আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 152

ভাষণটেকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান

বিশেষ প্রতিবেদক: রাজধানীর ভাষণটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ।

শনিবার রাজধানীর ভাষানটেক আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ান এবং সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডাক্তার জোবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।

উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোকিত প্রতিদিন/এপি

সুবর্ণচরে ভোটের বাহানায় বুদ্ধি প্রতিবন্ধীকে ৬ মাস ধরে ধ*র্ষণ,অবশেষে গ্রে*ফতার

প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগে জামায়াত ইসলামি কর্মী মো. ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল শুক্রবার রাতের দিকে ভুক্তভোগীর বাবা আসামির বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পরে একই দিন রাতে চরজব্বার থানা পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের পেট দেখে সন্দেহ হলে জিজ্ঞাসা করলে মেয়ে ধর্ষণের কথা মা’কে বলে। মাস ছয়েক আগে বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে বিরিয়ানি দেয়ার কথা বলে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন। এতে ওই প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েন। তার শাররীক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয়। শুক্রবার রাতে ওই প্রতিবন্ধী যুবতীর পরিবার চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলার করেন। মামলা করার পরেই মো. ফারুক ওরফে ফারুক ড্রাইভারকে গ্রেফতার করে পুলিশ।

ওই যুবতীর বাবা বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রায় তাদের বাড়িতে আসতেন, সম্প্রতি তিনি দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইতে এসেছেন।
ধর্ষিতার মা বলেন, ইদানিং জামায়াতের ভোট চাইতে প্রায় আসে সে, একাধিকবার বাড়িতে আসলে আমার সন্দেহ হয়, এরপর মেয়েকে জিজ্ঞেস করলে ফারুক তাকে ধর্ষন করেছে বলে জানায় সে।

এদিকে, জামায়াতের চর আমিনুল হক ইউনিট সভাপতি মাওলানা সালাউদ্দিন জানান, তিনি এলাকার স্থায়ী বাসিন্দা নন, ৫ই আগস্টের পরে লক্ষীপুরের পোড়া গাছার কটিহাটি গ্রাম থেকে এসে এখানে বাড়ি করেছেন। এলাকার মানুষের সাথে তেমন কোনো সখ্যতাও নেই তার। তিনি জামাতের সমর্থক পরিচয় দিলেও আমাদের সাথে সম্পর্ক নেই।
অনেকেই তাকে ইউনিয়ন বিএনপির সমাবেশেও দেখেছেন।
তিনি আরো বলেন, অপরাধী যেই হোক তার কোন দল নেই, তাকে তার পাপের শাস্তি পেতে হবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির কোন রাজনৈতিক পরিচয় জানা নেই।
মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে ।

আলোকিত প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

মো: মহিদ:

মানিকগঞ্জে “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৭ ফেব্রুয়ারি শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা প্রশাসকের কার্যালয় ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট শুক্লা সরকার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান এবং শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান। বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলা ইশারা ভাষার ব্যবহার বাড়ানো জরুরি। এজন্য সাধারণ শিক্ষার পাঠ্যসূচীতে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা। আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ছয়জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের আমরা ফ্যামিলি কার্ড করে দেবো, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, এক সময় প্রতি বছর শীতে আমি এখানে আসতাম। প্রতিটি উপজেলা ও গ্রামে গিয়ে শীতার্ত মানুষের কাছে গরম কাপড় পৌঁছে দিতাম। কিন্তু স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন আমি এখানে আসতে পারিনি। এখন সময় এসেছে দেশ গঠনের। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই।

কৃষকদের ভাগ্যোন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পাশাপাশি কৃষক ভাইদেরও আমরা স্বাবলম্বী করে গড়ে তুলবো। প্রত্যেক কৃষককে আমরা একটি করে কার্ড দেবো। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ ও সরকারি সারসহ অন্যান্য সুবিধা পাবেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে আমরা সব কৃষকের ১০ হাজার টাকা মূল্যের কৃষি ঋণ মওকুফ করবো। একইসঙ্গে সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণও সরকারের পক্ষ থেকে শোধ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এই এলাকা কৃষিপ্রধান। কৃষিকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলবো। পঞ্চগড়ের বন্ধ চিনিকলটি পুনরায় চালু করা হবে, এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষকরা যাতে তাদের পণ্য সংরক্ষণ করতে পারেন, সেজন্য হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করা হবে। এছাড়া এলাকার তরুণদের উচ্চশিক্ষার সুবিধার্থে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখবো।

বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই এলাকায় অনেক শিক্ষিত যুবক বেকার রয়েছেন, তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা রাখবো। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে, যাতে দেশে-বিদেশে তাদের কর্মসংস্থান হয়।

রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হয় না। তাই আমরা কাদা ছোড়াছুড়ি না করে দলের পরিকল্পনা তুলে ধরছি। আমরা ৭১’ সালে যুদ্ধ করেছি, ২৪’ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। আমরা কখনো দেখিনি কে বৌদ্ধ, কে খ্রিস্টান বা কে হিন্দু। আমরা হাজার বছর ধরে শান্তিতে বসবাস করছি এবং ভবিষ্যতেও করতে চাই।

আলোকিত প্রতিদিন/এপি

আর্থিক সংকটে জাতিসংঘ,বকেয়া চাঁদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের কাছে বাকি থাকা বিলিয়ন ডলারের প্রথম কিস্তি পরিশোধ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। একই সঙ্গে জাতিসংঘে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন ওয়াল্টজ। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

মাইক ওয়াল্টজ বলেছেন, খুব শিগগিরই আপনারা অর্থের একটি প্রাথমিক কিস্তি দেখতে পাবেন। এটি আমাদের বার্ষিক চাঁদার একটি উল্লেখযোগ্য অগ্রিম পরিশোধ হবে। মোট অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি, তবে বিষয়টি কয়েক সপ্তাহের মধ্যেই ঘটবে।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিয়মিত জাতিসংঘ বাজেটের বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছেই পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২.১৯ বিলিয়ন ডলার। এর বাইরে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের আরও ২.৪ বিলিয়ন ডলার এবং জাতিসংঘ ট্রাইব্যুনালের জন্য ৪৩.৬ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

জাতিসংঘ কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত বছর নিয়মিত বাজেটে কোনও অর্থ দেয়নি। ফলে ওই বছরের জন্য তাদের বকেয়া দাঁড়িয়েছে ৮২৭ মিলিয়ন ডলার। পাশাপাশি ২০২৬ সালের জন্যও আরও ৭৬৭ মিলিয়ন ডলার পরিশোধ বাকি রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘ গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে। বকেয়া চাঁদা পরিশোধ না হওয়ায় ১৯৩ সদস্যের এই সংস্থাটি ‘তাত্ক্ষণিক আর্থিক ধসের’ ঝুঁকিতে পড়েছে, যার বড় অংশই যুক্তরাষ্ট্রের কাছে পাওনা। এ পরিস্থিতিতে দুটি পথ খোলা রয়েছে, সব সদস্য রাষ্ট্রকে দায়িত্ব পালন করে বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে অথবা জাতিসংঘকে টিকিয়ে রাখতে এর আর্থিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।

আলোকিত প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০২৬/মওম

দেশের স্বার্থ অক্ষুণ্ণ ও সার্বভৌমত্বই হবে বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি: তারেক রহমান

আলোকিত ডেস্ক:

দেশ ও জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিএনপি তার পররাষ্ট্রনীতি পরিচালিত করবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি সংক্ষেপে দলের এই নীতির কথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, আমাদের ফরেন পলিসিটা (পররাষ্ট্রনীতি) যদি খুব সংক্ষেপে বলি— সেটি হবে এমন; যেখানে আমার দেশের স্বার্থ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা পাবে। যাদের বন্ধুত্ব এবং সহযোগিতা পেলে আমরা দেশে নতুন ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারব, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে পারব, তাদের সঙ্গেই সম্পর্ক রাখা হবে। পাশাপাশি অবশ্যই আমার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের সামনে প্রশাসনের একটি বিরাট সমস্যা তথা মানবিক সমস্যা আছে; সেটি হলো রোহিঙ্গা সমস্যা। আমাদের নিজের দেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি। এই বিশাল জনসংখ্যার কর্মসংস্থান, খাদ্য ও চিকিৎসার সংস্থান আমাদের করতে হয়।

তিনি বলেন, আমাদের দেশে প্রায় ১.২ মিলিয়নের মতো রোহিঙ্গা আছে। তারাও মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। অবশ্যই আমরা তাদের বিষয়টি দেখব। কিন্তু একই সঙ্গে আমরা চাইব, তাদের নিজ এলাকায় যেন একটি নিরাপদ পরিবেশ তৈরি হয় এবং ধীরে ধীরে তারা তাদের নিজ ভূমিতে ফিরে যাক। প্রতিবেশীদের সঙ্গে নদ-নদীর পানি সমস্যার সমাধান চাই

তারেক রহমান বলেন, পদ্মা এবং তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বণ্টনে আমাদের কিছু সমস্যা আছে। আমরা চাই যাদের সঙ্গে আমাদের এই মতভেদ আছে, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে; যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিস্যা পেতে পারে।

তারেক রহমান বলেন, আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় (অ্যাক্টিভেট) করার মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রায় দেড় কোটি প্রবাসী যাতে আরও সুন্দর এবং সম্মানজনক সেবা পান, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের বিভিন্ন দূতাবাসগুলোকে আরও আধুনিক ও সক্রিয় করার মাধ্যমে এটি করতে হবে।

নির্বাচনী ইশতেহারে বিদেশে নতুন বাজার অনুসন্ধান, সীমান্ত নিরাপত্তা, উপসাগরীয় দেশগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব গঠন, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতা বৃদ্ধি, বৈশ্বিক বাণিজ্য এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি, সফট পাওয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক কূটনীতিতে গুরুত্ব প্রদান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব প্রভৃতি বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা।

আলোকিত প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০২৬/মওম

জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান আগামী সপ্তাহের নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া এই প্রস্তাব নাকচ করে তিনি বলেছেন, তার দল এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। দীর্ঘদিনের রাজনৈতিক নির্বাসন শেষে গত ডিসেম্বরে তিনি দেশে ফেরেন। লন্ডনে প্রায় দুই দশক নির্বাসনে ছিলেন তিনি। ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ও তার মায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সম্প্রতি আবার সক্রিয় হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই দল একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। দেশকে স্থিতিশীল করতে জাতীয় সরকার গঠনের জন্য আবারও অংশীদারত্বে আগ্রহের কথা জানিয়েছে জামায়াত।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটি একটি অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে।

বিএনপির কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে, মা ও সাবেক রাষ্ট্রপতি বাবার ছবির নিচে বসে তারেক রহমান বলেন, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?’

তিনি আরও বলেন, ‘আমি জানি না তারা কতটি আসন পাবে। কিন্তু তারা যদি বিরোধী দলে থাকে, আমি আশা করি তারা ভালো বিরোধী দল হিসেবে কাজ করবে।’

বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা জানিয়েছেন, সংসদে ৩০০ আসনের মধ্যে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে বলে তারা আত্মবিশ্বাসী। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে মিত্ররা প্রতিদ্বন্দ্বিতা করছে।

তবে আসনের নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন আমরা পাব।’

সব মতামত জরিপেই বিএনপির বিজয়ের পূর্বাভাস থাকলেও জামায়াত নেতৃত্বাধীন জোটের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে। এই জোটে রয়েছে একটি জেনারেশন জেড রাজনৈতিক দল, যারা শেখ হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে।

ঢাকার একটি আদালত গত বছর দমন-পীড়নে ভূমিকার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে এবং এরপরও ভারত তাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে মারাত্মকভাবে অবনতি ঘটে। এর ফলে চীন বাংলাদেশে বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পায়।

জয়ী হলে ভারত থেকে সরে চীনের দিকে ঝুঁকবেন কি না; এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশের।’

তিনি বলেন, আমরা যদি সরকারে আসি, ‘তাহলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ব্যবসা আনতে হবে, যাতে চাকরি হয় এবং মানুষের জীবনমান উন্নত হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ আমাদের মানুষের জন্য উপযোগী প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব থাকবে; কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।’

শেখ হাসিনার সন্তানরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কি না এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাকে স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।’

অন্তর্বর্তী সরকার গত বছর জানায়, নানা চ্যালেঞ্জের কারণে শরণার্থীদের জন্য অতিরিক্ত সম্পদ বরাদ্দ দেওয়ার সক্ষমতা তাদের নেই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রত্যাবাসনে সহায়তার আহ্বান জানায়।

আলোকিত প্রতিদিন/এপি

রহনপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ!

আব্দুল ওয়াদুদ হাসান, গোমস্তাপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি পালিত হয়।
জেলা সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মারুফুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. সোহেল রানা। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “ছাত্রশিবির গত ৪৯ বছর ধরে রক্তপিচ্ছিল পথ পাড়ি দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করেছে। আগামীতে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে শিবিরের নেতাকর্মীদের চারিত্রিক মাধুর্য ও সৎ নেতৃত্বের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করেছে, যার প্রমাণ সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের অভাবনীয় বিজয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানান তারা।
সমাপনী বক্তব্যে জেলা সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গোপন চক্রান্ত বা অগণতান্ত্রিক কলাকৌশল ছাত্র সমাজ মেনে নেবে না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।”র‍্যালিটি রহনপুর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আলোকিত প্রতিদিন/এপি

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

বিশেষ প্রতিবেদক: টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এদিকে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জের গড়পাড়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মো: মহিদ:
মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঘোষের বাজারে অবস্থিত মেসার্স আওলাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী আওলাদ হোসেনকে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। পাশাপাশি খোলা জায়গায় অরক্ষিতভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে মেসার্স আওলাদ ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারির দাবি জানান।
আলোকিত প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম