আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 171

ইরানিদের ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির,কিন্তু এবার সাড়া মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন শেষ শাহ শাসকের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তবে তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ।

যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি।

গত মাসের শেষ দিকে ইরানে যখন এ বিক্ষোভ শুরু হয় এবং গত ৭ ও ৮ জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয়।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।

তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকেই চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক।

এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে।

রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে ভালো ভাবে সফল হয়েছে খামেনির সরকার।

আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০২৬/মওম

নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ  ১৮ জানুয়ারি রবিবার শেষ হচ্ছে। গত ১০ জানুয়ারি শনিবার থেকে নির্বাচন কমিশন (ইসি) এসব আপিলের শুনানি শুরু করে। শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সাংবিধানিক এই সংস্থাটি।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শেষ দিনের আপিল শুনানি নেবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেবেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি হবে। পাশাপাশি অপেক্ষমাণ থাকা আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ চারজন)। গত শনিবার থেকে টানা আট দিনের আপিল শুনানিতে ৩৯৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন।

তবে পাবনা-১ এবং পাবনা-২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ওই দুই আসনে আগেই বৈধ হওয়া ১১ জন প্রার্থী এই তালিকা থেকে বাদ পড়বেন। এ দুই আসনের জন্য ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নতুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

নতুন সময়সূচি অনুযায়ী, পাবনা-১ এবং পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। তবে এই দুই আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। এর আগে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।

সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির শেষ দিন আজ ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০২৬/মওম

  নির্বাচন কমিশন কার্যালয় ঘে*রাও কর্মসূচি পালন করতে বসে পড়লো ছাত্রদল

আলোকিত প্রতিবেদক:

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠির প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বসে পড়েছে ছাত্রদল।
১৮ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে তারা সেখানে বসে পড়েন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তার আগে বেলা ১১টার আগে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ভবনের সামনের আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে গতকাল সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচন কমিশন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে। ব্যালট পেপার ইস্যু রয়েছে। এছাড়াও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তি ইতোমধ্যে দেখা গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বেশ জোরপূর্বকভাবে বেশ কিছু সিদ্ধান্ত তারা পরিবর্তন করেছে।

তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তারা সরাসরি এখানে এসে সিইসি হোক কিংবা যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদের সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাত করে। তাদের অবাধ বিচরণ রয়েছে সচিবালয়, সেখানে তাদের কোনো কাজ নেই। সচিবালয় বলেন, এই নির্বাচন কমিশন বলেন, সব জায়গায় গিয়ে তারা প্রভাব  বিস্তার করছে।

তিনি আরও জানান, আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০২৬/মওম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করলেন তাহমিনা জামান শ্রাবণী

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।শনিবার (১৭ জানুয়ারি) নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তাঁর প্রার্থীতার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন। এবারের নির্বাচনে শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন।
নেত্রকোনা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

ইসি ভবনে প্রার্থীদের হট্টগোল, পরিস্থিতি সামাল দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আলোকিত ডেস্ক:

নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল এবং উত্তেজনার ঘটনা ঘটেছে।

১৭ জানুয়ারি শনিবার দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি চলাকালীন বিরতির সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, শনিবার মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে দায়ের করা আপিলের শুনানি চলছিল। শুনানির এক পর্যায়ে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের কাছে দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ব্যাখ্যা চায় কমিশন। দীর্ঘ সময় ব্যাখ্যা গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন কমিশন দুপুরের খাবারের জন্য আধাঘণ্টার বিরতি দিয়ে কক্ষ ত্যাগ করেন। কমিশন কক্ষ ত্যাগের পরপরই মঞ্চের সামনে আপিলের পক্ষে এবং বিপক্ষের আইনজীবীরা জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। ঠিক সেই সময় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়নপত্র বাতিল হওয়া ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

অন্যদিকে, আব্দুল আউয়াল মিন্টুর ক্ষোভ প্রকাশের সময় সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি মিন্টুর আচরণের তীব্র প্রতিবাদ জানান। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে আইনজীবীরা মিন্টুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে বিশৃঙ্খলা থামান।

বিরতি শেষে শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি সাধারণ নাগরিকদের ‘ব্লাডি সিটিজেন’ বলে সম্বোধন করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার প্রেক্ষিতে ‘রুলিং’ দাবি করেন। এছাড়া, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধেও এক আইনজীবী তার মক্কেলকে মারধরের অভিযোগ তোলেন।

উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না। তিনি সংক্ষুব্ধ পক্ষকে এই বিষয়ে ‘নির্বাচনি তদন্ত কমিটি’র কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

কড়িতলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী

মাইনুল হাসান মজনু:

বগুড়ার সারিয়াকান্দিতে কড়িতলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বন্ধুত্ব,ঐক্য,সম্প্রিতি,নিতি,শান্তি,প্রগতি, বন্ধন ও স্মৃতির টানে ফিরে দেখা।এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো- কড়িতলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি -১৯৯২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।

১৭ জানুয়ারী রোজ শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১০৯২ ব্যাচের আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী ও পিকনিক ২০২৬ অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে সকাল থেকে শুরু বিকেলে শেষ করা হয়। উক্ত অনুষ্ঠানে কড়িতলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল হক জামাদার সাহেবকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোখলেছুর রহমান হিল্টু।

পুনর্নমিলনী অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজনে ছিলেন, কড়িতলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী ইন্জিনিয়ার মো: মাসুদুর রহমান মাসুদ, ইন্জিনিয়ার সিরাজুল হক, মোখলেছুর রহমান হিল্টু, রত্না বেগম, ইন্দিরা বেগম, নজরুল ইসলাম নয়ন, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তার দেশ ও জনগণ নিয়ে অশালীন মন্তব্য

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আমিন কাদের খাঁনের দেশ ও দেশের জনগণকে নিয়ে অশালীন এবং অবমাননাকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে একটি কক্ষে টেবিলের ওপর পা তুলে বসে কয়েকজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতার সময় তিনি দেশ ও দেশের জনগণকে নিয়ে অশ্রাব্য ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তি এবং সাংবাদিকদের নিয়েও অরুচিকর বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।

ভিডিওতে আরও দেখা যায়, সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং রাগান্বিত ভাষায় কথা বলেন। একপর্যায়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে মন্তব্য করেন বলেও অভিযোগ রয়েছে। এতে উপস্থিত সাংবাদিকরা অপমানিত ও বিব্রতবোধ করেন। পরিস্থিতি অনভিপ্রেত হয়ে উঠলে সাংবাদিকরা কক্ষ ত্যাগ করেন।

এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যদি থানার ভেতরে সাংবাদিক এবং সাধারণ জনগণের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়া নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, তার চাকরিজীবনে পদোন্নতি আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। মুরাদনগর থানায় যোগদানের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বক্তব্যের একপর্যায়ে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন বলেও ভিডিওতে প্রতীয়মান হয়।

এবিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. হাসান জামিল বলেন, বক্তব্যটি স্লিপ অফ টার্ন হয়েছে। যেহেতু ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্হা নেওয়া হতে পারে। সেহেতু এ বিষয়টি আর না বাড়ানোই ভালো।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

নবীনগরে বাস-মোটরসাইকেল সং*ঘ*র্ষে ১ যুবক নি*হত

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ১৬ জানুয়ারি শুক্রবার রাত ১০.৩০ দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভার অন্তর্গত দোলাবাড়ি গ্রামের নিকট বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রান্তিক বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী শামীম ওসমান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। মোটর সাইকেলের অপর আরোহী মাছুদ (২৪) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের বাবার নাম খোকন মিয়া, তার বাড়ি ও পালপাড়া। নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এবং আহত খোকনকে নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান- “শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পট ডেড ঘোষণা করা হয়”। খোকন বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

গু*ম-খু*নের শিকার পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

১৭ জানুয়ারি শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক।

এতে আরও  আছেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাত, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম

সৌদিতে স্বর্ণের চারটি বিশাল খনি আবিষ্কার, মজুদ ২ লাখ কেজির বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স বা ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যেই এই অনুসন্ধান চালানো হয়েছে। পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে।

মাদেন জানায়, তাদের প্রধান প্রকল্প মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও—এই চার এলাকায় নতুন করে এই মজুদের সন্ধান মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স। এ ছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ পাওয়া গেছে।

মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানোর এবং বৈশ্বিক খনি শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান মজবুত করার দীর্ঘমেয়াদি কৌশলেরই প্রতিফলন। তিনি আরও বলেন, “এই ফলাফল প্রমাণ করে যে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে সফলভাবে কাজ করছে। আমরা সৌদি আরবের স্বর্ণ ভাণ্ডারে বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রেখেছি।”

উইল্ট আরও বলেন, নতুন করে এই বিপুল পরিমাণ স্বর্ণের মজুদের সন্ধান পাওয়া কোম্পানির সক্ষমতা ও ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, “চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণের মজুদ খুঁজে পাওয়া মাদেনের স্বর্ণ পোর্টফোলিও’র বিশালতা এবং এর ক্রমবর্ধমান সম্ভাবনার প্রমাণ দেয়। অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা নিয়মিত সুফল পাচ্ছি। আমাদের সম্পদের পরিমাণ বাড়ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বা আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে।”

২০২৬ সালের অনুসন্ধান কর্মসূচিতে কোম্পানিটি মধ্য সৌদি আরবের স্বর্ণসমৃদ্ধ অঞ্চলগুলোর ওপর বিশেষ জোর দিয়েছে। সেখানে উন্নত ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে নতুন খনিজ অঞ্চলের সন্ধান মিলেছে, যা বিদ্যমান খনিগুলোর পরিধি আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে।

মাদেনের সিইও বব উইল্ট বলেন, এই ফলাফল কোম্পানির ব্যবসা বহুমুখীকরণের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, “এই ফলাফল আমাদের সামগ্রিক সক্ষমতারই প্রমাণ। তামা ও নিকেলের প্রাথমিক অনুসন্ধানে আমরা একই ধরনের ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি, যা আমরা শুরুতে স্বর্ণের ক্ষেত্রে দেখেছিলাম। এটি স্পষ্ট যে ‘অ্যারাবিয়ান শিল্ড’ অঞ্চলে বড় আকারের খনিজ সম্পদ উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “শায়বান এবং জাবাল আল ওয়াকিল এলাকায় আমরা যা দেখছি, তা পুরো সৌদি আরবজুড়ে বিশাল সুযোগের ইঙ্গিত দিচ্ছে। এটি আমাদের ক্রমবর্ধমান স্বর্ণ ব্যবসার পাশাপাশি তামা ও নিকেলের মতো বিভিন্ন খনিজ সম্পদের একটি শক্তিশালী পোর্টফোলিও গড়ে তোলার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে।”

মাদেনের সবচেয়ে বড় প্রকল্প ‘মানসুরা মাসারাহ’-তে বর্তমানে ১১ কোটি ৬০ লাখ টন আকরিক মজুদের ধারণা করা হচ্ছে। সেখানে প্রতি টন আকরিক থেকে ২.৮ গ্রাম হারে মোট ১ কোটি ৪ লাখ আউন্স স্বর্ণ পাওয়া যেতে পারে। সর্বশেষ ড্রিলিংয়ের মাধ্যমে এই প্রকল্পে গত বছরের তুলনায় নিট ৩০ লাখ আউন্স স্বর্ণের মজুদ বেড়েছে, যদিও মোট নতুন মজুদ যুক্ত হয়েছিল ৪২ লাখ আউন্স।

কোম্পানিটি জানিয়েছে, মানসুরা এবং মাসারাহ—উভয় খনির গভীর স্তরে আরও খনিজ আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে নতুন আবিষ্কারের পথ প্রশস্ত করবে। ২০২৬ সালজুড়ে সেখানে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। খনিটির ভূ-কাঠামো নিয়ে গবেষণায় নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে হালনাগাদ করা হবে বলে জানিয়েছে মাদেন।

সূত্র : গালফ নিউজ।

আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০২৬/মওম