয়ে শোভা যাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রা শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালালুর রহমান খান হেলাল, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১৯নভেম্বর ২০২৫/মওম

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি, গাজীপুর সদর উপজেলার স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোং (ইউনিট–২) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ১টার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোং (ইউনিট–২) কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে কারখানার একটি অংশে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কারখানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

কোন দেশের কাছে কত সোনা মজুদ আছে

আন্তর্জাতিক ডেস্ক:

টানা কিছুদিন যাবত হু হু করে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যবান ধাতু সোনার দাম। চলতি বছরের মাঝামাঝি সময়ে দাম অস্বাভাবিকরকম বৃদ্ধি পায়। যা এখনো অব্যাহত আছে।

নিরাপদ সম্পদ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকও সোনা নিজেদের কাছে রাখে। সোনা মজুদ রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভবিষয়ক ওয়েবসাইট বুলিয়ানভল্টের তথ্য অনুযায়ী, বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সোনা আছে। দেশটির রিজার্ভে বর্তমানে আছে ৮ হাজার ১৩৩ দশমিক ৫ টন সোনালী ধাতু।

এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট নক্স এবং নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজারে এই সোনাগুলোর দাম ১ ট্রিলিয়ন ডলারের বেশি।

তারপর রয়েছে ইউরোপের দেশগুলো। জার্মানির কাছে ৩ হাজার ৩৫১ দশমিক ৬ টন, ইতালির কাছে ২ হাজার ৪৫১ দশমিক ৯ টন এবং ফ্রান্সের কাছে আছে ২ হাজার ৪৩৭ টন। এ দেশগুলোর পর সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের কাছে আছে ১ হাজার ৩৯ দশমিক ৯ টন সোনা।

এসব সোনার বেশিরভাগই ব্রেটন উডস যুগের (১৯৪০-১৯৭০)। ওই সময় যুদ্ধপরবর্তী সময়ে মুদ্রা ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চীন। রিজার্ভ হিসেবে দেশটি এখন সোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত তারা তাদের রিজার্ভে যুক্ত করেছে ৩৩১ টন সোনা। এতে বেইজিংয়ের সোনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ দশমিক ৬ টন।

বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের কাছে ৮৭৬ দশমিক ২, জাপানের কাছে ৮৪৬, তুরস্কের কাছে ৫৯৫ দশমিক ৪ টন সোনা আছে।

মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের কাছে ৩২৩ দশমিক ১ টন সোনা গচ্ছিত আছে।

অপরদিকে জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশর কাছে আছে ২ দশমিক ৬১১ টন।

সূত্র: মিন্ট

আলোকিত প্রতিদিন/১৯নভেম্বর ২০২৫/মওম

ফুলবাড়ীতে বিনামূল্যে গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো: সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান,  নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশুনা করবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তিনি আরও বলেন পড়াশুনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/১৯নভেম্বর ২০২৫/মওম

 

 

 

 

 

– Advertisement –