আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 143

টাঙ্গাইল-৫ আসনে জামানত হারালেন সাত প্রার্থী

সাইফুল ইসলাম সবুজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কাছে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ) ভোট পেতে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন- বাংলাদেশ কংগ্রেসের এ কে এম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, জাতীয় পার্টির মোজাম্মেল হক,গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। অন্যদিকে, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল হরিণ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট, জাতীয় পার্টির মো. মোজাম্মেল হক (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট। বাংলাদেশ কংগ্রেসের এ কে এম শফিকুল ইসলাম (ডাব) পেয়েছেন ১০৯ ভোট, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বীথি (মাথাল) ২২১ ভোট, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক) ২৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. হাসরত খান ভাসানী (একতারা) ১ হাজার ১৮৯ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা) পেয়েছেন ১ হাজার ৯২ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৮১ জন। বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৮৮ হাজার ৮০।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান: আইন উপদেষ্টা

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল।

১৫ ফেব্রুয়ারি রবিবার সচিবালয়ে আইন,বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারণা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবেন।

কারা আমন্ত্রিত হবেন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবেন। আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা এই সংসদটা একটু ভিন্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ এবং এই গণঅভ্যুত্থান অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি।

তিনি বলেন,এসব কারণে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন। এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে। এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে ডকুমেন্টেশন সেটা প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

দেশবাসীকে রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আলোকিত ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ এবং নৈতিকতার বার্তা বয়ে আনে।

এ মাসে সকলকে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক সহমর্মিতার চর্চার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই আরও সচেষ্ট হবে। তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন।

১৫ ফেব্রুয়ারি রবিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

মোদি-শেহবাজসহ আরও যেসব বিশ্বনেতারা শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন 

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এই শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমন্ত্রণ পেয়েছেন।

এছাড়া তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। এ দুজনের পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগে আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এনডিটিভি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের এ শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান ভারত, পাকিস্তান এবং চীনসহ আঞ্চলিক সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছে, গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদির সঙ্গে তারেক রহমান কথা বলেন।

ওই সময় মোদি তারেককে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতনের পর গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয়। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। দীর্ঘ ২০ বছর পর দলটি আবারও সরকার গঠন করছে।

সূত্র: এনডিটিভি

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

তারেক রহমানকে নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আলোকিত প্রতিবেদক: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

১৪ ফেব্রুয়ারি শনিবার নরওয়ের প্রধানমন্ত্রী তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমানকে এই অভিনন্দন জানান। পোস্টে জোনাস গাহর স্টোর লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফলাফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। দলটির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতজোট পেয়েছে ৭৭টি আসন।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

সুপারস্টার শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি আমার : বুবলী

বিনোদন ডেস্ক: অভিনেতা শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানিয়ে দিলেন, শাকিব খানের সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি; তাই নতুন করে নায়িকার বিয়ের কোনো প্রশ্নই আসে না। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’র পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ীকা বুবলী। সেখানে সঞ্চালক রুম্মান রশীদ খান তার কাছে জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন। জবাবে বুবলী বলেন, শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা হয়। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন থাকে না। শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এই নায়িকা জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। বুবলী জোর দিয়ে ফের বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জ -২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শান্তকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জনতা

মানিকগঞ্জ প্রতিনিধি: নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী। নির্বাচনে বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে। ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দীর্ঘদিন ধরে উন্নয়নমুখী রাজনীতির সঙ্গে যুক্ত। সততা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের কারণে ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তার পিতা মরহুম সামসুল ইসলাম খান নয়া মিয়া দেশের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বকালে তিনি গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে বড় অবদান রেখেছিল বলে প্রবীণরা স্মরণ করেন। এছাড়া ঢাকার সঙ্গে মানিকগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার ভূমিকা ছিল ঐতিহাসিক। সে সময় ঢাকার সাথে মানিকগঞ্জের যোগাযোগের একমাত্র সড়কে নিয়মিত বাস সার্ভিস চালু করে তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন। এই উদ্যোগের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ ও স্বল্পব্যয়ে সম্ভব হয়, যা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তোলে। সচেতন মহলের মতে, পিতার উন্নয়নধারার উত্তরসূরি হিসেবে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তও আধুনিক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন। নির্বাচনী প্রচারণা চলাকালেও তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, তার মেধা, অভিজ্ঞতা ও ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে মানিকগঞ্জ জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। মানিকগঞ্জবাসীর প্রত্যাশা—দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং জেলার উন্নয়নের স্বার্থে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন কে মন্ত্রী হিসেবে পেতে চায় সাভার আশুলিয়াবাসী

শহিদুল্লাহ সরকার: ঢাকা -১৯ আসন থেকে  পয়ষট্টি হাজার ছয়শত তিরানব্বই ভোটের ব্যবধানে বিজয়ী সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন  আসন্ন মন্ত্রী হিসেবে পেতে চায় সাভার উপজেলার সাধারণ মানুষ। নির্বাচনে তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপুল সংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকা তার জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পয়ষট্টি  হাজার ছয়শত তিরানব্বই ভোটের ব্যবধান ঢাকা ১৯ সাভার আসনের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে। আন্দোলন-সংগ্রামে একজন সাহসী নেতা হিসেবে তিনি সাভার উপজেলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্ব ছিল আপসহীন ও দৃঢ় অবস্থানের প্রতীক, যা তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সাভার  উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনে করেন—মন্ত্রীত্ব পেলে সাভার উপজেলা কে একটি  পরিকল্পিত নগরী অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে আরও গতি আসবে। বিশেষ করে শিল্পকারখানা স্থাপন, মাদক ও চাঁদাবাজী নির্মুল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন অনেকে। তবে এ বিষয়ে দলীয় উচ্চপর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মন্ত্রিপরিষদ গঠন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। সাভার আশুলিয়া বাসীর প্রত্যাশা—এই বিপুল জনসমর্থনের প্রতিফলন ঘটিয়ে ঢাকা ১৯ সাভার আসনে এই জনপ্রতিনিধিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আহবান জানান সাভার আশুলিয়াবাসী।
আলোকিত প্রতিদিন/এপি

জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ!

মো: সুজন খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখায় হারুন অর রশিদ কে যুগ্ন আহবায়ক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহ আলম বেপারীর লিখিত বার্তায় হারুন অর রশিদ কে নারায়ণগঞ্জ জেলার কৃষক দলে যুগ্ন আহবায়ক হিসেবে সংযোজন করা হয় । এ সময় যুগ্ন আহবায়ক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে,  নারায়নগঞ্জ জেলা কৃষকদলে আমাকে যুগ্ম আহ্বায়ক করায় ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকদলের নারায়নগঞ্জ জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ডাঃ মোঃ শাহীন মিয়া এবং সদস্য সচিব আলম ভাই সহ জেলা কৃষকদলের সকল নেতৃবৃন্দকে। এসময় যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ আরো বলেন, আমরা স্থানীয় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্য আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা অত্যাধুনিক সংযুক্তিকরণের ফলে তৃণমূল পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে গতিপথ ফিরিয়ে আনার চেষ্টা করব। কৃষকদের সাথে সু-সম্পর্ক বিষয়ে বলেন , আমরা কৃষক দল গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে কৃষকদের সাথে সর্বোচ্চ সম্পর্ক রাখবো এবং তাদের সুবিধা-অসুবিধা সহ আবাদি ও অনাবাদি জমি এবং চাষাবাদে ভালো ফলন সহ সর্বময় কৃষকদের কল্যাণে কাজ করো।  কৃষকদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আমরা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে তথ্যসেবা বৃদ্ধি করার লক্ষ্যে সহজ প্রশিক্ষণের ব্যবস্থা করব । আমাদের গ্রাম্য বাংলার অধিকাংশ কৃষক লেখাপড়া জানে না তাই তাদেরকে মাঠে-ঘাটে প্র্যাকটিক্যাল ভাবে শেখাতে পারলে এদেশের সুজলা-সুফলা শস্য শ্যামলা আমাদের উর্বর জমিতে আরো ফলন ভালো হবে বলে আমরা আশা করি।

আলোকিত প্রতিদিন/এপি

যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

দলের ঘোষিত ৩১ দফা ও নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হওয়া জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।

 ১৪ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।

তিনি বলেন, আমি দেশের সব জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।

তারেক রহমান বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো। জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছি। প্রতিটা রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম