আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 118

আগের মতো সব যেন ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।’

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তার কথায়, ‘আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।’

হাসপাতালের দিনগুলোর কথা জানিয়ে এই তারকা আরও বলেন, ‘সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি।

তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থতা ও কাজে ফেরার সংকল্পে স্বস্তি ফিরেছে শোবিজ অঙ্গনে।

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

ইরানি হামলা মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে চায় ইতালি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি বিমান হামলার মুখে থাকা উপসাগরীয় দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই তথ্য জানান।

রেডিও স্টেশন আরটিএল ১০২.৫-কে মেলোনি বলেন, ‘যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে চায়। বিশেষ করে প্রতিরক্ষা এবং সুনির্দিষ্টভাবে আকাশ প্রতিরক্ষা খাতে এই সহায়তা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এটি কেবল আমাদের বন্ধু রাষ্ট্র হওয়ার কারণেই নয়, বরং ওই অঞ্চলে বর্তমানে দশ হাজারেরও বেশি ইতালীয় বসবাস করছেন। এ ছাড়া সেখানে প্রায় ২ হাজার ইতালীয় সেনা মোতায়েন রয়েছে। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব এবং তা নিশ্চিত করতে চাই।’

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

ই*রানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেঁদে কেঁদে বললেন ‘সুখবরের অপেক্ষা আছি’

ক্রীড়া ডেস্ক:

একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের, অন্যদিকে তাদের নারী দল অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে লড়ছে। তবে ঠিকই পেছনে রেখে আসা পরিবারের জন্য মন কাঁদছে ফুটবলারদের। সেই প্রসঙ্গ তোলা হয়েছিল ইরানের সংবাদ সম্মেলনে। যার জবাব দিতে গিয়ে অশ্রু সামলাতে পারেননি ইরানি ফুটবলার সারা দিদার।

এএফসি এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে ইরানের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) তারা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যুদ্ধের প্রসঙ্গ উঠে ইরান ফরোয়ার্ড ও কোচের সামনে। এই সময় আবেগাপ্লুত হয়ে সারা দিদার বলেন, ‘অবশ্যই আমরা সবাই উদ্বিগ্ন ও ব্যথিত এই ভেবে যে, ইরান এবং সেখানে থাকা আমাদের পরিবারের সঙ্গে কী ঘটছে।’

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কেবল ভালো খবরের আশা–ই করেন সারা দিদার, ‘আমি সত্যিই আশা করি সামনের দিনগুলোয় দেশ থেকে ভালো খবর পাব। একইসঙ্গে আমার দেশ শক্তিশালী হয়েই টিকে থাকবে বলে প্রত্যাশা।’ এর আগে শনিবার ইরানে হামলা শুরুর আগেই নিরাপদে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল ইরান ফুটবল দল।

এই মুহূর্তে ইরানের কারও সঙ্গেই যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন কোচ মারজিয়েহ জাফরি, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের শারীরিক অবস্থা জানার জন্য আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং দেশে থাকা সকল ইরানিয়ানের সঙ্গে আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছি। তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি, আসন্ন ম্যাচ ও ফুটবলে কীভাবে মনোযোগী থাকা যায় সর্বোচ্চ চেষ্টা করব।’

নিজেদের আগের ম্যাচে গ্যালারিতে বেশ সমর্থন পেয়েছে ইরান। যেখানে তাদের লাল-সবুজ ও সাদা রঙের পাশাপাশি প্রাক-ইসলামী অভ্যুত্থানের পতাকা প্রদর্শন এবং কণ্ঠে ইরানের সমর্থনে স্লোগান শোনা যায়। ইরানিয়ান-অস্ট্রেলিয়ানের এই সমর্থনের প্রশংসা করেছেন সারা দিদার, ‘এখানে অনেক ইরানিয়ান আমাদের সমর্থন দিচ্ছেন দেখে খুব ভালো লেগেছে। এটি সত্যিই আমাদের উৎসাহিত করেছে এবং তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী ম্যাচেও গ্যালারিভর্তি স্টেডিয়ামে এমন পরিস্থিতির প্রত্যাশা করব।’

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

হরিরামপুরে অগ্নিকাণ্ড ডিজেল তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত, পুড়ল ১৪ দোকান,আহত-১

মো: মহিদ:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ৫ মার্চ বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাজারের একটি ডিজেল তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ী মিন্টু দত্তের ডিজেল তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানে ডিজেল তেলের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও শতাধিক বোতলজাত দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের কয়েকটি সারিতে ছড়িয়ে পড়ে। এতে ২০ থেকে ২৫টি দোকান আগুনে পুড়ে যায়। এর মধ্যে ১৪ টি ভিতরে থাকা মালামালসহ দোকান সম্পূর্ণ পড়ে গেছে। বাকিগুলো আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকানের মালিক মিন্টু দত্তের ভাই বিল্টু দত্ত আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস মানিকগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, এ ঘটনায় ১৪টি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই দোকানের মালামাল বের করার সুযোগ পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

বিমানে ফোন ‘এরোপ্লেন মোড’ করার আদ্যোপান্ত

 জান্নাত আক্তার রিয়া:

স্মার্টফোনের সেটিংস অপশনে গেলেই আমরা একটি ছোট বিমানের আইকন দেখতে পাই, যা ‘এরোপ্লেন মোড’ নামে পরিচিত। সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি সাধারণ বাটন মনে হলেও, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ফোন বন্ধ না করেই এর সমস্ত ওয়্যারলেস বা বেতার তরঙ্গ নির্গমন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া। এটি সক্রিয় করলে ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সিগন্যালগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে সিম কার্ডের সেলুলার নেটওয়ার্ক, ওয়াই-ফাই এবং ব্লুটুথ চিপগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে।

এরোপ্লেন মোড বা অফলাইন মোড কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির একক আবিস্কার নয়, বরং এটি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং এভিয়েশন বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ১৯৯০-এর দশকের শেষ দিকে এবং ২০০০-এর শুরুর দিকে যখন মোবাইল ফোনের ব্যবহার বাড়তে শুরু করে, তখন দেখা গেল মোবাইলের শক্তিশালী রেডিও তরঙ্গ বিমানের নেভিগেশন এবং পাইলটের হেডফোনে এক ধরনের অস্বস্তিকর শব্দ তৈরি করছে। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ২০০০ সালের মাঝামাঝি সময়ে ফোন নির্মাতারা এই বিশেষ ফিচারটি যুক্ত করেন। এর প্রধান লক্ষ্য ছিল বিমান উড্ডয়নের সময় ফোন বন্ধ না করেই যাত্রী যেন ফোনের গ্যালারি, অফলাইন গেম বা মিউজিকের মতো ফিচারগুলো ব্যবহার করতে পারেন।

বর্তমানে বাংলাদেশের বাজারে জনপ্রিয় সব স্মার্টফোন ব্র্যান্ড যেমন: Samsung, Xiaomi (Redmi), Vivo, Oppo, Realme, iPhone, ও Infinix সহ সব ধরনের অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এই সিস্টেমটি ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। যখন একজন ব্যবহারকারী এরোপ্লেন মোড অন করেন, তখন ফোনের ভেতরে থাকা রেডিও ট্রান্সমিটারগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের প্রধান সিম অপারেটর যেমন: গ্রামীণফোন (GP), রবি (Robi), বাংলালিংক (BL), এয়ারটেল এবং সরকারি সিম টেলিটক সবগুলোই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এরোপ্লেন মোড চালু করার সাথে সাথে ফোনটি এই অপারেটরদের টাওয়ার থেকে সিগন্যাল নেওয়া এবং পাঠানো পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই ফোনে ‘No Service’ লেখা চলে আসে। এটি সিমের জন্য ক্ষতিকর নয়, বরং সিগন্যাল রিসেট করার একটি চমৎকার মাধ্যম হিসেবে কাজ করে।

আপনি যখন এয়ারপোর্টে পৌঁছান এবং বিমানে আসন গ্রহণ করেন, তখন টেক-অফ বা উড্ডয়নের ঠিক আগে কেবিন ক্রুরা ঘোষণা দেন “অনুগ্রহ করে আপনার মোবাইল ফোনটি বন্ধ করুন অথবা এরোপ্লেন মোড চালু করুন।” এটি মূলত দুটি প্রধান কারণে বলা হয়। প্রথমত, বিমানের উড্ডয়ন ও অবতরণের সময়টি সবচেয়ে সংবেদনশীল থাকে, তখন পাইলটদের গ্রাউন্ড কন্ট্রোলের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে হয়। সামান্য মোবাইল সিগন্যালও এই রেডিও যোগাযোগে ব্যাঘাত ঘটাতে পারে। দ্বিতীয়ত, বিমান যখন অত্যন্ত দ্রুত গতিতে আকাশে ওঠে, তখন ফোনটি নিচের শত শত টাওয়ারের সাথে দ্রুত সংযোগ স্থাপনের চেষ্টা করে, যা মোবাইল নেটওয়ার্ক সিস্টেমে জট তৈরি করতে পারে।

বিমানে থাকা ছাড়াও সাধারণ অবস্থায় এরোপ্লেন মোড আমাদের বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। যেমন, এটি ফোনের ব্যাটারি সাশ্রয় করতে অভাবনীয় ভূমিকা রাখে। যখন আমরা এমন কোনো এলাকায় থাকি যেখানে মোবাইল নেটওয়ার্ক খুব দুর্বল, তখন ফোন বারবার সিগন্যাল খোঁজার আপ্রাণ চেষ্টা করে এবং এতে ফোনের ব্যাটারি খুব দ্রুত খরচ হয়ে যায়। এমন অবস্থায় এরোপ্লেন মোড চালু করলে ব্যাটারির অপচয় বন্ধ হয়। দ্বিতীয়ত, ফোন দ্রুত চার্জ করার ক্ষেত্রে এটি একটি পরীক্ষিত পদ্ধতি। নেটওয়ার্ক ও ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ থাকায় ফোন অনেক দ্রুত চার্জ গ্রহণ করতে পারে। অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না বা ডাটা কানেকশন কাজ করে না, এমন সময় ফোন রিস্টার্ট না দিয়ে শুধু এরোপ্লেন মোড কয়েক সেকেন্ডের জন্য অন করে আবার অফ করলেই নেটওয়ার্ক রিসেট হয়ে যায় এবং সমস্যার সমাধান হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো কাজ বা বিশ্রামের সময় অপ্রয়োজনীয় কল বা মেসেজের বিরক্তি এড়াতে এটি একটি আদর্শ উপায়।

অনেকে মনে করেন এরোপ্লেন মোড চালু না করলে বিমান নিশ্চিতভাবে ক্র্যাশ করবে, তবে এটি একটি ভুল ধারণা। মূলত এটি কোনো বড় দুর্ঘটনা রোধের চেয়ে বিমানের সূক্ষ্ম যোগাযোগ ব্যবস্থাকে পরিষ্কার ও নিরবচ্ছিন্ন রাখার জন্যই ব্যবহৃত হয়। বর্তমানে অনেক এয়ারলাইনস ইন-ফ্লাইট ওয়াই-ফাই ব্যবহারের অনুমতি দেয়, যা বিশেষ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং বিমানের জন্য নিরাপদ। পরিশেষে বলা যায়, এরোপ্লেন মোড কেবল একটি আইনি বাধ্যবাধকতা বা বিমানের নিয়ম নয়, বরং এটি ডিজিটাল জীবনে ভারসাম্য বজায় রাখার একটি স্মার্ট টুল। আপনি যে ব্র্যান্ডেরই ফোন বা যে সিমই ব্যবহার করেন না কেন, প্রাথমিক লেভেল থেকে এই ফিচারের সঠিক ব্যবহার জানা থাকলে আপনি আপনার স্মার্টফোনকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন। এটি যেমন আকাশপথে হাজার হাজার যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি ব্যক্তিগত জীবনে ফোনের দীর্ঘস্থায়িত্ব বাড়াতেও সাহায্য করে।

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৪০৫১ টি মামলার নিষ্পত্তি

এমএইচ চৌধুরীঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ২২৭৩ টি ফৌজদারী ও ১৭৭৮ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৩৭০৬ জনের মধ্যে ২১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৩৭০৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২২৭৩ টি মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ২ লক্ষ ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ২১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ১৮৩৩টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩৫৯ সহ সর্বমোট ১৭৭৮ টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায় বলে মন্তব্য করেন ডিএমপি। ৪০৫১টি মামলা নিষ্পত্তির বিষয়ি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

পাঁচ দিনের যু*দ্ধে ৫০০ মার্কিন সেনা নি*হতের দাবি ই*রানের

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ৫০০-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। বুধবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আলী লারিজানি তার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামোতে’ প্রভাবিত হয়ে ট্রাম্প মার্কিন জনগণকে ইরানের বিরুদ্ধে এক ‘অন্যায় যুদ্ধে’ টেনে এনেছেন। লারিজানি প্রশ্ন তোলেন, ‘গত কয়েক দিনে ৫০০-র বেশি মার্কিন সেনা নিহতের পর এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে, নাকি ইসরায়েল?’

তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক এই উপদেষ্টা এক রহস্যময় বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাহিনী এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ।’

শনিবার ইরান এবং ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। খামেনির তেহরানের বাসভবনে চালানো ওই হামলায় তার স্ত্রী, কন্যা, পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনিরাও নিহত হয়েছেন।

ইরান সরকারের হিসাব অনুযায়ী, চার দিনের লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে।

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেছিলেন, ইরান একটি ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য প্রস্তুতি নিয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির দেওয়া আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক : ইরাকি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাত দিয়ে বুধবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেই বৈঠকের পর বিবৃতি সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, “ফোনালাপে ইরানের শাহাদাৎবরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি নিশ্চিত করে বলেছেন যে তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয়-প্রশ্রয় দেবে না।”

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার নিন্দাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। তিনি বলেছেন, ইরানে যে আগ্রাসী অভিযান শুরু করেছে ইসরায়েল— তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং নীতি বহির্ভূত।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার নিন্দা ও ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সৈয়দ আব্বাস আরাগচি।

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

প্রশাসনে সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে ও জনসেবা নিশ্চিতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ মার্চ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রমজান মাস ঘিরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা, সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং সেগুলো নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /০৫ মার্চ ২০২৬ /মওম

অস্থিরতার মাঝেই শুরু বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা!

অনলাইন ডেস্ক: শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ১০০ দিনের কাউন্টডাউন। নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে জ্বলে উঠেছে বিশেষ কাউন্টডাউন লাইট জ্বলছে। ভিডিও বার্তায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।

মেক্সিকোতে ১০০ দিন আগে পৌঁছে দেওয়া হয়েছে স্বর্ণালী ট্রফিটি। বিশ্বভ্রমণ শেষে সহ-আয়োজক মেক্সিকোর ন্যাশনাল প্যালেসে ট্রফিটি গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া সিনবামের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি বেবেতো। ট্রফি হাতে প্রেসিডেন্টের হাস্যোজ্জ্বল ফটোসেশন বার্তা দিয়েছে দেশটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই এবার।

১০০ দিনের কাউন্টডাউন উপলক্ষ্যে প্রচলিত বড় আয়োজন বা উন্মুক্ত প্রদর্শনের পরিবর্তে নিউইয়র্কে ছিল সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক অনুষ্ঠান। ১০২ তলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে জ্বলে ওঠা আলোর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক গণনা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক আয়োজক কমিটির প্রধান নির্বাহী, যুক্তরাষ্ট্র সকারের সেক্রেটারি, মেক্সিকো ফুটবল ফেডারেশনের সেক্রেটারি এবং কানাডা সকারের প্রেসিডেন্ট। তাদের সঙ্গে ছিল বিশ্বকাপের তিন মাসকট ম্যাপল, জাইয়ু ও ক্লাচ। কাউন্টডাউন ঘিরে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্ট ও আয়োজক শহরগুলোর আলাদা পোস্টার।

ভিডিও বার্তায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো আরো বলেন, আর ১০০ দিন বাকি। ১৬টি শহরে ৪৮টি দেশের অংশগ্রহণে হবে ১০৪টি ম্যাচ। স্টেডিয়ামে প্রায় ৭ মিলিয়ন দর্শক উপস্থিত থাকবেন বলে আমাদের প্রত্যাশা। আমরা ইতিহাসের দ্বারপ্রান্তে পুরো বিশ্ব এক হওয়ার অপেক্ষায় আছে।

আলোকিত প্রতিদিন/এপি