আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 168

কক্সবাজারে দুইদিনব‍্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আবু সায়েম:

কক্সবাজারে দুইদিনব‍্যাপী শুরু হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ২১ জানুয়ারি বুধবার সকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: সরকার, প্রশাসন ও শিকারী সাংবাদিকতা’ বিষয়ে আলোকপাত করেন।
ফারুক ওয়াসিফ বলেন, ‘ শিকারী ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে। এখন আবারও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরির অপচেষ্টা শুরু হয়েছে। যা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’
তিনি অভিযোগ করে বলেন,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যেদিন এ সিদ্ধান্ত পাশ হয়েছে সেদিনই বোঝা গেছে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না।
তত্ত্বাবধায়ক সরকার নেই মানে নিরপেক্ষ নির্বাচন হবে না এটা একদম পরিষ্কার। তার মানে, ইলেকশন যেহেতু হবে না তাহলে রাজনৈতিক দলগুলো দমন ও ধ্বংস করা হবে।

ফারুক ওয়াসিফ আরো বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং সত্যিকার জনমতের প্রতিফলন ঘটবে। তা না হলে আমরা আবারো ফ্যাসিবাদের কবলে পড়বো।শুধু সরকার গঠন করলে হবে না, সরকার যেনো ফ্যাসিবাদী না হয়ে ওঠে তার জন্য এবারের গণভোট গুরুত্বপূর্ণ।
গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে নির্বাচনী আইন, সাংবাদিকদের জন্য নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে সেশন পরিচালনা করেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও ইআরএফ এর সাবেক সভাপতি শারমিন রিনভি। এছাড়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে পৃথক দুই ভেন্যুতে কর্মশালার আয়োজন করে পিআইবি।এতে জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

ভারতে পুকুরে ভেঙে পড়লো বিমানবাহিনীর প্লেন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে এবার পুকুরে ভেঙে পড়লো বিমানবাহিনীর প্লেন। ২১ জানুয়ারি বুধবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি পুকুরে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ প্লেনটি।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্লেনে থাকা দুই পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং পরে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং মাটিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং কিছু অংশে আগুন জ্বলছিল। অন্য একটি ভিডিওতে পাইলটদের বের হয়ে আসার দৃশ্যও ধরা পড়েছে।

ভারতে পাইলট প্রশিক্ষণ ও প্লেন পরিচালনার সঙ্গে যুক্ত ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে এই দুর্ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

গত নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শুরু বৃহস্পতিবার

আলোকিত প্রতিবেদক:

সিলেট থেকে ২২ জানুয়ারি বৃহস্পতিবার  নির্বাচনি সমাবেশ শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকালে স্থানীয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন তিনি।

২১ জানুয়ারি বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, আজ রাত সোয়া ৮টায় বিমানে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

২২ জানুয়ারি সকালে স্থানীয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এদিন দুপুরে তিনি মৌলভীবাজার সদরের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন।

যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশ করবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনি সমাবেশ করবেন এবং বিকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগদান করবেন।

তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে এবং রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে ঢাকায় ফিরবেন।

মাহদী আমিন জানান, এরইমধ্যে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

 

 

টাঙ্গাইলে ডিবির অ*ভিযানে ৩ হাজার পিস ই*য়াবাসহ বিক্রেতা গ্রে*প্তার

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ বিক্রেতা মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)। ২১ জানুয়ারি বুধবার  টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে বুধবার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একটি দল গোপণে সংবাদ পেয়ে সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিম পাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়।
অভিযানে দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে(৪১) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আব্দুল আলীমকে জব্দ করা মাদকদ্রব্য সহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

ইরানে হামলার চিন্তা বাদ দেননি ট্রাম্প, আসছে রণতরী এবং যুদ্ধবিমান: ওয়ালস্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলার চিন্তা এখনো বাদ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের তেহরানে হামলার পরিকল্পনার জন্য বলছেন। যেটিকে চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করছেন তিনি।

২১ জানুয়ারি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন পরিকল্পনা দিতে বলছেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে তিনি কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন।

তার নির্দেশনার পর হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন ‘অপশন’ দিয়েছেন। যারমধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে। অন্যান্য অপশনের মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে।

ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দেননি জানিয়েছে ওই কর্মকর্তারা বলেছেন, তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটি এখনো নিশ্চিত নয়।

ওয়ালস্ট্রিট জার্নাল এমন সময় এ তথ্য জানাল যখন মধ্যপ্রাচ্যের দিকে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলেন ট্রাম্প।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে হুমকি দিয়েছেন, এবার যুদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তারা কোনো ধরনের সীমাবদ্ধতা রাখবেন না। হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা শুরু হবে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সমাবেশ

বিশেষ প্রতিনিধি:

মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা (সিনিয়রিটি), পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের বটতলায় এ কর্মসূচি পালন করা হয়। ‘চাকুরি সুরক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির মহাসচিব ও তথ্য পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মিয়া হোসেন রানা। সমাবেশটি সঞ্চালনা করেন মো. মিয়াজ উদ্দিন।

সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহমেদ, তরিকুল ইসলাম, মাসুদ আলম, ওয়াহিদুজ্জামান নান্নু, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, ফিরোজ আলম, মনির হোসেন চৌধুরী, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, নাছির আহম্মদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল জলিল, ইয়াকুব হোসেন, আব্দুল মতিন, আফজালসহ অনেকে।

এছাড়া আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, পরিচালক বিল্লাল হোসেন, আমিনুল আক্তার এবং রাজিউর রহমান রেজা।

সমাবেশে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১) পুনর্বহালকৃত সকল কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন ও ভাতাদি দ্রুত পরিশোধ।
২) আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতা বজায় রেখে অন্তত দুইটি পদোন্নতির ব্যবস্থা।
৩) শাস্তিমূলকভাবে বদলি করা ৯ জন কর্মকর্তা-কর্মচারীর বদলি আদেশ প্রত্যাহার।

বক্তারা বলেন, নতুন ও পুরাতনের বিভেদ ভুলে সবাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একসঙ্গে কাজ করতে চান। তবে ন্যায্য অধিকার আদায়ে আর কোনো বিলম্ব মেনে নেওয়া হবে না।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

উল্লাপাড়ায় মহিলাদের নিয়ে অপব্যাখ্যার জবাব দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান

মোঃ রাকিব হোসেন:

সিরাজগঞ্জ উল্লাপাড়া মঙ্গলবার ২০ জানুয়ারি সিরাজগঞ্জ -৪(উল্লাপাড়া – সলঙ্গা) আসনের হেভিওয়েট এমপি প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কিছু মহলের ব্যক্তিরা মহিলাদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রবাকান্ডা ছড়াচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করবে, ঘর থেকে বের হতে দিবে না, চাকরি করতে দিবে না, এই সব মিথ্যা অপপ্রচার করছে কিছু মহলের ব্যক্তিরা। তাই মহিলাদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি চাকরির সুযোগ সুবিধা, বেকারত্ব দূর, মেয়েরা ব্যাংকে গেলে তাদের যেনো দীর্ঘ লাইন ধরতে না হয় এই জন্য মহিলাদের আলাদা শাখা করে দেওয়া হবে যেনো সহজে লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করে দিবে জামায়াত ইসলামী। আরো বলেন, সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া – সলঙ্গা) আসনের দাঁড়িপাল্লার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও দুর্নীতি করে আমাকে হারানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি, দূর্নীতির পরিকল্পনা করছে কিছু মহলের ব্যক্তিরা। এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া – সলঙ্গা) আসনে নির্বাচনে জনগণ দের সাথে নিয়ে কোনো কেন্দ্রে ভোট কারচুপি, দুর্নীতি করতে দেওয়া হবে না। ভোট কারচুপি এবং দুর্নীতি করার চেষ্টা করলে জনগণ বাধা দিবে।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

ঘিওরে নিয়মবহির্ভূত পাট মজুদের বিরুদ্ধে অভিযান

সৈয়দ এনামুল হুদা :

মানিকগঞ্জের ঘিওরে অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে নিয়মবহির্ভূত পাট মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে ঘিওর বাজারের বিভিন্ন পাট ব্যবসায়ীদের গুদামে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, মানিকগঞ্জ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘিওর বাজারের পাট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা, পিতা -মতিলাল সাহা, গ্রাম- ঘিওর উপজেলা – ঘিওর জেলা- মানিকগঞ্জ কে ২০২২ সালের পরিপত্র অনুযায়ী ১ হাজার মনের অধিক ১হাজার ৫শত মন পাট মজুদ রাখায়, ৮-১০ দিন সময়ের মধ্যে ১ হাজার মনের অধিক পাট বিক্রয় করে দিতে হবে এই মর্মে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও মেসার্স সামেজ উদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নুরুল হক, পিতা -হাজী মোঃ সামেজ উদ্দিন এবং কাইয়ুম পিতা – নুরুল হক সর্ব সাং -চর মাইলাগি, উপজেলা ঘিওর, জেলা– মানিকগঞ্জ কে সরকারি পরিপত্রের অধিক ১ হাজার ৫ শত মন পাট মজুদ রাখায় ৭ দিনের মধ্যে পাট বিক্রয় করে দিতে হবে এই শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন – মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়খ শিহাব উদ্দিন ও মোঃ মুনতাছির মামুন মনি, পাট অধিদপ্তর নারায়নগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুব আলম, পাট অধিদপ্তর মানিকগঞ্জের পরিদর্শক আশিক কুমার ভৌমিক, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা -দেলোয়ার হোসেন সহ গণমাধ্যমের কর্মিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি দেশে পাটের সংকটের কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য পাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। পাট অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মাহবুব আলম জানান, এই অভিযান নিয়মিত অভিযানের অংশ। আজকে শুধুমাত্র যারা বেশি পাট রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদেরকে আপাতত সতর্ককরে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

তরুণ প্রজন্মই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না:ব্যারিস্টার জুবায়ের 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি—এ মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টি-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান।

২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “তরুণ প্রজন্মরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। শিল্প, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই দর্পণের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, শিকারপুর এলাকার আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

গণভোটে হ্যা ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার পথ উম্মক্ত হবে: গাইবান্ধায় আসিফ নজরুল

রানা ইস্কান্দার রহমান:

বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগন যদি গণভোটে ”হ্যা” ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার পথ উম্মক্ত হবে ।

গত সোমবার বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামের হলরুমে ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপুর্ন এবং অংশ গ্রহনমুলক পরিবেশ নিশ্চত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতাবৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন, আমাদের একটি পরিকল্পিত ও নতুন রাষ্ট্র দরকার, যে রাষ্ট্রে এক ব্যক্তির খামখেয়ালি চলবে না, আর এই গণঅভ্যুর্থানে দেশের প্রতিটি মানুষের অবদান রয়েছে। ফ্যাসিষ্ট কে দেশ থেকে বিতাড়িত করতে তাদের অনুসারীরা ছাড়া প্রত্যেকের মা- বাবা, শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা সবাই নিজের জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে। অনেকে পঙ্গু হয়েছে, ফ্যাসিষ্ট আবার ফিরে আসার জন্য তারা এই স্যাকরিফাইস করেনি। তারা করেছে নতুন বাংলাদেশের সপ্ন দেখে ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)যাদব সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা। অনুষ্ঠানের আগে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে গণভোটের গাড়ীর উদ্বোধন করেন তিনি ।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম