আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 117

আগামী পাঁচ দিন বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা, রাতের তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

০৭ মার্চ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ০৮ মার্চ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ০৯ মার্চ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ১০ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ১১ মার্চ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

ই*রান যু*দ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিবৃতিতে ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ-সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি।

৭মার্চ শনিবার বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ফোনকলে প্রেসিডেন্ট পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য জানান।

তাদের ফোনালাপের কিছু সময় পর একটি বিবৃতি দেওয়া হয় রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে। সেই বিবৃতিতে বলা হয়, “রাশিয়া জরুরিভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বলপ্রয়োগের কৌশল ত্যাগ করে রাজনীতি এবং কূটনীতির পথে ফিরে আসার ব্যাপারে রাশিয়া তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট পুতিন নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার এই লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

পরেরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

সূত্র : সিএনএন, আলজাজিরা

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

আসন্ন ইউপি নির্বাচনে বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ রাজনীতিবিদ জিকু

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারার ৬ নং বারখাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামগঞ্জের অলিতে-গলিতে আলোচনায় তরুণ রাজনীতিক ও সমাজসেবক সাঈদ বিন বশর জিকুর নাম সর্বত্র।

চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ওমরগণি এমইএস কলেজ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করা সাঈদ বিন বশর জিকু নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সকল ভোটারসহ আপামর জনসাধারনের দোয়া- আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেছেন। ডিগ্রিধারী এই তরুণ সমাজসেবক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এ সদস্য পদে দায়িত্ব পালন করছেন। জিকু চট্টগ্রাম চেম্বারে বিভিন্ন সময় তার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করেছেন এবং নগরীর একাধিক বিভিন্ন সংগঠনে উঁচু পদেও কর্মরত ছিলেন। এই তরুণ সমাজসেবক জিকু প্রতিবেদককে জানান, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।

তারই ধারাবাহিকতায় বারখাইন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত বারখাইন ইউনিয়নের পশ্চিম বারখাইন গ্রামের হাজী আমির আহমদ বাড়ির মরহুম খাইরুল বশর এর জ্যেষ্ট পুত্র সাঈদ বিন বশর জিকু । পিতা মরহুম খায়রুল বশর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। জিকু বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের প্রতি উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে এবং অবিচল আস্থা ও বিশ্বাস রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে সমবেত হই।

তিনি বলেন, চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলি থেকে বারবার নির্বাচিত আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি মহোদয়ের সমর্থন পেলে আগামী আসন্ন ইউপি নির্বাচনে জনগণের ভোটে জয়যুক্ত হয়ে ৬ নং বারখাইন ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করে যাবো। অত্র ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা-বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন সাঈদ বিন বশর জিকু। তাকে সমর্থন দিয়ে ইউনিয়নের মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

গোমস্তাপুর ৫ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন নব নির্বাচিত এমপি মিজানুর রহমান!

আবদুল ওয়াদুদ হাসান: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান।

‎বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ জনপ্রতিনিধি, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।

‎উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে— জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং করণ, বহিপাড়া ডাইংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং নুনগোলা বাসস্ট্যান্ড (রংধনু হল) থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত ও ঢুলিপাড়া চুটুর মিল থেকে পূনর্ভবা নদী পর্যন্ত ভায়া নুনগোলা বাসস্ট্যান্ড হয়ে ড্রেন নির্মাণ।

‎উদ্বোধনকালে এমপি মিজানুর রহমান বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকাকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করা হবে।

‎তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা আরও সহজ হবে।

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যার রহস্য উদঘাটন: গাঁজা সেবন দেখে ফেলায় শ্বাসরোধ করে হ*ত্যা!

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মাদক সেবনের সময় দেখে ফেলায় মাহবুল ইসলাম রনি (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে পরে তার মরদেহে আগুন দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম ছাব্বির আহম্মেদ (১৯)। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তুলন্দর দেওয়ানগঞ্জ বাজার এলাকার আব্দুল বারেকের ছেলে। বর্তমানে সে গাজীপুরের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ছাব্বির আহম্মেদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান অতিরিক্ত আইজিপি ও গাজীপুর জেলা পিবিআই
মোস্তফা কামাল।

তিনি আরও জানান, নিহত মাহবুল ইসলাম রনি পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুল ইসলাম রনি খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগের ছেলে। গত ২৭ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টার দিকে সে ভবানীপুর পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবার জানতে পারে, ভবানীপুর পূর্বপাড়া এলাকার একটি ফলজ ও বনজ গাছপালায় ঘেরা জঙ্গলের ভেতরে আগুনে পোড়া অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মাহবুব ইসলাম রনির বলে শনাক্ত করেন।

এ ঘটনায় রনির দাদা তারা মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার ছায়া তদন্ত শুরু করে গাজীপুর জেলার পিবিআই। পরে পিবিআইয়ের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ মার্চ রাতে ভবানীপুর এলাকা থেকে সন্দেহভাজন ছাব্বির আহম্মেদকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ছাব্বির জানায়, ঘটনার রাতে সে জঙ্গলের ভেতরে গাঁজা সেবন করছিল। ওই সময় রনি তাকে দেখে ফেলে এবং বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলে। এতে ভয় পেয়ে ছাব্বির রনিকে বিষয়টি কাউকে না বলার জন্য অনুরোধ করে। কিন্তু রনি রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি গোপন করতে মরদেহে আগুন দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

আলোকিত প্রতিদিন/এপি

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার করার আবেদন

আনোয়ার হোসেন মঞ্জু,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সাগরনাল উচ্চ বিদ্যালয় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার কেন্দ্র দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতসহ নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও কষ্টসাধ্য হয়ে ওঠে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাগরনাল উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, অবকাঠামো ও পরীক্ষার উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে। এসব সুযোগ-সুবিধা বিবেচনায় বিদ্যালয়টিকে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার হিসেবে অনুমোদন দেওয়া হলে স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার হিসেবে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

শফি মন্ডলের কণ্ঠে ফরিদা ফারহানার নতুন গান ‘ভবের মাঝে নানান মানুষ’

নিজস্ব প্রতিবেদক : ফোক ঘরানার গানে নতুন মাত্রা যোগ করতে নতুন গান নিয়ে হাজির হলেন এ সময়ের জনপ্রিয় গীতিকবি ফরিদা ফারহানা। তাঁর কাব্যিক ছোঁয়ায় তৈরি ‘ভবের মাঝে নানান মানুষ’ শিরোনামের গানটি সম্প্রতি বাংলাদেশ বেতারের বাণিজ্যিক বিভাগে রেকর্ড করা হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের কিংবদন্তিতুল্য ফোক সংগীতশিল্পী শফি মন্ডল। প্রথমবার ফরিদা ফারহানার গীতিমালার সঙ্গে কণ্ঠ মেলালেন তিনি। গানটি প্রসঙ্গে শফি মন্ডল বলেন, “আসলে এই গানটি মনের মানুষকে ঘিরে ভালোবাসার এক গভীর প্রকাশ। কথাগুলো এত সুন্দরভাবে সাজানো যে, প্রথমবার গেয়েই আমি মুগ্ধ হয়েছি। গীতিকবি ফরিদা ফারহানার সাথে কাজের অভিজ্ঞতাটা সত্যিই দারুণ ছিল।”

​গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন গুণী সংগীত পরিচালক বাবু সরকার। দীর্ঘদিন পর ভিন্নধর্মী একটি কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি। তাঁর মতে, গানের কথা ও সুরের যে মেলবন্ধন এখানে ঘটেছে, তা সচরাচর দেখা যায় না। এই শৈল্পিক সমন্বয়ই তাঁকে কাজটি করতে অনুপ্রাণিত করেছে।

​ফরিদা ফারহানা বর্তমানে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নিয়মিত গান লিখে চলেছেন। সমসাময়িক জীবনবোধ আর লোকজ আবহের মিশেলে লেখা তাঁর গীতিকবিতাগুলো ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
​সংশ্লিষ্টদের আশা, লোকসংগীতের আবহ, হৃদয়ের গভীর টান আর কথার মাধুর্যে ‘ভবের মাঝে নানান মানুষ’ গানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। ফোক ধারার গানে এটি হতে পারে এক অনন্য সংযোজন।

আলোকিত প্রতিদিন /৬ মার্চ-২০২৬/এসএএইচ

টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ আ*ন্তঃজেলা চ*ক্রের পাঁচ সদস্য গ্রে*প্তার

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার(০৬ মার্চ) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়ার মৃত ওমর আলীর ছেলে সাগর আলী (২৮), একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো: পনির (২৭), ইসমাইল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকার রজ্জব আলীর ছেলে জাহিদ হোসেন (৩০) এবং একই এলাকার বাবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন হৃদয় (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, গত ২২ জানুয়ারী রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচ থেকে সাংবাদিক মোমিনুর রহমানের মোটরসাইকেল একটি চক্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোমিনুর রহমান টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে ২৬ ফেব্রুয়ারি শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া সাকিনস্থ এলাকায় শাহীন মিয়ার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানার মামলা করা হয়। এ সব চুরির ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্য সূত্র সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত করে গত মঙ্গলবার পূর্ব আদালতপাড়া চৌধুরী বাজার এলাকা অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর আলী ও মো. পনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর থেকে মোটরসাইকেলসহ আনিছুর রহমান ও জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ গেইট থেকে বিপ্লব হোসেন হৃদয়কে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ।
আলোকিত প্রতিদিন / এম আর এম

নাগরপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত!

নাগরপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে আজ ১৫ রমজান (৫ মার্চ, ২০২৬) বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ (NDF) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. এ.কে.এম আব্দুল হামিদ। তিনি তাঁর বক্তব্যে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পুরো মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এনসিপি (NCP)-সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। বক্তারা এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই  প্রতিষ্ঠানকে জরিমা*না!

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানের বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে শহরের পাঁচ আনী বাজারের মিষ্টি পট্টি ও পার্ক বাজারের দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি প্রস্তুত করা, কর্মচারীদের হাইজিন মেইনটেইন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০০০০/- এবং গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য খাবারের হোটেল ও মিষ্টান্ন ভাণ্ডার দোকানদারদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও সামারি ট্রায়াল কোর্ট পরিচালনার সময় মাহমুদুল হাসান কলেজ মার্কেট, সমবায় মার্কেট এবং পূর্ব আদালত পাড়া রোডের কাপর ও কসমেটিকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল কসমেটিক, ভারতীয় ও পাকিস্তানি কাপর বলে নকল কাপর বিক্রি এবং অধিক দামে বিক্রির দায়ে আর্থিক জরিমানা করা হয়।

এসময় সামারি ট্রায়াল কোর্ট/ মোবাইল কোর্ট  পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাগর তালুকদার। সাথে ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন জামান স্নিগ্ধা এবং উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক সাহেদা বেগম। পাশাপাশি জেলা পুলিশের টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির নিউটন মজুমদার বলেন, চীফ জুডিসিয়াল

ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে টাঙ্গাইল জেলাকে আরও নিরাপদ করে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি