আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 217

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে : সানাউল্লাহ

আলোকিত ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনের প্রক্রিয়ায় যে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি ।

২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের পক্ষপাতিত্ব করতে পারবে না। পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। আমরা শুধু মানসম্পন্ন এবং নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই। এছাড়া কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশি নাগরিকদের অবশ্যই বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের নিজস্ব আইন-বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে বলে তিনি জানান।

পর্যবেক্ষকদের দায়িত্বের সময়সীমা নির্ধারণ করে নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন— এই তিনদিন পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়া, ভুয়া পর্যবেক্ষকদের চিহ্নিত এবং ঠেকানোর জন্য নির্বাচন কমিশন এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে। পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড (QR Code) ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে।

আলোকিত প্রতিদিন/২৫ নভেম্বর ২০২৫/মওম

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া!

বিশেষ প্রতিনিধি, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা। ডা. জাহিদ হোসেন আরো বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন। এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

ভূমিকম্প বিশেষজ্ঞদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

আলোকিত ডেস্ক:

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২৪ নভেম্বর সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

 ২১ নভেম্বর শুক্রবার ও  ২২ নভেম্বর শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী।

এতে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে এক শিশুসহ তিন জেলায় মোট ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।

২৪ নভেম্বর সোমবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

আমতলীতে পুলিশের তৎপরতায় ডাকাত আট*ক

মানাফি ইসলাম নাজমুল বরগুনা প্রতিনিধি।পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মেশিনারিক দোকানে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল লোকালয়ে প্রবেশ করে। ওই ডাকাতদলের সদস্য আমিরুল ইসলামকে (৪০) হাজার টাকার বাঁধ এলাকার জনতা আটক করে। পরে তাকে গণ ধোলাই দেয় তারা। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ডাকাতদলের আরেক সদস্যকে মহিপুর থানায় আটক করেছে। তার নাম জানা যায়নি। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার  হাজারটাকার বাঁধ এলাকায় সোমবার সকাল ১০ টার দিকে।
জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মেশিনারিক দোকানে পিকআপ গাড়িতে আসা ৭-৮ সদস্যের ডাকাত দল রবিবার দিবাগত রাতে ডাকাতি করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল মহিপুর যায়। ওই স্থানে পুলিশ একজন আটক হয়। পরে ডাকাতদল আবারো আমতলীর দিকে ফিরে আসে। আমতলী পৌছা মাত্রই পুলিশ তাদের আবারো ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তারা লোকালয়ে প্রবেশ করে। কুকুয়া ইউনিয়নের হাজারটাকার বাঁধ এলাকায় গাড়ী রেখে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা আমিরুল ইসলাম নামের এক ডাকাতকে আটক করে। এবং তাকে গণ ধোলাই দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আমিরুলের বাড়ী পাবনা জেলার চাটমোহর উপজেলার রাধানগর এলাকায়। তার বাবার নাম ফোরকান শেখ।
স্থানীয় কয়েকজন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল গাড়ী রেখে পালিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া করে ডাকাত আমিরুল ইসলামকে আটক করেছি। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আমতলী ও মহিপুর থানায় দুইজন ডাকাত আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতদের আটক করতে মাঠে কাজ করছি। তিনি আরো বলেন, ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের কাছে একটি দোকানে ডাকাতি করছিল। মহল পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া করে। তারা মহিপুর চলে যায়। ওই থানায় একজনকে আটক করা হয়েছে। ওই স্থানে ধাওয়া খেয়ে ডাকাতদল আমতলীতে এসে লোকালয়ে প্রবেশ করে।
আলোকিত প্রতিদিন/এপি

খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা.এফএম সিদ্দিকী

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং চেস্ট ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

২৩ নভেম্বর রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে উনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার চেস্টে ইনফেকশন হয়েছে।’

‘যেহেতু উনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। উনার হার্টে পারমানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল, রিং পরানো হয়েছিল তারপরেও উনার মাইট্রোস্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে সেজন্য চেস্টে হওয়াতে উনার একসঙ্গে হার্ট এবং ফুসফুস দুটোই এ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। সেজন্য আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি।’

খালেদা জিয়া ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন জানিয়ে এফএম সিদ্দিকী বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা খুব তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার তা করেছি। আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা উনাকে এন্টিবায়োটিক দিয়েছি, ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছি।’

‘আশা করছি যে ২৪ ঘণ্টার মধ্যে আরো কিছু রিপোর্ট আসবে। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমি আমরা মনে করছি, নেক্সট ১২ ঘণ্টায় উনার পরবর্তী পরিস্থিতি কী হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে উনি আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং আমরা যেটাকে খুব ভালোভাবে বলি, খুব ইন্টেন্সিভভাবে মনিটরিংয়ের মধ্যে আছেন।  কেবিনেই তিনি আছেন।

রবিবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার পরপর বেশ কিছু টেস্ট করা হয়। এরপর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকাদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। এই বৈঠকে অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর্ ইকবাল,ডা.জিয়াউল হক,ডা.মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং লন্ডন থেকে ভার্চুয়ালি ডা.জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনহোপকিংস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আমরা বলতে চাই, ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা ডেফিনেটলি সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অত্যন্ত উৎকণ্ঠিত কোনো বিষয় আমরা মনে করছি না।’

তিনি বলেন, ‘আমরা মনে করছি, উনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আগামী ১২ ঘণ্টা পর মেডিকেল বোর্ড আবার বসন। বসার পর উনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কি ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা বোর্ড নেবেন।’

তিনি বলেন, গতকাল ভোর থেকে তারেক রহমান এবং উনার সহধর্মিনী জুবাইদা রহমান তাদের ‘আম্মু’র ব্যাপারে সর্বাক্ষণিক যোগাযোগ রাখছেন। এছাড়া ম্যাডামের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এখানেই আছেন,উনাদের আত্মীয় স্বজনরা ম্যাডামের চিকিৎসার ব্যাপারে সবসময় সহযোগিতা এবং খোঁজ-খবর রাখছেন।’

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উল্লেখ করে জাহিদ বলেন, ম্যাডাম আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। যেমনি অতীতেও ম্যাডামের জন্য দোয়া করেছেন দেশবাসী।

৭৯ বছর বয়েসী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যবিক্রয়ের দায়ে ভোক্তা অধিকারের জরিমানা 

মোঃ নিশাদুল ইসলাম:

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ও বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তাদের তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কাউতলি বাজার এলাকায় ২৪ নভেম্বর সোমবার সকাল ১১ টার দিকে ফুলকলি নামক একটি প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য প্রতিরোধে এক অভিযান পরিচালনা করেন । অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। আগাম অভিযোগের ভিত্তিতে অভিযানে দেখা যায়, ফুলকলি, কাউতলি শাখা মিষ্টি বিক্রয়ের প্রতিষ্ঠানের সুপার শপে বিভিন্ন খাদ্যপণ্য কর্ণফ্লেক্স, দুধ, চকোলেট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রয় হচ্ছিলো। অভিযানেও এর সত্যতা মেলে।
এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে অধিক পরিমাণে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে। এ ব্যাপারে ইফতেখারুল রিজভী বলেন,আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়েছে।আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন  

মো: মহিদ:
মানিকগঞ্জে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে মুন্নু ডায়ালাইসিস সেন্টার আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।  ২৪ নভেম্বর সোমবার ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ এর উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। এসময় উপস্থিত ছিলেন- মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ কামরুল হাসান ও ডাঃ মামুন চৌধুরী রাজু সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। প্রথম পর্যায়ে সেন্টারটিতে ২টি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে। চাহিদার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ১০ বেডে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আফরোজা খানম রিতা। তিনি বলেন, মানিকগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি। বিশেষ করে কিডনি রোগীদের সবচেয়ে বড় ভোগান্তি ছিল নিয়মিত ডায়ালাইসিসের জন্য রাজধানীতে বারবার যেতে হওয়া, অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হওয়া। এসব বিষয় বিবেচনায় আমরা আজ ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে ২টি ডায়ালাইসিস বেড চালু করেছি। তবে আমাদের লক্ষ্য এখানেই সীমাবদ্ধ নয় অতি দ্রুত সেন্টারটিকে ১০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে। আমরা আধুনিক যন্ত্রপাতি, বিশেষায়িত নার্সিং ও টেকনিক্যাল স্টাফ এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে কাজ করছি। মানিকগঞ্জের মানুষ এখন থেকে নিজ এলাকায় সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা পাবেন‌। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা বিশ্বাস করি, আধুনিক চিকিৎসা সেবার পরিধি যত বিস্তৃত হবে, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান ততই উন্নত হবে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে আমরা ভবিষ্যতেও আরও নতুন সেবা চালু করতে কাজ করে যাবো।
আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

হোসেনপুরে বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকা*ল

তৌহিদুল ইসলাম সরকার, কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি: প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান ভূঁইয়া ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার চরপুমদী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শাহেদল পুমদী, গোবিন্দপুর সিদলা, আড়াইবারীয়া, জিনারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন। হোসেনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ. কে. এম শফিকুল হক, জেলা বিএনপি’র সভাপতি, শরিফুল আলম, সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি: খসরুজ্জামান জিএস শরীফ সহ সকল অঙ্গসংগঠন প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তাছাড়াও মরহুমের মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব গভীরশোক প্রকাশসহ ওনার আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

বিনোদন ডেস্ক

মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ২৪ নভেম্বর সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না; সোমবার সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি।

এদিন সকালেই মুম্বাইয়ে ধর্মেন্দ্রর জুহুর বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির ৫০ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

সংবাদ সংস্থা এএনআই (ANI) টুইট করে জানায়, প্রবীণ অভিনেতার বাড়িতে তারকারা আসতে শুরু করেছেন। সালমান খান, শাহরুখ খানসহ অনেকেই সেখানে উপস্থিত হন।

সে থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রবীণ এই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করে। কিন্তু এ খবর ছড়িয়ে পড়লেও পারিবারিকভাবে কোনো ঘোষণা না আসায় ধোঁয়াশা কাটছিল না।

সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, সেখানে হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ পুরো পরিবারকে দেখা গেছে। এমনকি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনও সেখানে উপস্থিত হয়েছেন বলে খবর পাওয়া যায়। কিন্তু পরিবারের সবাই শ্মশানে, অথচ মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা নেই; এ নিয়ে এক পর্যায়ে তৈরি হয় ধোঁয়াশা। এখনও ধর্মেন্দ্রর পরিবার থেকে তার মৃত্যুর কথা প্রকাশ্যে আনেনি। যদিও ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, কয়দিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ছড়ানোয় এবারে কিংবদন্তির প্রয়াণ নিয়ে গোপনীয়তা বজায় রাখছে দেওল পরিবার।

এদিকে ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বলিউড পরিচালক করণ জোহর। লিখেছেন, ‘একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধরণ সুদর্শন, এবং পর্দায় তার কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন।’

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ক্যারিয়ারের শুরুতে ষাটের দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ এবং ‘আয়া সাওয়ান ঝুম কে’-এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন।

পরবর্তীতে তিনি অ্যাকশন এবং রোম্যান্টিক হিরো হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’-এর মতো কালজয়ী সিনেমাগুলো তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর করে রেখেছে। তার সুঠাম দেহ এবং অ্যাকশনের জন্য ভক্তরা তাকে ভালোবেসে ‘হি-ম্যান’ উপাধি দিয়েছিলেন।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম

তরুণ থেকে বুড়ো, সব বয়সী মনোনয়ন প্রত্যাশীদের ভিড় এনসিপির সাক্ষাৎকারে

আলোকিত প্রতিবেদক:

তরুণ থেকে বুড়ো, সব বয়সী মনোনয়ন প্রত্যাশীদের ঢল নেমেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নির্বাচনী সাক্ষাৎকারে। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোটে অংশ নেবে।

২৪ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

জানা গেছে,মনোনয়ন প্রত্যাশীরা একে একে সাক্ষাৎকার বোর্ডের সামনে হাজির হয়ে নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়ন পরিকল্পনা, দলীয় নীতি–আদর্শে বিশ্বাস এবং জনগণের সঙ্গে কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন। একইসঙ্গে এনসিপি বিরোধীদল হলে তারা দেশের জন্য কিভাবে কাজ করবেন, সেসব বিষয়ও তুলে ধরেন।

সাক্ষাৎকার দিতে এসেছেন ৭০ বছর বয়সে মোহাম্মদ জহিরুল ইসলাম খান। তিনি ঝালকাঠি-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। জানতে চাইলে তিনি  বলেন, আমিও তরুণ, আমি বৃদ্ধ মনে করার কিছু নেই। তাই তরুণদের কাছে এসেছি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরোনো নেতৃত্বকে ভুলে যেতে হবে। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে হবে। তাই আমি এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন চান রিয়া পারভীন। তিনি বলেন, গত ৫৪ বছর মানুষ দেখেছে। আসলে আমাদের উল্লেখযোগ্য একটা পরিবর্তন দরকার। নতুনদের সুযোগ করে দেওয়ার মধ্যেই এই পরিবর্তন রয়েছে।  টাকা দিয়ে ভোট কেনার নির্বাচন এবার হবে না।

লালমনিরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ৩৫ বছর বয়সী মোহাম্মদ মুকুল হোসেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব এবং মানবিক ও মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার জন্য তরুণদের রাজনীতি গতানুগতিক রাজনীতির বাইরে। বাংলাদেশের আপামর জনগণ এমসিপির নেতৃত্বকেই সমর্থন করে। আগামীতে তরুণদের এই দলকেই বাংলাদেশের মানুষ জিতিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।

শুধু এই তিনজন নয়, এনসিপির মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪৮৪ জন প্রত্যাশী। এর মধ্যে ৬০০ জনের সাক্ষাৎকার গতকাল প্রথম দিন হয়ে গেছে। আজ বাকিদের সাক্ষাৎকার চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য এবং দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানিয়েছেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

আলোকিত প্রতিদিন/২৪নভেম্বর ২০২৫/মওম