আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 164

উৎসবের আমেজ বেড়েছে কেনাবেচা ক্রেতা-দর্শনার্থীর ভিড়

রিপন পাল:

ছুটির দিন মানেই যেন বাণিজ্য মেলায় বসে উৎসব। তরুণ-তরুণীরা আনন্দ, উল্লাস, উৎচ্ছাস আর হৈ-হুল্লোড়রের মধ্যে মেলায় প্রবেশ করছে। শিশু-কিশোরাও আনন্দে মেতে ওঠে। সাপ্তাহিক ছুটির ষষ্ঠ দিন গতকাল ২৪জানুয়ারি শনিবার বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলাপ্রাঙ্গণ পরিণত হয় জনারণ্যে। তাদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে মেলার চারপাশ। চারদিকে শুধু মানুষ আর মানুষ। ছুুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় আসতে শুরু করে দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বিকালে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিন যত যাচ্ছে বিক্রেতাদের ব্যস্ততা তত বাড়ছে। কেনাকাটার পাশাপাশি মেলা প্রাঙ্গণে ফোয়ারার সামনে ছবি ও সেলফি তুলতে অনেকেই ব্যস্ত হয়ে পড়ে। মেলায় এখন দর্শনার্থীদের চেয়ে ক্রেতার সংখ্যা বাড়ছে।
বাণিজ্য মেলা এখন অপরূপ সাজে সেজেছে। ক্রেতা-দর্শনার্থীদের আগমনে মেলাপ্রাঙ্গণ এখন জনারণ্যে পরিণত হয়েছে। মেলার শিশুপার্কে ভিড় লেগেই থাকে। খাবার দোকানগুলোতে বসার স্থান থাকে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন ক্রেতারা। মেলায় অধিকাংশ পণ্যে থাকছে ১৫ থেকে ২৫ ভাগ ছাড়। গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গহনা, প্রসাধনী, খেলনা ও কাপড়ের স্টলে ভিড় ছিলো বেশি।
মেলায় প্রবেশের টিকিট ইজারাদারের ডিজি ইনফোটেক লিমিটেডের হেড অব অপারেশন এস এম আমিনুল ইসলাম বলেন, প্রত্যাশার তুলনায় শুক্রবার ও শনিবার মেলায় লোক সমাগম হয়েছে বেশি। শুক্রবার লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে। আর গতকাল ২৪জানুয়ারি শনিবার বিকাল ৫টা পর্যন্ত ৯০ হাজার ক্রেতা-দর্শনার্থী টিকিট কেটে মেলায় প্রবেশ করেছে। শুক্রবার ও শনিবার ক্রেতা-দর্শনার্থীদের বেশি লক্ষ্য করা যায় গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গহনা, ক্রোকারিজ, প্রসাধনী, খেলনা ও কাপড়ের স্টলে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, থ্রি-পিস, শাড়ি, ওড়না, চাদর, নকশি কাঁথা, বেডশিট প্রচুর বিক্রি হয়েছে। মেলার গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গহনা, ক্রোকারিজ, প্রসাধনী, বাণিজ্য খেলনা ও কাপড়ের স্টলে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, থ্রি-পিস, শাড়ি, ওড়না, চাদর, নকশি কাঁথা, বেডশিট প্রচুর বিক্রি হয়েছে।
কারাবন্দীদের তৈরি পণ্যের প্যাভিলিয়নে বাঁশ, বেত, কাঠ ও পাটের তৈরি বাহারী পণ্যের সমাহার ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বিক্রিও হচ্ছে প্রচুর। নারীদের পছন্দের পণ্যে ছাড় দেওয়া হচ্ছে বেশি।
হ্যারিটেজ ইকো প্রোডাক্টসের বিক্রয় প্রতিনিধি মাহফুজা আক্তার বলেন, গত কয়েক দিনের তুলনায় শুক্র ও শনিবার পণ্য বিক্রি হয়েছে বেশি। এবার মেলার সকল ব্যবসায়ীই লাভবান হয়েছেন।
নরসিংদী জেলার নারী উদ্যোক্তা নীলকান্তা স্টলের মালিক রোকসানা আক্তার বলেন, মেলার প্রথম ১৫ দিন ক্রেতা-দর্শনার্থীরা ঘুরেফিরে মেলার পর্যবেক্ষণ করেন। শেষের ১৫ দিন কেনাকাটা জমে ওঠে। গত শুক্রবার ও গতকাল শনিবার প্রচুর পণ্য বিক্রি হয়েছে। দিন দিন ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
সেভয় আইসক্রিমের বিক্রয় প্রতিনিধি উম্মে হাবিবা বলেন, মেলার শেষের দিকে কেনাবেচা ভালো হয়। এবার বাণিজ্য মেলা ব্যাবসায়িকভাবেও সফল হবে।
হাজী বিরিয়ানির বিক্রয় প্রতিনিধি হাজী মুনসুর আলী বলেন, মেলায় বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থীর আগমনে শুক্রবার দোকানের খাবারগুলো সন্ধ্যার আগেই শেষ হয়ে যায়। সেকারণে গতকাল শনিবার খাবারের পরিমাণ বাড়ানো হয়েছে।
আকিজ ইলেকট্রনিকসের বিক্রয় প্রতিনিধি সুমাইয়া খন্দকার সুমা বলেন, এখন যারা মেলায় আসছে তারা প্রত্যেকেই কিছু না কিছু কিনছে। মেলার বাকি দিনগুলোতে তারা আরো বিক্রির ব্যাপারে আশাবাদী।
ভারতীয় কাশ্মীরি শালের বিক্রয় প্রতিনিধি রামা কান্ত সরকার বলেন, ক্রোকারিজ সামগ্রীর পাশাপাশি মেয়েদের থ্রি-পিস, শাড়ি, ওড়না, চাদর, শীতের পোশাক, নকশিকাঁথা, বেডশিটসহ গৃহস্থালি পণ্য বিক্রি হয়েছে প্রচুর।
ঢাকার শামীবাগ এলাকা থেকে আসা গৃহবধূ সুমা আক্তার বলেন, এবারের মেলায় তৃতীয়বারের মতো তিনি গতকাল আসেন। তিনি মূল্য ছাড়ে প্রেসার কুকার ও ফ্রাইপ্যান কিনেছেন।
গাজীপুর জেলার শ্রীপুর থেকে স্বপরিবারে মেলায় আসা গৃহবধূ বেবী নাজমিন বলেন, ‘ঢাকা বাইপাস সড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি সয়ে মেলায় এসেছি। যানজটে মেলার আনন্দ ম্লান হয়ে গেছে। তবে আশা করি আগামী মেলার আগেই এই সড়কের নির্মাণ কাজ শেষ হবে। তখন আর ভোগান্তি থাকবে না।
কুমিল্লার চান্দিনা থেকে স্বপরিবারে আসা ব্যবসায়ী জামাল মিয়া বলেন, ভুলতা গাউছিয়া থেকে মেলাপ্রাঙ্গণ ১৫ মিনিটের রাস্তা। অথচ যানজটে দুই ঘণ্টা সময় লেগেছে। যানজটেই সময় শেষ হয়ে গেছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, ক্রেতা-দর্শনার্থীদের আগমনে প্রত্যাশা পূরণ হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলে। দর্শনার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস চলাচলের পথ সুগম করেছে।

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর ৩টি ইলেকশন অফিস ভাঙচুর

সাইফুল ইসলাম সবুজ

টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের ৩টি ইলেকশন অফিস ভাঙচুর ও দুটি অফিসে তালা ঝুঁলিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
২৫ জানুয়ারি রবিবার এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হরিণ প্রতীকের এজেন্ট ফজলুল হক বাচ্চু। হরিণ প্রতীকের এজেন্ট ফজলুল হক বাচ্চু অভিযোগ করেন, এ আসনের বহুরিয়া ইউনিয়নের কালমেঘা এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের তিনটি ইলেকশন অফিস বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা ভাঙচুর করে। ভাঙচুর চালানো ইলেকশন অফিসগুলো হচ্ছে- রাঙ্গামাটি কেন্দ্রের সলঙ্গা ইলেকশন অফিস, ইলিমজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সোনাতলা মোড় অফিস ও দেওয়ানপুর কেন্দ্রের দেওয়ানপুর ইলেকশন অফিস। এছাড়া বহেড়াতৈল ইউনিয়নের বহেড়াতৈল ও কালিয়া ইউনিয়নের বাসারচালা ইলেকশন অফিস দুটিতে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়- বিএনপির ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা ২৪ জানুয়ারি শনিবার রাতে ৩টি নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় এবং রোববার(২৫ জানুয়ারি) সকালে দুটি ইলেকশন অফিসে তালা ঝুঁলিয়ে দেয়। একই সঙ্গে তারা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনআলমগীর রাসেলের কর্মী-সমর্থকদের পিটিয়ে আহত করে। একই আসনের শোলাপ্রতিমা ও কালিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের দুটি বিলবোর্ডও ভাঙচুর করা হয়। হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল ইলেকশন অফিস ভাঙচুর ও তালা ঝুঁলানোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা পরাজয়ের ভয়ে এসব অপকর্ম করছে। হিংসা-প্রতিহিংসা কারো জন্যই মঙ্গলজনক নয়। ইলেকশনের পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে এবং জনগণ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে- সেটি নিশ্চিত করা সবারই দায়িত্ব। নিজের কর্মী-সমর্থকদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান বলেন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর ইলেকশনে ভোটের দেউলিয়াত্বে ভোগছেন। তাই নানা ধরণের কাল্পনিক, ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছেন। বাসাইল-সখীপুরের মানুষ এগুলো বুঝে এবং তারা বুঝে-শুনেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম জানান, ইলেকশনের অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্দেশে গঠিত ইলেকশন অনুসন্ধান ও বিচারিক কমিটি রয়েছে। তাদের কাছে অভিযোগ করা হয়ে থাকলে তারা দ্রæততম সময়ের মধ্যে ব্যবস্থাগ্রহণ করবে। এছাড়া ওই অনুসন্ধান বা তদন্ত কমিটি অভিযোগের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় এনে দোষীদের সাজার ব্যবস্থা করতে পারে।

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি ২০২৬/মওম

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

মোক্তার হোসেন মুক্তি: 

‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রোববার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর সহযোগীতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা.কামরুজ্জামান, সদর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মিথিলা ইসলাম, সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডা: মালিহা সুলতানা, দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল খুলনা রিজিওনের মেডিকেল অফিসার ডা: জ্যাকুলিন রোজ হাজরা,উই এর পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য হলেও সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে এখনও অনেক রোগী চিকিৎসা নিতে পিছিয়ে থাকেন। কুষ্ঠরোগীদের প্রতি বৈষম্য পরিহার করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করলে এ রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি ২০২৬/মওম

চাঁদাবাজ-দখলবাজদের দিন শেষ হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

আলোকিত প্রতিবেদক:

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড এখনও নেই। একটি পক্ষ আমাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি।

২৫ জানুয়ারি রবিবার সকালে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় এলাকার সমস্যা এবং সংকটগুলো তুলে ধরে সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন।ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি বলেন, আপনারা যাতে কোনও কিছুর বিনিময়ে, কোনও সুবিধার বিনিময়ে বা কোনও মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।

প্রচারণার সময় শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম।

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি ২০২৬/মওম

 

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন

মোঃ শিহাব উদ্দিন:

গোপালগঞ্জে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও সাবেক ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরের গেটপাড়ায় অবস্থিত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কার্যালয়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোকো ক্রীড়া পরিষদের জেলা সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম হামিদুল হক দুলাল, কোকো ক্রীড়া পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ-সভাপতি ইমতিয়াজ মাহামুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী, সাংগঠনিক সম্পাদক ইমন কাজীসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরাফাত রহমান কোকোর জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন এবং তরুণ সমাজকে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মরহুমের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি ২০২৬/মওম

টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে সেবায় নতুন গতি,২৮ দিনের মধ্যেই ই-নামজারি

জাহিদুর রহমান বকুল:

গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল অফিসে দ্রুত সময়ে স্বচ্ছতার সাথে সকল সেবা পাচ্ছে টঙ্গী রাজস্ব সার্কেলের সাধারণ জনগণ।
টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক গত ২০২৫ সনের ২৫ আগষ্ট যোগদানের পর ভূমি সংক্রান্ত সকল সেবা বিনা হয়রানিতে দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল তথ্য ও সূত্র মতে, বিগত দিনে নামজারি ও জমাভাগ গড় নিষ্পতি করা হতো ৯০ দিনে, বর্তমানে তা কমিয়ে ২০ থেকে ২৮ দিনের মধ্যে নাম জারি জমাভাগ সম্পন্ন করা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিবিধ মামলা (মিসকেইস) ও সীমানার নির্ধারণ মামলা নিষ্পত্তি করা হয়। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক গত বছরের ২৫ আগস্ট এ যোগদানের পর ৪ মাসে বিবিধ মামলা (মিসকেইস) নিষ্পত্তি হয়েছে ১০০টির অধিক, সীমানা নির্ধারণ মামলা নিষ্পত্তি করা হয়েছে ২৫টি নামজারি ও জমাভাগ আবেদন মঞ্জুর হয়েছে ৪৫০০টি বেশি ও সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে ৪ একর এর অধিক। বিবিধ মামলা (মিসকেস), সীমানা নির্ধারণী মামলা, করণিক ভুল সংশোধনের মামলা, দেওয়ানী আদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধনের সহ অন্যান্য বিবিধ মামলা সুচারুভাবে নিষ্পত্তির জন্য মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন শুননী গ্রহণ করা হয় |
সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল এর আওতায় টঙ্গী পৌর ভূমি অফিস, কাশিমপুর ভূমি অফিস ও গাছা ভূমি অফিস অধিনস্হ এলাকার সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত সকল সেবা সহজীকরণে সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব (সার্কেল) এর প্রত্যেক সরকারী কর্মচারীগন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন টঙ্গী রাজস্ব সার্কেল সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগন।
সহকারী কমিশনার (ভূমি)টঙ্গী রাজস্ব সার্কেল অফিসে নামজারি জমাভাগের সেবা নিতে আসা একাধিক গ্রাহক জানান, নামজারি জমাভাগের শুনানীর জন্য ভূমি মন্ত্রণালয় হতে মোবাইলে খুদে বার্তা পেয়ে শুনানীতে অংশগ্রহনের জন্য নির্ধারিত তারিখে টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে আসেন এবং শুনানীতে অংশগ্রহনে অফিসের কর্মকর্তা কর্মচারীরা আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন।
গাজীপুর মহানগরের গাছা ভূমি অফিস এলাকার বাসিন্দা রোকেয়া বেগম জানান, তার নিজের জমির নামজারি জমাভাগের জন্য অনলাইনে আবেদন ২৮ দিনের মধ্যেই বিনা হয়রানিতেই টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিস থেকে নামজারি মঞ্জুর হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি ২০২৬/মওম

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে দখলদার ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

২৫ জানুয়ারি রবিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। তারা বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে।

চ্যানেল-১২ জানিয়েছে, গত আটমাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এরসঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রোনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনিদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না। এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা অল্প সময়ের মধ্যে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন। কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি। কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে।

ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে এবার তাদের ওপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।

সূত্র: চ্যানেল-১২

আলোকিত প্রতিদিন/ ২৫ জানুয়ারি ২০২৬/মওম

সাফ ফুটসালের শিরোপা জিতলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। মালদ্বীপ অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় আগে থেকেই অনুমিত ছিল ম্যাচ জয় কঠিন কিছু হবে না। আজ মাঠেও তার প্রমাণ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২৫ জানুয়ারি রবিবার সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণা-লিপির নৈপুণ্যে বাংলাদেশ ১৪-২ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করেছে। হ্যাটট্রিক করেন সাবিনা ও লিপি।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা পঞ্চম ম্যাচ হেরে মালদ্বীপ পয়েন্টের খাতা খুলতে পারেনি।

ব্যাংককে বাংলাদেশকে চমকে দিয়ে চতুর্থ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। সানিয়া ইব্রাহিমের টোকায় ঝিলির গ্লাভস ছুঁয়ে মাসুরা পারভীনের বেরিয়ে জালের দিকে ছুটছিল বল। মাসুরা কয়েক দফা চেষ্টা করেও বল ফেরাতে পারেননি।

একটু পরই দূরপাল্লার ফ্রি কিকে দারুণ এক গোল করে সমতায় ফেরান সাবিনা। এখান থেকেই বাংলাদেশের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর শুরু। এরপর সার্কেলে কৃষ্ণা রানী সরকার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। তবে পোস্টের বাইরে শট নিয়ে হতাশ করেন সাবিনা। কিছুক্ষণ পর সার্কেলের বাইরে থেকে ফ্রি কিক থেকেই ব্যবধান বাড়ান বাংলাদেশের অধিনায়ক।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে চার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ। সাবিনার পাস ধরে কৃষ্ণা দূরূহ কোণ থেকে স্কোরলাইন ৩-১ করেন। এরপর কৃষ্ণার পাস নিলুফা আক্তার নীলা নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান লিপি আক্তারকে। টোকায় ব্যবধান আরও বাড়ে।

১৯ মিনিটে সার্কেলের ভেতর থেকে লিপি আক্তার এবং এরপরই নওশন জাহান গোল পান। ৬-১ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসে দাপট চলতেই থাকে সাবিনাদের।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। একটু পরই মাতসুশিমা সুমাইয়া ব্যবধান আরও বাড়ান। পঞ্চম মিনিটে ডান পায়ের বুলেট শটে স্কোরলাইন ৯-১ করেন সাবিনা।

একটু পর নিলুফা আক্তার নীলা দলকে দশম গোল উপহার দেন। ৩০ মিনিটে লিপি আক্তার হ্যাটট্রিক করেন। সাবিনার উৎস থেকে কৃষ্ণার দারুণ পাসে লিপি পায়ের টোকায় দলকে ১১তম গোল এনে দেন। পরে কৃষ্ণাও গোল পান। ডান পায়ের শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। কৃষ্ণার পর অভিষেক গোল করেন মেহেরুনও। ৩৬ মিনিটে মাসুরা পারভীন গোলকিপারের ফাঁক দিয়ে দলকে ১৪তম গোল এনে দেন।

শেষ দিকে এসে মালদ্বীপের মারিয়া এক গোল শোধ দিলেও বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে তারা। ততক্ষণে প্রথম আসরের শিরোপা জয়ের উৎসব শুরু করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আলোকিত প্রতিদিন/ ২৫ জানুয়ারি ২০২৬/মওম

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক : তারেক রহমান

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। এই চট্টগ্রামেই খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাই চট্টগ্রামের সঙ্গে আমার এবং আমার পরিবারের এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বাংলাদেশের মানুষ এখন এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যার মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসার সুনিশ্চিত সুযোগ পাবে।

২৫ জানুয়ারি রবিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বি দলের অনেক সমালোচনা করতে পারি। কিন্তু তাতে কারও পেট ভরবে না। কারও লাভ হবে না। বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে, ততবার মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে। তাই আমরা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। একারণে আমরা খাল কাটতে চাই। আপনারা কী আমাদের সঙ্গে খালকাটা কর্মসূচিতে যোগ দিতে চান। চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে। যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আরও ইপিজেড করা হবে। চট্টগ্রামকে করা হবে বাণিজ্যিক রাজধানী।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

উল্লাপাড়ায় জামায়াতের জনসভায় মানুষের ঢল

মোঃ রাকিব হোসেন:

সিরাজগঞ্জ উল্লাপাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় শনিবার (২৪ জানুয়ারী) বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা: শফিকুর রহমান উত্তরবঙ্গে জনসভা ও পথসভায় উল্লাপাড়ায় আগমন কে কেন্দ্র করে উল্লাপাড়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মী, জনগন জনসভায় যোগদান করার জন্য বিশাল বিশাল মিছিল নিয়ে সরকারী আকবর আলী কলেজ মাঠ উপস্থিত হলে কানায় কানায় পূর্ণ হয় কলেজ মাঠ। জামায়াত আমীরের আগমনে মঞ্জে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া – সলঙ্গা) আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটরী সিদরাত উল্লাহ, উপজেলা জামায়াত আমীর শাহজাহান আলী, উপজেলা জামায়াত সেক্রেটারী খায়রুল ইসলাম সহ অনেক নেতা কর্মী। জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ড: শফিকুর রহমান তিনি বলেন, জামায়াত ইসলামী জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, জমি দখল মুক্ত বাংলাদেশ গড়া হবে। আরো বলেন, জামায়াত ইসলামী কখনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মামলা বাণিজ্য, জমি দখল, দুর্নীতি করে না অন্য কে করতে দেওয়া হবে না। বক্তব্য শেষে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দেন মাওলানা রফিকুল ইসলাম খানের হাতে।সুষ্ঠ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত ইসলামী কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমি ক্ষমতায় না এসেও উল্লাপাড়া দুটি কলেজ নির্মাণ করেছি এবং এইবার জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে উল্লাপাড়া উপজেলার যে সকল কলেজ এমপিও ভূক্ত হয় নাই, সেই সকল কলেজ এমপিও ভূক্ত করার অঙ্গীকার করেন এবং দাড়িপাল্লা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর অনেক নেতা কর্মী তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম