আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 145

শেরপুর-২ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী জয়ী

বিশেষ প্রতিনিধি: শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৫৬ ভোট। এ আসনের মোট ১৫৪ টি কেন্দ্রের হিসাব মতে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ৯ হাজার ৯৩২ ভোট নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে বেশি পেয়েছেন তিনি। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫১.৭৫ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৪০ হাজার ৩৪ জন।
আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীর ৫ আসনে ধানের শীষের জয়, ১টিতে এনসিপি

প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে এক লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বোরহান উদ্দিন পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ (কবিরহাট-হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

অন্যদিকে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফলাফল নিশ্চিত করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

সংসদ নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট আজই

১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন,দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সচিব বলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোথাও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় সেগুলোর গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের বিষয়ে আইনগত কোন প্রক্রিয়া চলমান রয়েছে কি না– সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হবে। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।

আলোকিত প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বিএনপির মান্নান বিজয়ী

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগরে আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৭ শত ৬৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নামজুল হোসেন তাপস ফুটবল প্রতীকে ৮৪ হাজার ৭ শত ৮ ভোট পেয়েছেন।
রাত ১২ টা ৪০ মিনিটের দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়।
উল্লেখ্য এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীনগরে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট আটজন প্রার্থীর মধ্যে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্স) মুফতি আমজাদ হোসাইন আশরাফী ৬০ হাজার ৮৫৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নজরুল ইসলাম নজু ২০ হাজার ৬৯৬, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ কামরুল ইসলাম ৩৭২, সিপিবি’র মো. শাহীন খান (কাস্তে) ৩৫৯, গণসংহতি বাংলাদেশের নাহিদা জাহান (মাথাল) ২৬৬ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) ২৫৭ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষিত হওয়ার পরপরই এম এ মান্নান তাকে নির্বাচিত করায় নবীনগরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

২১৩ আসন পেয়ে বিএনপি সমমনাদের নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে

বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২১৩টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৬৮টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১২টি আসনে জয় পেয়েছেন। শীর্ষ নেতাদের জয় ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এদিকে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার। বাজিমাত করেছেন পার্বত্য চট্টগ্রামের তিন বিএনপি প্রার্থীও। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুই আসনেই জয়লাভ করেন।

বিগত ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। বিএনপির ওয়েবসাইট ও মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

সংসদীয় সমীকরণ বাংলাদেশে সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয়ের প্রয়োজন হয় বিএনপির। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে, এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে জামায়াত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী দল হতে যাচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

ঢাকা ১৯ সাভার আসনে দেওয়ান সালাউদ্দিন ১৯০৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

শহিদুল্লাহ সরকার:
ঢাকা ১৯ সাভার আসনে ভোটার সংখ্যা ৭৪২০৬১ টি, মোট কেন্দ্র ২৭২ টি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১৯০৯৭৬ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মনোনীত প্রার্থী দিলশানা পারুল ১২৫২৮৩ ভোট পেয়ে হেরেছেন, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন   ৬৫৬৯৩ ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। গত ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে সাভার সহকারী রিটানিং অফিসার মো: সাইফুল ইসলাম প্রাথমিক বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা দেন।
আলোকিত প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশর জনগণকেও শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া এবং তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি এবং তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে ও নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে তার দেশ আগ্রহী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গঠনে সহায়ক হবে।

সূত্র: আল-জাজিরা

আলোকিত প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জের তিন আসনেই বিপুল ব্যাবধানে বিএনপির প্রার্থীদের জয়

মো: মহিদ: মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে।মানিকগঞ্জ-১ এ আসনে বিএনপি প্রার্থী এস এ কবীর জিন্নাহ পেয়েছেন ১,৩৭,৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭,৮১৮ ভোট। বড় ব্যবধানে জয় পান জিন্নাহ। মানিকগঞ্জ-২ বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১,৭৫,৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১,৫০১ ভোট। এ আসনেও নিরঙ্কুশ জয় পায় বিএনপি। মানিকগঞ্জ-৩ বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ১,৬৭,৩৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুফতি সাঈদ নুর পেয়েছেন ৬৪,২৪২ ভোট। উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হন রিতা।
আলোকিত প্রতিদিন/এপি

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দুই দেশের অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান নরেন্দ্রে মোদি। আজ শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান তিনি।

পোস্টে মোদি আরো লিখেছেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে মোদি লিখেছেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

আলোকিত প্রতিদিন/এপি

৩৫ বছর পর পুরু#ষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ!

বিশেষ প্রতিনিধি: দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এর ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী।অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭২টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় গেলে চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নেন এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনেই জয় অর্জন করেন।

তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদ আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে দেশে আর পুরুষ প্রধানমন্ত্রী দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন। এরপর ২০২৬ সালে আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এদিকে নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরঙ্কুশ জয়ের জন্য জুমার নামাজের পর সারাদেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন। এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।