আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 142

নতুন সরকারের শ*পথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী!

বিশেষ প্রতিবেদক: নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলে তিনি জানান।

গতকাল বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৫ মিনিটের ও অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর এ সেবাকে স্মরণ করে রাখবে। সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে।

আলোকিত প্রতিদিন/এপি

শেরপুরের ইতিহাসে জামায়াতে ইসলামীর প্রথম সংসদ সদস্য হলেন রাশেদুল ইসলাম

মামুনুর রহমান:

শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছেন হাফেজ রাশেদুল ইসলাম। স্বাধীনতা উত্তর শেরপুর জেলার ইতিহাসে জামায়াতে ইসলামী থেকে তিনিই প্রথম সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
রাশেদুল ইসলাম ১৯৯০ সালে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মুহাম্মদ আবুল কাশেম ছিলেন একাধারে একজন শিক্ষাব্রতী, দ্বীনি জ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ। পাঁচ ভাই-বোনের মধ্যে রাশেদুল ইসলাম সর্বকনিষ্ঠ; তবে মেধা ও যোগ্যতায় তিনি পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর ভাই-বোনেরা সবাই দ্বীনি ও সাধারণ উভয় শিক্ষায় উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা পেশার সাথে যুক্ত।
ব্যক্তিগত জীবনে তিনি ২০২৩ সালে ডা. রুকাইয়া বিনতে সেলিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি এক সন্তানের জনক।
হাফেজ রাশেদুল ইসলামের শিক্ষাজীবন দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়। কুমরী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কুমরী বাজিতখিলা মাদরাসা, ঘোনাপাড়া হাফেজিয়া মাদরাসা এবং ফারুকিয়া দারুসসালাম মাদরাসা থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন।
এরপর আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল এবং ঢাকার প্রখ্যাত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও শিক্ষা-পিপাসু এই নেতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রফেশনাল আইটি বিষয়ে ডিপ্লোমা এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। একজন উচ্চশিক্ষিত হাফেজে কোরআনকে প্রতিনিধি হিসেবে পেয়ে শেরপুর-১ আসনের সাধারণ মানুষের মাঝে এখন নতুন আশার আলো সঞ্চার হয়েছে।
এদিকে এমপি নির্বাচিত হওয়ার পর জামায়াতে ইসলামীর নারী নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাশেদুল ইসলাম বলেছেন,’এবারের নির্বাচনে মানুষ রায় দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় পেয়েছি। আমি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, আমি শুধু ১ লাখ ২৭ হাজার ভোটারদের এমপি না, আমি এখন শেরপুর সদর আসনের সাড়ে ৪ লাখ ভোটারের এমপি।’
এমপি রাশেদুল ইসলাম আরো বলেন,শেরপুরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, নারীদের নিরাপত্তা বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করাসহ ইভটিজিং নির্মূল করা হবে। মাদক এবং জুয়ামুক্ত শেরপুর গড়ে তুলবো।
এমপি রাশেদুল ইসলাম বলেন, কুটিরশিল্প গড়ে তোলার মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে ।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২৬/মওম

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন বুলবুল

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ সোমবার দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে তার। গতকাল শনিবার বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন বুলবুল।

বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও বেশ ব্যস্ত সময় পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদশে। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।

জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া। এই অবস্থায় বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়াটা অন্যরকম বার্তা দিচ্ছে । বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও থাকছেন স্থায়ীভাবে।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২৬/মওম

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি

আলোকিত প্রতিবেদক:

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে যারা থাকবেন : সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২৬/মওম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের 

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। ১৬ ফেব্রুয়ারি সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২৬/মওম

সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন: তারেক রহমান!

বিশেষ প্রতিনিধ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরীস্থ ৫৫/১ নম্বর রোডে অবস্থিত রুপায়ন স্বপ্ন নিলয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দুই নেতার এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনা প্রত্যাশা করা হচ্ছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে উভয় নেতার মধ্যে মতবিনিময় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

সাতকানিয়ায় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিন সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়লাভ করায় আনন্দ প্রকাশ ও কৃতজ্ঞতা জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদে আছরের নামাজের পর সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের পক্ষে রায় দিয়েছেন। বিএনপির এই বিজয় দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিজয়। জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানাই।”অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

জামায়াত আমিরের বাসায়: তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশ্ন উঠেছে— আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির? রোববার বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তারেক রহমান কী পছন্দ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।

আলোকিত প্রতিদিন/এপি

 

বিশ্ব ভালোবাসা দিবসে জ্যাকলিনকে যে উপহার দিলেন প্রেমিক

বিনোদন ডেস্ক:

আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসায় কমতি নেই সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দি এই ব্যবসায়ী জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন জ্যাকলিনকে না দেখে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই হেলিকপ্টারটি তিনি কিনেছেন। চিঠিতে সুকেশ আরো দাবি করেন, এই হেলিকপ্টারটি তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অপরাধের টাকা দিয়ে নয়।

আইনি জটিলতার কারণে জ্যাকলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেজন্য চিঠিতে ক্ষমা চেয়েছেন সুকেশ। তিনি লিখেছেন, দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না, চিঠিতে সুকেশ দৃঢ়ভাবে দাবি করেন, জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।

এটিই প্রথম নয়, গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন সুকেশ। সেই জেটের নম্বর ছিল অভিনেত্রীর জন্ম তারিখ অনুযায়ী এবং গায়ে লেখা ছিল তার নামের আদ্যক্ষর।

উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিন ফার্নান্দেজ তার সাথে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করলেও সুকেশ নিয়মিত বিরতিতে জেল থেকে তাকে চিঠি এবং দামি উপহার পাঠিয়ে চর্চায় থাকছেন।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫শত পিস ইয়াবাসহ আটক-৩

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা-ময়মনসিংহ মহা সড়কের শম্ভুগঞ্জ গোল চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫ শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচক্কর এলাকায় রফরফ বাস তল্লাশী চালিয়ে ১৫ শত পিস ইয়াবা নগদ ২হাজার ৫শত টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার পুত্র রুহল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিন এর পুত্র মোঃ খোরশেদ আলম ওরফে আলম (৩২) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের শম্ভুগঞ্জ এলাকার মোঃ শাহজাহান এর পুত্র অলিউল্লাহ (২৪)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে আজ রবিবার ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরর করার পর আসামিদেরকে থানায় হস্তান্তর করা হয়।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম