আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 169

রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি,২০লক্ষাধিক টাকার মালামাল লুট

রিপন পাল:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা, ইছাখালী ও কায়েতপাড়া এলাকার তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত ১৯জানুয়ারি সোমবার রাত দেড়টা থেকে ৩টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ২০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় দুইজন আহত হয়।
পুলিশ জানায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের ব্যবসায়ী আব্দুল বাতেনের বাড়িতে গত সোমবার রাত দেড়টায় ৭/৮সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোনের পাঁচটি সেটসহ ৭লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে আব্দুল বাতেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অতপর কায়েতপাড়া গ্রামের ব্যবসায়ী হরিদাস সরকারের বাড়িতে গত সোমবার রাত আড়াইটায় মুখোশ পরিহিত ১০/১২সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে গৃহকর্তা হরিদাস সরকারের হাত বেঁধে ও বাড়ির শিশু ও নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ও নগদ টাকাসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা হরিদাস সরকার(৪০) ও ভাতিজা পিজুস সরকার(২২) আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হরিদাস সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের বরুনা সূতিরপাড় গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে গত সোমবার রাত ৩টায় মুখোশ পরিহিত ৮/৯সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে একই কায়দায় লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সাবজেল হোসেন বলেন, ডাকাতির ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

জামায়াত নেতাকে জোটের প্রার্থী না করায় মানববন্ধন ও বিক্ষোভ

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁর কর্মী সমর্থকরা।

২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রেণি পেশার কর্মী সমর্থকরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা এনামুল হক নেত্রকোনা-২ আসনে ব্যাপক জনসমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। তাঁকে বাদ দিয়ে ১০ দলীয় জোট থেকে এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠানকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে কার্যত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি। জনভিত্তি ও সাংগঠনিক সক্ষমতার দিক থেকে মাওলানা এনামুল হকের কোনো কার্যকর বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী সমর্থক লুৎফুর রহমান বলেন, “মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাঁর জনপ্রিয়তাই প্রমাণ করে তিনি এই আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।”

আরেক সমর্থক এমি আক্তার বলেন, জনমত উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে ভোটারদের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হবে।

মানববন্ধন শেষে মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে সমর্থকরা স্লোগান দেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করে রাস্তা অবরোধ করে রাখেন পরে জেলা জায়ামতের নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ কর্মসূচি বাতিল করেন।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আয়োজনে বাংলাদেশে আর্সেনিক জনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২০ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত ‘Mechanistic Human Studies on the Effects of Arsenic on Cardiometabolic Diseases in Banglades’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, জাপানের শোয়া মেডিকেল ইউনিভার্সিটি স্কুল অব ফার্মেসির ভিজিটিং প্রফেসর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Environmental Toxicology and Human Health Scientist Professor Dr. SeiichiroHimeno. তিনি আর্সেনিকের Long Term Exposure-এর ফলে মানবদেহে সৃষ্ট আণবিক ও যান্ত্রিক পরিবর্তন, হৃদরোগ, বিপাকীয় অসংগতি ও এন্ডোথেলিয়াল ক্ষতির বৈজ্ঞানিক দিক সমূহ তুলে ধরেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসেন প্রমুখ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

মোঃ আনোয়ার হোসেন:

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ক্যাটাগরিতে এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
গত ১৩/১/২০২৬ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেনের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটের এ সম্মান জনক অর্জনের বিষয়টি নিশ্চিত হয়।
উল্লেখ্য ১৯৭৩ সালে গঠিত এ স্কাউট ইউনিটের বর্তমান সভাপতি হিসেবে নেতৃত্ব প্রদান করছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম, ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন- সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ।
সিনিয়র পেট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করছে শাহরিয়ার শুদ্ধ। শাহরিয়ার শুদ্ধ এবারসহ (২০২৬ সাল) উপজেলায় টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। স্কাউটের শৃঙ্খলা, দলীয় অভিজ্ঞতা, স্কাউট দল ভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং স্কাউট দলের শিক্ষার্থীদের উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে ২০২৬ সালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটকে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচন করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা এবং বিশ্বের অন্যান্য জায়গায় হওয়া দ্বন্দ্ব নিরসনে তৈরি বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০ জানুয়ারি মঙ্গলবার নিজেই এটির সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া। এরমধ্যেই পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বোর্ড অব পিস প্রথমে গাজার দ্বন্দ্ব নিরসনে কাজ করবে। এরপর এটি বিশ্বের অন্যান্য দ্বন্দ্বেও যুক্ত হবে।বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ থাকবে তিন বছর। কিন্তু কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করে তাহলে ওই দেশ স্থায়ী সদস্যপদ পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের কার্যক্রমের ক্ষতি করতে পারে। বর্তমানে বিশ্বের দ্বন্দ্ব নিরসনে কাজ করে থাকে জাতিসংঘ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার

আলোকিত প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ তাগিদ দেন ড. ইউনূস।

প্রেস সচিব বলেন, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দুটিকে একত্রিত করার মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়।

শফিকুল আলম বলেন, পরিবেশগত, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নতুন চারটি থানা অনুমোদন করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হলেন দেবেন্দ্র কলেজের জাফর ইকবাল

প্রতিনিধি,মানিকগঞ্জ: 

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি প্লাটুন প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) জাফর ইকবাল। গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পায় এই বিষয়টি। তিনি দৌলতপুর উপজেলার তেরশ্রী ইউনিয়নের বহড়া গ্রামের কৃতি সন্তান। জানা গেছে, তার এলাকাসহ কর্মস্থলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও তিনি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে বিপুল ভোটে যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে বিএনসিসি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে জানায় একাধিক শিক্ষার্থী। তাদের একজন বিএনসিসি প্লাটুনের ক্যাডেট বিউটি আক্তার বাবলি বলেন, বিএনসিসিতে আসার পর স্যারের কাছ থেকে যা শিখেছি তা এখন চলার পথে অনেক কাজে লাগছে। যতবার ভুল হয়েছে ততবারই স্যার আমাদের সকলকে শিখিয়েছেন কিভাবে সফলতা আসে। এবং স্যারের এই প্রাপ্তিতে আমরা খুবই আনন্দিত। জাফর ইকবাল বলেন, জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হয়ে ভালো লাগছে। এটা একটা স্বীকৃতি, বিশেষত ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি। বিএনসিসি জাতীয় যেকোনো দুর্যোগে সেবা দানে সদা তৎপর থাকে, থাকে সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্যও তৎপর। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সেবার মনোভাব তৈরিতে বিএনসিসি ভূমিকা রাখে। এটি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে প্রভূত ভূমিকা রাখে। এ ব্যাপারে তার কলেজের অধ্যক্ষ এবং সহকর্মীসহ স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

গণভোট ঘিরে গাজীপুরে জনসচেতনতামূলক প্রচারণা

জাহিদুর রহমান বকুল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের মাসব্যাপী প্রচারণা কার্যক্রমে চলছে। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন, মাইকিং, সঙ্গীত পরিবেশন ও ভ্রাম্যমাণ অডিও-ভিজুয়াল ইউনিটের মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হচ্ছে।
এর অংশ হিসেবে সোমবার মহানগরের কাশিমপুর এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে মাইকিং এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অন্য একটি ট্রাকে স্থাপিত ভ্রাম্যমাণ অডিও-ভিজুয়াল ইউনিটে গণভোট ও ভোটাধিকার সংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। নগরজুড়ে ইতোমধ্যে রঙিন লিফলেট মুদ্রণ ও বিতরণ, গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড ও একটি ইলেকট্রনিক বিলবোর্ড স্থাপন, প্রধান কার্যালয় নগর ভবন, আঞ্চলিক কার্যালয় ও ওয়ার্ড পর্যায়ে ড্রপ ডাউন ব্যানার স্থাপনসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই গণভোটের স্লোগান সংবলিত টি-শার্ট বিতরণের উদ্যোগও নেওয়া হবে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সিদ্ধান্তের প্রক্রিয়া, যার মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে তা নির্ধারিত হবে। তিনি বলেন, নির্বাচনে ও গণভোটে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতেই এই মাসব্যাপী প্রচারণা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচার এড়িয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং এই প্রক্রিয়ায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ সোহেল হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রচারণা কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি জানান, নগরীর প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ নিশ্চিত করা হয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিলবোর্ড স্থাপন করা হয়েছে এবং মাসব্যাপী মাইকিং ও ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিটি ভোটারের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহ সৃষ্টি করা।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, আমিন আল পারভেজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করছে। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্ব পালন করলে এই কর্মসূচি আরও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ভ্রাম্যমাণ ও সাংস্কৃতিক প্রচারণা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
উল্লেখ্য, গণভোট উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও অবহিতকরণ সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একই সঙ্গে নগরজুড়ে পোস্টার ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০২৬/মওম

নোয়াখালীতে অবৈধ ইটভাটা, হুমকিতে শতাধিক পরিবার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মনেন্দ্রবাবু গ্রামের কোল ঘেঁসে গড়ে ওঠেছে পপুলার ব্রিকস লিমিটেড নামের ড্রাম চিমনি বিশিষ্ট অবৈধ ইটভাটা। সরেজমিনে দেখা যায়,কাঁচা ইট প্রস্তুত করছে অর্ধশতাধিক মানুষ। ভাটায় জ্বলছে আগুন।জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ। জানা যায়,গত বছর নভেম্বরে সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আজিজ উল্যা দলীয় প্রভাব বিস্তার করে অবৈধ ইটভাটাটি স্হাপন করেন।
শতাব্দী প্রাচীন মনেন্দ্র বাবুর গ্রামে রয়েছে শতাধিক সংখ্যালুঘু হিন্দু পরিবারের বসবাস।স্হানীয়রা দাবি করেন, ইটভাটা স্হাপনের পর থেকে শান্ত নিরিবিলি গ্রামটি এখন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্হানীয় মানুষেরা অভিযোগ করে বলেন,আমাদের গ্রামে প্রায় ৫০০ শতাধিক মানুষ বসবাস করেন।এই গ্রামের নারীরা পূর্ব থেকে হাতের বিভিন্ন কাজ করতেন। কিন্তু এখন আর নিরাপত্তার অভাবে করছেন না।কারণ এখানে দিনরাত বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত বেড়েছে।রয়েছে ইটভাটার শতাধিক শ্রমিক।
এছাড়াও চলাচল করছে ভারী যানবাহন।রাস্তা ভেঙে ধুলোবালিতে অতিষ্ঠ গ্রামবাসী ভয়ে প্রতিবাদও করতে পারছেন না।
মুঠোফোনে যোগাযোগে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান,চরজব্বার ইউনিয়নে নতুন করে অবৈধ ইটভাটা তৈরি হওয়ার সংবাদ আমার জানা নেই। খোঁজ নিয়ে এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে।অপর এক প্রশ্নে বলেন,আবাসিক এলাকায় অথবা গ্রামের কোল ঘেঁসে কোন অবস্হাতে ইটভাট স্হাপনের সুযোগ নেই।গ্রামের পাশে অবৈধ ইটভাটা স্হাপন প্রসঙ্গে জানতে যুবদল নেতা আজিজ উল্যার সাথে মুঠোফোনে যোগাযোগে নিজেকে যুবদলের সুবর্ণচর উপজেলার যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে বলেন, এখানে একটি জিগজাগ পদ্ধতির ইটভাটা স্হাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিবেশ অধিদপ্তর নোয়াখালীতে আবেদন করা হয়েছে। এছাড়াও ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স নেয়া হয়েছে।গ্রামের কোল ঘেঁসে ইটভাটা স্হাপন প্রসঙ্গ উত্থাপন করাতে ক্ষিপ্ত হয়ে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের নাম ভাঙিয়ে প্রতিবেদককে দেখা করতে বলে জানান, অনুমতি না মিললে সরকার ভেঙে দিলে দিবে।
পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলার উপপরিচালক শওকত আরা কলি বলেন,উক্ত ইটভাটার স্হাপনের বিষয়টি জানতে পেরেছি। অচিরেই ওই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে গুড়িয়ে দেয়া হবে।তিনি আরো বলেন,
পপুলার নামের কোনো ইটভাটার আবেদনের প্রশ্নই ওঠে না।ছাড়পত্র তো বহুদূরের বিষয়।

আলোকিত প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০২৬/মওম

 

দৃষ্টিনন্দন নকশায় তৈরি বাহারি ফার্নিচার,ফ্রি হোম ডেলিভারিতে খুশি ক্রেতারা

রিপন পাল:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন রং আর নকশায় তৈরি বাহারি ফার্নিচারের ফ্রি হোম ডেলিভারিতে ক্রেতারা খুশি। প্যাভিলিয়নগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। তারা ফার্নিচার দেখার পাশাপাশি মূল্য ছাড়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আবার কেউবা নিজ নিজ এলাকার শোরুমের ঠিকানা নিয়ে যাচ্ছেন। আবার কেউ পছন্দের ফার্নিচারের অর্ডার দিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এবার মেলায় নাদিয়া ফার্নিচার, জেমজি ফার্নিচার, হাতিল ফার্নিচার, হাতিম ফার্নিচার, আক্তার ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, রিগ্যাল ফার্নিচারসহ বেশ কিছু ফার্নিচারের প্যাভিলিয়ন রয়েছে।
ফার্নিচারের খাটের চারপাশ জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন নকশা। তাতে দর্শনার্থীরর আকৃষ্ট হচ্ছে। মেলায় দর্শনার্থীরা ঘুরেফিরে পছন্দের ফার্নিচার দেখছেন। কেউবা ছবি তুলছেন। কেউ দাম দরা-দরি করছেন। কেউবা অর্ডারের আশায় নিজ এলাকার শো-রুমের ঠিকানা নিয়ে যাচ্ছেন।
ঢাকার বনশ্রী থেকে স্বপরিবারে আসা স্কুল শিক্ষিকা আমেনা খাতুন রতœা বলেন, বাণিজ্য মেলায় ফার্নিচারের আকর্ষণীয় ছাড় পেয়ে তিনি একটি খাট ক্রয় করেছেন। ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়েছেন।
শরিয়তপুর জেলার জাজিরা থেকে আসা শাহ মোঃ নাজমুল হাসান বলেন, বাণিজ্য মেলায় মূল্য ছাড় ও ফ্রি হোম ডেলিভারী সার্ভিসের সুযোগ পেয়ে তিনি ফার্নিচার অর্ডার করেছেন।
ঢাকার উত্তরা থেকে মেয়েকে নিয়ে মেলায় আসেন গৃহবধূ মমতাজ বেগম। তিনি বলেন, প্রত্যেক বছর মেলা থেকে তিনি ফার্নিচারসহ গৃহস্থালি পণ্য ক্রয় করেন। বাণিজ্য মেলার পণ্য গুণগত মান ভালো থাকে এবং মজবুুত ও টেকসই হয়। তাই এবার ডাইনিং টেবিলের অর্ডার দিয়েছেন। ফ্রি হোম ডেলিভারী সার্ভিস পেয়েছেন।
নাদিয়া ফার্নিচারের সিনিয়র কার্যনির্বাহী মেহেদী হাসান বলেন, গতবারের তুলনায় এবার মেলার আয়োজন ভালো। ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা বেশি। পণ্য বিক্রিও হচ্ছে প্রচুর। তিনি বলেন, ঢাকা থেকে মেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে ক্রেতা-দর্শনার্থীদের আগমন বাড়ছে। মেলার শেষ ১০দিন দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাতিল ফার্নিচারের বিক্রয় প্রতিনিধি শাহিনুল ইসলাম শাহিন বলেন, মেলা জমে উঠলেও ফার্নিচার বেচাকেনা হচ্ছে তুলনামূলক কম। তবে মেলার শেষের দিকে প্রচুর পরিমাণে বিক্রি হতে পরে।
ব্রাদার্স ফার্নিচারের কার্যনির্বাহী নুপুর ইসলাম বলেন, ফার্নিচারের প্যাভিলিয়নগুলোতে খাট, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলমিরা, ওয়্যারড্রব, কর্নার শোকেজ, রকিং চেয়ার, টেবিল, টেবিল ল্যাম্প বিক্রি হচ্ছে। এছাড়া সোফা ও খাটের ফোম এবং ম্যাট্রেজের চাহিদাও বেশ।
হাতিম ফার্নিচারের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, ফার্নিচারের মধ্যে খাট ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা, সোফা ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আক্তার ফার্নিচারের বিক্রয় প্রতিনিধি দুলাল রায় বলেন, সোফা ও খাটের চাহিদা বেশি। অর্ডার নেওয়া ফার্নিচার কেউ কেউ শোরুম থেকে সংগ্রহ করছেন। এবারের মেলা ব্যবসা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিগ্যাল ফার্নিচারের বিক্রয় প্রতিনিধি আবু হুমায়রা বলেন, ফার্নিচারের প্যাভিলিয়নগুলো প্রয়োজনের তুলনায় স্পেস কম। এত কম জায়গায় সব ফার্নিচার দেখানো যায় না।
জেএমজি ফার্নিচারের কার্যনির্বাহী মিন্টু মিয়া বলেন, প্যাভিলিয়নের স্পেস ছোট হওয়ায় হাতে গোনা কয়েক রকমের ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। তাই ক্রেতাদের ভার্চুয়ালি ফার্নিচার দেখানো হচ্ছে। ক্রেতারা অর্ডার করছেন।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফার্নিচারের প্যাভিলিয়নগুলোতে দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ফার্নিচারে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসে ক্রেতারা খুশি।
ফার্নিচার প্যাভিলিয়নের মালিকরা বলছেন, তাদের তৈরি পণ্য দেশের মানুষের কাছে তুলে ধরতে এবং আর্থিক লাভের আশায় মেলায় স্টল দিয়েছেন। লাভ কমবেশি যা-ই হোক প্রচার-প্রচারণাই তাদের মূল লক্ষ্য। এই দিক থেকে বাণিজ্য মেলা সার্থক হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০২৬/মওম