আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 138

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

আলোকিত প্রতিবেদক:

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, এরপরেও দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীক ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপটাল পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধরণকে অনুরোধ।

অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পুলিশের সফলতার কথা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন, কোথাও কোনো নিরাপত্তা শঙ্কা ছিল না। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এরপরেও শহীদ মিনারে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশা করি যে কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রীক হয় না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরা ঢাকা শহর নিয়ে এবং পুরা ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এবং চেষ্টা করে যাবো।

সাধারণের জন্য পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারের রুট অনুসরণ করার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, এর বাইরে অন্য কোন রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্তর অথবা চানখার পুল হয়ে শহীদ মিনার ত্যাগ করা যাবে।

তিনি বলেন, শহীদ মিনারে কেউ কোন ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। আপনার শ্রদ্ধা নিবেদন শেষে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজা রাখুন।

নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে ডাইভারশন চলবে জানিয়ে কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা  নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

দ্রব্যমূল্য নি#য়ন্ত্রণ, ফ্যামিলি কা*র্ড বাস্তবায়ন ও চাঁদাবাজি রোধ!

সরকারের কাছে নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা……….

বিশেষ প্রতিনিধি: নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে হাঁসফাঁস নিম্ন আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় বেড়ে নাভিশ্বাস। এমন পরিস্থিতিতে সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং নতুন সরকারের প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দ্রুত বাস্তবায়ন চায় নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে বাজার ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারে কাছে দাবি জানিয়েছেন তারা। গতকাল নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে এসব দাবি উঠে আসে।

খেটে খাওয়া মানুষ বলছেন, আয়ের চেয়ে বেশি ব্যয় বেড়েছে। প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলেছে। কেউ চাহিদার চেয়ে পরিমাণে কম খাবার খাচ্ছেন। আবার কেউ ঋণ করে সংসার টিকিয়ে রাখছেন। ঢাকার জিগাতলা এলাকার রিকশাচালক ৪৮ বছর বয়সী সাইদুল রহমান। তিনি বলেন, সারাদিন রিকশা চালিয়েও আয়-খরচের হিসাব মেলে না। বাজারে সবকিছুর দাম বেশি। এখন তো রমজান মাস, আগের মতো দীর্ঘ সময় কাজ করতে পারব না, আয়ও কমে যাবে। নতুন সরকার নির্বাচনের আগে আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছে, যেটা বাস্তবায়ন হলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অনেক উপকার হবে।

নতুন সরকারের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা থাকলেও, সবচেয়ে বেশি আশাবাদী নিম্ন আয়ের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনিশ্চিত আয়, চিকিৎসা ও শিক্ষার ব্যয় সব মিলিয়ে টানাপোড়েনের জীবনে তারা এখন স্বস্তি ও স্থিতিশীলতা চায়। ধানমন্ডি এলাকার পান বিক্রেতা শফিক (৩৯) বলেন, ছোট পুঁজিতে ব্যবসা করেন। বাজারে সবকিছুর দাম বেশি, কখনও কখনও সারাদিন বিক্রি করে চালডাল কেনার আয় হয় না। সরকার বাজারদর ঠিক রাখুক, ছোট ব্যবসায়ীদের জন্য কার্যকর উদ্যোগের নেওয়ার দাবি তার।

ফার্মগেটে ফুটপাতের দোকানদার রাশেদ (২৮) সবসময় উচ্ছেদের ভয়ে থাকেন। তিনি বলেন, স্থায়ী জায়গা নেই, বৈধতার নিশ্চয়তা নেই। তার ওপর বাড়তি টাকা দিতে হয়, যার প্রভাব পড়ে পণ্যের দামে। পরিষ্কার নিয়ম আর চাঁদাবাজিমুক্ত পরিবেশের দাবি তার। তাহলে তারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন।

ব্যবসায়ী ও পরিবহন খাত-সংশ্লিষ্টদের একাংশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। বাজারে পণ্য আনা-নেওয়ার পথে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হয় বলে অভিযোগ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই এসে পড়ে। নিম্ন আয়ের মানুষ বলছেন, সরকার যদি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান অভিযান চালায় এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করে, তাহলে বাজারে স্বস্তি ফিরতে পারে। ফুটপাতের ব্যবসায়ী ও গাড়ির চালকরা ফ্যামিলি কার্ডের পাশাপাশি চাচ্ছেন চাঁদাবাজি বন্ধ হোক।

ধানমন্ডির শংকরে দীর্ঘ ২১ বছর ধরে ব্যবসা করা ফল বিক্রেতা আবুল কাশেম (৫১) ক্ষোভ প্রকাশ করে বলেন, এক দিনে দুই দফায় ১৫০ টাকা চাঁদা দিতে হয়েছে। এভাবে লাভ থাকে না। সরকার বদলায়, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না। এবার চাই নতুন সরকার চাঁদাবাজি বন্ধের দিকটায় কঠোর হোক। রোজায় ফলমূলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফলমূলের যে দাম তাতে সাধারণ মানুষ কিনতে পারছে না। কেনাকাটা না হলে আমাদের আর লাভ কী হবে। তিনি বলেন, ক্রেতারা যাতে সূলভ মূল্যে কিনতে পারে, আমরাও যেন ন্যায্য লাভ পাই।

অর্থনীতিবিদরা বলছেন, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য এবং বাজার তদারকির ঘাটতি দ্রব্যমূল্য বাড়ার অন্যতম কারণ। খোলা বাজারে পণ্য বিক্রি জোরদার, টিসিবি কার্যক্রম সম্প্রসারণ এবং ন্যায্যমূল্যের দোকান বাড়ানো হলে কিছুটা স্বস্তি মিলতে পারে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের আওতা বাড়িয়ে ডিজিটাল ডাটাবেইসের মাধ্যমে স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার পরামর্শ দেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আলোকিত ডেস্ক:

‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের অবহিত করেন।  দুপুর ২টায় প্রধামন্ত্রীর সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভাও হওয়ার কথা রয়েছে।

এছাড়াও আজ সকালে এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক এবং তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

আকাশের ডানা ও রাজনীতির মাঠ: এক মহীয়সী নারী আফরোজা খানম রিতার জয়যাত্রা

সৈয়দ এনামুল হুদা: ​বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন সূর্যোদয় ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা দেশের প্রথম নারী হিসেবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। স্বাধীনতার পাঁচ দশকের দীর্ঘ পথপরিক্রমায় এই গুরুত্বপূর্ণ দপ্তরে কোনো নারীর অভিষেক আগে কখনো ঘটেনি—যা রিতার ক্যারিয়ারে যোগ করল এক অনন্য মাইলফলক। ​সংগ্রামের পথ বেয়ে সাফল্যের শিখরে ​আফরোজা খানম রিতার জীবন কোনো পুষ্পশয্যা ছিল না। পারিবারিক ঐতিহ্য, সফল ব্যবসায়িক ক্যারিয়ার এবং রাজনৈতিক পথ—সবখানেই তিনি প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা এই নেত্রী একদিকে যেমন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে করপোরেট জগতে সফল, অন্যদিকে রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও পরীক্ষিত।

​এক নজরে মন্ত্রণালয়ের ঐতিহাসিক বিবর্তন : ১৯৭২ সালে এম মনসুর আলীর হাত ধরে শুরু হওয়া এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এম কে আনোয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আশরাফুল ইসলাম এবং রাশেদ খান মেননের মতো দিকপালরা। এমনকি সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারে শেখ বশির উদ্দিনও এখানে মেধার স্বাক্ষর রেখেছেন। তবে ২০২৬ সালের এই নতুন অধ্যায়ে রিতার অন্তর্ভুক্তি যেন নারী নেতৃত্বের এক শক্তিশালী বিজ্ঞাপন।

​ভোটের ময়দানে রেকর্ড ও উত্তরাধিকার: ​রিতার ধমনিতে বইছে রাজনীতির রক্ত। তাঁর পিতা, প্রখ্যাত রাজনীতিবিদ হারুনার রশীদ খান মুন্নু ছিলেন সাবেক মন্ত্রী। বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে এলেও রিতা নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন। গত নির্বাচনে তিনি দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী নারী প্রার্থী হওয়ার গৌরব অর্জন করেন, যা তাঁকে খালেদা জিয়া ও শেখ হাসিনার মতো জননন্দিত নেতাদের সারিতে দাঁড় করিয়েছে।

​রাজপথের লড়াকু নেত্রী: ​বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিতার ভূমিকা ছিল অগ্রগণ্য। তৎকালীন সরকারের দমন-পীড়ন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং অসংখ্য মিথ্যা মামলার পাহাড়ও তাঁকে বিচ্যুত করতে পারেনি। দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের আর্থিক ও মানসিক সাহস জুগিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপিকে পুনর্গঠিত করেছেন তিনি। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলী ও জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ​

ব্যক্তিগত জীবন ও আদর্শ পরিবার: সাফল্য শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত জীবনেও তিনি এক সার্থক জননী। তাঁর তিন সন্তানই বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের শিল্প ও চিকিৎসা খাতে নেতৃত্ব দিচ্ছেন: ​বড় ছেলে মাইমুনুল ইসলাম অন্তু: মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক। ​মেজো ছেলে রাশীদ সামিউল ইসলাম অর্ক: মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ​ছোট ছেলে রাশীদ রাফিউল ইসলাম অর্নব: মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্বাহী পরিচালক। ​তার স্বামী মইনুল ইসলামও মুন্নু গ্রুপের ভাইস-চেয়ারম্যান হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

​আগামীর প্রত্যাশা: ​জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার আধুনিকায়ন, পর্যটন শিল্পের বৈশ্বিক বিকাশ এবং প্রবাসী আয়ের প্রবাহ সচল রাখা—এই চ্যালেঞ্জিং কাজগুলো এখন রিতার কাঁধে। শিল্প ও রাজনীতির মেলবন্ধনে গড়ে ওঠা তাঁর এই অভিজ্ঞতা বাংলাদেশের পর্যটন ও বিমান খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। ​আফরোজা খানম রিতার এই সংগ্রামী জীবন ও রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের সকল নারীর জন্য এক অনুপ্রেরণার নাম।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দু*র্ঘটনায় নি*হত-১

মো: মহিদ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (৩২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।  ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরংগাইল–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে মো. আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার রামু থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকাতে ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নারী আয়েশা বেগম খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাদিরকাটা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া।

তিনি জানান, রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সঙ্গে যোগসাজশ করে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস এবং দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি ইয়াবা সংশ্লিষ্টতায় জড়িত আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ওসি মনিরুল বলেন, গ্রেফতারকৃত আসামি এবং এ ইয়াবা উদ্ধারর সাথে জড়িত সকল ইয়াবা ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

দেশ ও জনগণের স্বার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ওসি।

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সত্যিই হামলা ঘটলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা বড় বিপর্যয়ের মধ্যে পড়বে।

সম্প্রতি সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। গতকাল বুধবার সেই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। আল আরাবিয়াকে তিনি বলেন, “এর পরিণতি ভালো হবে না। গত বছর জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কর্তৃপক্ষ (জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা)-এর নিয়ন্ত্রণাধীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। যেভাবে হামলা পরিচালনা করা হয়েছিল, তাতে বড় ধরনের পরমাণু দুর্ঘটনার ঝুঁকি ছিল।”

“ইরানে সম্ভাব্য হামলা ইস্যুতে আমি সতর্কভাবে আরব এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সরকারের মনোভাব পর্যবেক্ষণ করেছি। কেউই উত্তেজনা বাড়াতে রাজি নয়। সবাই বুঝতে পারছে যে এটা হলো আগুন নিয়ে খেলা করার শামিল।”

“তাছাড়া উত্তেজনা বৃদ্ধি পেলে সাম্প্রতিক অনেক ইতিবাচক পদক্ষেপ বাতিল হতে পারে। এসবের মধ্যে ইরান এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে— তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে সংলাপ শুরু হয়েছে ওয়াশিংটন এবং তেহরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। ওমানের রাজধানী আম্মানে ইতোমধ্যে প্রথম দফার আলোচনা শেষও হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়, তবে এখন পর্যন্ত সেখানে বড় কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইরানকে চাপে রাখতে গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতা চুক্তিতে না এলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটবে। কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সেখানে সামরিক মহড়া শুরু করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার যথাযোগ্য জবাব দিতে প্রস্তুত আছে ইরান।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

সুপার এইটে উঠেই ২০২৮ বিশ্বকাপ নিশ্চিত হলো আট দলের, থাকছে বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক:

কলম্বোয় গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। তাতে সুপার এইটের আট দলের লাইনআপ চূড়ান্ত হয়েছে।

গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার এইটে উঠেছে।

সুপার এইটে দলগুলোকে চারটি করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ–১ এ রয়েছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ–২ এ রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দলগুলো শূন্য পয়েন্ট নিয়ে এই পর্ব শুরু করবে।

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে পাকিস্তান। এই পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

এদিকে, সুপার এইটে ওঠা দলগুলো ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে খেলা নিশ্চিত করেছে। সহ-আয়োজক হওয়ায় সুপার এইটে না উঠলেও অস্ট্রেলিয়া সরাসরি সুযোগ পাবে। ২০২৮ আসরের ১২টি স্বয়ংক্রিয় দলের বাকি তিনটি নির্ধারিত হবে আগামী ৯ মার্চ পর্যন্ত আইসিসির টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এই তিনটি জায়গা পাবে বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।

২০ দলের টুর্নামেন্টের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে।

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: ডা.শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত বলে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।
১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল এবং আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে এক বিবৃতিতে তিনি বলেন, `রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আল আমিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম। কারণ এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

তিনি বলেন,সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসার প্রার্থনা করেন। সবার সুখ-শান্তি এবং কল্যাণ কামনা করেন।

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম