আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 172

যুক্তরাষ্ট্র এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকে ঘিরে তেহরানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে সেই যুদ্ধজাহাজ রওনাও করেছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং এনবিসি গতাকাল শুক্রবার তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়া এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

কাতার, জর্ডান, ইরাক, সিরিয়া— ইরানের এই চার প্রতিবেশী দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এসব দেশের ঘাঁটিগুলোতে অবস্থান করছেন প্রায় ৩ হাজার মার্কিন সেনা। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই চার দেশের ঘাঁটিতে সেনার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে পেন্টাগন।

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে ইরান, সেই সঙ্গে দেশজুড়ে মোতায়েনপুলিশ-নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করেছে সেনাবাহিনী। জনগণ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংখাতে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও হাজার হাজার বিক্ষোভকারী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের শুরু থেকেই বলে আসছিলেন, জনতার বিক্ষোভ দমনে ইরান কঠোর পন্থার আশ্রয় নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। বর্তমানে যদিও তিনি সুর খানিকটা নরম করেছেন, তবে অভিযানের সম্ভাব্যতা এখনও আছে।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইলের ঘাটাইলে শতাধিক মোটরসাইকেল জব্দ

রাহাত সরকার:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন ও হেলমেট না থাকায় গত ১০৫ টি মোটরসাইকেল জব্দ করেছে ঘাটাইল থানা পুলিশ।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘাটাইল পৌর এলাকার কলেজ মোড় চত্বর, থানা মোড়, ধলাপাড়া ইউনিয়নের শহরগোপীনপুর, দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গত ১ মাসে ফিটনেসবিহীন, রেজিস্ট্রেশন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন ১০৫টি মোটরসাইকেল আটক ও শতাধিক মামলা রুজু করা হয়।
অভিযানের বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মো্কছেদুর রহমান জানান, “আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এ পর্যন্ত অভিযান চালিয়ে ফিটনেসবিহীন ১০৫টি মোটরসাইকেল আটক ও শতাধিক মামলা রুজু করা হয়েছে। কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক অভিযান অব্যাহত থাকবে।”

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

জোটের হয়ে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

আলোকিত ডেস্ক:

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন। তারা এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে।

 ১৬ জানুয়ারি শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের প্রতি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, এখান থেকে বিচ্যুত হতে পারি না। এ জন্য কাল আপনারা লক্ষ্য করেছেন, ১১ দলীয় জোটের ব্যানারে, যেখানে আমরাও ছিলাম। এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, আসন বণ্টন ঘোষণা করা হয়।

গাজী আতাউর রহমান বলেন, আমাদের দীর্ঘদিনের যে পথচলা, বিশেষ করে পাঁচ অগস্টের পর থেকে ইসলামপন্থি শক্তিগুলোকে একসঙ্গে করার যে চেষ্টা চলছিল, শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এ জন্য আমরা ইসলামের একটি বাক্সকে রক্ষা করার চিন্তা করেছি। আমরা জানি, সামনে আমাদের পথচলা মসৃণ নাও হতে পারে। কারণ আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। কিন্তু রাজনৈতিক প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সে জন্য আমরা আজ ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিল, যার মধ্যে দুটি আসন বাতিল হয়। বাকি ২৬৮ জন প্রার্থী মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশনা দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন, এখানে জামায়াতে ইসলামী একটি বড় শক্তি ছিল, এটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে কারও চেয়ে দুর্বল নই।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেব, দুঃখজনক বিষয় হলো, আমরা দেখলাম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এতে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, সেই লক্ষ্য অর্জিত হবে না। এখন যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে, তখন যদি তারা ইসলামের আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তাদের ইসলামের আইনের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী-সমর্থকদের নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর জন্মের পর থেকে একটাই মৌলিক স্লোগান ছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই। এখন যখন যাওয়ার পথ-পরিবেশ তৈরি হলো, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না। এই প্রচলিত আইনে বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে। কিন্তু এই আইনে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হয়েছে। প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে। অন্যায়-অবিচারের মূল কারণ হলো প্রচলিত আইন। আমরা বরাবরই বলে এসেছি, প্রচলিত আইন পরিবর্তন করে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী আইন সবার জন্য সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শান্তি প্রতিষ্ঠা করবে। আমরা সেই আন্দোলন প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করি। এখন আমরা যদি শেষ মুহূর্তে দেখি, প্রধান যে আমাদের সহযোগী শক্তি তারা আল্লাহর আইনের পথে চলবেন না, প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন না আমরা তাদের সঙ্গে সহযোগী দল হওয়ার জন্য আর প্রস্তুত নই।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন,নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

শহিদুল্লাহ সরকার:

ঢাকা-১৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। তারপর আসন বন্টন করে ঢাকা ১৯ আসনে জামায়াত জোট থেকে এনসিপির প্রার্থী দিলশানা পারুল কে চূড়ান্ত মনোনয়ন দেয়, পূর্বে কয়েকবার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ একমত হতে না পারার কারণে চূড়ান্ত আসন ঘোষণা করতে বারবার তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ গতকাল ১১ দলীয় জোটের পক্ষ থেকে বিভিন্ন আসনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে। এতে এতদিন ঢাকা ১৯ আসনে জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আফজাল হোসাইন এর নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু গতকাল রাতে জোটের পক্ষ থেকে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এর নাম ঘোষণা করা হলে সাভার ও আশুলিয়া জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এখন পর্যন্ত প্রকাশ্যে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ কোন কথা না বললেও সাধারণ জামাত-শিবির কর্মীদের তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এসময় জামায়াত এবং শিবির কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আফজাল হোসাইন অত্র অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি। আসন্ন নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা ছিলো এবং তিনি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে জামায়াতে ইসলামের প্রার্থীর পরিবর্তে এই আসনে এনসিপির প্রার্থী দেয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন এর মন্তব্য জানতে তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

কবি ড.সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৬ জানুয়ারি ২০২৬ কবি, সাহিত্যিক ও চিকিৎসক ড. সাবিনা ইয়াসমিনের জন্মদিন। আজকের এই দিনে শুধু তার বয়স বৃদ্ধি নয়, বরং প্রজ্ঞা, মানবিকতা ও ভালোবাসার গভীরতাও বহুগুণে বৃদ্ধি পাক—এই প্রত্যাশায় শুভানুধ্যায়ী ও সাহিত্যাঙ্গনের স্বজনরা তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‎কবি ড.সাবিনা ইয়াসমিনের জন্ম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার পূর্ব ভান্ডারিয়া সিকদার বাড়িতে। তার পিতা আব্দুল হাই সিকদার একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন। তিনি ভান্ডারিয়া বিহারি হাই স্কুলে দীর্ঘদিন ইংরেজি শিক্ষকতা করেন এবং পরবর্তীতে আইন পেশায় নিয়োজিত হন। তার মাতা : তাহমিনা বেগম একজন গৃহিণী।

‎ড.সাবিনা ইয়াসমিন দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। এরপর ভান্ডারিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভান্ডারিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। পরবর্তীতে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল হেরিটেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং স্বর্ণপদকে ভূষিত হন। এছাড়াও ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডাক্তারি পাস করেন।

‎কর্মজীবনঃ কর্মজীবনের শুরুতে তিনি প্রাণ গ্রুপে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে প্রোডাকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজ উদ্যোগে একটি ম্যাগাজিন ‘সৌভাগ্যের চাবিকাঠি’ প্রকাশ করেন, তিনি সম্পাদক ও প্রকাশক ছিলেন। একইসঙ্গে তিনি অ্যাস্ট্রোলজি বিদ্যায় গবেষণা ও চর্চা করেছেন।

‎সম্মাননা ও পুরস্কার: অ্যাস্ট্রোলজি বিদ্যায় অবদানের জন্য তিনি ভারতবর্ষ থেকে পদ্মভূষণ, ভারত গৌরব, সম্রাজ্ঞীসহ একাধিক সম্মাননা ও স্বর্ণপদক পান।
‎নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কিংবদন্তি মানবসেবী মাদার তেরেসার ১১৩,তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। এছাড়া বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা থেকে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ও সমাজসেবিকা অ্যাওয়ার্ড লাভ করেন। লেখালেখিতে দক্ষতার জন্য তিনি ‘কবি’ উপাধিতে ভূষিত হয়েছেন।

‎ একজন চিকিৎসক ও লেখিকা হিসেবে কর্মরত থাকার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চায় যুক্ত রয়েছেন। তিনি কবিতা, গল্প, নাটকসহ বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেন এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

‎জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখময় জীবন ও আরও মহৎ সৃষ্টির অপার সম্ভাবনা আলোক উজ্জ্বল জীবন প্রত্যাশা জানিয়ে পাঠকসমাজ গভীর শুভকামনা জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

সারিয়াকান্দিতে যমুনা নদী’র নাব্যতা সংকটে নৌযানে যাত্রী পরিবহনে চরম ভোগান্তি

মাইনুল হাসান মজনু:

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। ডুবোচরে আটকে যাচ্ছে নৌকা। উপজেলার বেশকটি নৌরুট গত কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে। উপজেলার চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি ফসল সহজে পরিবহন করতে পারছেন না।
গত কয়েকবছর আগেও বগুড়া সারিয়াকান্দিতে বর্ষাকালে যমুনা নদী তার প্রমত্তা রুপ ধারণ করতো। ফলে বন্যায় উপজেলার বিশালাকার এলাকা প্লাবিত হতো। কিন্তু চলতি বছরে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। ফলে এ বছর উপজেলায় কোনও বন্যা হয়নি। এদিকে গত কয়েকমাস ধরেই যমুনা নদীর পানি একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে। ফলে উপজেলায় এখন যমুনা নদীর প্রকট নাব্যতা সংকট বিরাজমান রয়েছে। নাব্যতা সংকটে যমুনা নদীতে বেশকিছু ডুবোচরের সৃষ্টি হয়েছে। এসব ডুবোচরে প্রতিনিয়ত মাঝিদের নৌকা আটকে যাচ্ছে। ফলে মাঝিরা পানিতে নেমে কাধ দিয়ে নৌকা ডুবোচর থেকে সরিয়ে নিচ্ছেন। এতে নৌকা পারাপারে তাদের ভোগান্তির শেষ নেই। উপজেলার একমাত্র ব্যস্ততম নৌরুট সারিয়াকান্দি এবং মাদারগঞ্জ নৌরুট। এ নৌরুটটির কালিতলা গ্রোয়েনবাঁধ থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিশালাকার চরের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত মাঝিদের দেয়া চাঁদা তুলে এ চর কেটে ড্রেনের মতো একটি খালের সৃষ্টি করা হয়েছে। সেই পথ দিয়ে খুবই কষ্টে প্রতিদিন শতাধিক নৌকা উপজেলার বিভিন্ন নৌঘাটে চলাচল করছে। এদিকে নাব্যতা সংকটে উপজেলার পারতিত পরল গ্রামের আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাই খেয়াঘাট, দিঘাপাড়া খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশকিছু খেয়াঘাট বন্ধ হয়ে গেছে। এছাড়া নাব্যতা সংকটে উপজেলার যমুনা নদীর বেশিরভাগ এলাকাজুড়ে ধূ ধূ বালুচরের সৃষ্টি হয়েছে। এসব বালুচর ডিঙিয়ে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য খুবই কষ্টে পরিবহন করছেন। কেউবা ঘোরার গাড়িতে উচ্চ ভাড়ায় অথবা কেউবা পায়ে হেঁটে ঘারে করে তাদের কৃষিপণ্য পরিবহন করছেন। উপজেলার উৎপাদিত কৃষি ফসলের প্রায় অর্ধেকের বেশি ফসল যমুনার চরাঞ্চলে উৎপাদিত হয়। এসব ফসল পরিবহনে কৃষকদের বাড়তি পরিবহন জনিত খরচ হচ্ছে। এতে তাদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচ বাড়ছে।
সারিয়াকান্দি আলতাফ আলী খেয়াঘাটের মাঝি আলতাফ আলী জানান, যমুনা নদীর নাব্যতা সংকটে তার খেয়াঘাট গত কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে। তিনি বলেন, যত টাকা দিয়ে নৌঘাটটি ইজারা নিয়েছি সেই টাকাই এ বছর উঠবে না।
কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরের কৃষক মহসিন আলী বলেন, নদীতে যদি পানি থাকতো তাহলে আমরা খুব সহজেই নৌকায় আমাদের কৃষিফসলগুলো বাজারাজাত করতে পারতাম। পানি না থাকায় ঘোড়ার গাড়িতে প্রতি বস্তা সার বা মরিচসহ নানা ধরনের কৃষিফসল ১২০ টাকা ভাড়া দিয়ে বাজারে নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের ফসলের উৎপাদন খরচ বাড়ছে, অপরদিকে সেই অনুযায়ী আমরা বাজারে দাম পাচ্ছি না।
সারিয়াকান্দি কালিতলা নৌঘাটের মাঝি আমিনুল ইসলাম বলেন, যমুনা নদীতে চলাচল করতে নৌকা বারবার চরে আটকে যাচ্ছে। খুবই কষ্টে আমরা পারাপার করছি। নিজেদের টাকা দিয়ে ড্রেজিং করে উপজেলার ব্যস্ততম নৌপথ চালু রেখেছি।
বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, সারিয়াকান্দিতে নৌবন্দর স্হাপনের কাজ চলমান রয়েছে। নৌবন্দর হলে সারাবছর নৌপথ ড্রেজিং এর আওতায় থাকবে। এ বিষয়ে তিনি বিআইডব্লিউটিএর সাথে কথা বলার পরামর্শ দেন। এছাড়া নদীর ড্রেজিং বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলার পরামর্শ দেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

বাবার চিন্তায় মেয়ের একটি পোস্ট,গ্রামে হাজারো মানুষের মহামিলন

আন্তর্জাতিক ডেস্ক:

আসন্ন চীনা নববর্ষের ঐতিহ্যবাহী ভোজের আয়োজনে দুটি শুকর জবাই করা প্রয়োজন। কিন্তু দাইদাই লক্ষ্য করলেন, তার বাবার বয়স হয়েছে এবং শরীরও আগের মতো সায় দিচ্ছে না। অথচ বাবাকে ছোট করতে বা মনে কষ্ট দিতেও চাননি তিনি।

অগত্যা সাহায্যের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হলেন দাইদাই। চীনের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের স্থানীয় সংস্করণ ‘ডুইন’-এ গত সপ্তাহের শেষের দিকে একটি পোস্ট দেন তিনি। সেখানে দাইদাই লেখেন, ‘‘কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? আমার বাবার বয়স হয়েছে। আমি চিন্তিত যে তিনি একা এই শুকরগুলো সামলাতে পারবেন কি না।’’

তরুণী দাইদাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা তাদের কিংফু গ্রামে এসে এই কাজে সাহায্য করবেন, তাদের সবাইকে শুকরের মাংসের রাজকীয় ভোজ দিয়ে আপ্যায়ন করা হবে।

চীনের সিচুয়ান এবং চংকিং প্রদেশের গ্রামাঞ্চলে এ ধরনের সামাজিক ভোজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এসব আয়োজনে সাধারণত পরিবেশন করা হয় বিশেষ পদ্ধতিতে রান্না করা শুকরের মাংস (টুয়াইস-কুকড পর্ক), ভাপে সেদ্ধ পাঁজরের হাড়, স্যুপ এবং স্থানীয়ভাবে তৈরি ঐতিহ্যবাহী পানীয়।

সাহায্যের আবেদন জানিয়ে দাইদাই বলেন, আপনারা এগিয়ে এলে আমাদের গ্রামে আমি মাথা উঁচু করে চলতে পারব। সাহায্যের জন্য দাইদাইয়ের করা সেই আবেগঘন আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তার ভিডিওটিতে লাইক পড়ে ১০ লাখের বেশি। আর বাস্তবে এর প্রতিক্রিয়া ছিল কোনো এক আবেগপ্রবণ চলচ্চিত্রের গল্পের মতো। কাজটির জন্য দাইদাইয়ের যতজন লোক প্রয়োজন ছিল, তাকে ছাড়িয়ে কয়েক হাজার মানুষ ব্যক্তিগত গাড়ি নিয়ে সেখানে হাজির হন।

বিপুল সংখ্যক মানুষের ভিড়ে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং প্রদেশের ওই গ্রামীণ এলাকার রাস্তাঘাটে সৃষ্টি হয় তীব্র যানজট। ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যায়, কিংফু গ্রামে ঢোকার জন্য রাস্তার দুই পাশের ধানখেত ঘেঁষে শত শত গাড়ির দীর্ঘ সারি। যানজট এড়াতে অনেককে মাইলের পর মাইল পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

এদিকে পরিস্থিতি সামাল দিতে দাইদাই আবারও একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানান। বিশেষ করে শহর থেকে আসা চালক যারা গ্রামের রাস্তার সঙ্গে পরিচিত নন, তাদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সেখানকার পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ১০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে আসা এক ব্যক্তি। বিবিসিকে তিনি বলেন, পরিবেশটা ছিল দুর্দান্ত। আমাদের পরিবার যখন শুকর পালন করত, এটি আমাকে সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। অনেক বছর পর এমন কিছুর অভিজ্ঞতা হলো, সেখানে চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য গাড়ি ও লাইসেন্স প্লেট তার নজরে পড়েছে।

অবশেষে যখন শুকর জবাই এবং সেই গণভোজের আয়োজন শুরু হয়, তখন অনলাইনে সেটি সরাসরি উপভোগ করেছেন ১ লাখেরও বেশি দর্শক। এমনকি ভিডিওটিতে লাইক পড়েছে ২ কোটি। স্থানীয় সরকারও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে এবং একে পর্যটনের একটি বিশেষ সুযোগ (ফ্ল্যাশ ট্যুরিজম) হিসেবে গণ্য করেছে।

গ্রামের মানুষের উপস্থিতি এতটাই ছিল যে, মাত্র দুটি শুকর দিয়ে সেই বিশাল জনগোষ্ঠীর খাবারের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে স্থানীয় পর্যটন বিভাগ। তারা আরও কয়েকটি শুকর অনুদান হিসেবে দেয়। এ সময় স্থানীয় ছোট ছোট রেস্তোরাঁগুলোও উন্মুক্ত স্থানে প্যান্ডেল করে আগত দর্শনার্থীদের খাবার পরিবেশন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে একটি ছোট বিষয় কত দ্রুত বিশাল আকার ধারণ করতে পারে, এই ঘটনাটি তারই এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

চীনা সংবাদমাধ্যমকে দাইদাই বলেন, আমি ভেবেছিলাম বড়জোর এক ডজন মানুষ আসবে। কিন্তু এখন তো মানুষের সংখ্যা গণনার বাইরে চলে গেছে।

এই অভূতপূর্ব সাড়া পাওয়ার পেছনে চীনা নাগরিকদের দীর্ঘদিনের এক সুপ্ত আকাঙ্ক্ষাও কাজ করেছে। নিজ জনপদ ও সংস্কৃতির শিকড়ে ফেরার তীব্র ইচ্ছার পাশাপাশি জীবনের কঠিন সময়ে একটু ইতিবাচক অভিজ্ঞতার খোঁজেই তারা এভাবে ছুটে এসেছেন।

সবকিছু এত দ্রুত ঘটে যাবে, তা দাইদাইয়ের কল্পনাতেও ছিল না। গত শুক্রবার তিনি সাহায্যের আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন। কিন্তু শনিবারের মধ্যেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্রামজুড়ে বিশৃঙ্খলার আশঙ্কায় তিনি পুলিশের শরণাপন্ন হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শুরুতে ছোট পরিসরের পরিকল্পনা থাকলেও সেই ভোজ উৎসব শেষ পর্যন্ত বিশাল উৎসবে রূপ নেয় এবং টানা দুই দিন ধরে চলে। গত ১১ জানুয়ারি যেখানে ১ হাজার মানুষ খেয়েছিলেন, পরদিন সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজারে। রাতভর আগুনের কুণ্ডলী জ্বালিয়ে চলে গান-বাজনা আর আনন্দ-উল্লাস।

অবশেষে এক বার্তায় দাইদাই জানান যে, উৎসবের সমাপ্তি ঘটেছে। দর্শনার্থীদের ওই অঞ্চলে ঘুরে দেখার আমন্ত্রণ জানালেও এখন আর তার বাড়িতে ভিড় না করার অনুরোধ করেন তিনি। গত দুই দিনে মাত্র চার ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছেন জানিয়ে দাইদাই বলেন, তিনি এখন ভীষণ ক্লান্ত।

ক্লান্তি থাকলেও এই ঘটনাটি দাইদাই ও তার গ্রামবাসীর জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

তার ডাকে সাড়া দিয়ে আসা অপরিচিত সেই মানুষগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনাদের এই উৎসাহ আর উদ্দীপনা না থাকলে এমন মহোৎসব কখনোই সম্ভব হতো না।

দাইদাই বলেন, যারা এসেছেন, তাদের সবার কাছে মনে হয়েছে এটি একটি বড় পরিবার। এটি ছিল অত্যন্ত উষ্ণ, প্রশান্তিদায়ক এবং অর্থবহ এক অনুভূতি।

বিশাল এই আয়োজনের অনুমোদন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য তিনি সরকারি কর্মকর্তা ও পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন।

ইতোমধ্যেই ধারণা করা হচ্ছে, দাইদাইয়ের গ্রামের অবস্থান যেখানে হেচুয়ান অঞ্চলে, সেখানে এখন থেকে নিয়মিত এমন উৎসবের আয়োজন করা হতে পারে। বর্তমান বিশ্বে যেখানে মানুষ নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন ও একাকী বোধ করে, সেখানে তৃণমূল পর্যায়ের এমন আন্তরিক মেলবন্ধনের সুযোগ কাজে লাগাতে চায় স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলিতে স্থানীয় এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এখানে প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করেন। আজ হয়তো আমি আপনার বাড়িতে গিয়ে শুকর জবাইয়ে সাহায্য করছি, কাল আবার আপনি আমার বাড়িতে এসে একই কাজ করবেন।

এদিকে নিজের বাবার প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে দাইদাই বলেন, আমার বাবা খুব খুশি। এত মানুষ আসতে দেখে তিনি অন্য গ্রামবাসীদের কাছ থেকে টেবিল আর চেয়ার ধার করে এনেছেন। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আগে কখনো যাইনি।

সূত্র : বিবিসি।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

রান্নাঘরে বৈদ্যুতিক গোলোযোগ বা গ্যাস লিকেজ থেকে আগুন,পুলিশের ধারণা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা ভবনে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। ভবনটির দোতলার রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি  অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত যতটুক তথ্য তদন্তে পেয়েছি যে ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত হয়েছে। সেটি ওই রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে নয়তো গ্যাস লিকেজ থেকে হতে পারে। তবে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে এখন পর্যন্ত। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও মারা গেছেন, তবে তার নামসহ আরও আরেকজন নিহতের নাম জানা যায়নি।

রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ রয়েছে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, উত্তরায় অন্য আরেকটি হাসপাতালে দুজনের মরদেহ আর সর্বশেষ যে মৃত্যুর সংবাদ পাই সেই মরদহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। এই ঘটনায় সর্বমোট কতজন আহত হয়েছেন তা জানতে আমাদের বিভিন্ন টিম কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

আলোকিত প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি  শুক্রবার সকাল ৯টায় গুলশান নিজ বাসা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান।বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির।

ভার্চুয়াল বৈঠকের বিষয়টি বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব নিশ্চিত করেছেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

 

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতা মানসিক ভারসাম্যহীন, তার উন্নত চিকিৎসার প্রয়োজন

মো: মহিদ:
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা মানসিক ভারসাম্যহীন। তিনি নারী এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। তিনি বলেন, ‘আতাউর রহমান আতা রাজনীতিতে পথভ্রষ্ট একজন ব্যক্তি। তার ব্যক্তিগত চরিত্রও প্রশ্নবিদ্ধ। তিনি যেসব ভিত্তিহীন ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন, তা সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিপন্থী।’ তিনি আরও বলেন, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতা অভিযোগ করেন যে, শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন ও বাস মালিক সমিতির সভাপতি শিহাব সুমন অজ্ঞাত লোকজন নিয়ে তার বাড়ির সামনে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পরিকল্পিতভাবে আমার এবং শিহাব সুমনের সম্মান ক্ষুণ্ন করতেই তিনি এ ধরনের অপপ্রচার করেছেন। তিনি বলেনন, ‘আতাউর রহমান আতা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রাজনীতিতেও তিনি বিভ্রান্ত পথে হাঁটছেন। তার ভিত্তিহীন ও উদ্ভট বক্তব্য সমাজ ও রাজনীতির জন্য ক্ষতিকর। অবিলম্বে তার অনুমানভিত্তিক, মিথ্যা ও উদ্দেশ্যমূলক বক্তব্য বন্ধের জোর দাবি করছি। প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। কারণ যেকোনো সময় ষড়যন্ত্র করে তাদের ফাঁসানোর চেষ্টা করতে পারেন। সংবাদ সম্মেলনে জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি সিহাব সুমন বলেন, আতাউর রহমান আতার আপন ভাতিজি-জামাতা জাহাঙ্গীর আলম জিকু বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রোমান, জেলা শ্রমিক দলের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিক মাহবুব কাউসার, জেলা যুবদল নেতা আতিকুর রহমান ফরিদ, জেলা শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এর আগে, বুধবার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন ও বাস মালিক সমিতির সভাপতি সিহাব সুমন অজ্ঞাত লোকজন নিয়ে তার বাড়ির সামনে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২০২৬/মওম