আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 221

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

রিপন পাল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। মৃত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পরে তারা দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেন।
আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।
আলোকিত প্রতিদিন/২১নভেম্বর ২০২৫/মওম

ফাতিমা বশের মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট

বিনোদন ডেস্ক:

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় এবার সব আলো কেড়ে নিলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। কিছুদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি, সেই ফাতিমা বশই জিতে নিলেন বিশ্বসৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান।

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টা ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন।

ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’-এর মতো অপ্রত্যাশিত মন্তব্য শুনেছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তার এই দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি এবং সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।

ফাইনালের মঞ্চে, বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান এবং নেতৃত্ব বিষয়ে তার উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায় এবং প্রমাণ করে দেয় যে, প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে।

এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। অন্যদিকে, ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠল বহুল কাঙ্ক্ষিত মিস ইউনিভার্সের মুকুট। এটি মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো এই শিরোপা জয়।

আলোকিত প্রতিদিন/২১নভেম্বর ২০২৫/মওম

ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়েছে

আলোকিত প্রতিবেদক:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়া, ফাটল ধরার ঘটনাও ঘটেছে।

২১ নভেম্বর শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ৫ তলা ভবন, নিউমার্কেট এলাকায় একটি ভবন হেলে পড়েছে।

এছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটা বিল্ডিং একটা অন্যটার ওপর হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নাম্বার রোডের একটি ৬ তলা বাড়ির দ্বিতীয় তলায় চার পাশে বড় ফাটল ধরেছে। এদিকে পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে।

বাড্ডায় ভবন হেলে পড়ার বিষয়টি সকাল ১০টা ৫৭ মিনিটে সার্জেন্ট আনিসুর রহমান নিশ্চিত করেছেন। এছাড়াও অন্যান্য জায়গায় ভবন হেলে পড়ার এবং ফাটল দেওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আরমানিটোলার কসাইটুলি ৬ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গিয়ে দেখে। ভবনের কোনও ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু অংশ এবং কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনও হতাহত পাইনি।

সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়।’

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

আলোকিত প্রতিদিন/২১নভেম্বর ২০২৫/মওম

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভয়াবহ ভূমিকম্প,নিহত ৪

আলোকিত ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।

২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার।

তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল৷

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল৷

ভূমিকম্পের প্রাথমিক ক্ষয়ক্ষতি:

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার সকালে বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।

আলোকিত প্রতিদিন/২১নভেম্বর ২০২৫/মওম

শেরপুরের সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মালামাল ও কাভার্ডভ্যান জব্দ

মোহাম্মদ মাহবুবুর রহমান, শেরপুর : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে টহল দল। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে কঠোর অভিযান অব্যাহত রেখেছে এবং তা ভবিষ্যতেও চলবে।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে তারেক রহমানের ৬১তম জন্মদিন উদযাপিত

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল কোর্ট মসজিদে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
ওই দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান সানু, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর রহমান সুমন প্রমুখ অংশ নেন।
আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

নোয়াখালীতে অবৈধ ইট ভাটা ভেঙে দিল প্রশাসন

প্রতিনিধি,নোয়াখালী :

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ফতেহপুরে স্হাপিত অবৈধ জিগজাগ পদ্ধতির ইট ভাটা মেসার্স মেঘনা ব্রিকসে উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে।

২০ নভেম্বর বৃহস্পতিবার সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নুর পেয়ারা বেগম  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মেসার্স  মেঘনা  ব্রিকস নামক ইট ভাটাটির কীলন আংশিক ভাঙ্গা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয় এবং ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া ইটভাটার মালিককে উক্ত আইনের  ৮(৩) ধারা লংঘন করায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এসময়  মোবাইল কোর্টে প্রসিকিউশনে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন উপস্থিত ছিলেন।এছাড়াও সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই  ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

কক্সবাজারে বিশ্ব টয়লেট দিবসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য সম্মত ও নিরাপদ স্যানিটেশন ডায়রিয়া কলেরা রোধ ও শিশু মৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
কক্সবাজারে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করা হয়। এতে বক্তারা বলেন বাংলাদেশে একটি নিরাপদ ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, যা সকলের জন্য উপলব্ধ হবে।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কক্সবাজারে ওয়াশ সেক্টরে কর্মরত এনজিও সংস্থা ১৯ নভেম্বর বুধবার  দুপুরে এই আলোচনা সভার আয়োজন করে।
জাতিসংঘ ঘোষিত এই দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো “স্যানিটেশন ও নিরাপদ মলব্যবস্থাপনায় সমতা ও সম্মান”-যা কক্সবাজারের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়াজ প্রমানিক ইউনিসেফ এর ওয়াশ প্রকল্পের কর্মকর্তা সাজেদা বেগম হাইসোয়ার প্রকল্প পরিচালক এনামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবুল মনজুর  প্রমুখ
আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন নির্ভর কক্সবাজারে সুষ্ঠু ও পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সে ক্ষেত্রে টয়লেট ব্যবস্থার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে নিরাপদ স্যানিটেশন বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরুষ্কার প্রদান এবং স্বাস্থ্য সম্মত টয়লেটের ড্যামি প্রদর্শন করা হয়।
আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

নবীনগরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার-৩

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গণি শাহ মাজার সংলগ্ন রেস্তোরাঁয় গুলাগুলির ঘটনায় পুলিশ এবং র‍্যাবের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান- মামলার এজাহারভূক্ত দুজনসহ মোট তিনজনকে পুলিশ ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিশেষ অভিযানে গতকাল (১৯/১১/২৫) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হল- বড়িকান্দি গ্রামের আতিকুর রহমান হৃদয়(২৮) পিতা- মো.মালন মিয়া, নুরজাহানপুর গ্রামের সাইমন (২০) পিতা- আনারুল মিয়া, থোল্লাকান্দি গ্রামের মো.বাবলু মিয়া(২০) পিতা- মো.আমির মিয়া। উল্লেখ্য গত ১ নভেম্বর থোল্লাকান্দি গ্রামের গণি শাহ মাজার সংলগ্ন রেস্তোরায় গুলাগুলির ঘটনায় নুরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক এর ছেলে শিপন মিয়া, হোটেলের কর্মচারী ইয়াছিন ও নুরে আলম গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মনেক ও তার দল থোল্লাকান্দি তালতলা মোড়ে এমরান হোসেনের বাড়িঘর ও অফিসে হামলা চালায় ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় শিপন এবং পরদিন হোটেল কর্মচারী আলমনগর গ্রামের মো. ইয়াছিন পিতা- সফিকুল ইসলাম মৃত্যুবরণ করে। এ ঘটনার ৫ দিন পর নবীনগর থানায় মনেক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ও থোল্লাকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান বাদী হয়ে দুটি মামলা করে। এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী বলেন- পাল্টাপাল্টি এ হামলার ঘটনায় নবীনগর থানায় দুটি পৃথক মামলা হয়। ইতোমধ্যে একটি মামলায় (হত্যা) গত ১০ নভেম্বর র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুজনকে এবং পরে পুলিশ আরো দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন- “জোড়া খুনের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। হত্যা মামলায় চারজনের পর বুধবার রাতে আরো তিনজনসহ মোট সাতজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে”।
আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মো: মহিদ:
মহান আল্লাহ্‌তালাকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহীদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মজিবুর রহমান, রমজান মাহমুদ প্রমুখ। তারা বলেন, একটি গানের আসরে দাঁড়িয়ে আবুল সরকার যে আপত্তিকর মন্তব্য করেছেন তা কোনোভাবেই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য গ্রহণযোগ্য নয়। তার শাস্তি নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার এক গানের অনুষ্ঠানে আবুল সরকার আল্লাহ্‌তালাকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম