আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 165

আন্তর্জাতিক বাণিজ্য মেলা: শিক্ষা উপকরণে শিক্ষার্থীদের আকর্ষণ 

রিপন পাল:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিক্ষা উপকরণ স্টলে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের আকর্ষণ করছে। মেলার যত সময় যাচ্ছে এখানে তত শিশু- কিশোর ও শিক্ষার্থীদের ভিড় বাড়ছে। ক্ষুদে শিক্ষার্থীরা সহজেই কারো সহায়তা ছাড়াই বিজ্ঞানবাক্সের মাধ্যমে পাঠ্যবইয়ের বিজ্ঞান বিষয়ের এক্সপিরিমেন্টগুলো অনুসন্ধান, গবেষণা ও তথ্য পরীক্ষা করতে পারে। সেজন্য শিক্ষা উপকরণের পাশাপাশি বিজ্ঞানবাক্সের চাহিদাও বেশি। কোমলমতি শিশুরা এখন মোবাইল ও কম্পিউটারে গেমনির্ভর হয়ে পড়ছে। তাতে তাদের চিন্তাশক্তি বিকশিত হচ্ছে না। এই শিশুরা যদি খেলতে খেলতে বিজ্ঞানের খুঁটিনাটি শিখতে পারে তাহলে তাদের চিন্তার শক্তি বিকশিত হবে।
নারায়ণগঞ্জের পিতলগঞ্জ আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে মেলায় আসা শিক্ষক দিপু রহমান বিজয় ও আমির হোসেন পর্যায়ক্রমে এভাবেই বিজ্ঞান শিক্ষার গুরুত্বের বিষয়ে তাদের মতামত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। মেলায় এসেই তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা শিক্ষা উপকরণসহ বিজ্ঞানবাক্সের স্টলে নিয়ে আসেন। ঐ স্টলে শুধু তাদের স্কুলের শিক্ষার্থীরাই নয়, ছিল অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের ভিড়।
চুম্বকের ২৬টি মজার খেলা নিয়ে চমক, ক্যাপ্টেন কিউরিয়াস দুটি মজার সায়েন্স গেম, তড়িৎ তা-ব ও আলোর ২০টি মজার খেলা নিয়ে আলোর ঝলক, ট্যানগ্রাম বুদ্ধি বাড়ানোর প্রাচীন চাইনিজ পাজল গেম, ২০টি ফোকাস চ্যালেঞ্জ, তড়িতের ২০টি মজার খেলা, ২০টি খেলা নিয়ে রসায়ন রহস্য, অদ্ভুত মাপজোখ, ট্যানোগ্রাম, স্মার্টকিট, শব্দকল্প মেলায় প্রদর্শন ও বিক্রি করছে অন্যরকম বিজ্ঞানবাক্স। মহাকাশ এবং সৌরজগৎ বিষয়ক নতুন বিজ্ঞানবাক্স ও ক্লাসভিত্তিক পঞ্চম শ্রেণির ২৭টি এক্সপেরিমেন্ট শিশুদের আকর্ষণ করছে। নিজ হাতে ব্যাবহারিক জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। বিজ্ঞানবাক্সের পাশাপাশি মেলায় শিক্ষা উপকরণের স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
মেলার ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এজন্য নয় শতাধিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।
ঢাকার মিরপুর থেকে মায়ের সঙ্গে আসা স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বলেন, মেলা থেকে মজার বিজ্ঞানবাক্স নিয়েছি। খুব মজা পাচ্ছি। নিজে নিজে অনেক কিছু বানাবো।
শিক্ষা উপকরণ বিজ্ঞানবাক্সের বিক্রয় প্রতিনিধি নাসিমা ইয়াসমিন বলেন, সাত বছর বয়স থেকে ১৬ বছর বয়সিদের জন্য বিজ্ঞানবাক্স ব্যবহার করতে পারে। তবে চার থেকে ছয় বছরের কৌতূহলী শিশুরাও বিজ্ঞানবাক্সের প্রতি আগ্রহ প্রকাশ করছে। বয়স কিংবা শ্রেণি অনুযায়ী বাক্স তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এবার শিক্ষা উপকরণ বিজ্ঞানবাক্স প্যাভিলিয়নে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে। বিক্রিও হচ্ছে প্রচুর।
মেলার ইজারাদার ডিজি ইনফোটেক লিমিটেডের অপারেশন ইনচার্জ আমিনুল ইসলাম হৃদয় বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিশুদের টিকিটের মূল্য ২৫টাকা করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আহতরা কার্ড দেখিয়ে প্রবেশ মূল্য ছাড়াই মেলায় প্রবেশ করতে পারছে।
উল্লেখ্য ‎প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত, তবে সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলে। বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করছে।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

জিয়াউর রহমানের ঘোষনাই আমাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে

মোঃ নিশাদুল ইসলাম:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব সাদেক আহমেদ খাঁন বলেছেন, জিয়াউর রহমানের ঘোষনাই আমাদেরকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও তারা সম্মান দেননি। শেখ মুজিবকে অসম্মান করলে আমাদেরও কষ্ট লাগে। কিন্তু তার কন্যা মুক্তিযুদ্ধটা আওয়ামীলীগের বানিয়ে ফেলেছে।
২৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করনীয় নিয়ে পরামর্শ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহরের জেল রোডস্থ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক হাজী এমরানুর রেজার সভাপতিত্বে তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের একটা পক্ষ জামায়াতের সাথে যাওয়ার কারনে তাদের একটা বিরাট অংশ পদত্যাগ করেছে। জুলাই আমাদের গর্ব। একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে আমাদের সন্তানরা রাষ্ট্রকে উদ্ধার করেছে। জুলাই সনদে আপনার আমার নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা হ্যাঁ ভোটে জুলাই সনদকে স্বীকৃতি দিবো। ৭১ এর মতো এবারো ঐক্যবদ্ধ হতে হবে। ৭১-এর পরাজিত শক্তিরা আবারও ফণা তুলেছে। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের অহংকার। হীনমন্যতাই ভুগবেন না। নিজেদের দূর্বল মনে করবেন না। আমরা মুক্তিযোদ্ধা সংসদকে ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত করতে চাই। এখন প্রায় আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধা এক হতে পারে না। আওয়ামীলীগ পাঁচ বার মুক্তি যুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করেছেন। যারা অস্ত্রহাতে যুদ্ধ করেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। এটা এবার গেজেট আকারে করা হচ্ছে। সামনে জাতীয় নির্বাচন সবাই ভোট কেন্দ্রে যাবেন। আমরা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবো। হ্যাঁ ভোট আমার আপনার সন্তানের নিরাপত্তা। আমরা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে চাই।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক আল আমিন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য আলহাজ¦ নুরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মোঃ আব্দুল মান্নান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ফসিউর রহমান হাসান প্রমুখ। পরামর্শ সভায় জেলা সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর ও বিজয়নগরের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডারদের নেতৃত্বে জেলার সকল মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

ঝিনাইদহে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

মোক্তার হোসেন মুক্তি:

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী, ঝিনাইদহ শাখা।
শনিবার দুপুরে শহরের আল-হেরা এলাকার জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ড. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করে বলেন, বিএনপি তাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর, বিশেষ করে নারী সমর্থকদের ওপর আতঙ্কিত হামলা, অপমান ও অপদস্থ করার মতো ঘটনায় জড়িত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

কালিহাতীতে জামায়াতের প্রীতি সমাবেশ

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে এক প্রীতি সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৪ জানুয়ারি) সকালে এলেঙ্গাস্থ একটি রেস্টুরেন্টে উপজেলা জামায়াত এই প্রীতি সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলটির জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী মিঞা। বিশেষ অতিথি ছিলেন এনডিএফ এর সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সদস্য, চার্টার্ড একাউন্ট মো. লিয়াকত আলী খান ও টাঙ্গাইলের কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, টাঙ্গাইল শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান, সাবেক শিবির নেতা খন্দকার জাহিদুল ইসলাম, রেজাউল করিম, মো. রোকনুজ্জামান, জামায়াত নেতা মাওলানা শাহজাহান কবির, আব্দুর রহমান সরকার, মাওলানা সাখাওয়াত হোসেন, সাদত কলেজ শাখা শিবির সভাপতি শাকিল আহমেদ, উপজেলা শিবির সভাপতি ইমরান হোসাইন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন হাফিজুর রহমান।
আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

মুসাব্বির হত্যাকাণ্ডের শ্যুটার রহিম গ্রে*ফতার -ডিবি

এমএইচ চৌধুরীঃ

রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ অন্যতম শ্যুটার মোঃ রহিম (৪৫) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ০৯ টায় ডিবির একটি টিম নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে অন্যতম শ্যুটার মোঃ রহিমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাধবদী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি। হত্যা মামলায় গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়াস্থ হোটেল সুপার স্টারের গলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোপূর্বে চারজনকে গ্রেফতার করা হয়। রহিমের গ্রেফতারের মাধ্যমে মোট পাঁচজন আসামি গ্রেফতার নিশ্চিত করে ডিবি।

এছাড়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও জানান, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রানা মোল্লা (২৬) ও ২। নূর মোহাম্মদ (৩২)। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংবাদ সম্মেলনে।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

স্বরসতী পূজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ শিহাব উদ্দিন:

শুক্রবার জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরসতী পূজা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। গোপালগঞ্জে সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রানা ইস্কান্দার রহমান:

চলো একসাথে গড়ি বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার সকাল ৯টা পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে গাইবান্ধা জেলার ৫ টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন ও পরিচয় তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এ জনসভায় তিনি গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

গাইবান্ধা ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এর সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা ২ (সদর) আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিম, গাইবান্ধা ৫ (সাঘাটা ফুলছড়ি) আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ,গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র বিভাগ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাইবান্ধা জেলা শাখার ও উপজেলা শাখাসমূহের স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, “রংপুর বিভাগ বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত। অথচ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রংপুর বিভাগের প্রতিটি জেলার নদী গুলোকে শাসন নয়, আপন করে নিয়ে আদর যন্ত্রে লালন পালন করে কৃষি ও জনজীবনের স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা হবে।”তিনি আরও বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পর্যায়ক্রমে কৃষি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এতে করে একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
গাইবান্ধার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, বালাশীঘাটে সেতু নির্মাণ, গোবিন্দগঞ্জে ইপিজেড কার্যক্রম চালুসহ যোগাযোগ এবং শিল্পখাতে যুগান্তকারী প্রকল্প গ্রহণ করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।

সভায় ডাঃ শফিকুল ইসলাম জানান, “আমরা ভাতা নির্ভর সমাজ চাই না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে যুবকরা ভিক্ষুক নয়—কর্মসংস্থান ও দক্ষতার মাধ্যমে আত্মমর্যাদাশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে।” দেশে চলমান চাঁদাবাজি, জুলুম এবং দুর্নীতির রাজনীতি বন্ধ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। জনগণের সমর্থন পেলে জামায়াতে ইসলামী গাইবান্ধাসহ পুরো রংপুর বিভাগকে একটি উন্নয়ন, ন্যায় ও কর্মসংস্থানমুখী অঞ্চলে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, পেশাজীবী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এনপিআই পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন

প্রতিনিধি,মানিকগঞ্জ:

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি)” হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জ–এর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন।
এ উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার–এর হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট, পদক ও সনদ গ্রহণ করেন। কারিগরি শিক্ষার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেনের এই অর্জনে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট পরিবারসহ মানিকগঞ্জ জেলার শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও এনপিআই মানিকগঞ্জ কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

আইনশৃঙ্খলা রক্ষায় মেলান্দহ থানা পুলিশের বিশেষ মহড়া ও টহল জোরদার

​মোঃ রাশেদুল ইসলাম:

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালপুরের মেলান্দহ থানা পুলিশের বিশেষ টহল এবং সতর্কতামূলক মহড়া নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে মেলান্দহ থানা পুলিশ।

জনগণের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি এবং সহিংসতা রোধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই নিরাপত্তা তৎপরতা চালানো হয়।

​গত ২৩ জানুয়ারি,শুক্রবার রাতে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবায়দুর রহমানের নেতৃত্বে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানায়।

​টহল কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন:​স্নেহাশীষ রায়, পরিদর্শক (তদন্ত), মেলান্দহ থানা।​রাশেদুল ইসলাম, এসআই ও ফুলকোচা ইউনিয়ন বিট অফিসার।​ কামরুজ্জামান, এসআই ও রাতের টহল ডিউটি সহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

​টহল শেষে হাজরাবাড়ী বাজারে সকলে মিলিত হয়ে, বক্তবে ওসি ওবায়দুর রহমান বলেন, “নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আমরা দিন-রাত কাজ করছি। বিশেষ করে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে কড়া নজরদারি রাখা হচ্ছে।”

​তিনি আরও বলেন, নির্বাচনের দিন পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান ও টহল অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।

​পুলিশের এই নিয়মিত অভিযান ও টহলের জোরদারের জন্য স্থানীয় সাধারণ ভোটার ও জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

নবীনগরে ফল বাগানের ছায়ায় হলুদ চাষে লাভবান কৃষক জামির

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামের কৃষক জামিরের ফল বাগানের অব্যবহৃত ছায়াযুক্ত জমিতে হলুদ চাষ করে যেমন আর্থিকভাবে লাভবান হয়েছেন,তেমনি এলাকার কৃষকদের সামনে খুলে দিয়েছেন নতুন একটি সম্ভাবনাময় পথ।
উপসহকারী কৃষি অফিসার ফারুক আহমেদের পরামর্শে “ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্টের” আওতায় জামির তার মিশ্র ফল বাগানে বারি হলুদ-১ জাতের হলুদ চাষ করেন। সাধারণত ফল গাছের নিচের ছায়াযুক্ত জমি অব্যবহৃত থাকে সেখানে হলুদ চাষ করে তিনি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন। মাত্র ১৫ শতাংশ জমিতে হলুদ আবাদ করে প্রায় ২০ মণ কাঁচা হলুদ উৎপাদন করতে সক্ষম হন জমির।
বর্তমানে বাজারে কাঁচা হলুদ কেজি প্রতি গড়ে ৬০ টাকা দরে বিক্রি হওয়ায় এ আবাদ থেকে তার আয় দাঁড়িয়েছে প্রায় অর্ধ লক্ষ টাকা। তুলনামূলক ভাবে কম খরচে হওয়ায় আয় এ চাষ কৃষকের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে।
কৃষক জামির জানান-“বাবা হিরণ মিয়ার আগ্রহে এবং উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে গত মার্চ মাসে ১৫ শতাংশ জমিতে প্রায় ৬০ কেজি হলুদের বীজ রোপণ করেন। দশ মাস পর সেই পরিত্যক্ত জায়গা থেকেই উৎপাদিত হয়েছে প্রায় ৮০০ কেজি কাঁচা হলুদ”। ফলবাগান থেকে ফল আহরণের পাশাপাশি ছায়ায় হলুদ ভালো ফলন হওয়ায় আশপাশের অনেক কৃষক এ চাষে আগ্রহী হয়ে উঠছেন।
উপসহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ বলেন- “ছায়াযুক্ত ফল বাগানে হলুদ ও আদা চাষের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আদা ও হলুদ আংশিক ছায়া সহনশীল ফসল হওয়ায় আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন ফলবাগানে সহজেই এ ফসল চাষ করা যায়। এতে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হয়, যা কৃষকের মোট আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন-“মিশ্র ফল বাগানে আদা ও হলুদ চাষ কৃষকদের জন্য একটি টেকসই ও লাভজনক প্রযুক্তি। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এমন ফসল নির্বাচন জরুরি, যা কম ঝুঁকিতে ভালো ফলন দিতে পারে। জামির মিয়ার সাফল্য প্রমাণ করে সঠিক ব্যবস্থাপনায় ছায়াযুক্ত জমিও আয়বর্ধক সম্পদে পরিণত করা সম্ভব”।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় পরিত্যক্ত ও ফল বাগানের ছায়াযুক্ত জমিতে প্রায় ১৫ বিঘা এলাকায় আদা ও হলুদ চাষ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প সম্প্রসারণ করা হলে একদিকে কৃষকের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে দেশীয় মসলার উৎপাদন বাড়বে। ফলে আমদানি নির্ভরতা কমে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম