আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 159

শেরপুরে এএসআইয়ের ঝু*লন্ত লা*শ উদ্ধার

মামুনুর রহমান:

শেরপুরে শাহীনুল ইসলাম (৪৩) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। মানসিক সমস্যার কারণে এএসআই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শাহীনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহীনুল। সদর থানার সামনেই রাস্তার অপর পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। গতকাল বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যান। শাহীনুল বেলা ২টার দিকে ডিউটি শেষে থানা থেকে বাসায় ফিরলেও স্ত্রীর ফোন ধরছিলেন না। পরে তিনি স্বজনদের নিয়ে রাতে বাড়িতে ফিরে দেখেন, শাহীনুলের কক্ষ ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় স্বজনদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে শাহীনুলের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে থানা-পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থলে যান।

স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহীনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ওষুধ খেতেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শাহীনুলকে দেখে কখনো মনে হয়নি তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা বলেন, খবর পেয়ে এএসআই শাহীনুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি ২০২৬/মওম

বাংলাদেশকে নিয়ে জামায়াতের সুস্পষ্ট ভিশন নেই: মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশকে নিয়ে জামায়াতে ইসলামি দলের কোনও সুস্পষ্ট ভিশন নেই বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। এছাড়াও তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামি হলো আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ বা মুদ্রার এপিঠ–ওপিঠ। তাঁর মতে, দেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াতও থাকবে, আর জামায়াত টিকে থাকলে আওয়ামী লীগও থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ে নতুন কোনও রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয় বলে মনে করেন। তার মতে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জামায়াতের কোনো সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই এবং নীতিগত, শ্রেণিগত এবং সামাজিক বহু বিষয়ে তাদের অবস্থান অস্পষ্ট। তিনি আরও বলছেন, জামায়াতের সঙ্গে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার কোনও সন্তোষজনক উত্তর থাকবে না।

সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলছেন, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি এবং জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে। তবে, এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ‘ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্ট এর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করল, তখন সেই ‘তৃতীয় শক্তি’ গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়।

বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেছেন, ক্ষমতায় যে দলই আসুক, যেমন, বিএনপি বা জামায়াত, সমাজের ভেতরে থাকা ক্ষত সারাতে না পারলে কোনও সরকারই টিকবে না। তিনি বলেন, শুধু কাগজে-কলমে সংস্কার করলেই হবে না। সমাজে যদি ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বা ‘রিনেগোসিয়েশন’ না হয়, তবে সমাজে মব ভায়োলেন্স বা বিশৃঙ্খলা চলতেই থাকবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ এবং আসন্ন নির্বাচন সম্পর্কে প্রশ্নে মাহফুজ আলম জানিয়েছেন, তিনি আর আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ারও পরিকল্পনা নেই। তার ভাষায়, এটা নির্বাচনে যাওয়ার সময় নয়। বিশেষ করে এনসিপি ও জামায়াতে ইসলামির জোটকে তিনি আদর্শগতভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ আলম বলেছেন, তিনি এখন রাজনীতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চান। হতাশ তরুণদের সঙ্গে আলোচনা, পাঠচর্চা ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে তিনি বুঝতে চান, কেন জুলাই আন্দোলন প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি এবং সামনে বাংলাদেশের জন্য কোন ধরনের পথরেখা প্রয়োজন।
তিনি জোর দিয়ে বলেছেন, শুধু রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই। তার মতে, একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সমাজের সঙ্গে ‘সাংস্কৃতিক পুনর্নেগোশিয়েশন’ বা নতুন করে বোঝাপড়া অপরিহার্য।

আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি ২০২৬/মওম

ইরানের পাল্টা হামলার জবাব এবার আগের মতো সীমাবদ্ধ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে পাল্টা হামলা আগেরবারের মতো আর সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ৩০ জানুয়ারি শুক্রবার তিনি এমন হুমকি দেন।

রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। যা হবে চূড়ান্ত এবং দৃঢ়সংকল্পমূলক।

গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। ১২ দিনের ওই যুদ্ধের শেষদিকে ইরানের চারটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। এছাড়া এতে যুদ্ধবিমানবাহী রণতরীও ব্যবহার করা হয়েছিল। মার্কিনিদের এ হামলা ছিল সীমিত। এর জবাবে ইরানও সীমিত হামলা চালিয়েছিল। তারা কাতারে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি আল-উদেইদে মিসাইল ছুড়েছিল। পরে ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে।

তবে এবার আর এমন কিছু হবে না হুঁশিয়ারি দিয়েছেন ইরান সেনাবাহিনীর মুখপাত্র। তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের পাল্টা হামলা হবে দীর্ঘ।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি হামলা চালানোর মতো ভুল হিসাবনিকাশ করে, তাহলে ট্রাম্প যেভাবে ভাবছেন সেভাবে সবকিছু হবে না। তিনি আকস্মিক হামলা চালাবেন এরপর দুই ঘণ্টা পর টুইট করবেন অভিযান শেষে হয়েছে, এমনটি হবে না।”

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও রণতরীগুলো তাদের মিসাইলের কাছে দুর্বল বলেও দাবি করেছেন এ সেনা কর্মকর্তা। এছাড়া ওই অঞ্চলে থাকা মার্কিনিদের সব সামরিক অবকাঠামো ইরানের মধ্যম পাল্লার মিসাইলের পরিধির মধ্যে আছে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি ২০২৬/মওম

বন্যপ্রাণী সংরক্ষণে দেশের সাধারণ মানুষকে সচেতন হতে হবে: রিজওয়ানা

আলোকিত ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বন্যপ্রাণী সংরক্ষণে সরকার উইং প্রতিষ্ঠা করছে। কিন্তু সেটাই যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে মূল্যবোধ থাকতে হবে; তাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হতে হবে।

গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ান হাসান বলেন, বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। এর জন্য প্রয়োজন সমন্বিত এবং কৌশলগত সংরক্ষণ উদ্যোগ।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব ধরনের প্রাণীর রেড লিস্ট হালনাগাদের উদ্দেশ্য হলো ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা। সেই কাজটি করা না গেলে তালিকা প্রণয়ন করা অর্থহীন।

সূত্র : বাসস।

আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি ২০২৬/মওম

সোনারগাঁ উপজেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

সুজন মাহমুদ, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ জানুয়ারি (বুধবার) রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাক্ষরিত ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের নথিতে কেন্দ্রীয় স্থায়ী সদস্য দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি ফাহাদুল ইসলামের সভাপতি দৈনিক বাংলা ভূমির জেলা প্রতিনিধি , উজ্জল হোসেন মাসুমকে সাধারণ সম্পাদক দিয়ে ২১ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা জেলা কমিটির অনুমোদিত হয়েছে। অনুমোদিত কমিটিতে রয়েছেন ,সিনিয়র সহ-সভাপতি দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার, আব্দুল করিম সাধারণ সম্পাদক, দৈনিক বাংলা ভূমির জেলা প্রতিনিধি ,উজ্জল হোসেন মাসুম , যুগ্ম সম্পাদক, তারেক হাসান চৌধুরী -দৈনিক পত্রিকার পাতা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক, মোঃ শামীম হোসাইন হৃদয় -দৈনিক অগ্রবানী, স্টাফ রিপোর্টার, JATV নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি অর্থ বিষয়ক সম্পাদক- হারুন অর রশীদ দৈনিক প্রানের বাংলাদেশ -সোনারগাও প্রতিনিধি । মহিলা বিষয়ক সম্পাদক , ফাইমা রিয়া, স্বদেশ প্রতিদিন, সিদ্দিরগঞ্জ প্রতিনিধি, আমাদের কন্ঠ,সিদ্দিরগঞ্জ প্রতিনিধি দপ্তর সম্পাদক , শ্রী হরি বর্মন –বাংলা ভিশন ক্যামেরা পারসন। সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক, সুজন মাহমুদ, দৈনিক আলোকিত প্রতিদিন,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি । প্রচার সম্পাদক, হাসান আলী শুভ, দৈনিক ইয়াদ, স্টাফ রিপোর্টার। ধর্ম বিষয়ক সম্পাদক , আবুল কালাম আজাদ, দৈনিক বাংলা প্রতিদিন -সম্পাদক ও প্রকাশক।

আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি 

নোয়াখালী প্রতিনিধি:

দেশের বিভিন্ন জেলায় ভূমি সহকারী কর্মকর্তাদের (তহসিলদার)বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও বিভিন্ন দাবি দাওয়া আদায়সহ ৬ দফা দাবিতে নোয়াখালী জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নোয়াখালী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।

জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায়  সমিতির সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ ভূমি সচিব বরাবর লিখিত স্মারকলিপিটি জেলা প্রশাসক শফিকুল ইসলামের হাতে তুলে দেন।

স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক তাদের দাবিগুলো গভীর মনোযোগ সহকারে শোনেন।পরে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছাতে আশ্বাস দেন।
এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন দাউদ হোসেন, জহিরুল ইসলাম সোহেল,মিজানুর রহমান,নজরুল ইসলাম প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার আহ্বান

মোহাম্মদ আলমগীর-লামা(বান্দরবান):

পাহাড়বেষ্টিত জনপদের নীরবতা ভেঙে বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে জনসমাবেশে রূপ নেয় ধানের শীষের নির্বাচনী পথসভা। ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলের কোমল আলোয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। জনতার চোখেমুখে ছিল প্রত্যাশার দীপ্তি, কণ্ঠে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে আয়োজিত এ পথসভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও লামার সন্তান আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁর বক্তব্যে একটি ন্যায়ভিত্তিক,গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় প্রতিফলিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এবং ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি বক্তব্যেকালে পাহাড় ও সমতলের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তাঁদের সুখ–দুঃখের অংশীদার হয়ে কাজ করাই আমার অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসার ওসমান গনি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, যুগ্ন আহবায়ক জাহাংগীর আলম, যুগ্ন আহবায়ক মসিউর রহমান মিঠুন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক লামা পৌরসভার মেয়র আমির হোসেন আমু, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী; এবং লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া। তারা তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনগণের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
এছাড়াও বান্দরবান জেলা বিএনপি ও লামা উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত থেকে জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
পথসভায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ জানান, বান্দরবান–৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর প্রতি তাঁদের আস্থা অটুট। তাঁদের বিশ্বাস, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এ জনপদে ন্যায়, শান্তি ও উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

আন্তর্জাতিক বাণিজ্য মেলা: ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্য

রিপন পাল:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আধুনিক ও বিদেশি পণ্যের ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাড়ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি গৃহস্থালি ও শৌখিন সামগ্রী। রঙিন প্যাভিলিয়ন আর ঝলমলে পণ্যের ভিড়েও মৃৎশিল্পের প্রতি ক্রেতাদের আগ্রহ প্রমাণ করছে-মাটির জিনিসের চাহিদা এখনও ফুরিয়ে যায়নি। মাটির তৈরি নানা গৃহস্থালি সামগ্রী ও ঘর সাজানোর নান্দনিক উপকরণে সাজানো এই প্যাভিলিয়নে সারাক্ষণই ভিড় লক্ষ করা যাচ্ছে।
মেলার মূল ভবনের দক্ষিণ-পশ্চিম কর্ণারের শাহপরান মৃৎশিল্পের প্যাভিলিয়নটি ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে রয়েছে মাটির তৈরি নানা রকমের গৃহস্থালি ও সাজসজ্জার সামগ্রী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্যাভিলিয়নের দেয়ালজুড়ে স্তরে স্তরে সাজানো রয়েছে মাটির তৈরি সাধারণ প্লেট, বিরিয়ানির প্লেট, কাপ-পিরিচ, গ্লাস, ডিনার সেট, হাঁড়ি, গামলা, ফুলদানি, ব্যাংক, ওয়ালমেট, মোমদানি, ল্যাম্প, পুতুল, শোপিস ও নানা ধরণের গিফট আইটেম। নানান রঙ, নকশা ও আকৃতির এসব পণ্য ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণ করছে। অনেকেই পছন্দ অনুযায়ী কিনে নিচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী।
একসময় গ্রামবাংলার দৈনন্দিন জীবনে মাটির তৈরি জিনিসপত্রই ছিল গৃহস্থালির প্রধান অনুষঙ্গ। যখন সময়ের পরিবর্তনে প্লাস্টিক এবং মেলামাইন পণ্যের দখলে তখন মাটির তৈরি পণ্যে মানুষের মন জয় করছে। এখনো মানুষের মনে মাটির জিনিসের প্রতি আলাদা টান রয়েছে। বাণিজ্যমেলায় ক্রেতাদের এসব পণ্য কেনার বড় সুযোগ হয়ে উঠেছে।
মাটির তৈরি কাপ-পিরিচ প্রতি পিস ১০০ থেকে ১৫০ টাকা, থালা ১০০ থেকে ১৫০ টাকা, ফুলদানি ১২০ থেকে ২০০ টাকা, ব্যাংক ৪০ থেকে ২০০ টাকা, ওয়ালমেট ২০০ থেকে ৩০০ টাকা এবং মাটির হাঁড়ি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মেলায় মাটির তৈরি পণ্য কিনতে আসা গৃহবধূ হাসিনা আক্তার বলেন, আধুনিকতার কারণে এখন মাটির জিনিসপত্রের ব্যবহার অনেক কমে গেছে। তবে প্লাস্টিক বা মেলামাইনের তুলনায় মাটির তৈরি সামগ্রী বেশি স্বাস্থ্যকর। পাশাপাশি দেখতে সুন্দর এবং দামও তুলনামূলক কম। এসব কারণেই তিনি মাটির তৈজসপত্র কিনছেন।
একই প্যাভিলিয়ন থেকে কেনাকাটা করছিলেন স্কুলশিক্ষক সাইফুল ইসলাম । তিনি বলেন, ঘর সাজাতে সবচেয়ে বেশি দরকার রুচিবোধ। অল্প খরচেই মাটির তৈরি জিনিসপত্র দিয়ে ঘরকে সুন্দরভাবে সাজানো যায়। মাটির পুতুল, ফুলদানি, মোমদানি কিংবা ল্যাম্প ঘরের পরিবেশকে সহজেই আকর্ষণীয় করে তোলে। তাই ভিন্ন ধাঁচের কিছু শোপিস কিনেছেন তিনি।
শাহপরান মৃৎশিল্পের স্বত্বাধিকারী শাহপরান বলেন, তিনি ২০ বছরের বেশি সময় ধরে মাটির তৈরি গৃহস্থালি ও শৌখিন পণ্য নিয়ে কাজ করছেন। তার তৈরি পণ্যগুলো ৮৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়, ফলে এগুলো কাচের কাচের সামগ্রীর চেয়েও বেশি টেকসই। বিশেষ করে তরুণদের মধ্যে মাটির তৈরি এসব পণ্যের চাহিদা বেশি বলে জানান তিনি। মেলার প্রথম দিকে বিক্রি তুলনাকূলক কম ছিল। তবে এখন ক্রেতাদের ভিড় ও বিক্রি বাড়ছে। এখনও অনেক মানুষের কাছে মাটির তৈরি গৃহস্থালি সামগ্রীর আলাদা কদর রয়েছে।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে ৫৬তম বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল:

”সুস্থ দেহ সুন্দর মন,স্বপ্ন ও মননে চাই তারুণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক শাহানুল কবীর মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিউল্লাহ খান পাঠান, শিক্ষানুরাগী হেদায়েত উল্লাহ রুমিন, কে এন এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের খান, মৌগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনু, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবুল মুনসুর আহম্মদ, সিনিয়র সহকারী শিক্ষক আইরিন আক্তার, সভাপতির সহধর্মীনী নীলুফা ইয়াসমিন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃত্বিত অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক নাচ ও জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করেন।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে ১৫ জন আ*হত

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) একটি বাস উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে থাকা বালুর ঢিবির সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ভিতরে আটকা পড়ে।এ দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা গণমাধ্যমে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম