আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 121

সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সূর্যমুখী

 বাণিজ্যিক চাষাবাদ বাড়ছে
 কৃষকের নতুন আশা সূর্যমুখী
 যমুনার বালুচর আবাদের আওতায়

সাইফুল ইসলাম সবুজ:
ধু ধু যমুনার বুকে সূর্যমুখী যেন এক টুকরো বন্দি রোদ। ভোরের শিশিরভেজা ঘাসে যখন সূর্যের প্রথম পরশ লাগে তখন এই হেমন্ত-বসন্তের সোনালি অলঙ্কারগুলো যেন প্রেমের এক চিরন্তন সংলাপে মেতে ওঠে। সূর্যমুখীর প্রতিটি পাপড়ি যেন শিল্পীর তুলিতে আঁকা এক একটি স্বপ্ন- যা কেবল আলোর তৃষ্ণায় চাতক পাখির মতো আকাশের পানে চেয়ে থাকে। যমুনার
বিস্তীর্ণ তীর-মাঠজুড়ে এখন এমনই হলুদের আভা। দিগন্তজুড়ে বড় বড় থালার মতো সূর্যমুখী ফুল বাতাসের তালে দুলছে। ভোরের স্নিগ্ধ আলো যখন এসব ফুলের ওপর পড়ে, তখন চারপাশ যেন এক মায়াবী রূপ ধারণ করে। ভোরের আলো ফুটতেই যমুনা নদীর বাম তীরে টাঙ্গাইল অংশে ঝলমল করে উঠে সূর্যমুখী ফুলের সোনালি হাসি। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে নতুন দিনকে অভিবাদন জানায়। ধু ধু বেলে-দোআশ
নদীতীরের বিস্তৃত এই হলদে আভা প্রকৃতির শোভা বাড়ানোর সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের কৃষকদের চোখেমুখে ফুটিয়ে তুলেছে সচ্ছলতার স্বপ্ন। শুধু সৌন্দর্য নয়, সূর্যমুখী এখন এ অঞ্চলের কৃষকদের জন্য হয়ে উঠেছে বাড়তি আয়ের এক নতুন আশার নাম। ফলে জেলায় দিন দিন সূর্যমুখীর চাষাবাদ বাড়ছে। টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে জেলার ১২টি উপজেলায় মোট ১৭৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪৫ হেক্টর,
বাসাইলে ৪৬ হেক্টর, কালিহাতীতে ৮ হেক্টর, ঘাটাইলে ১০ হেক্টর, নাগরপুরে ১০ হেক্টর, মির্জাপুরে ১০ হেক্টর, মধুপুরে ১৪ হেক্টর, ভূঞাপুরে ৫ হেক্টর, গোপালপুরে ৫ হেক্টর, সখীপুরে ৩ হেক্টর, দেলদুয়ারে ২০ হেক্টর এবং ধনবাড়ী উপজেলায় ২ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের যথাযথ সহযোগিতায় এবারে জেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় এই তৈলবীজ চাষে
নীরব বিপ্লব ঘটেছে। গত বছরের চেয়ে এবার ৮-১০ হেক্টর বেশি জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। সখের সূর্যমুখী এখন বাণিজ্যিকভাবে চাষাবাদের মর্যাদা পেয়েছে। দিগন্তজোড়া হলুদ ফুলের সমারোহ দেখতে যেমন ছাত্র-ছাত্রী, প্রেমিক-প্রেমিকাসহ নানা বয়সী দর্শনার্থীরা ভিড় করছেন, তেমনি লাভের অংক কষতে শুরু করেছেন কৃষকরা। সূত্রমতে, টাঙ্গাইলের চরাঞ্চলের বিশাল এলাকা একসময় অনাবাদি পড়ে থাকত, সেখানে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। কৃষি বিভাগ মনে করছে, যদি এই ধারা অব্যাহত থাকে তবে আগামি কয়েক বছরে জেলায় সূর্যমুখী চাষের পরিধি কয়েকগুণ বৃদ্ধি পাবে। যমুনার পাড়ে এখন কেবল ফুল নয়, ফুটছে কৃষকের ভাগ্য। সবুজ প্রকৃতি আর হলুদের মিতালীতে টাঙ্গাইলের মাঠ এখন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক সফল কৃষি অর্থনীতির গল্প। সূর্যমুখীর এই সোনালি হাসি টাঙ্গাইলের কৃষকের জীবনে নতুন প্রাণচাঞ্চল্য নিয়ে এসেছে।

আলোকিত প্রতিদিন /০৩মার্চ ২০২৬ / এম আর এম

গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রে*নরফিন এম্প*ল ইনজে*কশনসহ আ*টক নারী

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন(এম্পল) ইনজেকশনসহ এক মাদক কারবারি নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে কামারদহ ইউনিয়ন এর চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানারএস আই আকতারুজ্জামান ও এএস আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টিমনিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটি পরিচালনাকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ‘মা বাবার দোয়া’ নামীয় একটি সিএনজি (রেজি: বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালায়। এসময় সিএনজির এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা সর্বমোট ৯৯০ পিস এর কাঁচের অ্যাম্পুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত নারীর নাম মোছা. রেজিয়া বেগম (৩২)। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা দায়েরের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানায়,জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে যাহার নং।

আলোকিত প্রতিদিন /০৩মার্চ ২০২৬ / এম আর এম

সড়কে টানানো ব্যা*নার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানারে এবং বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তাঁর ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দিলে দ্রুত তা সড়িয়ে ফলা হয়।’এছাড়াও রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছে সেগুলোও দ্রুত অপসারণ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়াও বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তাঁর ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই তা অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী অফিস করেছেন সচিবালয়ে। সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক। অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজ উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি ১ কিলোমিটার বেড়েছে।’

প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন। তিনি আরও বলেন,‘রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।’

বাজার পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত সোমবার প্রান্তিক মানুষের প্রধান খাদ্য ‘মোটা চাল’ এর দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তৎক্ষণাৎ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জনসাধারণের দুর্ভোগ কমাতে যেকোনো ধরনের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আলোকিত প্রতিদিন /০৩মার্চ ২০২৬ / এম আর এম

নিরাপত্তা জোরদারে ব্যবসায়ীদের সাথে সমন্বয় সভা: ডিএমপি

এমএইচ চৌধুরীঃ
পবিত্র মাহে রমজানে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, শপিং মল সমূহের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ মার্চ সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা।
সভায় ঢাকা মহানগর এলাকার ব্যাংক, শপিং মল সমূহের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা বলেন, রমজান মাসে ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে যথাসময়ে গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন সেজন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইফতারের সময় তারা সড়কেই ইফতার করছেন যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে।
তিনি আরও বলেন, ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বাস চলাচলের সড়কে ব্যাটারিচালিত রিকশা যেন প্রবেশ করতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর রয়েছে। সোশ্যাল মিডিয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, বলেন, আজ ১৩তম রোজা পার করছি। এখন পর্যন্ত ঢাকা মহানগরে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি রোজাগুলো যদি এভাবেই শান্তিপূর্ণভাবে পার করতে পারি তাহলে ঈদ উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারবো।
ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসুন। এতে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আপনারা নিজেরাও বেশি নিরাপদ থাকবেন এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কাজ সহজ হবে। যেকোনো প্রয়োজনে নিকটস্থ থানা এবং জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করতে অনুরোধ করেন তিনি। রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা নেওয়ারও আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম।
উক্ত সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

পছন্দের নগরী দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়া*হুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

আন্তর্জাতিক ডেস্ক:

দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানে বসবাসরত ধনকুবেররা। ‘পছন্দে তলিকায় অগ্রাধিকার পাওয়া’ গুরুত্বপূর্ণ এ নগরী ছাড়তে প্রাইভেট জেটই যেন একমাত্র ভরসা। পরিবেশ-পরিস্থিতি এমন হয়ে দাড়িয়েছে যে ব্যক্তিগত বিমানের ভাড়া লাগামহীন হয়ে পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা-হামলার জেরে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বিশ্বের প্রধান বিমান রুটের একটি বৈশ্বিক কেন্দ্র ও সংযোগস্থল হলো দুবাই বিমানবন্দর। যা গত শনিবার থেকে বন্ধ রয়েছে। এর ফলে কয়েকশ ফ্লাইটও বাতিল হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন গন্তব্যের হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।

এমন অব্স্থায় দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী দেশ ওমানের দিকে ছুটছেন। চার ঘণ্টা গাড়ি চালিয়ে ওমান যেতে হচ্ছে তাদের। সেখানে যুদ্ধের প্রভাব তেমন একটা না পড়ায় মাস্কাট বিমানবন্দর এখনো চালু রয়েছে। তবে যাত্রী চাপ বেড়ে যাওয়া সেখানে ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে। বুকিং সাইটগুলো অনুসারে, মাস্কাট থেকে ইউরোপের বেশিরভাগ বাণিজ্যিক ফ্লাইট সপ্তাহের শেষের দিক পর্যন্ত সম্পূর্ণ বুক হয়ে আছে। ইতিমধ্যে ক্রমবর্ধমান চাহিদা ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে মাস্কাট থেকে ব্যক্তিগত জেটের ভাড়া বেড়েছে। মাস্কাটভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান ‘জেটভিআইপি’ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছে, নেক্সট্যান্ট-যা সবচেয়ে ছোট জেটগুলোর মধ্যে একটি, তাদের জেটে করে ইস্তাম্বুল যাওয়ার জন্য এখন প্রায় ৮৫ হাজার ইউরো খরচ হচ্ছে, যা স্বাভাবিক ভাড়ার প্রায় তিনগুণ।

অস্ট্রিয়াভিত্তিক অ্যালবাজেট চার্টার ফার্মের একজন প্রতিনিধি বলেছেন, তাদের খুব কম সংখ্যক উড়োজাহাজ ফাঁকা রয়েছে। আবার বিমা সংক্রান্ত জটিলতা ও মালিকপক্ষের আপত্তিতে অনেক অপারেটর এখন ফ্লাইট পরিচালনা করতে চাইছে না।প্রাইভেট জেট ব্রোকারেজ বিমানা প্রাইভেট জেটসের প্রধান নির্বাহী আমির নারান বলেন, রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের খরচ এখন ৩৫০,০০০ ডলার পর্যন্ত।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, ইরানকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালানোর পর থেকে দুবাই এবং আবুধাবিতে বসবাসকারী ধনকুবেররা বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলোর কাছে প্রস্থানের জন্য সাহায্য চাইছেন। অনেকেই আবার ১০ ঘণ্টা গাড়ি চালিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য লাখ লাখ ডলার খরচ করার ইচ্ছাও পোষণ করেছেন। কারণ সেখানে গেলে তারা ইউরোপে যাওয়ার জন্য সহজেই ব্যক্তিগত জেট ভাড়া করতে পারবেন।

সূত্র : আইরিশ এক্সামিনার

আলোকিত প্রতিদিন /০৩মার্চ ২০২৬ / এম আর এম

নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে লড়াই করে হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

নয়বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ফল কী হবে—এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকেই। তবে আশার কথা, চীনের মতো পরাশক্তির বিপক্ষে সাধ্যমতো চোখে চোখ রেখে নারী এশিয়ান কাপে লড়াই করেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে হজম করা দুই গোলেই হার মানতে হয়েছে লাল-সবুজদের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে পার্থক্য যতই থাকুক, শুরুতে চীনকে গোল করতে দেয়নি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাঙ্ক স্টেডিয়ামে মঙ্গলবার বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল নয়বারের চ্যাম্পিয়ন চীন। বাংলাদেশ শুরুতে পাঁচ ডিফেন্ডার নিয়ে সতর্ক কৌশলে খেলেছে—প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে গেছে। সেই প্রতি-আক্রমণেই কয়েকবার ভয় ধরিয়েছে।

চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে লিউ জিংয়ের শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। ১২ মিনিটে বাঁ দিক থেকে ওয়াং সুয়াংয়ের শট ফিস্ট করে ফেরান রুপনার জায়গায় শুরুর একাদশে নামা গোলকিপার মিলি আক্তার। ফিরতি বলে চীনের আরেক খেলোয়াড়ের পাস থেকে ওয়াংয়ের হেড পোস্টের বাইরে লেগে বেরিয়ে যায়।

দুই মিনিট পরই চোখধাঁধানো এক গোলের উচ্ছ্বাসে ভাসতে পারত বাংলাদেশ। প্রায় ৩৫ গজ দূর থেকে ঋতুপর্ণার জোরালো শট লাফিয়ে ফিস্ট করে কোনোমতে ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন চীনের গোলরক্ষক চেন চেন।

১৯ মিনিটে ওয়াংয়ের শট আটকাতে গিয়ে কিছুটা তালগোল পাকিয়ে ফেলেছিলেন মিলি। তবে পোস্টের দিকে গড়াতে থাকা বল ছুটে এসে ক্লিয়ার করেন শিউলি আজিম। পরক্ষণেই উরিগুমুলার শট তড়িৎ পায়ে ঠেকিয়ে দলকে রক্ষা করেন মিলি।

কিছুটা অস্বস্তি অনুভব করায় মাঠে শুয়ে চিকিৎসা নেন মিলি, পরে আবার খেলায় ফেরেন। ২৪ মিনিটে উরিগুমুলার ক্রসে ওয়াং হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

শেষ দিকে এসে ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধ। ৪৪ মিনিটে ওয়াং সুয়াং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ডান দিক দিয়ে জাল কাঁপান। যোগ করা সময়ে কর্নার থেকে মিলি প্রথম শট রুখে দিলেও ফিরতি বলে ঝ্যাং রুইয়ের জোরালো শট এক ডিফেন্ডারের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

বিরতির পর বাংলাদেশ আগের চেয়ে আরও জমাট ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে চীনকে আর কোনও গোল করতে দেয়নি—এটাই দলের বড় সাফল্য। একাদশে কয়েকটি পরিবর্তন আনা হয়। তহুরা খাতুন ও হালিমা আক্তার মাঠে নামেন, উমহেলা ও শিউলি বেঞ্চে যান। পরে নবীরনের জায়গায় নামেন স্বপ্না। চীনের আধিপত্য কিছুটা কমে এলেও গোলের পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি হয়নি।

৫৮ মিনিটে বাংলাদেশের সামনে সুযোগ আসে। আফঈদার লং বল থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে বাংলাদেশ বেঁচে যায়। ঝ্যাং চেংসুর জোরালো শট মিলি হাত উঁচিয়ে কোনোমতে প্রতিহত করেন।

৭৭ মিনিটে স্বপ্না রানীর শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৮০ মিনিটে চীনের সরাসরি কর্নার থেকে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে রক্ষা পায় বাংলাদেশ। ৮৬ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের জায়গায় নেমে অভিষেক হয় সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর।

শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যেন স্বস্তি নেমে আসে। দুই গোলে হারলেও চীনের মতো দলের বিপক্ষে লড়াই করেছে লাল-সবুজরা। এর আগে গ্রুপের অন্য ম্যাচে উত্তর কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

ইরানের হা*মলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বং*স

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাহরাইনে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির বিভিন্ন স্থানে একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিটি শেখ ইসা অঞ্চলে অবস্থিত। গত ১ মার্চ রবিবার থেকে ঘাঁটিটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানের সেনাবাহিনী। এতে ওই ঘাঁটিটির কমান্ড সেন্টার এবং স্টাফভবন ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

পল্টন থানাধীন হারানো ৫০টি মোবাইল উদ্ধা#র

এমএইচ চৌধুরী:

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।

পল্টন মডেল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ০১ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

গত সোমবার (০২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিগত প্রায় ০১ বছরে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক প্রায় ৭০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আলোকিত প্রতিদিন /০৩ মার্চ ২০২৬ / এম আর এম

কাশিয়ানীতে বিয়ের দাবীতে দুই সন্তানের জননী প্রেমিকের বাড়িতে অবস্থান

মোঃ আশরাফুজ্জামান:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবীতে দুই সন্তানের জননী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামে। জানা যায় দুই সন্তানের জননী পলি খানম ২৮ ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামের হাবিব শেখের ছেলে আসরাফ শেখের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক চলে আসছে।

গতকাল (৩ মার্চ সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রেমিক আসরাফ শেখের বাড়ি বিয়ের দাবীতে অনশন করে আসছেন।তার একটাই দাবি আসরাফ আমার সব শেষ করে দিয়েছে। সে হয়তো আমাকে বিয়ে করবে না হলে আমি এমন কিচ্ছু করবো যাতে সে আর কোন মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে না পারে।তার সাথে আমার এমন কি হতে বাকি আছে। সে আমাকে বিয়ের লোভ দেখিয়ে দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক করছে।সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি লোক লজ্জায় আত্নহত্যাও করতে পারি। আমার সাথে যা হয়েছে তার কঠিনতম শাস্তি দাবি করছি।গত দুই দিন তার বাড়ি অবস্থান করে কোন সমাধান পাইনি।আর আমার সাথে প্রতারণা করে সে এখন পালিয়েছে।তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিতে এসেছি। আশা রাখি সহযোগিতা পাবো।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি আপনার মারফত ঘটনা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।কেউ যদি অভিযোগ করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব।

আলোকিত প্রতিদিন /০৩ মার্চ ২০২৬ / এম আর এম

নড়াইলে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধা#র, আ#টক সং#ঘবদ্ধ চোর চ#ক্রের ৪ সদস্য

জাহিদুল হক রনি:

নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের অন্যতম ৪ সদস্যকে আটক করছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বিশিষ্ট্য ব্যবসায়ী বাসুদেব ব্যানর্জির বাড়ি থেকে অভিনব কৌশলে লাল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি যায়। বিষয়টি জানতে পেরে নড়াইলের পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের হোতাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে একটি চৌকশ দল মাঠে নেমে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া একটি মোটরসাইকেল কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের সাজ্জাদ শিকদারের বাড়ি থেকে একটি এবং একই রাতে নড়াইল পৌরসভার জোবায়ের হোসেনের বাড়ির সামনে থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করে।

এ সময় চোর চক্রের সদস্য লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের তবিবর শেখের ছেলে মো.সজীব শেখ, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের ছরোয়ার মাতবরের ছেলে মো. আলামিন, কালিয়া উপজেলার জয়পুর গ্রামের আবের শিকদারের ছেলে মো. সাজ্জাদ শিকদার, নড়াগাতী থানার খামার গ্রামের মো. হাবিবুর মোল্যার ছেলে সাইফুল ইসলামকে আটক করে।

বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একই রাতে দুইটি মোটরসাইকেল উদ্ধার করি এবং চুরির সাথে জড়িত ৪ জনকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৩ মার্চ ২০২৬ / এম আর এম