আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 160

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে ৫৬তম বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল:

”সুস্থ দেহ সুন্দর মন,স্বপ্ন ও মননে চাই তারুণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক শাহানুল কবীর মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিউল্লাহ খান পাঠান, শিক্ষানুরাগী হেদায়েত উল্লাহ রুমিন, কে এন এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের খান, মৌগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনু, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবুল মুনসুর আহম্মদ, সিনিয়র সহকারী শিক্ষক আইরিন আক্তার, সভাপতির সহধর্মীনী নীলুফা ইয়াসমিন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃত্বিত অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক নাচ ও জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করেন।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে ১৫ জন আ*হত

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) একটি বাস উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে থাকা বালুর ঢিবির সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ভিতরে আটকা পড়ে।এ দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা গণমাধ্যমে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

নবীনগরে ভোটের লড়াই যখন ধানের শীষ বনাম ফুটবল

মোঃ আনোয়ার হোসেন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সরগরম হয়ে উঠেছে। ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া- ৫ একটি বিশাল নির্বাচনী এলাকা। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৫৪টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ০৮জন।
এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ ভোটারদের মুখে ঘুরেফিরে আসছে দুই হেভিওয়েট প্রার্থীর নাম।
মাঠে-ঘাটে, হাট-বাজারে কিংবা পাড়ার মোড়ের চায়ের দোকানে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার কাজী নাজমুল হোসেন তাপস।
সরেজমিনে নবীনগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়- ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের সংযোগ এখন চোখে পড়ার মত। শীতের সকালে হাল্কা কুয়াশা ভেদ করে যেমন প্রার্থীরা ছুটছেন, তেমনি গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ অথবা উঠান বৈঠক।
বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান (ধানের শীষ) দলীয় ভোট ব্যাংক এবং ধানের শীষের ঐতিহ্যের ওপর ভর করে জয়ের ব্যাপারে আশাবাদী। তার সমর্থকরা বলছেন- গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে মানুষ ধানের শীষকেই বেছে নেবে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস (ফুটবল) তরুণ ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তার ‘ফুটবল’ মার্কার সমর্থনে আয়োজিত মিছিল ও সভা গুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে নতুন সমীকরণের দিকে ঠেলে দিয়েছে।
আলোচনা-সমালোচনা বা চায়ের কাপে ঝড় তোলা আড্ডায় ভোটাররা দুই প্রার্থীরই আমলনামা বিশ্লেষণ করছেন।
একদিকে যেমন দলীয় ইমেজের শক্তি কাজ করছে, অন্যদিকে ব্যক্তি ইমেজের জনপ্রিয়তাও জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অনেক সাধারণ ভোটার মনে করছেন, মূল লড়াই হবে এ দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যেই।
আরো ছয় প্রার্থী প্রচারে থাকলেও আলোচনার মূল কেন্দ্র দখল করে নিয়েছেন আব্দুল মান্নান ও নাজমুল হোসেন তাপস। ভোটারদের ভাষ্যমতে- বিশাল এ জনপদে শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা উঠবে, তা নির্ভর করছে সাধারণ মানুষের আস্থার ওপর।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী টুকুর মতবিনিময় সভা

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।  ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আপনারা সবসময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা আমার পাশে থেকে সহযোগিতা করেন, সেই সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট কামনা করছি। ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে টুকু বলেন, ‘আমরা একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চাই—যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সহাবস্থানের একটি টাঙ্গাইল গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

এসময় তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। এদিন বিকাল ৪টায় টাঙ্গাইল দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। প্রোগ্রামে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের জন্য কাজ করার ব্যাপারে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমি সবসময় পাশে থাকব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

নিজেদের ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

২৮ জানুয়ারি বুধবার বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গতকাল ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্ট বলেছেন সৌদির ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না এছাড়া সৌদির আকাশসীমাও ব্যবহার করতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে নিজেদের অবস্থান জানিয়ে বলেন, সৌদি আরব ইরানের ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করে।

ইরানে আগেরবারের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল ইরানের।

ওই হামলার চেয়ে বড় হামলা হবে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যেকোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত। আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও তারা পিছপা হবে না।”

“আমি আশা করছি, ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে রাজি হবে। স্পষ্ট কথা হলো—কোনো পরমাণু অস্ত্র রাখা যাবে না। এই চুক্তি সবার জন্যই ভালো হবে। সময় কিন্তু শেষ হয়ে আসছে, হাতে একদমই সময় নেই! আমি ইরানকে আগেও বলেছি, একটা সমাধানে আসুন। তারা শোনেনি বলেই গত জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হয়েছিল এবং ইরানের অনেক বড় ক্ষতি হয়ছিল। পরের বার হামলা হলে এটি আরও মারাত্মক হবে! তাই আবারও তেমন পরিস্থিতি ডেকে আনবেন না।”

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

সাভারে মাদক ব্যবসায়ী শামসুল মিয়া ৩০ লিটার মদসহ গ্রে*ফতার!

শহিদুল্লাহ সরকার:

সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কাকাবো থেকে পেশাদার মাদক ব্যবসায়ী শামসুল মিয়া গরম ত্রিশ লিটার মদ সহ বিরুলিয়া ফাঁরি পুলিশ গ্রেফতার করে!

মাদক ব্যবসায়ী মোঃ শামসুল মিয়া(৫০)পিতা-মৃত ফজর আলী,বিরুলিয়ার কাকাবো নাগপাড়া এলাকার বাসিন্দা!নিজ এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে!মাদক ব্যবসায়ী শামসুল মিয়া’র বিরুদ্ধে মাদক আইনে পূর্বের পাচটি মামলা রয়েছে!

২৮শে জানুয়ারি সোমবার রাতে মাদক ব্যবসায়ী শামসুল মিয়া’কে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি’র কমান্ডো অফিসার ইনচার্জ এসআই আল আমীন তার সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামসুল মিয়াকে ত্রিশ লিটার মদ সহ গ্রেফতার করে!
মাদক ব্যবসায়ী শামসুল মিয়া গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আল আমীন!তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুল মিয়া কে গ্রেফতার করেন!তার বিরুদ্ধে সাভার মডেল থানা মাদক আইনে মামলা রুজু করা হবে!

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

জব্দ করা ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি জানুয়ারি মাসে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত নভেম্বর মাস থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট ৭টি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং কোস্টগার্ড। সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এম/টি সোফিয়া নামের একটি সুপারট্যাংকার জব্দ করে মার্কিন নৌবাহিনী কোস্টগার্ড। সুপারট্যাংকার এই জাহাজটির প্রকৃত মালিক পানামা, তবে সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটিই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে কী কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে, বাকি ট্যাংকার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে— সে ব্যাপারে সেই মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করেছিল রয়টার্স, কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন কোস্টগার্ড বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেও এ ইস্যুতে কিছু জানা যায়নি।ভেনেজুয়েলার সরকারি ইস্যুগুলোতে একমাত্র মিডিয়া দপ্তর হিসেবে দায়িত্বপ্রাপ্ত দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। রয়টার্স ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল, কিন্তু তারাও এ প্রসঙ্গে নীরব ছিলেন।

গত ৩ জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— এখন থেকে ভেনেজুয়েলার তেল সম্পদের সার্বিক এবং সর্বময় নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে।

কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের ৩ দিন পর ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়া-কে জব্দ করে মার্কিন কোস্টগার্ড-নৌবাহিনী। সুপারট্যাংকার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল।

জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কি না— সে ব্যাপারেও কিছু জানা যায়নি এখনও।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

শেরপুরের ঝিনাইগাতীতে সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

আলোকিত ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

২৮ জানুয়ারি বুধবার বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সঙ্গে সম্পর্কিত যে কোনও প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। সরকার বিএনপি এবং জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণহানির কোনও স্থান নেই।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, শেরপুরের পুলিশ সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এতে আরও বলা হয়, “শান্তি বজায় রাখা, আইনের শাসনকে সম্মান করা এবং শান্তিপূর্ণ এবং গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব দল, নেতা ও প্রচারকদের অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সব দিক থেকে শান্ত, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর।”

অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

পান্তা খেতাম লবণ ছাড়া, তখন খাবারের অভাব ছিল: ডা.এজাজুল ইসলাম

বিনোদন ডেস্ক:

দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং পেশাদার চিকিৎসক ডা.এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি মানুষের চরিত্রে তাকে দেখা গেলেও, তার বাস্তব জীবনের পেছনের গল্পটি সংগ্রামের ও ত্যাগের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার শৈশব, দারিদ্র্য এবং পান্তা ভাতের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা জানিয়েছেন।

ডা. এজাজ জানান, তার শৈশবটা সচ্ছল ছিল না। মাসের প্রায় ১০-১২ দিনই সকালের নাস্তা হতো পান্তা ভাত। তিনি বলেন, ‘আগে তো পান্তা খেতাম এক গামলা। এতগুলি! এখন যেহেতু ডায়াবেটিস এতটুকু খাই। পান্তা কিন্তু এতটুকু খেয়ে আপনার কখনোই তৃপ্তি হবে না। কিছু খাবার আছে বেশি করে খেতে হয়। তো পান্তা খেতে হয় বেশি করে। তো বেশি পান্তা তো খেতে পারি না ডায়াবেটিসের জন্য। এখন অল্প করে মাঝে মধ্যে খাই।’ ‘বেশিরভাগ খাওয়াটাই হয় শুটিং স্পটে। বাসায় তো পান্তা আয়োজন করে কে আমাকে দিবে? কেউই তো খায় না। সুতরাং শুটিং স্পটে গেলে, যেমন কিছুদিন আগে আফজাল ভাইয়ের একটা কাজ করেছি, আমাদের লিজেন্ড আফজাল হোসেন উনার কাজে সকাল বেলা পান্তা খেতাম। কারণ সকালে সব নাস্তাই ছিল, পান্তাও ছিল। উনার কাজে আমি পান্তা খেয়েছি কয়েকদিন সকাল বেলা।’

তার কথায়, ‘ছোটবেলা পান্তা খেতাম ওই যে, যে যেটা খেয়ে অভ্যস্ত। আমরা তো এত বড় লোকের ছেলে ছিলাম না। মাসে প্রায় ১০-১২ দিন দেখা যেত যে সকাল বেলার নাস্তা পান্তা। তো যেহেতু ছোটবেলা পান্তা সকাল বেলা খেতে বাধ্য হয়েছি, খেতে খেতে তারপর মুখের কাছে এটা প্রিয় হয়ে গিয়েছে। আমার খেয়াল আছে সকাল বেলা পান্তা ভাত খেতাম, লবণের খুব অভাব ছিল তখন। লবণ পাওয়া যেত না। আমরা লবণ ছাড়া পান্তা খেতাম সকাল বেলার নাস্তা। এটা আমার মনে আছে।’

তিনি আরও বলেন, ‘কাঁচামরিচ দিয়ে পান্তা মেখে, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা। আমার একটা প্রিয় খাবার। কিন্তু আপনি যদি আমাকে লবণ না দেন, তখন তো এটা অনেক খাওয়া না খাওয়ার সমান। তো মনে আছে তখন লবণ ছিল না, আমরা পান্তা খেতাম লবণ ছাড়া। খাবারের অভাব ছিল তখন অনেক।’

অভিনেতার ভাষ্যে, ‘আমার মনে আছে দাদি আম্মা তিন দিন পরপর গ্রামের একটা ছোট্ট বাজার হতো আমাদের। আমাকে এক টাকা করে দিতেন। এই এক টাকার সবজি কিনে আমাদের তিন দিন চলতো। আবার তিন দিন পরে এক টাকা। সেই সবজি কিনে আবার তিন দিন চলতো। এভাবে দিন গিয়েছে। আর যেহেতু নদীর পাড়ে বাড়ি ছিল, সুতরাং মাছের অভাবটা ছিল না। প্রচুর মাছ। তখন মাছ ধরতাম। আমার মনে আছে।’

আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি ২০২৬/মওম

ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির জনসমুদ্র,ঐক্যের ডাক তারেক রহমানের

সাবরিনা জাহান:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, রাত ১১:৪৫ মিনিটে তিনি উপস্থিত হন, যদিও তার আসার কথা ছিল সন্ধ্যা ৭টায়। পথে যানজট এবং নেতাকর্মীদের ভিড়ের কারণে নির্ধারিত সময়ে তিনি পৌঁছাতে পারেননি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর গাজীপুরে তার এই জনসভা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। জনসমুদ্রের কারণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জনসভায় তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির, শিল্পায়নের এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পখাতে বিনিয়োগ উৎসাহিত করা হবে।
গাজীপুরকে দেশের “গার্মেন্টসের রাজধানী” উল্লেখ করে তিনি বলেন, এখানকার শ্রমিকরাই জাতীয় অর্থনীতির মূল শক্তি। গার্মেন্টস শিল্পের পাশাপাশি নতুন রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের সম্মানজনক জীবন নিশ্চিত করা। কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া গণতন্ত্র টেকসই হয় না।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এর আগে জনসভায় গাজীপুর জেলার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরাও বক্তব্য রাখেন:
গাজীপুর-১: মো. মজিবুর রহমান
গাজীপুর-২: এম. মঞ্জুরুল করিম রনি
গাজীপুর-৩: অধ্যাপক ড. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু
গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান
গাজীপুর-৫: একেএম ফজলুল হক মিলন
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে ভাওয়াল রাজবাড়ী মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুরে এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনতে পারে।

আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি ২০২৬/মওম