আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 134

গাজীপুরে লোভনীয় অফারে নিম্নমানের খাদ্য বিক্রি: ৫০ হাজার টাকা জরিমা*না

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় নিম্নমানের খাদ্যসামগ্রী নামিদামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে সাধারণ মানুষের কাছে বেশি দামে বিক্রি করার সময় হয়েজুল রহমান নামে এক প্রতারককে মালামালসহ আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে বানিয়ারচালার সাবাহ গার্ডেন এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানসহ তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখানো হতো। মাত্র এক হাজার টাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য সরবরাহের কথা বলে সাধারণ মানুষের হাতে একটি করে কার্ড ধরিয়ে দেওয়া হতো। পরে কাভার্ড ভ্যানে করে এসব পণ্য এলাকায় আনা হলে কার্ড দেখিয়ে মানুষ সেগুলো সংগ্রহ করত।
খোঁজ নিয়ে আরও জানা যায়, বাজার থেকে নিম্নমানের পণ্য কিনে সেগুলো নামী–দামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে প্যাকেটজাত করা হতো। এমনকি প্যাকেটে ভুয়া বিএসটিআই অনুমোদনের লোগোও বসানো হতো। পরে সেগুলো লোভনীয় অফারের নামে সাধারণ মানুষের কাছে বেশি দামে বিক্রি করা হতো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, নিম্নমানের ও মেয়াদহীন খাদ্যসামগ্রী জব্দ করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ পণ্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আর ব্যবহারযোগ্য খাদ্যসামগ্রী প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরোও জানান, হোতাপাড়া এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে মায়ের দোয়া হোটেল নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত হয়েজুল রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে খোলা মাল কিনে এনে প্যাকেটজাত করে একটি অফারের মাধ্যমে বিক্রি করা হতো। শনিবার বিকেলে বানিয়ারচালা এলাকায় এসব মালামাল বিক্রির জন্য গেলে স্থানীয় কয়েকজন আমাদের আটকিয়ে ভয়–ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে জয়দেবপুর থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করেছি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নিম্নমানের খাদ্যসামগ্রী সংগ্রহ করে ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে প্যাকেটজাত করা হতো এবং তা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল। স্থানীয়রা সন্দেহ হলে তাকে আটক করে আমাদের খবর দেয়। পুলিশ গিয়ে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। পরে রবিবার সকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ৫০ হাজার টাকা জরিমানা করে।
আলোকিত প্রতিদিন/এপি

ভারতকে ল*জ্জা দিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়!

স্পোর্টস ডেস্ক: রোববার (২২ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এইডেন মার্করামের করা বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন অনফর্ম ব্যাটার ইশান কিশান। পরের ওভারের প্রথম বলেই তিলক ভার্মাকে সাজঘরের পথ ধরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মাও। ইশান শূন্য, তিলক ১ ও অভিষেক ১৫ রানে আউট হন। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দেখেশুনে খেলার চেষ্টা চালান দলনেতা সূর্যকুমার যাদব। কিন্তু অধিনায়কের রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলা সুবিধা করতে পারেনি।
দুজনকেই সাজঘরের পথ ধরান প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেশব মহারাজের বলে আউট হন পান্ডিয়া। ৩৭ বলে ৪২ রান করেন দুবে। এ ছাড়া আর্শদিপ ১ রান করেন। আর রানের দেখা পাননি বরুণ চক্রবর্তী, রিংকু সিং ও জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তিনটি উইকেট নেন কেশব মহারাজ। এর আগে আহমেদাবাদে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। জাসপ্রিত বুমরাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মার্করাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমে ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা। মাত্র ২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। এদিকে ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এ দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ট্রিস্টান স্টাবস। মাত্র ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া মার্কো ইয়ানসেন ২, কোরবিন বোচ ৫ ও ক্যাগিসো রাবাদা শূন্য রান করেন।

আলোকিত প্রতিদিন/এপি

তরমুজের কেজি ৯০ টাকা, বাজারে ক্রেতা-বিক্রেতা খুব কম

নিজস্ব প্রতিবেদক:

রমজান মাস শুরু হলেও বাজারে দেখা মিলছে না পর্যাপ্ত তরমুজ । তবে ব্যবসায়ীরা বলছেন, ১৫/২০ রমজান থেকে বাজারে উল্লেখযোগ্যভাবে তরমুজ আসতে শুরু করবে। বাজারে এখন যে তরমুজ দেখা মিলছে তা বছরজুড়ে উৎপাদন হওয়া তরমুজ এবং সিলেটের। এগুলো মূলত তেমন সুস্বাদু নয়। এই তরমুজগুলো প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আরও বলছেন, মূল মৌসুম শুরু হলে তরমুজের সরবরাহ, বিক্রি বাড়বে। এখন তরমুজের ক্রেতা বিক্রেতা দুটোই কম।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ফলের দোকান ঘুরে তরমুজ বিক্রির এমন চিত্র দেখা যায়।

রাজধানীর রামপুরায় একটি ফলের দোকানে রাখা তরমুজের দরদাম করছিলেন একজন ক্রেতা। দাম শুনে কিছুটা বিস্মিত হয়ে ক্রেতা বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বললেন, আর কয়েকদিন পরেই কিনব। পরে ‌কথা হয় খোরশেদ আলমের সঙ্গে। তিনি বলেন, দোকানে সাজানো দেখে শখ করে দাম জিজ্ঞেস করলাম। বিক্রেতা বলল প্রতি কেজি ১০০ টাকা। পরে অবশ্য ১০ টাকা কমিয়ে ৯০ টাকায় দিতে চেয়েছে। একটা ছোট্ট তরমুজ কিনলেও দাম পড়ে যাবে অনেক।

তিনি বলেন, আসলে তরমুজের এখনো মৌসুম শুরু হয়নি, বাজারে আসতে শুরু করেনি মৌসুমের তরমুজ। এখন যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলোর টেস্ট তেমন নেই। ‌ সাধারণ মানুষ এত টাকা দিয়ে তরমুজ কিনে খেতে চাইবে না। যে কারণে ফুটপাতে বা দোকানে তরমুজ খুব কম বিক্রি হতে দেখা যাচ্ছে। এত দাম দেখে আমিও কিনলাম না, মৌসুম শুরু হবে তখন কিনে খাব।

গুলশান বাড্ডা লিংক রোডের ফুটপাতে সারি সারি সাজানো ছিল ছোট-বড় তরমুজ। ‌সেখানেও ক্রেতাদের খুব একটা ভিড় নেই। ‌অফিস ফেরত মানুষেরগুলোর মধ্যে দুই-এক জন বিক্রেতার কাছে আম সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু তরমুজের ক্রেতার সংখ্যা খুব একটা নেই বললেই চলে। তরমুজের দাম জানতে চাওয়া এমন আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, আসলে এখন তরমুজ পরিপক্ব নয়, আর যেসব বারোমাসি তরমুজ আছে সেগুলো খেতে সুস্বাদুও নয়, এর সঙ্গে দাম বেশি। সব মিলিয়ে আমাদের মতো সাধারণ মানুষের এখন তরমুজ কেনার আগ্রহ সেভাবে নেই। তবে কিছুদিন পর থেকে হয়ত বা তরমুজের মৌসুম শুরু হবে, তখন আমরা কিনতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, বাজারে বর্তমানে সিলেটের তরমুজ পাওয়া যাচ্ছে। আমরা বিক্রি করছি প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায়। দাম একটু বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ এখনো তরমুজ সেভাবে কিনতে শুরু করেনি। বাজারে এখন ১২ মাসে ফলন হওয়া তরমুজ, সিলেটের তরমুজ পাওয়া যাচ্ছে। ১৫ রমজান থেকে ২০ রমজানের মধ্যে বাজারে মৌসুমের তরমুজ আসতে শুরু করবে। তখন প্রচুর পরিমাণে সরবরাহ হবে, সেই সময়েই বিক্রেতা যেমন বেড়ে যাবে, ক্রেতার সংখ্যাও তেমনি বাড়তে থাকবে। মূলত রমজানের ওই সময়ে তরমুজের মূল ব্যবসা হবে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

উল্লাপাড়া পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করেন রফিকুল ইসলাম খান

মোঃ রাকিব হোসেন: সিরাজগঞ্জ উল্লাপাড়া রবিবার (২২ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া- সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনী এলাকার সকল জায়গায় বাস্তবায়নের ঘোষনা দিয়ে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতায় প্রতিটি পদক্ষেপ গ্রহন করা হবে। আরো বলেন, বাংলাদেশে ৭০ শতাংশ লোক গনভোটে হ্যা’র পক্ষে রায় দিয়েছেন, সুতরাং এই গনভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগনের সাথে প্রতারনার শামিল। তিনি আরও বলেন, জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সাথে সম্পর্ক। জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছে, ৭০ হাজার নারী-পুরুষ আহত, পঙ্গু হয়েছে। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিনতিও জুলাইয়ের হত্যাকারিদের মতই হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

আলোকিত ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ ইউনূস। ২২ ফেব্রুয়ারি রবিবার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।সেইসাথে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেছেন।

জানা গেছে, চলতি মাসেই তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

রাজধানীতে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রী হ#ত্যার রহস্য উন্মোচন করল পিবিআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাটি ঘটেছে রাজধানী উত্তরার এক বাসায় । সম্পূর্ণ ‘ক্লু-লেস’ বা সূত্রহীন এই হত্যাকাণ্ডের

ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী বিলকিস বেগম (৪০) ও চোরাই স্বর্ণের ক্রেতা জুয়েলারি দোকান মালিক রবিউল আউয়ালকে (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের ভাঙ্গা মসজিদে পিবিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রো (উত্তর)-এর এডিশনাল ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক নারী মাসিক ৫ হাজার টাকা বেতনে উত্তরা পশ্চিম থানার একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। কেয়ারটেকারের কাছে নিজের নাম ‘মমতাজ’ এবং বাসার সদস্যদের কাছে ‘মারুফা’ পরিচয় দিলেও তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ঠিকানা পরে দেবেন বলে জানান।

পিবিআই জানায়, পরিবারের সদস্যরা বাসায় ফিরে দেখেন ঘর এলোমেলো এবং গৃহকর্মী নিখোঁজ। বাসা থেকে ৫ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালংকার, অন্য কক্ষ থেকে আরও ৬ ভরি স্বর্ণ এবং আলমারি থেকে নগদ এক লাখ টাকা চুরি হয়েছে। পাশের বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৬ মিনিটে ওই নারী বাসায় প্রবেশ করেন এবং দুপুর আড়াইটার দিকে একটি পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যান।

এর তিন দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে বাসার মালিকের স্ত্রী ও সন্তান বেড়াতে গেলে বাড়িতে শুধু বৃদ্ধ দম্পতি আয়শা আক্তার (৬২) ও আনোয়ার হোসেন (৬৮) অবস্থান করছিলেন। সন্ধ্যায় তাদের বড় ছেলে মো. জাকারিয়া হোসেন ফোনে বাবার অসংলগ্ন কথা শুনে বাসায় গিয়ে দেখেন, তার মা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন এবং বাবা অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। তাদের দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

তদন্তে জানা যায়, বিলকিস বেগম পানির সঙ্গে ১০টি চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই দম্পতিকে খাইয়েছিলেন। অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগের ফলেই আয়শা আক্তারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিলকিস বেগম পেশাদার অপরাধী। তিনি বিভিন্ন ছদ্মনামে ঢাকার বিভিন্ন এলাকায় গৃহকর্মী সেজে চেতনানাশক প্রয়োগ করে চুরি করে আসছিলেন। খিলক্ষেত, শেরেবাংলা নগর, ভাটারা ও হাতিরঝিলসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এডিশনাল ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লু-লেস। তবে আধুনিক প্রযুক্তি ও পূর্বের মামলার তথ্যভাণ্ডার (ডেটাবেজ) বিশ্লেষণ করে বিলকিসকে শনাক্ত করা হয়। বিভিন্ন থানার পুরাতন মামলা থেকে তার ছবি সংগ্রহ করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেখালে তারা তাকে চিনতে পারেন। এরপর পিবিআইয়ের একাধিক দল ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গাজীপুর চৌরাস্তার আউটপাড়া এলাকা থেকে বিলকিসকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া অন্য আসামি রবিউল আউয়াল শেরপুর জেলার বাসিন্দা হলেও গাজীপুরে ব্যবসা করতেন। বিলকিস তার কাছেই চোরাই স্বর্ণ বিক্রি করেছিলেন বলে তিনি স্বীকার করেছেন। বিলকিসের কাছ থেকে নগদ ৬ হাজার ৩০০ টাকা ও ওষুধের খালি পাতা উদ্ধার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ ফেব্রুয়ারি রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

২২ ফেব্রুয়ারি রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

কবে নাগাদ চালু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, কবে চালু হবে এটা তো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দ্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না।

এক সাংবাদিক জানতে চান, ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার পরিদর্শন করলেন ডা. কে এম বাবর

মোঃ শিহাব উদ্দিন: 
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গোপালগঞ্জের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
বাজার পরিদর্শনকালে তিনি চাল, ডাল, তেল, চিনি, ছোলা, পেঁয়াজসহ রমজানে বেশি চাহিদাসম্পন্ন পণ্যের দাম, মজুত ও সরবরাহ পরিস্থিতি খোঁজখবর নেন। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় এমপি ডা. কে এম বাবর বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অসাধু উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
আলোকিত প্রতিদিন/ এমআরএম

 গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ফেরার সময় দুই আওয়ামীলীগ নেতা আ*টক 

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি শনিবার বিকালে মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এরপর একটি মিছিল নিয়ে জেলা শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে পৌর পার্কের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক ইমরুল কবির সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চোকদার।

জানা যায়, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুঁড়িয়ে দেয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে দলটির নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পুষ্প মাল্যসহ জয় বাংলা স্লোগানের মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীরা শহীদ মিনারে এসেছেন বলে জানান তারা।

এদিকে আওয়ামীলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পেয়ে শহীদ মিনার চত্বর থেকে ওই দুই আওয়ামী লীগ নেতাকে আটক করে সদর থানা পুলিশ।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দুজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশগ্রহনকারী অন্যদের আটকের চেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

বিয়ের দিন দুই বোনের আ*ত্মহ*ত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জোদপুরের মানাই গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দুই বোনের একই দিনে বিয়ে ঠিক করেছিলেন তাদের পরিবার।

সংবাদমাধ্যম এনডিটিভি  ২২ ফেব্রুয়ারি রবিবার জানিয়েছে, পুলিশ বলেছে, তারা দুজন বিষাক্ত কোনো কিছু পান করেছেন। শোভা (২৫) এবং ভিমলা (২৩) নামে এ দুই বোনের শনিবার বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে পুরোদমে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। শনিবার মধ্যরাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের আনন্দ উৎসব হয়। ওই সময় দুই বোন ঘুমাতে যান। কিন্তু এর কিছুক্ষণ পর তাদের শরীর খারাপ হয়। তখন দ্রুত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা বলেছেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান শনিবার শেষ রাত পর্যন্ত হয়েছে। কিন্তু মধ্যরাতে দুই বোন ঘুমাতে চলে যান। ভোর ৪টার দিকে তাদের দুজনের শরীর হঠাৎ করে খারাপ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুজনের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে এনে সৎকারের ব্যবস্থা করেন। তবে ওই সময় থানা থেকে পুলিশ এসে মরদেহগুলো নিয়ে যায় এবং ময়নাতদন্ত করে ফিরিয়ে দিয়ে যায়।

প্রাথমিক তদন্তে তাদের দেহে বিষাক্ত প্রদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ আরও তদন্ত করে পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই দুই বোনের মামা অভিযোগ করেন, তাদের চাচা জোরপূর্বক তাদের বিয়ে দিচ্ছিল। এ নিয়ে মনোমালিন্য হচ্ছিল। সেখান থেকে তারা দুজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম