আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 158

তাড়াইলে মা*দকাসক্ত সন্তানের হাতে পিতা খু*ন

প্রতিনিধি,তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকাসক্ত ২২ বছর বয়সী সন্তানের হাতে পিতা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

১ ফেব্রুয়ারি রবিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার তাড়াইল–সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত রমজান আলী (৪৫), পিতা-মৃত জব্বার।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, নিহত রমজান আলীর দুই পরিবারের মধ্যে প্রথম পরিবারের বড় ছেলে জুয়েল মিয়া (২২) শনিবার দিবাগত রাতে একই ঘরে একই রুমে ঘুমিয়েছিল। ভোর রাতে মাদকাসক্ত জুয়েল মিয়া ধারালো দা দিয়ে তার পিতার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

তখন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসা এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানা হেফাজতে নেয় এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করেছে। রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত জুয়েল মিয়া নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য পিতা-পুত্রের মধ্যে বিরোধের একপর্যায়ে সে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রেক্ষিতে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত রমজান আলীর ঘরে রয়েছে দ্বিতীয় স্ত্রী এবং তিন ছেলে ও একটি মেয়ে। স্বজনরা জানান, মাদকাসক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার নিজ মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করত। তবে মাঝে মাঝে সে নিজ বাবার বাড়িতে বেড়াতে আসত। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন নেশার টাকার দাবিকে কেন্দ্র করে কলহের একপর্যায়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে।

আলোকিত প্রতিদিন/ ০১ফেব্রুয়ারি ২০২৬/মওম

নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য দেশকে জাহান্নাম বানিয়ে দেবো: হাসনাত আবদুল্লাহ

আলোকিত  প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ১ ফেব্রুয়ারি রবিবার কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজের আদেশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

হাসনাত বলেন, “ব্যাংক ডাকাত, ঋণখেলাপীদের জন্য এটি একটি বার্তা। নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবো।”

সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিল আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না পারবেন না বলে জানান আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়।

মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন মঞ্জুরুল। রিটে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়। গত ২১ জানুয়ারি সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট।

আলোকিত প্রতিদিন/ ০১ফেব্রুয়ারি ২০২৬/মওম

ইরানের জন্য হয়ত ফাঁদ পাতছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধ শুরু করেছিল দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওই সময় দীর্ঘ ১২দিন যুদ্ধ হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহারোনোত জানিয়েছে, আলোচনার নামে গত বছরের মতো এবারও হয়ত ইরানের জন্য ফাঁদ পাতছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যমটি বলেছে, “অব্যাহতভাবে আলোচনার আহ্বান জানালেও, ইরানের বিরুদ্ধে হুমকি-ধামকি বৃদ্ধি করেছেন ট্রাম্প। গত বছরের ১২ দিনের যুদ্ধের মতো ইরানকে এবারও ফাঁদে ফেলার চেষ্টা করছেন তিনি।”

গত বুধবার ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল বহর যাচ্ছে। তিনি হুমকি দিয়ে বলেন, আলোচনায় ইরানকে তাদের সহায়তা করতে হবে। নয়ত গতবারের চেয়ে আরও খারাপ হামলা চালানো হবে।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান হয়ত তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছু ছাড় দিতে পারে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো ছাড় দেবে না।

তারা আরও বলছে, গত বছর হামলার আগে ইরানকে ট্রাম্প একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপর ওই সময় পার হওয়ার পর হামলা চালান। এবারও ট্রাম্প ইরানকে এমন সময়সীমা দেবেন, যেটি ইরান রক্ষা করতে পারবে না। এরপর তিনি হামলার নির্দেশ দেবেন।

গত বছর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চলছিল। এরমধ্যে ১৩ জুন আকস্মিকভাবে ইরানে হামলা চালিয়ে বসে দখলদার ইসরায়েল। এরপর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের চারটি পারমাণবিক অবকাঠামোতে বোমা ফেলে।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে এক ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, “ইরান নিয়ে কি অবস্থান নেবেন তা নিয়ে ট্রাম্প নিজে হয়ত কোনো সিদ্ধান্ত নেননি। একই সময় তুরস্ক, কাতার, সৌদি আরব, ওমান ও মিসর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে।”

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তির জন্য কিছু শর্ত দিচ্ছে। যারমধ্যে রয়েছে ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এর অংশ হিসেবে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে হবে। ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম কমিয়ে ফেলতে হবে। এমনকি মিসাইলের দূরত্বও কমানোর শর্ত দেওয়া হচ্ছে। যেন এগুলো ইসরায়েলে পৌঁছাতে না পারে। এছাড়া হিজবুল্লাহ, হুতি এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ করতে হবে।

ইসরায়েলি সূত্র ও কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি হয়ত পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারেন। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে দেওয়া শর্তে কোনো ছাড় দেবেন না।

ফলে এখন প্রশ্ন দেখা দিয়েছে পারমাণবিক কার্যক্রম বাদে অন্যান্য যেসব শর্ত দেওয়া হচ্ছে সেগুলো কি চাপ প্রয়োগের কোনো কৌশল কি না। ট্রাম্প কি শুধুমাত্র পারমাণবিক ইস্যু নিয়েই সন্তুষ্ট থাকবেন কি না।

এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার একটি শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু ওই সময় ইসরায়েল এর বিরোধীতা করে। দখলদাররা যুক্তরাষ্ট্রকে জানায়, যদি এখন ছোট হামলাও চালানো হয় তাহলে ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারে। এজন্য এখন সীমিত হামলা না চালিয়ে, প্রস্তুতি নিয়ে বড় হামলা চালানো ঠিক হবে।

সূত্র: দ্য নিউ আরব

আলোকিত প্রতিদিন/ ০১ফেব্রুয়ারি ২০২৬/মওম

ফেনীতে মাসুদ হত্যার দুই আসামি গ্রেফতার

মোঃ আতীক রোজেন, ফেনী প্রতিনিধি। ফেনী মডেল থানাধীন এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির রোড এলাকায় টিকটক গলির মুখে নুর নাহার মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় এমরান হোসেন ওরফে মারুফ (২০) ধারালো অস্ত্র দিয়ে মো. মাসুদ হাসান (১৮)-কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় রাইমান ইসলাম রায়াত (১৮) বটি দিয়ে মো. ইফরান হোসেন ইয়াফি (১৯)-কে গুরুতর জখম করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ইফরান হোসেন ইয়াফিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের মা সুমি আক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬৪/২০২৬) রুজু করা হয়।মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই (নিঃ) ওয়ালি উল্যাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাজির রোড এলাকা থেকে রাইমান ইসলাম রায়াতকে এবং একই দিন সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ট্রাংক রোড এলাকা থেকে এমরান হোসেন ওরফে মারুফকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এর মধ্যে রাইমান ইসলাম রায়াত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি বটি এবং রক্তমাখা এক জোড়া প্লাস্টিকের জুতা উদ্ধার করে জব্দ করেছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

আলোকিত ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল।

১ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠকে বসেন তারা।

নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বৈঠকে অংশ নিয়েছেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

আলোকিত প্রতিদিন/ ০১ফেব্রুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইলের উন্নয়নে তারেক রহমানের কাছে সাত দাবি তুলে ধরলেন: সুলতান সালাউদ্দিন টুকু

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে টাঙ্গাইলবাসীর বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব দাবি উপস্থাপন করেন।
বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটারের পক্ষ থেকে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছেন। তিনি জানান, যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। একই সঙ্গে চরবাসীর প্রাণের দাবি হিসেবে মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারিকরণ করেছিলেন। টাঙ্গাইলবাসীর প্রত্যাশা অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি। পাশাপাশি ঢাকার নিকটবর্তী হলেও টাঙ্গাইল দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এখানে একটি শক্তিশালী ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় এটিকে সিটি করপোরেশনে উন্নীত করা সময়ের দাবি। একই সঙ্গে টাঙ্গাইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে টাঙ্গাইলবাসীর এসব ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।
পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলবাসীর উত্থাপিত সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
আলোকিত প্রতিদিন/এপি

একটি সুন্দর জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই: খায়রুল কবির খোকন

বিশেষ প্রতিনিধ, বিএনপির যুগ্ম মহাসিচব ও নরসিংদীর সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হলে শিক্ষা, খেলাধুলাসহ সব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত সানবীম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীন-সহ অতিথিরা। খায়রুল কবির খোকন বলেন, নরসিংদীর সানবীম স্কুল সুনামের সঙ্গে পাঠদান করে আসছে। আগামীতেও এই প্রতিষ্ঠানটি খেলাধুলাসহ সব বিভাগে এগিয়ে থাকবে।

খায়রুল কবির খোকনের হাতে ক্রেস্ট তুলে দেন নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীন। নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ সহ আরো অনেকেই। পরে অতিথিরা স্কুল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ৫ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো: মহিদ, মানিকগঞ্জে টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন “টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’’ (টিআরইউ)-এর উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো একটি শিল্প প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। টিআরইউ এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই প্রয়াস। ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা করি।সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, সাংবাদিকদের সংগঠন হিসেবে শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের দায়বদ্ধতা থেকে মানবিক কাজেও টিআরইউ সবসময় পাশে থাকতে চায়। এ ক্ষেত্রে ডেবোনেয়ার গ্রুপ যে সহযোগিতার হাত বাড়িয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, টিআরইউএর উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, মনিরুল ইসলাম মিহির, কার্যকরী পরিষদের সদস্য ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন ,কার্যকরী পরিষদের সদস্য ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন,যুগ্ন সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রানা পারভেজ, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, সংগঠনের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোকিত প্রতিদিন/এপি

অন্যধারা সাহিত্য সংসদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সৈয়দ রনোর জন্মদিন পালিত

এমএইচ চৌধুরীঃ ৩০ জানুয়ারী ২০২৬ইং বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয় অনাড়ম্বর মিলনমেলায়। জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও জাতীয় দৈনিক অন্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সৈয়দ নুরুল হুদা রনো, সভাপতি অন্যধারা সাহিত্য সংসদ এর উপস্থিতিতে অন্যধারা সাহিত্য সংসদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও ছড়াকার আবু ছালেহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. শহীদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, কবি ড. এম. মুস্তাকুল হক, কবি শাহীন চৌধুরী, কবি রফিকুল ইসলাম, কবি তন্ময় হারিস, কবি আতিক হেলাল, অন্যধারা সাহিত্য সংসদের সাবেক চেয়ারম্যান কবি ক্যামেলিয়া আহমেদ, ছড়াকার নুরুজ্জামান ফিরোজ, অন্যধারা সাহিত্য সংসদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবি আবদুল মজিদ, কবি ড.কল্যাণ চক্রবর্তী অন্যধারা সাহিত্য সংসদ, সাংগঠনিক সচিব কবি লিলি শেঠ, কো-চেয়ারম্যান কবি আশরাফ মির্জা, কবি কামরুল হাসান, যুগ্ম মহাসচিব কবি মোজাফফর হোসেন বাবু, কবি রিনা পন্ডিত, কবি জোহরা রুবি, ডা: সাবিনা ইয়াসমিন, কবি বিথী কবির, কবি, এস এম বিরাজ মুস্তাফা, সৈয়দ এনামুল হুদা, প্রধান শিক্ষক হাবিবুর হাবিব, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা। অনুষ্ঠান শুরুর পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার কবি, সাহিত্যিক, সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মিলনমেলায় রূপ দেন।
আলোকিত প্রতিদিন/এপি

সাভারের বিরুলিয়ায় ডা*কাতির প্রস্তুতিকালে ৮ জন ডা*কাত গ্রে*ফতার

শহিদুল্লাহ সরকার:

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান,পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় সাভার মডেল থানার একটি কমান্ডো টিম বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে।
৩০/০১/২০২৬ খ্রি. তারিখ ভোর আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময়, সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ১৫/১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ সানি মিয়া (৩৫)
২। মোঃ রাসেল মিয়া (৩২)
৩। মোঃ রিপন মিয়া (৩৩)
৪। মোঃ শাহিন মিয়া (৩১)
৫। মোঃ মাসুদ রানা (৩১)
৬। মোঃ সোহাবান মিয়া (২৩)
৭। মোঃ নুর নবী (২৭)
৮। মোঃ ইমন মিয়া (২৫)

উদ্ধারকৃত আলামতসমূহ:
০২টি লোহার তৈরি দা
০১টি লোহার তৈরি ছুরি
০১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল
০৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু

এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি ২০২৬/মওম