আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 193

ঈদগাঁওয়ে অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান,২ লাখ টাকা জরিমানা

আবু সায়েম:

ঈদগাঁওয়ে অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযানে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় প্রশাসনের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের দায়ে ঈদগাঁওর মেসার্স আরকেসি ব্রিকসকেককে ৫০ হাজার টাকা ও ইসলামাবাদের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর ও অতিরিক্ত ( ঈদগাঁও) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী আবদুল লতিফ।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বলেন,অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি সংগ্রহ করলে এটি কৃষি জমি ধ্বংস করে এবং পরিবেশ দূষণ ঘটায়। এমনকি পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং ফসলি জমি নষ্ট হয়, যা আইনের পরিপন্থী। প্রশাসনের অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয়। সুনির্দিষ্ট এসব অভিযোগের ভিত্তিতে ইটভাটায় অভিযান পরিচালনা করে দুই ইটভাটাকে জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এধরণের অপরাধ না করে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) সদরে যোগদানের পর থেকে এবং ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পর থেকে ভূমি সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন, দুর্নীতি ও অনিয়ম দূরীকরণে কাজ করে যাচ্ছেন। সেবার মান উন্নয়নের ক্ষেত্রে নামজারি, জমা-ভাগ, খাস জমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর আদায় ইত্যাদি কাজে গতিশীলতা এনেছেন। এমনকি জনকল্যাণমূলক কাজ তথা সরকারি উন্নয়ন প্রকল্পে সহায়তা করছেন। এসব সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের গতিকে তরান্বিতকরণ, দখলদারিত্ব উচ্ছেদ এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে সুনাম অর্জন করেছেন। কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার জনগণ সহকারী কমিশনার ( ভূমি ‘র) এমন কর্মদক্ষতাকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভূমি সংক্রান্ত কাজে দক্ষতা, সততা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা প্রদর্শনের ফলে তিনি বর্তমানে দুই উপজেলায় বেশ প্রশংসিত।

আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২৫/মওম

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসতে যাওয়া বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর মঙ্গলবার হিন্দুত্ববাদী দলগুলো হাতে লাঠি এবং গেরুয়া রঙের পতাকা নিয়ে হাই-কমিশন অভিমুখে আসে। তখন তাদের আটকে দেয় পুলিশ।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ দুপুর ২টার দিকে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে থাকা বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসতে চায়। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় এলাকাটি পরিষ্কার করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তারা বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করার চেষ্টা করে। আজ বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ।

পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “বিক্ষোভ মিছিল বেকবাগান এলাকায় পৌঁছায়। কিন্তু উপ-হাইকমিশনের গেইটে পৌঁছানোর আগে পুলিশ তাদের আটকে দেয়। এটি অত্যন্ত হাই সিকিউরিটি জোন।”

বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। ওই সময় সংঘর্ষ শুরু হলে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। তাদের ছাড়াতে অনেকে ভ্যানের ওপর ওঠে বসেন।

এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যে সেখানে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারা। তারা হিন্দুত্ববাদী দলগুলোকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২৫/মওম

মস্কোতে বিস্ফোরণে দুই কর্মকর্তাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।

তদন্ত কমিটির দেওয়া তথ্য অনুযায়ীমস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে একটি পুলিশ ভ্যানের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা। তারা ওই ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে কাছে গেলে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গুরুতর আহত হয়ে দুই পুলিশ কর্মকর্তা এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা আরও এক ব্যক্তি প্রাণ হারান।

বিস্ফোরণের এই ঘটনাটি এমন এক স্থানে ঘটেছেযেখানে সোমবার গাড়ি বোমা হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছিলেন। ওই দিন গাড়ির নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন।

তদন্ত কমিটির মুখপাত্র সভেতলানা পেত্রেনকো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেনট্রাফিক পুলিশ কর্মকর্তাদের জীবননাশের চেষ্টার অভিযোগে মস্কোয় একটি ফৌজদারি মামলা করা হয়েছে ও এ বিষয়ে তদন্ত চলছে।

আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২৫/মওম

শরিক ৭দলকে ৮টি আসন বণ্টন করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করে ৮টি আসন বণ্টন করেছে বিএনপি। ২৪ ডিসেম্বর বুধবার দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলোতে সমঝোতা করেছি। তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই তালিকার পরও আলোচনা চলবে, তারপরে সিদ্ধান্ত হলে আমরা জানাবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা- ১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদোয়ান সাহেব আজ যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই বিএনপিতে যোগ দেবেন।’

তিনি বলেন, ‘যাদের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২৫/মওম

পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, পরিপত্র জারি

আলোকিত প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথ বন্ধ হলো ফেরারি বা পলাতক আসামিদের জন্য। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি আইনের চোখে ফেরারি থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে বিশেষ পরিপত্র জারি করে ‘পলাতক’ এবং ‘অভিযুক্ত’ আসামির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কারান্তরীণ ও জামিনপ্রাপ্ত প্রার্থীদের হলফনামা দাখিলের নিয়মাবলিও স্পষ্ট করেছে সংস্থাটি।

২৩ ডিসেম্বর মঙ্গলবার এক বিশেষ পরিপত্র জারি করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরিপত্রটি অনুসরণ করার জন্য ইতোমধ্যে নির্বাচনের সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় প্রার্থীর মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে নিম্নরূপ—

১. মনোনয়নপত্রের সংযুক্তি-১ এ বর্ণিত প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামায় উল্লিখিত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে জামিনে মুক্তদের ক্ষেত্রে উপযুক্ত আদালত কর্তৃক জামিন লাভের সত্যায়িত অনুলিপি দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে। তবে কারা অন্তরীণদের ক্ষেত্রে প্রদেয় হলফনামা জেল কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।

২. মনোনয়নপত্রের সংযুক্তি-১ এ বর্ণিত প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামার অনুচ্ছেদ ৩(গ) এর অভিযুক্ত বলতে ঐ আসামিকে বুঝাবে যার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ গঠিত হয়।

৩. মনোনয়ন ফরমের তৃতীয় অংশের ৪ নং অনুচ্ছেদে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখের ক্ষেত্রে প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্ট এর অ্যাকাউন্টকে বুঝাবে।

৪. পলাতক আসামি বলতে ওই আসামিকে বুঝাবে যিনি জামিন পাওয়ার পর পলাতক হন অথবা যিনি প্রথম থেকেই অনুপস্থিত থাকেন এবং তৎপর আদালত কর্তৃক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরও নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হয়ে পলাতক থাকেন।

আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২৫/মওম

ঘিওরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধি,ঘিওর, (মানিকগঞ্জ):

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী সায়লা কবির । ২২ ডিসেম্বর সোমবার উপজেলার পয়লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  বাইলজুরী চকপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় ।  পয়লা ইউনিয়ন  ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আজম খানের সভাপতিত্বে ও  ঘিওর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির হোসেন বাপ্পির সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,  সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান খান কুদরত, ৯ নং ওয়ার্ড  বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রতন মোল্লা,  উপজেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক আশা করিম, মহিলা দলের শামীমা আক্তার স্বপ্না ছাড়াও স্থানীয় মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল শেষে  স্থানীয়দের  মাঝে তবারক বিতরণ করা হয় ।

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ: প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

সাইফুল ইসলাম সবুজ:

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বৃত্ত কর্তৃক মব সৃষ্টি করেঅগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন(পিএমএ), টাঙ্গাইল। একইসঙ্গে দেশের শীর্ষস্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়ও সংগঠনের পক্ষ থেকে
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, আমরা মনে করি সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ কেবল মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য এক চরম হুমকি। জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।
প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‌‘যদি কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতি নিয়ে কারো দ্বিমত থাকে, তবে তা আইনগতভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকাণ্ড। একটি সভ্য সমাজে শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
আমরা বিশ্বাস করি, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল এই সংকটে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটি (টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি-TLCC)-এর ত্রৈমাসিক সভা আজ (২২/১২/২৫) নবীনগর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীনগর পৌরসভার প্রশাসক ও শহর সমন্বয় কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মাহাবুব হোসেন,ওসি রফিকুল ইসলাম , পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, TLCC-এর সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া UGIAP বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‎সভায় নগর ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সদস্যরা পৌর শহরের সার্বিক উন্নয়নে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ত্রৈমাসিক এ সভার কার্যক্রম সমাপ্ত হয়।

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২২ ডিসেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান। পরে ২৭ ডিসেম্বর শনিবার  ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।

প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।

আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম

নেত্রকোনায় পূর্বধলা থানা পুলিশের অভিযানে ১০২ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনায় পূর্বধলা থানা পুলিশের অভিযানে ২২ ডিসেম্বর সোমবার সকালে দূর্গাপুর-শ্যামগন্জ সড়কের পূর্বধলা উপজেলার লাল মিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে পিক আপ ভ্যান তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, গোয়েন্দা সূত্রে জানাতে পারি একটি মাদক চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বিরিশিরি শ্যামগন্জ সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলার লাল মিয়ার বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশি কালে একটি পিক আপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার দায়ে ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ীরা হলেন, নেত্রকোনানজেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০) ও জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিক আপ ভ্যানটি জব্দ করা হয়।তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদেরকে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে  প্রেরনের নির্দেশ প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর ২০২৫/মওম