আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 190

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের দ্রুতগতির মাগলেভ ট্রেন দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে চীন। এটি মাত্র দুই সেকেন্ডের ভেতর ৭০০ কিলোমিটার গতি তুলেছে। ট্রেনটির গতি এতই বেশি যে কেউ যদি পাশে থাকেন তাহলে এক সেকেন্ডের বেশি এটিকে দেখতে পারবেন না।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা একটি চৌম্বক দ্বারা চালিত ট্রেনের ওপর এ পরীক্ষা চালান। তার এক হাজার টনের বেশি ওজনের ট্রেনটিকে এ গতিতে চালাতে সমর্থ হন।

ট্রেনটিকে চালানো হয় ম্যাগলেভ ট্র্যাকের ওপর। এটি এত গতি তোলার পর সফলভাবে আবার নিরাপদে থামাতে সমর্থ হন তারা। এরমাধ্যমে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয় এটি।

সামাজিকমাধ্যমে গত ৩ ডিসেম্বর এ ট্রেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে, কয়েকজন ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছেন। তারা চোখের পলক ফেলার আগেই এটি চলে গেছে।

এই ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের দ্বারা চলে। ফলে রেললাইনের সঙ্গে সরাসরি এটির চাকা যুক্ত থাকে না। ট্রেনটি মূলত চুম্বকের মাধ্যমে ভেসে থাকে এবং চুম্বকের মাধ্যমেই চলে।

এই ট্রেনের গতিবেগ এতই বেশি যে এটির শক্তি দিয়ে রকেটও নিক্ষেপ করা যাবে। এ ট্রেনটি যদি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তাহলে সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে আরেকটি শহরে কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান,ধানের শীষ প্রতীকে করবেন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৭ ডিসেম্বর শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকার বিএনপি এবং অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

এর আগে সকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লেখেন, “ব্যক্তিগত কারণে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। যেখানেই থাকি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপি শরিক দলগুলোর জন্য যে ২৮টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তাতে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে বর্তমান আরপিও অনুযায়ী, জোটের শরিক হিসেবে নিজ প্রতীকে জেতা চ্যালেঞ্জিং হতে পারে বিবেচনায়, তিনি সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদও।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠানামা ব্যাহত, আজও ডাইভার্ট করলো ৮ ফ্লাইট

আলোকিত ডেস্ক:

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরমভাবে ব্যাহত হচ্ছে।  ২৭ ডিসেম্বর শনিবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়দিন ঘন কুয়াশার কবলে পড়লো শাহজালাল বিমানবন্দর।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বেবিচক জানায়, ঢাকার রানওয়েতে অবতরণে ব্যর্থ হয়ে ৩টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং অপারেশন কার্যক্রম স্বাভাবিক হবে। দীর্ঘ সময় বিলম্বিত হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিয়ম অনুযায়ী খাবার ও প্রয়োজনীয় ক্ষেত্রে হোটেল সুবিধা প্রদান করছে।

উল্লেখ্য, গতকাল ২৬ ডিসেম্বর শুক্রবারও একই কারণে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ২৭ ডিসেম্বর শনিবার ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, “রাজধানীতে বিস্ফোরণ। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। শেল্টারে থাকুন।”

ইউক্রেনের বিমানবাহিনীও পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ড্রোন এবং মিসাইল ধেয়ে আসছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখেছেন।

আগামী রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় হামলা চালাল রুশ সেনারা।

গতকাল শুক্রবার রাশিয়ার অভিযোগ, জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা ‘নস্যাৎ’ করে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির একটি ২০ দফা খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, যদি দুই দেশ এটি মানে তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে। যেখানে পরবর্তীতে একটি ইকোনোমিক জোন তৈরি করা হবে।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

৫ লাখ সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান এবং এমএলএ শুভেন্দু অধিকারী। গতকাল ২৬ ডিসেম্বর শুক্রবার কলকাতায় উপ-হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে তিনি এই হুমকি দেন।

গত সপ্তাহে উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছিল বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো। কিন্তু তখন তাদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড বসিয়েছিল তারা।

শুভেন্দু হুমকি দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলা যদি বন্ধ না হয় তাহলে জানুয়ারিতে পাঁচ লাখ সাধু নিয়ে তিনি উপ-হাইকমিশনে হামলা চালাবেন।

শুভেন্দু বলেন, “আমি বাংলাদেশের উপ-হাইকমিশানের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি যদি বাংলাদেশের ২ লাখ হিন্দু তাদের নিজ দেশে সমস্যার সম্মুখীন হয়, আমরা বসে থাকব না। আজ আমরা দাবি জানিয়েছি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হতে হবে।” “হিন্দুদের ওপর যদি নৃশংসতা বন্ধ না হয়, জানুয়ারিতে আমি পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে আসব, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তাদের নিয়ে আমি আসব এসব ব্যারিকেড ভাঙা ও বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়ার জন্য।”

চলতি মাসে ময়মংসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দিপু একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানকার দ্বন্দ্ব নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ড নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দিল্লি, কলকাতা, আগরতলা এবং শিলিগুড়িতে বাংলাদেশের হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছে। এর জেরে ভারতীয়দের ভিসা প্রদান স্থগিত করে দিয়েছে বাংলাদেশ।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

ঘাটাইলে ঘন কুয়াশার কারনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ২২

রাহাত সরকার:

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শনিবার সকাল প্রায় আটটার দিকে উপজেলার হরিপুর এলাকায় প্রান্তিক পরিবহন এবং বিনিময় পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিনিময় পরিবহনের আরেকটি বাসের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: শুভময় পাল জানান, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
খবর পেয়ে ঘাটাইল থানার সাব ইন্সপেক্টর আরিফ রব্বানী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ ,মো: মোকছেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতাই দুর্ঘটনার প্রধান কারণ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীত মৌসুমে ঘন কুয়াশার সময় সড়কে চলাচলে সতর্ক থাকার জন্য চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

আলোকিত প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন তিনি।

২৭ ডিসেম্বর শনিবার  দুপুর ১টা ১ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তিনি। জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ইসিতে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। ফলে তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন। সাধারণ নাগরিকরা যেভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হন, তারেক রহমানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও ছবি-আঙুলের ছাপ গ্রহণসহ সব আনুষ্ঠানিকতা প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। অবশ্য নির্বাচন কমিশনে আসার আগে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। আজ বেলা ১১টার পর তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

ওসমান হাদি হ*ত্যা: রাত পেরিয়ে সকালেও শাহবাগে বিক্ষোভকারীরা!

বিশেষ প্রতিনিধি: ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে রাতভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পেরিয়ে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল হলেও এখনো শাহবাগে অবস্থান করছেন ছাত্র-জনতারা।

তারা এ চত্বরে ফজরের নামাজ আদায় করেছেন। দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি খুনি ফয়সাল করিমকে হাজির করার দাবিতে এখানে অবস্থান নেন তারা। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার পর ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসমান হাদি’ ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়’ ‘ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায়’, ‘তাকবীরের ধ্বনিতে হাদি তোমায় দেখা যায়’, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ইত্যাদি স্লোগান দেন অবরোধ কর্মসূচিতে আসা প্রতিবাদী ছাত্র-জনতা।

আলোকিত প্রতিদিন/এপি

কক্সবাজারে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময় ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর শুক্রবার বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আগে দুপুর ২ঃ৪৫ টায় লাবনী বীচে “Rally for Green Environment and Clean Ocean” শিরোনামে প্রকৌশলীদের অঙ্গীকার সবুজ শক্তি ও সমৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচ্ছন্ন সমুদ্র ও টেকসই বাংলাদেশ শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে সকল প্রকৌশলীবৃন্দ সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
প্রকৌশলীবৃন্দ বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন, সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিতকরণ সহ সুস্থভাবে বেঁচে থাকার নিমিত্তে সাধারণ জনগণকে আহ্বান জানান।
বিকেল ৪ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌঃ মোঃ শাহজাহান সিরাজ। বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌঃ মোঃ শাহেদুল আজিম সজল, PMP সভায় স্বাগত বক্তব্য দেন ।প্রকৌ: মো: জহুরুল ইসলাম , সদস্য উৎপাদন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং মো: আমিনুল হক, সদস্য, প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। বিদ্যুৎ ও পানি সেক্টরে প্রকৌশলীদের নেতৃত্ব ও অবদান দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিধায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড কে ক্যাডার অন্তর্ভুক্ত করা অপরিহার্য বলে মনে করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, প্রকৌশলীবৃন্দ পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অসাধারণ ভূমিকা পালন করছে।
অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির বিকাশ দেশের সমৃদ্ধি নিশ্চিত করার সংকল্প নিয়ে প্রকৌশলীরা একতাবদ্ধ হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও সফলতার সাথে করে যাবে।
সভায় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চলের পানি ও বিদ্যুৎ খাতের প্রকৌশলীবৃদ উপস্থিত ছিলেন। ‎

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম