আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 194

আমরা যারা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, তাদের রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে।

২২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভাটির আয়োজন করেছে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখবো বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।  আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে, জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমার অনুরোধ, কোনও রাজনৈতিক চিন্তা নয়, দল নয়, সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানোর সময় এসে গেছে এখন।

তিনি আরও বলেন, আমি আপনাদের আহ্বান জানাবো, এখানে এসে শুধু একাত্মতা ঘোষণা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজ সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।

২এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সঙ্গে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না।

নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনও গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

৩ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার প্রথম ও আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওইদিন ২৬-২৭ জন স্টাফ ভবনের ভেতরে আটকে ছিল, ফায়ার সার্ভিসকে যেতে দেওয়া হয়নি। তাদের উদ্দেশ্য শুধু ভবনে আগুন দেওয়া ছিল না, হত্যা করার উদ্দেশ্য ছিল।

৪নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, যখন প্রথম আলোতে আগুন দেওয়া হয় তখন মাহফুজা আনাম  বুঝতে পেরেছিলেন ডেইলি স্টার ভবনে হামলা হতে পারে। তখন তিনি সরকারের এমন কোনও পর্যায় নেই, যেখানে ডেইলি স্টারের প্রটেকশন দেওয়ার অনুরোধ করেননি। কিন্তু কেউই তার ডাকে সাড়া দেননি। সেদিন যদি আর ১৫ মিনিট আগুন জ্বলতো তাহলে নিশ্বাস বন্ধ হয়ে সাংবাদিকরা মারা যেতো।

০১তিনি আরও বলেন, আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। সেই লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক নিয়ে জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা একটা মহা সম্মেলন করবো। সেই মহাসম্মেলন এর মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আমার বিশ্বাস, এর মধ্যে সরকার যারা দায়ী, যারা প্রথম আলো ডেইলি স্টারে আগুন, ছায়ানটে আগুন দিয়েছে, উদীচিতে আগুন দিয়েছে তাদের বিচারের আওতায় আনবে।

প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন। একইসঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

প্রতিবাদ সভায় আরও ছিলেন– প্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

সভা শেষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ এবং নোয়াবের সদস্যরা।

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পেয়েছেন পাকিস্তানের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

গতকাল রবিবার সৌদির রাজধানী রিয়াদে গিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এই সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই সফর সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে।আর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মাধ্যমে ফিল্ড মার্শাল মুনিরের দীর্ঘ সামরিক সার্ভিস, নেতৃত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংযোগকে স্বীকৃতি দিয়েছে সৌদি।

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনিরও। তিনি বলেছেন, সৌদির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নতির জন্য ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান।

সূত্র : জিও নিউজ

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

নির্বাচনের আগে যেকোনও মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনও মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

২১ ডিসেম্বর রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠকে তিনি এ কথা বলেন।  সোমবার প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়াও ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

এসব ঘটনায়  ২২ ডিসেম্বর সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম। বাকি সন্দেভাজনদের গ্রেফতারে অভিযান চলমান।

এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিন জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

শহিদুল্লাহ সরকার, সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সরকারি দপ্তরে দুর্নীতির সংবাদ সংগ্রহের সময় পেশাদার সাংবাদিকদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলার পর উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এর তীব্র নিন্দা জানাই।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা-মামলা সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। গণমাধ্যম কর্মীদের কন্ঠরোধ করতেই মিথ্যা মামলা দেয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক নির্যাতনের এমন ঘটনা সহ্য করা হবে না।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরা হয় মানববন্ধন থেকে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও জিটিভির প্রতিবেদক আজিম উদ্দিন, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এসএ টিভির প্রতিবেদক সাদ্দাম হোসেন, টিআরসি’র যুগ্ম-আহ্বায়ক ও এখন টিভির হুমায়ুন কবির, যুগ্ম-আহ্বায়ক ও গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানি, ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৌকত, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মানু, সাভার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক লোটন আচার্য্য, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব, ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশিদ, নাগরিক টিভির মাহিদুল মাহি, ৭১ টিভির জাহিদ হাসান অনিক, জনকণ্ঠের সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, ধামরাই প্রতিনিধি সোহেল রানা, মুভি বাংলা টিভির স্টাফ রিপোর্টার দিদারুল ইসলাম, মানবকন্ঠের ওমর ফারুক, চ্যানেল এস এর রাজিব মাহমুদ, ডেইলি সানের মেহেদী হাসান মানিক, আগামীর সংবাদের আব্দুস সালাম রুবেল, মুভি বাংলা টিভির প্রতিনিধি লিজা খান, শীর্ষ নিউজের রেদওয়ান হাসান, কাজী সাইফুদ্দিন, জাকির হোসেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার সামনের সড়ক প্রদক্ষিণ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর কাছে মিথ্যা মামলার বিষয়ে জবাবদিহিতা ও বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সাভারের আলমনগরে উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শরীফ শেখ ও চ্যানেল এস এর প্রতিবেদক জাহিদুল ইসলাম। এ সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও হামলা করেন সহকারী সেটেলমেন্ট অফিসার এএসএম শাহীন, পেশকার শফিক ও সাইফুল ইসলাম। পরে সাংবাদিকদের বিরুদ্ধেই উল্টো সরকারি কাজে বাধাদানের অভিযোগে তুলে মামলা দায়ের করেন সহকারি সেটেলমেন্ট অফিসার।

আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ উদ্বোধন

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ–২০২৫-এর চূড়ান্ত পর্ব।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ।
চূড়ান্ত পর্বে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী ও বরিশাল জেলা দল।
অনুষ্ঠানে বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ–২০২৫-এর চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ এবং ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।
আয়োজকরা জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যে এই লিগের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে উদীয়মান ফুটবল প্রতিভাদের তুলে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের মতে, এই লিগ উঠতি ফুটবলারদের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম

জনকল্যাণমুখী রাজনীতির প্রত্যয় অধ্যক্ষ মীর শাহে আলমের জন্মদিন

শহিদুল্লাহ সরকার:
বগুড়া-২ শিবগঞ্জের রাজনীতিতে অধ্যক্ষ মীর শাহে আলম একটি ব্যতিক্রমী নেতৃত্বের নাম। এমন এক সময়ে, যখন রাজনীতি অনেক ক্ষেত্রে ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ হয়ে পড়ে, তিনি শিক্ষা, মানবিকতা এবং জনকল্যাণকে রাজনীতির মূল দর্শন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন। তাঁর জন্মদিন উপলক্ষে শিবগঞ্জবাসীর পাশাপাশি রাজনৈতিক সচেতন মহলেও তৈরি হয়েছে প্রত্যাশার আবহ। শিক্ষা ও মানবিকতাভিত্তিক নেতৃত্ব দেন।
রাজনীতি মানেই কেবল ক্ষমতার প্রতিযোগিতা এই প্রচলিত ধারণার বাইরে এসে যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, অধ্যক্ষ মীর শাহে আলম তাঁদের অন্যতম। একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে তিনি বিশ্বাস করেন, টেকসই উন্নয়নের প্রথম শর্ত একটি শিক্ষিত ও নৈতিক সমাজ।
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সামাজিক উদ্যোগ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। নিঃশব্দ কর্ম ও ব্যক্তিগত সততার মাধ্যমে তিনি রাজনৈতিক আস্থার জায়গাটি তৈরি করেছেন। রাজনীতি হবে মানুষের জন্য, মানুষের সঙ্গে এই দর্শনেই বিশ্বাস করেন অধ্যক্ষ মীর শাহে আলম। উপজেলা রাজনীতি থেকে জাতীয় পরিসরে উত্তরণ: একজন সফল উপজেলা পর্যায়ের নেতা হিসেবে অধ্যক্ষ মীর শাহে আলমের রাজনৈতিক পরিসর দিন দিন বিস্তৃত হয়েছে। স্থানীয় সমস্যা ও জনদাবিকে জাতীয় রাজনীতিতে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে তাঁর ধারাবাহিক বক্তব্য ও অবস্থান তাঁকে একজন দায়িত্বশীল জাতীয় নেতৃত্ব হিসেবে প্রস্তুত করছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভবিষ্যৎ এমপি প্রার্থী হিসেবে মানুষের প্রত্যাশা:
৩৭ বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ মীর শাহে আলমকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে। এলাকাবাসীর মতে, তিনি সংসদে গেলে শিবগঞ্জের উন্নয়ন আরও গতি পাবে। বিশেষ করে যেসব বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা
কৃষকদের ন্যায্যমূল্য ও কৃষিভিত্তিক শিল্পায়ন তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান উন্নত স্বাস্থ্যসেবা ও যোগাযোগ অবকাঠামো দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন এসব বিষয়ই শিবগঞ্জের দীর্ঘদিনের চাহিদা। জন্মদিনে শুভেচ্ছা ও প্রত্যাশা
অধ্যক্ষ মীর শাহে আলমের জন্মদিন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন শিবগঞ্জবাসীর প্রত্যাশা তিনি যেন আগামীতেও শিক্ষা, মানবিকতা ও জনকল্যাণকে সামনে রেখে তাঁর রাজনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করতে পারেন। একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমি মনে করি, এই ধরনের নৈতিক ও দূরদর্শী নেতৃত্বই আগামীর বাংলাদেশে প্রয়োজন যেখানে রাজনীতি হবে দায়িত্বশীল, মানবিক ও গণমুখী। মো.ফজলে রাব্বী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিক সচেতন নাগরিক।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম

ইউক্রেন ইস্যুতে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সর্বশেষ দফার আলোচনার অংশ হিসেবে ২০ ডিসেম্বর শনিবার ফ্লোরিডায় রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের আলোচকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উভয় পক্ষকে সমঝোতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিয়ামিতে অনুষ্ঠিত এই বৈঠকটি আসে শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউক্রেন এবং ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরপরই। শান্তি পরিকল্পনা নিয়ে চলমান এই আলোচনা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসানে কিছুটা আশার সঞ্চার করেছে।

বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা গঠনমূলক হয়েছে এবং তা রবিবারও অব্যাহত থাকবে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, শনিবারের জন্য আলোচনা শেষ হয়েছে।

দিমিত্রিয়েভ বলেন, ‘আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। এটি আগেই শুরু হয়েছে, আজ চলেছে এবং আগামীকালও চলবে।’ ট্রাম্পের শীর্ষ কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আলোচনায় যোগ দিতে পারেন। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধ অবসানের আলোচনার অংশ হিসেবে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতির কথা জানান। তবে এসব শর্ত মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রয়টার্সকে দেওয়া এক রুশ সূত্র জানায়, দিমিত্রিয়েভ ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে কোনও বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে।

এদিকে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, যুক্তরাষ্ট্র যদি বন্দিবিনিময় বাড়াতে সহায়তা করে এবং রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পথ সুগম করে, তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবে ইউক্রেন সমর্থন দেবে।

কিয়েভে স্থানীয় সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিচ্ছে—যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া।’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে এখনও সতর্ক করা হচ্ছে যে, পুতিন ইউক্রেনের পুরো ভূখণ্ড দখল করার অভিপ্রায় বজায় রেখেছেন—এমন তথ্য জানিয়েছেন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো। এটি কিছু মার্কিন কর্মকর্তার সেই দাবির বিপরীত, যেখানে বলা হয়েছিল মস্কো শান্তির জন্য প্রস্তুত।

মস্কোয় বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন কোনও ছাড়ের ইঙ্গিত দেননি। তিনি বলেন, যুদ্ধ অবসানে রাশিয়ার শর্ত ২০২৪ সালের জুনের পর থেকে বদলায়নি। সে সময় তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ এবং রাশিয়া দাবি করা চারটি ইউক্রেনীয় অঞ্চল থেকে পুরোপুরি সরে যাওয়ার দাবি জানান।

কিয়েভ জানিয়েছে, প্রায় চার বছরের যুদ্ধে যেসব এলাকা রুশ বাহিনী দখল করতে পারেনি, সেগুলো ইউক্রেন ছেড়ে দেবে না।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিদল আলোচনা করেছে এবং যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

টেলিগ্রামে লেখেন উমেরভ। ‘আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ এবং নিকট ভবিষ্যতে যৌথ কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি।’

শুক্রবার সাংবাদিকদের রুবিও বলেন, যুদ্ধ অবসানের আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক পথ বাকি।

আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম

নবীনগরে চোর সন্দেহে পিটুনিতে নিহত-১,আটক-৪

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০ ডিসেম্বর শনিবার মধ্যরাতে কাইতলা (উ.) ইউনিয়নের কোনাউর গ্রামে চুরির সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। নিহত শাহেদ আলী উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- শনিবার মধ্যরাতে কোনাউর গ্রামের মোহাম্মদ আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে  পেরে তাঁকে আটক করেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনা স্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়-  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ ও মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।
তিনি আরও জানান-” ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান”।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম

একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

সাইফুল ইসলাম সবুজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র নেন।
২১ ডিসেম্বর রবিবার দুপুর ১টার দিকে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী এবং জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, আচরণবিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। টাঙ্গাইল সদরের মানুষকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে চাই। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন।
অন্যদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ আসর থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিকবার মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে সুলতান সালাউদ্দিন টুকু প্রায় ৩৫০টি হয়রানিমূলক মামলার শিকার হন এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় তিনি মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয় তাকে।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম

এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

আলোকিত ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের ওরফে এ কে খন্দকার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২১ ডিসেম্বর রবিবার  রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম এ কে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিমানবাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে মরহুম এ কে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়।

জানাজার আগে এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এ কে খন্দকার শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান।

তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতা, দূরদর্শিতা এবং নেতৃত্বগুণের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার কৌশলগত সিদ্ধান্ত ও সাংগঠনিক দক্ষতা স্বাধীনতার সংগ্রামকে আরও সুসংহত করে।

নিউজ:বাসস

আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম