আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 218

রাশিয়া-ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শিগগির সমাধানের আশা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন এবং ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন

যদিও খসড়া নিয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে মতপার্থক্য রয়েই গেছে। ২৪ নভেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, তাতে “অসাধারণ অগ্রগতি” হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জেনেভায় মার্কিন মিশনে সাংবাদিকদের রুবিও বলেন, “আমরা সত্যিই অনেকদূর এগিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে এগিয়ে যেতে পারব বলে আমি খুব আশাবাদী।”

তিনি জানান, ন্যাটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকী থাকলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত ২৮ দফার শান্তি প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয়ে তারা মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

রুবিওর ভাষায়, “আজ আমরা সে দিক থেকে খুব বড় অগ্রগতি করেছি।” ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও একই সুরে বলেন, আলোচনায় “খুব ভালো অগ্রগতি” হয়েছে এবং তারা “ইউক্রেনের প্রাপ্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে”।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না। এরপরই ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন। রবিবার সকালে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ইউক্রেনের ‘নেতৃত্ব’ আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা দেখায়নি, আর ইউরোপ এখনো রাশিয়া থেকে তেল কিনছে।”

অল্পক্ষণ পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে লেখেন, তার দেশ “যুক্তরাষ্ট্রকে… এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে” ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই সহায়তা “ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে”।

এদিকে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। সমঝোতা সম্ভব কি না— এমন প্রশ্নে রুবিও বলেন, “আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা”। তিনি প্রস্তাবিত মার্কিন পরিকল্পনাকে “পরিবর্তনশীল নথি” হিসেবে বর্ণনা করেন, যা সংশোধন হতে থাকবে। এবং চূড়ান্ত প্রস্তাব তৈরি হলে তা মস্কোর কাছেও উপস্থাপন করতে হবে।

রুবিও বলেন, “স্পষ্টতই, এখানে রাশিয়ারও মতামত দেওয়ার সুযোগ রয়েছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা চূড়ান্ত শান্তি চুক্তির “ভিত্তি” হতে পারে। তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সাক্ষাৎ

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২৪ নভেম্বর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে হওয়ার সাক্ষাতের তথ্য জানান কমনওয়েলথ মহাসচিব।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হওয়া সাক্ষাৎ নিয়ে নিজেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শার্লি বচওয়ে জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন কমনওয়েলথ মহাসচিব।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাইফুল ইসলাম সবুজ:

‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে টাঙ্গাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোশারফ হোসেন। আইডিইবি’র জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে: প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা

সাইফুল ইসলাম সবুজ:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ অবশ্যই আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকশিত করা, শিশুকে সুনাগরিক এবং সমাজের দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। এই কাজটি আমরা করবো পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ভবনে ‘শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হলে শিশুরা পড়ালেখা করে আনন্দ পায়। প্রতিটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে, সে যেন স্বপ্ন দেখতে পারে- এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা শিশুকে সব সময়ই ‘আমিও পারি’ এই সাহস জাগ্রত করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের কাছ থেকে নেওয়া প্রশ্নের মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষার কোথায় কি করতে হবে- সে বিষয়ে স্বচ্ছ ধারণা নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করতে পেরেছি। সেসব সমস্যার সমাধান করতে পারলে আগামিতে প্রাথমিক শিক্ষার চিত্রই পাল্টে যাবে। আমরা সে চেষ্টাটাই করছি।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ অংশীজনরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্লে-গ্রাউন্ড স্থাপন করায় জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। এর আগে শনিবার (২২ নভেম্বর) তিনি টাঙ্গাইলের সখীপুরে আসেন। ওইদিন সন্ধ্যায় প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সখীপুরের সী-গাল রিসোর্টে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং করার উদ্দেশে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলাপঠন দক্ষতা উন্নয়নের জন্য শিখন সামগ্রী প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। ২৩ নভেম্বর রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, সুফি আক্তার নামের ওই নারী পাসপোর্ট করার জন্য সাধারণ প্রক্রিয়ায় সিরিয়াল নেন। তবে তার সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বিষয়টি প্রথম থেকেই সন্দেহজনক হয়ে ওঠে। পরে তাকে পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো: মনিরুজ্জামানের কক্ষে আনা হলে কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এনআইডি, জন্মসনদ ও চেয়ারম্যানের সত্যায়িত কাগজপত্র সঠিক থাকলেও তার বক্তব্য এবং আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে প্রাথমিকভাবে আটক করা হয়।
এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান বলেন, “সুফি আক্তার নামে এক তরুণী পাসপোর্ট করতে আসে। কিন্তু তার সঙ্গে অভিভাবক ছিল না, তাই আমি তার বাবা-মাকে সঙ্গে নিয়ে আসতে বলি। পরে তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিস্তারিত জানতে চাই।”
তিনি আরও বলেন, “একজন সাংবাদিক উপস্থিত থাকায় আমরা তাকে বিস্তারিত পরিচয় জিজ্ঞাসা করি। কিন্তু সে তার গ্রামের ঠিকানা পরিষ্কারভাবে বলতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে আজ রবিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয় প্রকল্প থেকে এসেছে।”
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের পরিচালক মো:মনিরুজ্জামান জানান, স্থানীয় এক ব্যক্তি তাকে পাসপোর্ট করতে নিয়ে আসে এবং সরাইল উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত   উপস্থাপন করে। কাগজপত্র বৈধ মনে হলেও কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়ায় বিষয়টি আরও তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর পাসপোর্ট অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিভাবে রোহিঙ্গা নারী বৈধ কাগজপত্র সংগ্রহ করল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম

শান্তি প্রস্তাব না মানলে জেলেনস্কি নিজের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি তার চূড়ান্ত প্রস্তাব নয়, তবে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে।

এমনকি শান্তি প্রস্তাব না মানলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি। ২৩ নভেম্বর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা শান্তি চাই। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমরা চেষ্টা করছি যুদ্ধ শেষ করার। যেভাবেই হোক, এটা শেষ করতেই হবে।”

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন, তাহলে “চাইলে তিনি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন”।

মার্কিন এই খসড়া পরিকল্পনায় ইউক্রেনকে আরও কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে, তাদের সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে— এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে জেলেনস্কি বলেছেন, একদিকে “আত্মমর্যাদা হারানোর ঝুঁকি” এবং অন্যদিকে “গুরুত্বপূর্ণ মিত্র হারানোর ঝুঁকি”— এই দুই কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের “বিশেষ সামরিক অভিযান” শুরু করে। তাদের দাবি, ইউক্রেন থেকে “নব্য-নাৎসিবাদ দূর করতে” এবং দেশটির সামরিকীকরণ বন্ধ করাই এই অভিযানের লক্ষ্য।

ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করা এবং ন্যাটো সদস্যপদ নিষিদ্ধ করার পাশাপাশি মস্কো চায়— ইউক্রেনে রুশ ভাষাকে সরকারি মর্যাদা দিতে হবে।

আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম

বঙ্গোপসাগরে দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে। যা আগামীকাল আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি ২৩ নভেম্বর রবিবার জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস বলছে নিম্নচাপটি উত্তর-পশ্চিমদিকে সরে গিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে আসছে। যদিও ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি কোনদিকে যাবে এবং কোথায় আঘাত হানবে সেটি এখনো নিশ্চিত নয়।

দুর্বল নিম্নচাপটি ২৫শে নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি ঘনীভূত হবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক জানিয়েছেন, মালাক্কা প্রণালী এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল পরিস্থিতির কারণে দুর্বল নিম্নচাপটি ম্যাডেন-জুলিয়ান অসিলেশন পর্যায় অতিক্রম করে আরও শক্তি অর্জন করতে পারে।

তিনি বলেন, “সমুদ্রের উপরিভাগের ক্ষেত্রফল বড় হওয়ায় এবং প্রশান্ত মহাসাগর থেকে শক্তিশালী বাতাসের স্রোত আসায় আবহাওয়া অনুকূল রয়েছে, যার ফলে দুর্বল নিম্নচাপটি তীব্র হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তাই এটির আরও শক্তিশালী হয়ে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে।”

এ আবহাওয়াবিদ জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর থেকে শক্তিশালী বাতাস প্রবেশ, সমুদ্রের বিস্তৃত জলরাশি এবং শীতল বাতাসের অনুপ্রবেশ না থাকার কারণে এটি আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়ার এই সিস্টেমটি ২১শে নভেম্বর থেকে আগামী ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে, বিশেষ করে ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এর তীব্রতা বৃদ্ধির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে (বর্তমানে) দুর্বল নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছাকাছি শক্তিশালী হয়ে উঠতে পারে।

এটির প্রভাবে আগামী ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। ২৬ নভেম্বর বাতাসের গতিবেগ বেড়ে ৬০ থেকে ৭০ এমনকি ৮০ কিলোমিটারের বেশি হতে পারে। আর ২৭ নভেম্বর বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ওড়িশা টিভি

আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগরে বিএনপি’র প্রার্থী এম এ মান্নানে’র বিশাল সমাবেশ

মোঃ আনোয়ার হোসেন: 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, ইউপি চেয়ারম্যান এস. কে. হেলাল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,   ইউপি চেয়ারম্যান এম. আর. মজিব সহ আরও অনেকে।
আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম

বাপ-দাদার পরিচয় নাই, তারা এখন নাকি এমপি হতে চায়: মঞ্জুরুল আহসান মুন্সী

নাজমুল হাসান:

যার বংশের নাম নেই, বাপ-দাদার পরিচয় নেই, সেও নাকি এমপি হবে—এমন কথাই এখন শোনা যাচ্ছে। তাদের মতো নতুন দলগুলোর সঙ্গে বিএনপি জোট করবে, বিএনপির কি এতোটাই আকাল পড়েছে? এমনই মন্তব্য করছেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

শনিবার বিকেলে পৌর এলাকার বড় আলমপুর বিনাইপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোবারক সরকার এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা বিল্লাল হোসেন।

ইঞ্জিনিয়ার মুন্সী বলেন, দেশে সম্প্রতি গঠিত একটি নতুন ১০ জনের রাজনৈতিক দল গঠন হয়েছে। এই ১০ জনের দলের নেতারা নাকি আসন্ন নির্বাচনে সংসদ সদস্য হওয়ার কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপির প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে যোগ্য প্রার্থী আছেন। আমার প্রথম কাজ হবে বেকারত্ব দূর করা, প্রাকৃতিক গ্যাস সংকট সমাধান এবং নারীদের জীবনমান উন্নয়ন।

ধর্মীয় ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বলে—ধানের শীষে ভোট দিলে নরকে যেতে হবে। আমাকে চারবার ভোট দিয়েছেন, আপনারা কি নরকে গেছেন? যারা ধর্মকে রাজনীতির সঙ্গে মেলায় তাদের ভোট দেবেন না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুধন ডিলার এবং পৌর বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী হারুনুর রশীদ মাস্টারসহ নেতাকর্মীরা।

আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম

আইরিশদের ২১৭ রানের ব্যবধানে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করছিলেন অনেকে। তবে সেই ভাবনায় পানি ঢেলে আজ ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। ৭১ রানে অপরাজিত কার্টিস ক্যাম্ফার তো মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল ২৫৯ খেলার রেকর্ডই গড়ে ফেললেন। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা শেষে ২১৭ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

৬ উইকেটে ১৭৬ রান তুলে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। আগেরদিন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিল, বিপরীতে আজ তাইজুল-হাসানদের বিপক্ষে  বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হলো ২-০ ব্যবধানে।

এর আগে মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। তাকে ছাড়িয়ে ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার। যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।  এই আইরিশ অলরাউন্ডার আন্তর্জাতিক টেস্টে একটি সেঞ্চুরি করেছিলেন। আইরিশদের পঞ্চম দিনে অর্ধেকেরও বেশি সময় ম্যাচে টিকিয়ে রাখার মূল ভূমিকা ছিল ক্যাম্ফারের।

এর আগে চতুর্থ দিনে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ২১১ রান মিলিয়ে আইরিশদের লক্ষ্য দেয় ৫০৯ রানের। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। আজ দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান তাইজুল ইসলাম। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে বাঁ-হাতি এই স্পিনার টেস্টে ২৫০তম উইকেট পেলেন। ২১ রানে এলবিডব্লিুউ হয়েছেন ম্যাকব্রাইন।

সপ্তম উইকেটের পতনে ক্যাম্ফার-ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি ভাঙে। এরপর ৪৮ রান যোগ করে ক্যাম্ফার ও জর্ডান নিলের জুটি। নিলকে বোল্ড করে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। যা দ্বিতীয় ইনিংসে এই অলরাউন্ডারের প্রথম উইকেট। ২৩৭ রানে ৮ উইকেট তুলে বাংলাদেশ দ্রুততম সময়ে জয়ের প্রত্যাশা করছিল। কিন্তু তখনও ক্রিজে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া ক্যাম্ফার। নবম উইকেটে হোয়েকে নিয়ে তিনি আরও শক্ত জুটি বাধেন। ম্যাচ ড্রয়ের দিকে গড়াবে কি না সেই শঙ্কার মাঝে হোয়েকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ব্রেকথ্রু দেন হাসান মুরাদ।

dhakapost

১০৪ বলে ৩৭ রান করেছেন এই আইরিশ লেগস্পিনার। তাতে ভেঙেছে ১৯১ বলে ৫৪ রানের ম্যারাথন জুটি। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে এসে মুরাদের পরের বলেই বোল্ড হয়েছেন ম্যাথু হাম্প্রিস। এ নিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ এবং ম্যাচে ৬ উইকেট শিকার করলেন সিলেট টেস্ট দিয়ে অভিষেক হওয়া হাসান মুরাদ। তার সমান ৪ উইকেট শিকার করেছেন তাইজুল, পুরো ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। দুই টেস্ট মিলিয়ে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের এই সর্বোচ্চ উইকেটশিকারি।

অন্যদিকে, মিরপুর টেস্টে বাংলাদেশের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম নেমেছিলেন ১০০তম ম্যাচে। মাইলফলক ম্যাচ তিনি রেকর্ডরাঙা ব্যাটিংয়ে রাঙিয়েছেন। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ (১০৬ ও ৫৩*) রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশি।

আলোকিত প্রতিদিন/২৩নভেম্বর ২০২৫/মওম