আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 215

হংকংয়ে একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন,৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের একাধিক উচ্চ ভবনে আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর ।

পুলিশের উল্লেখিত তথ্যের বরাত দিয়ে স্থানীয় সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানায়, এখনও কয়েকজন মানুষ বহুতল টাওয়ারগুলোর ভেতরে আটকে আছেন। গুরুতর দগ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল কর্মীদের কয়েকজনও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন। ভবনগুলোর উচ্চতা ৩১ তলা।

সরকার জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের মাত্রা বাড়িয়ে ‘লেভেল-৫’ করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা আগে আগুনটি ‘লেভেল-৪’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল।

সন্ধ্যা ৬টার হিসাব অনুযায়ী, মোট নয়জনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন, তিনজন সংকটাপন্ন, একজন গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পায় তারা। বিকেল ৩টা ৩৪ মিনিটে আগুনটিকে লেভেল–৪ অ্যালার্ম হিসেবে ঘোষণা করা হয়। আটটি ব্লক নিয়ে গঠিত এই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে। আগুনে আক্রান্ত ভবনের আশপাশের বেশ কয়েকটি টাওয়ারে বাঁশের স্ক্যাফোল্ডিং ছিল।

অগ্নিকাণ্ডের কারণে তাই পো রোডের একটি পুরো অংশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হংকংয়ের পরিবহন বিভাগ। শহরের প্রধান দুই মহাসড়কের একটি হওয়ায় বাস চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না, অনেক কাজ করতে হবে: মিথিলা

বিনোদন ডেস্ক:
মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতা থেকে ফেরার পর সম্প্রতি গণমাধ্যমে তিনি খোলামেলা আলোচনা করেছেন নিজের অংশগ্রহণ, সুইমস্যুট পর্ব এবং বাংলাদেশের অবস্থান নিয়ে।

মিথিলা জানিয়েছেন যে, মিস ইউনিভার্সের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে এর নিয়মনীতি মানতে হয়। প্রতিযোগিতার মূল্যায়নে চারটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে- ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কাস্টম এবং সুইমস্যুট ওয়্যার বা বিকিনি পর্ব।

সুইমস্যুট বা বিকিনি পরিধান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গেও মিথিলা বলেন, ‘আই অ্যাম নট দ্য ফার্স্ট পার্সন যে বিকিনি পরেছে বাংলাদেশে। বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি।’

এই প্রতিযোগিতায় গিয়ে তিনি কোনোভাবেই বাংলাদেশকে কোনো দিক থেকে কম দেখাতে চাননি বা ছোট করতে চাননি। দেশের মান বজায় রেখে লড়ে যাওয়াটাই প্রধান উদ্দেশ্য ছিল তার।

তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার কাছে মনে হয় আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং যেভাবে আমাকে সাপোর্ট দেখিয়েছেন, আমি আপনাদের জন্য উইনার।’

তার মতে, ‘বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না। এটার জন্য অনেক কাজ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ থার্টি ওদের আল্টিমেট, এর থেকে বেশি ওরা দেবে না। এটা একটা কম্পিটিশন।’

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

৪ মাসের সন্তান রেখে প্রবাসী স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী!

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে  মারা যায়। প্রায় এক বছর আগে বিয়ে করেন পার্শবর্তী কাজি বাড়ি গ্রামের নিলা আক্তারকে। সুযোগ বুঝে নিলা আক্তার তার চার মাসের শিশু সন্তান রেখে প্রবাসী স্বামী আবু সাঈদের মোটর সাইকেল,দুই ভরি স্বর্নালংকার, নগদ ১৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে তার পরকীয়া প্রেমিক রাসেলের সাথে।
রাসেল বাসাইল উপজেলার বাথুলি গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায়  চাঞ্চলের  সৃষ্টি হয়েছে।
এব্যাপারে আবু সাঈদের মা সালমা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেছেন।
জানাগেছে,মালয়েশিয়া  প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে  মারা যাওয়া পর ছুটিতে এসে কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্বামী পরিত্যাক্তা নিলা আক্তারকে (২৮) বিয়ে করেন। তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। আবু সাঈদ জীবিকার তাগিদে আবার  প্রবাসে চলে যায়।। আবু সাঈদ প্রবাসের যাওয়ার পরও তার স্ত্রী নিলা আক্তার রামপুর ভাসানী মার্কেটের  সিকদার ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো।সমস্ত টাকা পয়সা থাকতো নিলার কাছে।
সম্প্রতি ওই ফ্ল্যাট থেকে তার পরকীয়া প্রেমিক রাসেলের হাত ধরে কোলের শিশুকে মা মাজেদার কাছে রেখে পালিয়ে যায় ।

নিলার মা মাজেদা জানান,আমাদের কোন সন্তান ছিলনা। নিলা আমাদের পালিত সন্তান।এর আগে বিয়ে দিয়েছিলাম সেখান থেকে চলে এসেছিল। তার পর আবু সাঈতের সাথে বিয়ে দেই। কয়েকদিন আগে ডাক্তারের কাছে যাবে বলে শিশুটিকে আমার কাছে রেখে যায়।তার পর শুনতে পারি। বাথুলীর রাসেলে সাথে চলে গেছে।রাসেলের বাড়িতেও গিয়েছিলাম। তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছে।
এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান,অভিযোগ পেয়েছি,আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে ডিসেম্বরে

আন্তর্জাতিক ডেস্ক:

আসছে ডিসেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে ২৬ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

ইরানের মহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালাতে পারে বলে জানান তিনি। যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং সংযোগ শক্তিশালী করবে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেছেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এ সংগঠনের সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এরমাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত এবং সহজ করা হবে।”

বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে। অপরদিকে বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাকের অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেন হাইকমিশনার ইকবাল হোসেন খান।

এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহণ সেবা চালু করা হবে বলেও জানান তিনি। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হয়।

বাণিজ্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দুই দেশকে সহযোগিতামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হাইকমিশনার বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশে একটি দল পাঠাবে। যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণী ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম:
জামালপুর মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণী ২০২৫” উপলক্ষে আজ (২৬ নভেম্বর, বুধবার ২০২৫ ইং ) উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ মাঠে এক মনোজ্ঞ ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেলান্দহ-এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
 শুরুতেই পবিত্র কুরআন  থেকে তেলওয়াত করেন, ডাঃ মোঃ খাইরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন। উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুকুমার চন্দ্র দাস। তিনি তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি সফল খামারিদের প্রশংসা করেন এবং সকলকে উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  এস.এম. আলমগীর,বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন খামারিদের মধ্যে নতুন প্রযুক্তির পরিচিতি ঘটায় এবং এই খাতকে আরও গতিশীল করতে সহায়তা করে। তিনি প্রাণিসম্পদ খাতে সরকারের সকল সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় খামারিদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম।
আলোচনা অনুষ্ঠানের আগে অতিথিরা মাঠজুড়ে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শণীতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য এবং প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন উপকরণ ও প্রযুক্তির স্টল স্থান পায়। খামারিরা তাদের পালিত উন্নত গবাদি পশু-পাখির প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আগত খামারি, কৃষিবিদ, ভেটেরিনারি ডাক্তার, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই প্রদর্শণী আগামী দিনে মেলান্দহের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

জি এম রাশেদুল ইসলাম:

“দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ভিড় করেন খামারি, কৃষক এবং সাধারণ দর্শনার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা খামারিদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। এছাড়া প্রাণিসম্পদ প্রদর্শনী খামারিদের নতুন প্রযুক্তি, উন্নত জাত এবং আধুনিক সরঞ্জাম সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।
খামারি ও উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করবে।
প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দেশীয় জাতের উন্নত প্রাণী, দুগ্ধ ও মাংসজাত পণ্য, খামার সরঞ্জাম ও প্রশিক্ষণভিত্তিক সেবা প্রদর্শন করে জেলার ৩০টি খামার ও প্রতিষ্ঠান। এসব স্টল ঘুরে দেখে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন দর্শনার্থীরা।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো রাজধানী ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানী ঢাকার জনসংখ্যা এবং পরিধি দিন দিন বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা বাড়ছে। আর এতে করে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে ২৬ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে ঢাকা। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাকার্তায় এখন বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ আর টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয়।

এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতে। এগুলো হলো ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ বাসিন্দা), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ বাসিন্দা), চীনের আরেক শহর গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ বাসিন্দা), ফিলিপাইনে মানিলা (২ কোটি ৪৭ লাখ বাসিন্দা), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ বাসিন্দা) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ বাসিন্দা)।

শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে থাকেন ৩ কোটি ২০ লাখ মানুষ।

অপরদিকে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো। এখানে থাকেন ১ কোটি ৮৯ লাখ মানুষ। সাব-সাহারান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন। যাদের অনেকে এসেছে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা এবং সমুদ্রস্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি রদবদল করলো সরকার

আলোকিত প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

 ২৬ নভেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

গত ২৪ নভেম্বর সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২ ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ এবং বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সে আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

 রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে মার্কিন শান্তি পরিকল্পনায় সমঝোতা হয়েছে : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি করা বিষয়ে একটি সম্মিলিত বোঝাপড়া হয়েছে। যুদ্ধ বন্ধে গত সপ্তাহে কিয়েভের কাছে ২৮ দফার এক পরিকল্পনা উপস্থাপন করে যুক্তরাষ্ট্র। এই শান্তি পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় আলোচনায় বসেন মার্কিন এবং ইউক্রেনীয় কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি। একই সময় সেনাবাহিনীর প্রশাসনিক প্রধান ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।’ ড্রিসকল এ সপ্তাহেই কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লিখেছেন, তিনি শিগগিরই জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী, “কিন্তু কেবল তখনই যখন এই যুদ্ধ শেষ করার চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বা তার চূড়ান্ত পর্যায়ে থাকবে।”

তিনি জানান, পরিকল্পনায় “উভয় পক্ষেরই” কিছু ভূমি ছাড় দেওয়ার বিষয় আছে এবং সীমান্ত “পুনর্বিন্যাস” করারও কথা রয়েছে।

তিনি আরও  বলেন, তিনি কোনো পক্ষকেই চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা দেননি, উল্লেখ করে—“আমার কাছে ডেডলাইন হচ্ছে যখন এই যুদ্ধ শেষ হবে, তখনই।”

ক্রেমলিন পূর্বেই বলেছিল, এই নতুন খসড়া পরিকল্পনা সম্পর্কে এখনো রাশিয়ার সঙ্গে কোনও আলোচনা হয়নি এবং গত সপ্তাহের পরিকল্পনায় পরিবর্তন আনা হলে মস্কো তা গ্রহণ নাও করতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মস্কো যদিও প্রাথমিক মার্কিন কাঠামোর পক্ষে ছিল, তবে সেই কাঠামোয় যদি বড় ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে, তাহলে পরিস্থিতি “মৌলিকভাবে ভিন্ন” হবে।

মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন পরিকল্পনার (সংশোধিত পরিকল্পনার) কোনও অনুলিপি পায়নি বলেও জানান লাভরভ। তিনি ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেছেন।

অন্যদিকে জেলেনস্কি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ‘সংবেদনশীল বিষয়গুলো’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তার প্রশাসনের লক্ষ্য, এ মাস শেষ হওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক আয়োজন করা।

মার্কিন কর্মকর্তারা রাশিয়ার উদ্বেগ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, যদিও ড্রিসকল এবং রুশ প্রতিনিধিরা সোমবার ও মঙ্গলবার আবু ধাবিতে বৈঠক করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার কিছু মৌলিক বিরোধপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে বলে জানা গেছে—এর মধ্যে রয়েছে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ, যেখানে এখনও যুদ্ধ চলছে।

হোয়াইট হাউজ তুলনামূলকভাবে আশাবাদী হলেও ইউরোপীয় নেতারা প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত সমাধান নিয়ে সন্দিহান।

নিরাপত্তা নিশ্চয়তা ইস্যুটি মস্কো ও কিয়েভের মধ্যে মতপার্থক্যের অন্যতম কেন্দ্রবিন্দু। সোমবার জেলেনস্কি বলেন, শান্তির পথে প্রধান বাধা হলো পুতিনের দাবি—রাশিয়া যে এলাকাগুলো দখল করেছে সেগুলোর আইনি স্বীকৃতি।

মস্কো শুরু থেকেই দাবি করে আসছে যে ইউক্রেনকে সম্পূর্ণভাবে পূর্বাঞ্চলের দোনবাস এলাকা—যা দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত—থেকে সরে যেতে হবে। এছাড়া রুশ বাহিনী বর্তমানে ক্রিমিয়া (যা রাশিয়া ২০১৪ সালে দখল করে) এবং খেরসন ও জাপোরিঝঝিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

কয়েক সপ্তাহ শান্তি-সংক্রান্ত কূটনীতি স্থবির থাকার পর, মার্কিন সমর্থিত পরিকল্পনার খসড়া ফাঁস হওয়ার পরই একধাপ তৎপরতা দেখা দেয়।

এদিকে যুদ্ধ চলমান রয়েছে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই মঙ্গলবার রাতে জাপোরিঝঝিয়ায় হামলা চালানোর দাবি করেছে।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৯ শিশু ও এক নারীর প্রাণহানির ঘটনায় প্রতিবেশী দুই দেশের মাঝে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তান সঠিক সময়ে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়া হুমকি দিয়েছে।

তবে ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আফগানিস্তান থেকে এসে পাকিস্তানে হামলা করছেন বলে ইসলামাবাদ অভিযোগ করেছে। এই অভিযোগের মাঝেই মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

গত মাসে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাগুলিতে বহু মানুষ নিহত হন। ২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতায় আসার পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।

সোমবার পেশোয়ার শহরে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা চালান তিন আত্মঘাতী হামলাকারী। এতে দেশটির আধাসামরিক বাহিনীর অন্তত তিন সদস্য নিহত ও পাঁচজন আহত হন।

আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের ভূখণ্ডে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতির অভিযোগ অস্বীকার করে বলছে, কোনও দেশের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহারের অনুমতি দেয় না কাবুল।

ইসলামাবাদ বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।

গত অক্টোবরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে ওই হামলা চালানোর দাবি করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

এই হামলার জবাবে ১১ অক্টোবর রাতে তালেবানের সৈন্যরা ২ হাজার ৬০০ কিমি (১ হাজার ৬০০ মাইল) দীর্ঘ সীমান্তজুড়ে পাকিস্তানি সামরিক চৌকিতে হামলা চালান। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায়।

সেই সময় আফগানিস্তানের হামলায় পাকিস্তানের অন্তত ২৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। আর তালেবান বলেছে, পাকিস্তানের হামলায় তালেবানের ৯ সদস্য নিহত হয়েছেন।

পরে অক্টোবরের শেষের দিকে সংঘাতের অবসানে দোহায় উভয়পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাবুল কোনও লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় দীর্ঘমেয়াদি চুক্তিতে পারেনি কাবুল ও ইসলামাবাদ। আফগান তালেবান বলছে, পাকিস্তানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

২০০৭ সালে উত্তর-পশ্চিম পাকিস্তানে সক্রিয় পশতু জঙ্গিগোষ্ঠীগুলোর কয়েকটি মিলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গঠন করে। এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত।

আফগান তালেবানের অনুসারী হিসেবে এই গোষ্ঠীটি গড়ে ওঠে। জাতিগত এই পশতু গোষ্ঠী ১৯৯০-এর দশকে আফগানিস্তান দখল করেছিল এবং ২০০১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হয়। তবে টিটিপি অত্যন্ত উগ্রপন্থী এবং তাদের মতাদর্শ আল কায়েদা থেকে প্রভাবিত বলে মনে করা হয়।

ক্ষমতাচ্যুত হওয়ার পর পরবর্তী কয়েক বছর ধরে বাজার, মসজিদ, বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও পুলিশ স্টেশনে হামলা চালায় টিটিপি। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলসহ পাকিস্তানের ভেতরেও বিভিন্ন এলাকা দখল করে এই গোষ্ঠীটি। এর মধ্যে সোয়াত উপত্যকাও ছিল; যেখানে স্কুলছাত্রী মালালা ইউসুফজাইকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল এই জঙ্গিগোষ্ঠী।

আফগান তালেবানের সঙ্গে আফগানিস্তানে লড়াই এবং পাকিস্তানে আফগান যোদ্ধাদের আশ্রয় দিয়েছে টিটিপি। ফলে দুই গোষ্ঠীর মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। পাকিস্তান নিজ ভূখণ্ডে টিটিপির বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান পরিচালনা করলেও তেমন কোনও ফল পাওয়া যায়নি।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরায় স্বাগত জানিয়েছিল পাকিস্তান। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। তবে শিগগিরই ইসলামাবাদ বুঝতে পারে, তালেবানের আনুগত্য অন্য জায়গায়।

ইসলামাবাদ বলছে, টিটিপির শীর্ষ নেতা ও অনেক যোদ্ধা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। বালুচিস্তান প্রদেশে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরাও আফগানিস্তানে নিরাপদ আশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান।

ইসলামাবাদ বলছে, আফগানিস্তানের সঙ্গে মিলে টিটিপি ও বালুচ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে পাকিস্তানের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারত। তবে নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স।

আলোকিত প্রতিদিন/২৫ নভেম্বর ২০২৫/মওম