আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 181

মনোনয়নপত্র যাচাই শেষে মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল,বিএনপির তিন প্রার্থীই বৈধ

মো: মহিদ:

মানিকগঞ্জে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৭ টি মনোনয়নের মধ্যে বিভিন্ন কারণে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে জেলার তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি কার্যক্রম পরিচালনা করেন। শুনানি শেষে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুল আলী বেপারীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই আসনে জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাজাহান খানের প্রার্থীতাও বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-২ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন আবিদুর রহমান খান ও আব্দুল হক মোল্লা। পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান এবং মোহাম্মদ ফারুক হোসেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

৪ জানুয়ারি রবিবার সকালে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ।

আসাদুজ্জামান রুমেল জানান ,বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রি করার দায়ে সদর উপজেলায় করটিয়া ইউনিয়নের গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং করটিয়া বাজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Oplus_131072

অভিযানে সন্তোষ প্রকাশ করে কজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, জেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক দামে বিক্রি করছে।

ফলে ভোক্তা পর্যায়ে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে তিন থেকে চারশো টাকা বেশি দামে সিলিন্ডার সংগ্রহে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অত্যন্ত সময়োপযোগী ও যোক্তিক। প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অভিযানে সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

খালেদা জিয়া নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তা নতুন করে উপলব্ধি করেছি: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ‘খালেদা জিয়া’ নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তা এই শোকাতুর সময়ে নতুন করে উপলব্ধি করছেন তিনি।

৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সবার প্রতি এই কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৯ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তাকে জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দেখা হতো। লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ৩১ ডিসেম্বর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।

রাষ্ট্রীয় শোকের সময়কাল সমাপ্ত হওয়ার পর দেওয়া পোস্টে তারেক রহমান লিখেছেন, এই কঠিন সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।

মায়ের স্মৃতি চারণ করে তারেক রহমান বলেন, ‘এই তিন দিনে আমরা আরও উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন; অনেক ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ, যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। অনেকের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক; নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে; পরিচয়, আদর্শ এবং অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে স্পর্শ করেছে।’

তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এমন বিরল এবং সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ ছাড়া খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোয় প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিশ্বের নানা প্রান্তের অংশীদারদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

নিউ ইয়র্কের ব্রুকলিন কারাগারে নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্টুয়ার্ট বিমানঘাঁটি থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে স্থানান্তর করা হয়েছে। তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে এক্স-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কর্মকর্তারা মাদুরোকে একটি করিডোর দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন।

ব্রুকলিনের এমডিসি কারাগারটি যুক্তরাষ্ট্রের হাই-সিকিউরিটি কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত। অতীতে একাধিক আলোচিত এবং হাইপ্রোফাইল বন্দিকে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জেফরি এপস্টেইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল, সংগীত জগতে আলোচিত পি ডিডি।

৩ জানুয়ারি শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রের স্টুয়ার্ট এয়ার ফোর্স বেস সামরিক ঘাঁটিতে আনা হয়। সেখান থেকে তাকে নিউ ইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) দফতরে নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পরে তাকে ব্রুকলিনের এমডিসি কারাগারে পাঠানো হয়। মাদুরো অতীতে একাধিকবার এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে কোনও মাদক কার্টেলের নেতা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্রে জানা গেছে, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে ঠিক কবে এই শুনানি অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মাদক এবং অস্ত্র সংক্রান্ত মামলায় মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। এর আগ পর্যন্ত তাকে এমডিসিতেই আটক রাখা হবে।

এদিকে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থান এবং আটক রয়েছেন কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার এমডিসি দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দু। এই কারাগারে সহিংসতা, কঠোর বন্দিজীবন এবং পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

কারওয়ান বাজারে আবার মোবাইল ফোন ব্যবসায়ীরা,পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে

আলোকিত প্রতিবেদক:

কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭টি সাউন্ড  গ্রেনেড নিক্ষেপ করে এবং ছোড়া হয় টিয়ার গ্যাস। এতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়।

৪ জানুয়ারি রবিবার দুপুর ১টা ৩৫ মিনিট থেকে থেমে থেমে এ সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা এবং র‍্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রবিবার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ফের দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে এসে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে ফের লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ব্যবসায়ীদের আশপাশের শপিংমলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দ্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রে*প্তার!

আলোকিত ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়।

চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। চিঠিতে বলা হয়, ‘শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ করেছি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুন্ন করেছে।’ চিঠিতে আরো বলা হয়, ‘আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদীর ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন সে।

আলোকিত প্রতিদিন/এপি

নকলায় পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পৌরসভার জালালপুর এলাকায় ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেবেকা সুলতানা-এর সভাপতিত্বে ও পরিচালক মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যাতিক্রমী বৈশিষ্ট্য সমূহ উল্লেখ পূর্বক শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম সুলতান মাহমুদ, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম ও গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল ইসলাম প্রমুখ।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক এবং পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর পক্ষ থেকে অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়। তথ্য মতে, এদিন মোট ২২২টি পুরষ্কার প্রদান করা হয়। এরমধ্যে, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ৭০ জন, শতভাগ উপস্থিতি শিক্ষার্থী ২৩ জন, ৩ জন সেরা শিক্ষকসহ মোট ৪০ শিক্ষক-শিক্ষিকা, ৫ জন কর্মচারী, প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৭৪ জন এবং উপস্থিত অতিথিবৃন্দকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

সবশেষে সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, নকলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত নাজিম উদ্দীন খাজা ও পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক প্রয়াত উসমান গণি আজাদী-এঁর আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুল হাসান।

এসময় কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল হাফিজুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মো. খসরুসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবক, কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

খালেদা জিয়ার মৃত্যুতে অন্যধারা সাহিত্য সংসদের নিজ কার্যালয়ে দোয়ামাহফিল

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্যধারা সাহিত্য সংসদ আয়োজিত ৪৩৩তম আড্ডায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ফার্মগেট অন্যধারা সাহিত্য সংসদের নিজ কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করেন কবি মোহাম্মদ কুতুবউদ্দিন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত কবিগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কবি ও দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ রনোর উপস্থাপনা ও কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি আবু সালেহ। উদ্ধোদক ছিলেন জাসাসের ভাইস প্রেসিডেন্ট জনাব রফিকুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন ড. শহিদ আজাদ।

প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি আবু সালেহ আলোচনা সভায় বলেন, বিগত ১৫ বছরের কথা আপনারা জানেন যে তারা জুলাই যোদ্ধাদের কাছে বাতিল হয়ে গেছে। কিন্তু এর কোনো গবেষণা হলো না। এর কোনো মূল্যায়ন হলো না। সে কারণে আমাদের ভাববার বিষয় হলো আমরা যে শিল্প-সাহিত্যের সাথে সম্পৃক্ত আমাদের শিল্পের সে ধরনটা কেমন হবে। সাহিত্যের ভাষাটা কেমন হবে। একে অপরের সাথে যে সম্বোধন করি সে সম্বোধনের ভাষাটা কি হবে। এটা কিন্তু কেউ নির্ণয় করে দেয়নি!

তিনি আরও বলেন, বেগম জিয়ার স্মৃতিচারণ উল্লেখ করে আমি বলতে চাই খালেদা জিয়া একজন মহিয়সী নারী ছিলেন। তিনবারের রাষ্ট্রনায়ক ছিলেন। কিভাবে তিনি তিনবার রাষ্ট্রনায়ক হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, কিভাবে জনগণের সাথে মিশেছেন সেটা আপনার জানেন। আমি উনার সাথে কোথাও গেলে উনি আমাকে খোঁজ করে ডাকতেন। পাশে বসাতেন। আমি দীর্ঘ সময় তার সাথে কাজ করেছি। তাকে জেনেছি, বুঝেছি। তিনি আসলেই একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ ছিলেন। তার আদর্শ ফলো করে নিজের জীবন গঠন করেছি। আমি আজ তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ যেন উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। প্রধান আলোচক ছিলেন ড. শহিদ আজাদ বেগম জিয়ার সাথে দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন।  তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদেরকে যেভাবে গাইডলাইন করেছেন সেকারণেই আমরা এরশাদকে ক্ষমতাচ্যুত করতে পেরেছিলাম। ম্যাডামের জীবনে যতগুলো ভালো কাজ করেছেন তার মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ কাজ মনে হয়েছে মধ্যবর্তী নির্বাচন ও তত্বাবধায়ক সরকার গঠন। কারণ উনি বুঝেছিলেন দেশকে যদি গণতন্ত্রের মধ্যে রাখতে হয় তাহলে অবশ্যই দলীয় প্রশাসকের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না। তিনি বলেন, এতে এটাই প্রমাণিত হয় যে ম্যাডাম খালেদা জিয়ার ক্ষমতার কোনো লোভ ছিল না। যদি থাকতো তাহলে তিনি শেখ হাসিনার মতো ক্ষমতা ছাড়তেন না। কারণ শেখ হাসিনা বলেছিলেন- আমি তিন মাস পরে নির্বাচন দেব। বিরোধী দলকে চিফ হুইফ দেবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবো কিন্তু কিছুই দেননি। কাজেই কথা দিয়ে কথা রাখার লোক হচ্ছে বেগম খালেদা জিয়া।

শেখ হাসিনা ইতিহাসে এক বিরল স্বৈরাচারি উল্লেখ করে জাসাসের ভাইস প্রেসিডেন্ট জনাব রফিকুল ইসলাম বলেন, একজন সৎ, আদর্শ নেতা ছিলেন জিয়াউর রহমান। তার মৃত্যুর পর ব্যাংক একাউন্টে পাঁচশত টাকাও গচ্ছিত ছিলনা পরিবারের জন্য। তখন সরকার তাকে দুটি বাড়ি দিয়েছিল ক্যান্টেনমেন্ট ও গুলশানে। গুলশানে দিয়েছে বাড়ি ভাড়া দেয়ার জন্য, যাতে খালেদা জিয়া সৎভাবে জীবন যাপন করতে পারে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে নির্মমভাবে, নৃশংসভাবে বের করে দেয়। এটা ইতিহাসে স্বৈরাচার মুসলিনি, হিটলারকেও সে হার মানিয়েছে।

কবি শাহীন রেজা বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তিনি যেখানেই আছেন, যেভাবেই আছেন আমাদের ভালোবাসার বৃষ্টি তাকে সিক্ত করছে। আমাদের হৃদয় তার জন্য কাঁদছে এবং কান্নার শুরু হয়েছে শেষ কবে হবে আমাদের জানা নেই। হয়তো কোনো দিনই হবে না। এই বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার নাম ততদিন থাকবে। আপনারা জানেন সত্যের পক্ষে বিএনপি ফ্যাসিস্ট সরকার যেভাবে তাকে লাঞ্চিত করেছে, অন্ধকার প্রকোষ্টে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করেছে। এবং সত্য মিথ্যা জানিনা আল্লাহই ভালো জানেন- শুনেছি তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এইভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

 কবি মুহম্মদ আব্দুল মজিদ বলেন, ম্যাডাম যখন প্রথম ক্ষমতায় আসেন তখন আমি উপবৃত্তি নিয়ে উনার সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেকেই তার পড়াশোনা নিয়ে কথা বলেন, কাজী নজরুল ইসমামের কোনো পড়া শোনা ছিল না। মাওলানা আজাদ ভারতের সর্বোচ্চ নেতা এবং কংগ্রেসের সদস্য তার কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না। নেলস্যান মেন্ডেলা, হো চি মিন এভাবে বিশ্বে আরও অনেক নেতা পাওয়া যাবে। তাহলে খালেদা জিয়ার বিষয়ে কেন এ প্রশ্ন। আসল উদ্দেশ্য তাকে হেয় করা। তিনি বলেন, তার রাজনৈতিক বিচক্ষণতার কারণে আমরা তাকে ভুলিনি। যদি ভুলে যেতাম তাহলে তার জানাজায় এক কোটি লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো না।

কবি ও দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ রনো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন রাজনৈতিক অভিভাবক। একজন সাংবাদিক হিসেবে তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি দলমত নির্বিশেষে তাঁর নামাজে জানাজায় ৭০ লাখ মানুষ ছাড়িয়ে গেছে। মানিক মিয়া এভিনিউ থেকে জানাজার কাতার শাহবাগ পর্যন্ত গিয়েছে। এবং মৃত্যুতে শেখ হাসিনা ও তার ছেলে জয় পর্যন্ত শোক প্রকাশ করেছে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশ থেকে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছে। কাজেই তিনি আজ জাতির ঐক্যের প্রতীক হয়ে দাড়িয়েছেন। তাই আমরা আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

কবি আশরাক মির্জা বলেন, ইতিহাস প্রতিদিন সৃষ্টি হয়না, এতে মাস লাগে, বছর লাগে। কিন্তু অন্যধারা আজ খালেদা জিয়ার দোয়া মাহফিল করে ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়াও অনুষ্ঠানে খালেদা জিয়ার স্মৃতিচারণ ও তাকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি মোজাফফার বাবু, কল্যাণ চক্রবর্তী, কবি মোহাম্মদ কুতুব উদ্দিন, কবি মোহাম্মদ শামীম মিয়া, কবি হাসান কামরুল, কবি রি হোসাইন, কবি আশরাফ মির্জা, কবি বীথি কবির, কবি মো. শরীফুল ইসলাম, কবি সরকার হুমায়ুন, কবি সনাতন মিত্র, কবি মেজবাহ মুকুল, কবি মো. কায়ছার আলী, কবি রুনা লায়লা, কবি নাসিমা আক্তার নিঝুম, কবি শেখ মেহেদী পারভেজ, কবি মো. ইকবাল হোসেন, কবি মুর্শিদ-উল-আলম, কবি সাইফ সাদী, কবি শিহাব, কবি মাহফুজা আক্তার ও কবি এস.এ আলিম।

উল্লেখ্য, তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা!

খেলাধুলা ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নানা ঘটনাবলির কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। যার ফলে রেকর্ড দামে দল পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না কাটার মাস্টার মোস্তাফিজের। তবে কেকেআর যদি মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেসসচিব নিয়োগ!

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেসসচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।

আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) প্রেসসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি