আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 155

হরিণ মার্কার সমর্থনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচনী পথসভা

সাইফুল ইসলাম সবুজ
টাঙ্গাইল-৮ বাসাইল–সখীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার কালিয়া ইউনিয়নের বাসারচালা,কালিয়া বাজার, বানিয়ারছিট ও আড়াইপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে হরিণ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভাগুলোতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা জরুরি। তিনি সালাউদ্দিন আলমগীরকে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পথসভাগুলোতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালানো হয়।
আলোকিত প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

হরিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে অ*বৈধ অ*স্ত্র ও বো*মা উদ্ধার

মো: মহিদ:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেসরাগঞ্জ বাজার এলাকার ব্রিজের পাশ থেকে একটি পাকিস্তানি রিভালবার, পাঁচটি ককটেল বোমা, একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৫৪ জন সদস্য ও পুলিশের ২১ জন সদস্য নিয়ে গঠিত একটি যৌথ টিম লেসরাগঞ্জ বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ব্রিজের পাশ থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাগুলো সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট নিরাপদভাবে ধ্বংস করে। এছাড়া উদ্ধার হওয়া রিভালবার ও অন্যান্য অস্ত্র হরিরামপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনীর এই কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব অবৈধ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে যৌথ বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোকিত প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ কিছু ঘটবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তেজনা, হুমকি এবং পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগবি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে সরাসরি আলোচনা হবে।

তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান যদি চুক্তি না করে তাহলে ইরানের সঙ্গে ভয়াবহ কিছু ঘটবে।

ট্রাম্প ইরান নিয়ে তার সর্বশেষ বক্তব্যে আজ বলেছেন, “ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে— বড় বহর— বড় এবং সেরা— ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়, অসাধারণ হবে। কিন্তু যদি এরমাধ্যমে না হয় তাহলে (ইরানের সঙ্গে) খারাপ কিছু ঘটবে।”

গত সপ্তাহে ইরানের কয়েকজন সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছিলেন আলোচনা শুরুর জন্য ট্রাম্প তিনটি শর্ত দিয়েছে। প্রথমটি হলো ইউরেনিয়াম মজুদকরণ শূন্যে নামিয়ে আনতে হবে। দ্বিতীয়টি— ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম সীমিত করতে হবে। তৃতীয় শর্ত— হুতি, হিজবুল্লাহসহ অন্যান্য প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করতে হবে।

ইরান ট্রাম্পের এসব শর্ত মানবে বলে ইঙ্গিত দিয়ে আসছে। তবে ইরানের দুজন সূত্র বলেছেন, তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ব্যাপারে আলোচনা করতে রাজি আছেন। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো আলোচনা হবে না।

প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে মধ্যপ্রাচ্যের দুজন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান পারমাণবিক কার্যক্রম স্থগিত বা পুরোপুরি বন্ধ করে দিতেও রাজি আছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করায় জরিমা*না

সোহেল রানা-বিশেষ প্রতিনিধিঃ ৩ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর। নীলফামারী জেলার সদর উপজেলার গাছবাড়ি  নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৪ (চার) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স মায়ের দোয়া স্টোরকে ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
আলোকিত প্রতিদিন/এপি

ক্ষমতার লোভে বিএনপি কখনোই ধর্মকে ব্যবহার করেনি : রবিন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, ক্ষমতার লোভে বিএনপি কখনোই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। বরং বিএনপি সবসময় মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের রাজনীতিতেই বিশ্বাস করে।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার  রাজধানীর কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি কলেজ রোডে বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, শুধু মুখে বললে পরিবর্তন আসে না, পরিবর্তন আসে কাজের মাধ্যমে। আমাদের তরুণদের দিনরাত পরিশ্রম করে এই এলাকার বাস্তব পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা ও ৯টি পরিকল্পনা প্রণয়ন করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা এবং ভালোবাসা নিয়ে সরকার গঠন করতে পারলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে।

বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি প্রার্থী বলেন, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, বাবাদের জন্য কৃষি কার্ড, সন্তানদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি সেন্টার এবং হাসপাতাল নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি, মেধাভিত্তিক কর্মসংস্থান, কারিগরি শিক্ষার প্রসার, নদী ও পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ ও পার্ক নির্মাণ, ধর্মীয় শিক্ষার প্রসার ও আলেম সমাজের মর্যাদা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নিজ এলাকাকে ডেঙ্গুর আঁতুড়ঘর উল্লেখ করে রবিন বলেন, জুরাইন নাম শুনলেই অনেকে ডেঙ্গুর কথা মনে করে। জলাবদ্ধতা এখানকার সবচেয়ে বড় সমস্যা। অধিকাংশ রাস্তায় ড্রেন নেই, আর যেখানে আছে সেখানে অপরিকল্পিত উন্নয়নের কারণে রাস্তাগুলো নিচু হয়ে গেছে। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, ফলে এলাকা অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে।

 নিজের ঘোষিত ২০টি সমস্যা সমাধানে অঙ্গীকারের কথা উল্লেখ করে রবিন বলেন, স্থানীয় জনগণের কাছ থেকে সমস্যাগুলো চিহ্নিত করেই এই অঙ্গীকার করা হয়েছে। কিছু সমস্যা এলাকাবাসী মিলেই সমাধান করা সম্ভব, আর বড় সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। এলাকার মুরুব্বি ও আলেম সমাজের মর্যাদা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে আলেম সমাজ ও বয়োজ্যেষ্ঠদের সম্মান দেওয়া হয়নি। অন্যায়ের প্রতিবাদ করলে জঙ্গিবাদী তকমা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে মুক্ত আলোচনা ও সম্মিলিত সিদ্ধান্তের পরিবেশ তৈরি করতে চাই।

রবিন বলেন খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আমি বলতে চাই, আমরা এই এলাকার মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রায় ১৮ বছর পর মানুষ ভোটের স্বাধীনতা ফিরে পেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি দায়বদ্ধ সরকার গঠনের জন্য।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন কদমতলী থানা বিএনপির আহ্বায়ক আবু নাসের ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল এবং সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা আলম। সভায় সভাপতিত্ব করেন আলমগীর খান লিপু। সঞ্চালনা করেন আনোয়ার হোসেন স্বপন ও লুৎফুল কবির চৌধুরী।

আলোকিত প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

র‍্যাবের নতুন নাম, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স(এসআইএফ)

আলোকিত প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।  ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে বাহিনীটি নতুন নামেই পরিচিত হবে। আনুষ্ঠানিক আদেশ জারির পরই নতুন পরিচয়ে কার্যক্রম শুরু হবে।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, শুধু নাম নয়, ইউনিটটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র‍্যাবের কার্যক্রম এবং কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বাহিনীর নতুন পরিচয় দেওয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, র‍্যাব নামটি নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। নতুন নামের মাধ্যমে সেই ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে— এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।

তিনি আরও জানান, বর্তমানে পুলিশের মনোবল এবং কর্মক্ষমতা বেড়েছে। ফলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নীলফামারীতে শব্দ দূষণরোদে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমা*না

সোহেল রানা-বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার   অপরাধে ২টি যানবাহনের কাছে ১হাজার  টাকা জরিমানা আদায় করেন, পরিবেশ অধিদপ্তর।
সোমবার  ২ ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার সদর উপজেলার বাইপাস মোড় নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম ও শেখ ইমাম মোশারফ । অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২ টি যানবাহনের বিরুদ্ধে মোট ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৩ (তিন) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

ঢাকা-১১তে লাশের রাজনীতির শঙ্কা তৈরি হয়েছে : নাহিদ ইসলাম

আলোকিত ডেস্ক:

ঢাকা-১১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সহিংসতা এবং ভয়ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করছে, যা দেশবাসী অতীতেও দেখেছে।

২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, তার ব্যানার-ফেস্টুন নিয়মিত ছিঁড়ে ফেলা হচ্ছে, কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ নির্বাচন কমিশনকে জানানোর পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন নাহিদ ইসলামের কতগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, সেটা খোঁজ নিয়ে দেখেন। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার আসনেই যদি এই অবস্থা হয়, তাহলে অন্য আসনগুলোর পরিস্থিতি কেমন তা সহজেই অনুমেয়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তিনি বলেন, কয়েকদিন আগে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিক। বিষয়টি গোপন করে তিনি নির্বাচন কমিশনে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এখন আইনের সিদ্ধান্ত আইনই নেবে,’ বলেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। আমরা আওয়ামী লীগ আমলে যা দেখেছি, তার সবকিছুই ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র দখল হবে না, সেই নিশ্চয়তাও নেই।

তিনি আরও বলেন, কেউ যদি সংবিধান এবং আইন লঙ্ঘন করে নির্বাচনে অংশ নিতে চায়, সেটা আমরা মেনে নিতে পারি না। এ কারণেই আদালতে যাওয়া হয়েছে।

এ সময় বিদেশি বা আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ নিয়েও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। নাহিদ ইসলাম বলেন,কোনো আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার পাঁয়তারা করে, তাহলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

গণসংযোগে নাহিদ ইসলামের সঙ্গে স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকালীন সহিংসতা বন্ধ, সুষ্ঠু ভোট এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতের দাবি জানান।

আলোকিত প্রতিদিন/ ০২ফেব্রুয়ারি ২০২৬/মওম

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান টাঙ্গাইল আসছেন বুধবার 

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ৪ ফেব্রুয়ারি বুধবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এ উপলক্ষে ০২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমীরের আগমন উপলক্ষে আমরা প্রস্ততি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি জামায়াতের ইসলামী লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। আগামী ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল বাসীকে দলে দলে পৌর উদ্যানে যোগ দিয়ে আমীরে জামায়াতের জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা।
আলোকিত প্রতিদিন/ ০২ফেব্রুয়ারি ২০২৬/মওম

নির্বাচন নিয়ে যদি কেউ সন্ত্রাস চালাতে চায়, তাকে সমপরিমাণ জবাব দিয়ে দেবেন

মামুনুর রহমান:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে যদি কেউ সন্ত্রাস চালাতে চায়, তাহলে আল্লাহর নাম নিয়ে তাকে সমান পরিমাণ জবাব দিয়ে দেবেন, বেশি দেওয়ার দরকার নাই। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই প্রশাসনকে জানাবেন। যদি দেখেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে সেটা প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে।’
শফিকুর রহমান রোববার দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির আমীর মাওলানা হাফিজুর রহমান।
জামায়াতের আমীর শফিকুর রহমান বলেন, যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত করা না হবে ততদিন চব্বিশ চলবে। আপনারা জেগে থাকবেন, পাহারা দেবেন। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করা হবে। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই। আমরা যুবকদের বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব, আমরা বসব প্যাসেঞ্জার সিটে। তোমরাই আমাদের অহংকার। তোমরাই আগামী দিনের বাংলাদেশ।
ডা. শফিকুর রহমান বলেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ সেই বাঁক পরিবর্তনের দিন। আল্লাহতায়ালার গোলামি যারা করে, তারা কালো মেঘ দেখলে ভয় পায় না। আমরা এমন একটি দেশ চাই যেখানে তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, নোংরা ঘটনা ঘটবে না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয় সেই রাজনীতি আমরা ঘৃণা করি।
জামায়াত আমীর বলেন, আমাদের কেউ চাঁদাবাজ বলতে পারবে না। আমরা কোথাও চাঁদাবাজি করি না। বাংলাদেশে মোট মামলা করেছি ১ হাজার ২০০। এর মধ্যে ৮টি মামলায় আসামি একজন করে। দ্বিতীয় কাউকে অপরাধী পাইনি, তাদের নাম লিখব কী করে? আমরা এটা করিনি। কিন্তু অনেকেই হাজার হাজার মানুষকে আসামি করে মামলা করেছেন। তারপর তাদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করেছেন। এসব হারাম।
জামায়াত নেতা শফিকুর রহমান বলেন, আমি মায়েদের অত্যন্ত সম্মান করি। আমার এক্স একাউন্ট হ্যাক করে মায়েদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করা হয়েছে। একটা দল সেটি নিয়ে হইহই রইরই করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করে না তারাই এখন মিছিল করছে। সাত ঘণ্টা পর আমার এডমিন একাউন্টের এক্সেস ফিরে পেয়েছে। এই সাময়িক সময়টুকুতে যদি কোন মা ওদের অপতথ্যের কারণে মনে কষ্ট পেয়ে থাকেন, তবে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
শেরপুরের উন্নয়নের দাবির বিষয়ে তিনি বলেন, এটা যেহেতু কৃষিপ্রধান এলাকা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হলে ভালো হবে। এ জেলায় মেডিকেল কলেজ না থাকার বিষয়ে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশের কোন জেলাই মেডিকেল কলেজবিহীন থাকবে না। আর যেখানে যে ইন্ডাস্ট্রিজ প্রয়োজন সেটি গড়ে তোলা হবে।
বক্তব্য শেষে জামায়াতের আমীর শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। সেইসঙ্গে তাঁদেরকে ভোট প্রদানের জন্য ভোটারদের কাছে আবেদন জানান।
নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের সাবেক আমীর শাহাদাৎ হোসাইন, সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসুর জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইলাহী, শেরপুর জেলা এবি পার্টির সভাপতি জাহান মল্লিক, খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার আমীর আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শফিকুল ইসলাম, জেলা এনসিপির আহবায়ক লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ প্রমুখ বক্তব্য দেন। জনসভায় শেরপুরের জেলা, উপজেলা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ কয়েক হাজার কর্মী-সমর্থক ও জনতা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ০২ফেব্রুয়ারি ২০২৬/মওম