আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 173

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধ*র্ষণের অভিযোগে চালক-হেলপারসহ গ্রে*প্তার-৩

সাইফুল ইসলাম সবুজ:

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, মহাড়কে ডিউটি করার সময় তারা করটিয়ার একটি হোটেলে নাস্তা করছিলেন। বাসের মেয়ে এবং চালক-হেলপাররাও সেখানে নাস্তা করছিল। পুলিশ দেখে চালক-হেলপাররা মেয়েটাকে কৌশলে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। হঠাৎ এক ব্যক্তি বাসের ওখানে ছিনতাই হচ্ছে বলে শব্দ করে স্থান ত্যাগ করে। তখন পুলিশের সন্দেহ হলে তারা বাসের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদে মেয়েটা কান্না করে ঘটনা খুলে বলে। পরে তাদের তিন জনকে আটক এবং মেয়েটাকে উদ্ধার করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শরীফ বলেন, বুধবার(১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের জনৈক ছাত্রী(২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের চন্দ্রা টু ঢাকার গাড়িতে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে চালক-হেলপার ও হেলপারের সহযোগী সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর দলবদ্ধ যৌননিগ্রহ চালায় ও সেদৃশ্য ভিডিও ধারণ করে। পরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।
তিনি বলেন, ভিকটিম সহ গ্রেপ্তারকৃতদের গাড়ি সহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

২০২৬ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

ধর্ম ডেস্ক:

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাসখানেক বাকি। ইতোমধ্যে আত্মশুদ্ধির মাস রমজান ঘিরে প্রস্তুতি শুরু করেছেন অনেকে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাতে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

তবে শরিয়তের বিধান অনুযায়ী শাবান মাসের চাঁদ দেখার পরই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা রাখা হয়। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া এবং দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

রমজানের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত,রমজানের শেষ দশ দিনের যেকোনো একটি রাতকে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ মহিমান্বিত রজনী। ইসলামে এ রাতের মর্যাদা হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি বলে বর্ণিত হয়েছে।

আইএসিএডির ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় দিবসের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর লাইলাতুল কদর হবে পারে ১৭ মার্চ মঙ্গলবার রাতে। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, এই রাতেই মানবজাতির পথনির্দেশ হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়। সে কারণে এ রাতে মসজিদ এবং ঘরে ঘরে ইবাদত, নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকেন মুসলিমরা।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শেষ হতে পারে ১৯ মার্চ বৃহস্পতিবার। তবে রমজান ২৯ না ৩০ দিনের হবে, তা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সে অনুযায়ী ঈদের তারিখেও একদিন এদিক-সেদিক হতে পারে।

রমজান শেষে মুসলমানদের জীবনে আসে আনন্দ ও খুশির বার্তা ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ শুক্রবার। এর মধ্য দিয়ে শুরু হবে বছরের প্রথম বড় ছুটির আমেজ।

আমিরাতে সাধারণত শাওয়াল মাসের প্রথম তিন দিন সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। রমজান ২৯ না ৩০ দিনে শেষ হচ্ছে, তার ওপর ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।

সূত্র : গালফ নিউজ

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

বিনোদন ডেস্ক:
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার নিজের সাজগোজ নিয়ে ভক্তের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ঘটনার সূত্রপাত হিমির ফেসবুক লাইভকে কেন্দ্র করে। লাইভ চলাকালীন এক অনুরাগী হিমির মেকআপ নিয়ে মন্তব্য করে বসেন। ওই ভক্ত লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ ভক্তের এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি।

সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’

নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?’

পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্টবাদী জবাবে অনেক ভক্তই তার পক্ষ নিয়েছেন। তাদের মতে, তারকাদের সাজগোজ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

সাবিনার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

ক্রীড়া ডেস্ক:

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই মেয়েদের বিভাগে বাংলাদেশ শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়ায় লাল সবুজ দল ৩-১ গোলে ভারতকে হারিয়েছে।

থাইল্যান্ডের ননতাবুড়ি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে এগিয়ে থাকে। সাবিনা-মাসুরারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যাচ শুরুর ৮ মিনিটে কৃষ্ণার পাসে সাবিনা খাতুন আলতো শটে গোল করেন। একটু পর আবারও বাংলাদেশ এগিয়ে যায়। সেই একই কম্বিনেশনে। কৃষ্ণারানীর দারুণ এক পাসে সাবিনা পোস্টের একদম সামনে থেকে বল জড়িয়ে দেন জালে। ডিফেন্ডার সঙ্গে থাকলেও সাবিনাকে আটকাতে পারেননি। একটু পর নীলুফা ইয়াসমিন নীলা গোলকিপারকে একা পেয়ে শট নিলেও গোল করতে পারেনি। ভারত এই সময় অন্তত দু’বার বাংলাদেশের গোলকিপারের পরীক্ষা নিয়েছে। কিন্তু পরাস্ত করতে পারেনি ।

২ গোলের লিড নেওয়া বাংলাদেশের আধিপত্য বিরতির পরও চলতে থাকে। মাতসুসিমা সুমাইয়া বলের গতি ধরে রেখে দলের হয়ে তৃতীয় গোল উপহার দেন।

ভারত ৩ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে সফল হয়। কর্নার থেকে আরিয়া মোরে ব্যবধান ৩-১ করেন।  তারপর বাংলাদেশকে চাপে রাখলেও আর গোল শোধ দিতে পারেনি।

পরবর্তী ম্যাচে ১৭ জানুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ ।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

আন্তর্জাতিক বাণিজ্য মেলা: নারীদের পছন্দের গৃহস্থালী পণ্য বিক্রির শীর্ষে 

রিপন পাল:
ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় এক ছাদের নিচে নারীদের পছন্দের গৃহস্থালী পণ্য বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে। মেলায় এখন পণ্য বিক্রি শুরু হয়েছে। গৃহস্থালী পণ্যের চাহিদা বেশি। নারীদের পছন্দের তালিকার রয়েছে গৃহস্থালি ক্রোকারিজ পণ্য। এর মধ্যে প্লাস্টিক সামগ্রীর চাহিদাও কম নয়। দর্শনার্থীরা মেলার ১০/১২দিন ঘুরে ফিরে, রসনাবিলাস শেষে ছবি-সেল্ফি তুলে সময় পার করছেন। এখন তারাই কেনাকাটা শুরু করেছেন। জমে উঠেছে বাণিজ্য মেলা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলায় দর্শনার্থীর বেশিরভাগই নারী। রয়েছে শিক্ষার্থী এবং শিশুরা। আর মেলায় আগতদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গৃহস্থালি পণ্য। পছন্দের পণ্য, টেকসই আর তুলনামূলক দাম কম হওয়ায় ক্রেতারা এসব পণ্য কিনতে আসছেন মেলায়। অন্যদিকে মেলায় ছাড় আর অফারে পাওয়া যাচ্ছে নানা পণ্য। বিকাশ অ্যাপেও রয়েছে ক্যাশ ব্যাক।
অন্য পণ্যের পাশাপাশি মেলায় রয়েছে গৃহস্থালী পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, হটপট, রাইস কুকার, ইলেকট্রিক চুলা এবং নন-স্টিক চুলা, কারুকাজ করা টিফিন ক্যারিয়ার, মগ, থালাবাসন ও হাড়ি, হোম অ্যাপ্লায়েন্স, জুস ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, কিচেন হুড, ওয়াটার ফিল্টার, গ্যাস-স্টোভ ও রাইস কুকার। এদিকে ভোক্তাদের স্বার্থরক্ষায় মেলায় কঠোর নজরদারি রাখছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর শেওড়াপাড়া থেকে আসা গৃহবধূ সালমা আক্তার বলেন, মেলায় আসা মূলত ক্রোকারিজ পণ্য কেনার জন্য। এখানে পণ্যের গুণাগুণ ভালো, টেকসই পণ্য পাওয়া যায়। দামের দিক থেকেও কম, আবার রয়েছে ছাড়। সব মিলিয়ে অনুকূল পরিবেশ থাকায় তিনি বেশ কিছু গৃহস্থালী পণ্য কিনেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে স্বপরিবারে আসা গৃহবধূ সোনিয়া আক্তার বলেন, মেলা উপলক্ষে বিশেষ ছাড় থাকায় প্রয়োজনীয় জিনিসপত্রই বেশি কিনছেন। আবার এমন অনেক পণ্য আছে, যা মেলা ছাড়া পাওয়া যায় না। সেগুলো বেশি করে কেনা হয়।
নারায়ণগঞ্জের কাঞ্চন থেকে ভাবীর সঙ্গে আসা গৃহবধূ সুমি আক্তার বলেন, একই ছাদের নিচে গৃহস্থালির সব পণ্য পাওয়া যায়। এমন কিছু নতুন পণ্য পাওয়া যায় যেগুলো সচরাচর মার্কেটে চোখে পড়ে না। দাম ও পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করে কিনলে পণ্য কিনে জেতা সম্ভব।
রাজধানীর রামপুরা এলাকা থেকে মেলায় আসা গৃহবধূ মাহফুজা আক্তার বলেন, গত বছর নতুন সংসার শুরু করেছি। এক সঙ্গে সংসারের সব জিনিস পাওয়ার একটাই উপায়, সেটা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। মেলা থেকে প্রয়োজনীয় সব তৈজসপত্র কিনে সংসার সাজাবো।
কিয়াম মেটালের বিক্রয় প্রতিনিধি ইফতেখার উদ্দিন বলেন, প্রতি বছর ক্রোকারিজ পণ্য বিক্রি ভালো হয়, এবছর এখন পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। তিনি বলেন, গৃহস্থালি সব পণ্য সমানভাবে বিক্রি হচ্ছে।
এসকেবি স্টলের বিক্রয় প্রতিনিধি মিজানুর রহমান বলেন, মাসব্যাপী চলা এ মেলায় দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়নে ঘুরে পছন্দের পণ্য কিনছেন দর্শনার্থীরা। সবচেয়ে বেশি আগ্রহ গৃহস্থালি পণ্যে। ভিড় ঠেলে সেগুলো কিনছেন দর্শনার্থী। ব্যবসায়ীরা বলছেন, মেলার যত দিন যাচ্ছে, বিক্রি ততই বাড়ছে।
কিয়ামের বিক্রয় প্রতিনিধি আব্দুল করিম বলেন, একই ছাদের নিচে বাসনকোসন, হাঁড়ি-পাতিল থেকে শুরু করে গৃহস্থালির প্রয়োজনীয় সব পণ্য মিলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রায় অর্ধশতাধিক স্টল ও প্যাভিলিয়নে এসব পণ্য পাওয়া যাচ্ছে। সচরাচর পণ্যের সঙ্গে নতুন পণ্যও এনেছে প্রতিষ্ঠানগুলো। বাহারি রঙ ও নকশার পাশাপাশি আছে দামেরও ভিন্নতা। তাই হুমড়ি খেয়ে পড়ছেন নারী ক্রেতারা। বিক্রয় কর্মীরা বলছেন, বিশেষ ক্ষেত্রে মূল্যছাড়সহ সব ধরণের পণ্য বিক্রি হচ্ছে পাইকারি দামে।
দিল্লি এ্যালুমিনিয়ামের বিক্রয় প্রতিনিধি রমেশ চন্দ্র রায় বলেন,  বেশির ভাগ পণ্য পাইকারি দামে বিক্রি করছেন তারা। নতুন পণ্যগুলো মেলার মাধ্যমে বাজারে আসে। এ ছাড়া সচরাচর পণ্যের উপর ৫ থেকে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়। তাই ক্রেতাদের আগ্রহ বেশি। কারো কারো মতে শুধু বিক্রি নয়, ক্রেতাদের কাছে নিজেদের নতুন পণ্যের পরিচয় করানোটাই আসল উদ্দেশ্য। ৫০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে মিলছে স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম ও লোহার তৈরি সংসারের প্রয়োজনীয় সব পণ্য।
আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

১১ দলের সঙ্গে থাকছে না ইসলামী আন্দোলন,বাকিরা বৈঠকে

আলোকিত ডেস্ক:

১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠক বসেছেন জোটের অন্য ১০ দলের নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার এবং মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ। তিনি জানান, আসন সমঝোতায় থাকছে না ইসলামি আন্দোলন।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠক বসেছেন জোটের ১০ দলের নেতারা

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বৈঠকের একটি ছবিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ অনেককে দেখা গেছে।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ এবং দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ৫০ কোটি ডলারের তেল বিক্রিও হয়ে গেছে।

গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে।

মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন, প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) জ্বালানি তেল আসছে দেশটি থেকে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।

এদিকে গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই অন্তত ১০০ কোটি  ডলারের বিনিয়োগ আসছে।

এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে তিনি প্রত্যাশা করছেন যে মার্কিন কোম্পানিগুলো যেন ভেনেজুয়েলার তেলখাতে বিনিয়োগ করে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের সেই প্রত্যাশায় কার্যত পানি ঢেলে দিয়েছেন।

মার্কিন তেল কোম্পানি অ্যাক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়। এটা বিনিময়ের অযোগ্য। কারণ, এখানে অনেক আইনগত এবং বাণিজ্যক ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। একমাত্র তাহলেই আমরা বুঝতে পারব যে সেখানে বিনিয়োগের রিটার্ন হিসেবে আমরা কী পাবো।”

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুসারে, ভেনেজুয়েলার খনিগুলোতে মজুত আছে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুত আছে, তার এক পঞ্চমাংশই আছে ভেনেজুয়েলায়।

তবে এত বড় মজুত থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ আসে, তার মাত্র দশমিক ৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের গঠন ভারী ও ঘন। এই তেল উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে অন্যান্য তেলের তুলনায় বেশি যত্নশীল হতে হয়।

তবে এ ধরনের তেল পরিশোধনের মাধ্যমে উৎকৃষ্টমানের ডিজেল, অ্যাসফল্ট, কারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি, অন্যান্য ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী জ্বালানিসহ আরও অনেক ধরনের জ্বলানিপণ্য তৈরি করা সম্ভব।

সূত্র : সিএনএন
আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

সিইসির সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন ভবনে

আলোকিত প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন ভবনে প্রবেশ করে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, বৈঠকে পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন, বিতরণ করা হয়নি—এমন পোস্টাল ব্যালট সংশোধন কিংবা পোস্টাল ব্যালট বাতিলসহ একাধিক বিষয় আলোচনায় আসতে পারে।

 গত ১৩ জানুয়ারি মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না। এ অবস্থায় এখনো পাঠানো হয়নি এমন ব্যালট পেপার সংশোধনের দাবি বিএনপি।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম

নাহিদের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেনি

আলোকিত ডেস্ক:
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক কার্যালয়ে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি।

১৪ জানুয়ারি বুধবার বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গত মঙ্গলবার গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ১৪ জানুয়ারি ২০২৬/মওম

 

ত্রয়োদশ নির্বাচনে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে ডিএমপি কমিশনার

এম এইচ চৌধুরীঃ
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।
১৪ জানুয়ারি বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলে যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন সে বিষয়ে নজর রাখতে হবে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।
আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। নির্বাচনে যাতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না ওঠে সে বিষয়ে সকল পুলিশ সদস্যকে তিনি সতর্ক করেন। নির্বাচন উপলক্ষে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম আসন্ন নির্বাচন উপলক্ষে নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দূষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, (অতিরিক্ত আইজি); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৪ জানুয়ারি ২০২৬/মওম