আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 107

যুদ্ধ বন্ধে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে পেজেশকিয়ান বলেছেন, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা হয়েছে।

তাদের তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ চাইলে ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালাবে না, তার আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “ইহুদিবাদী (ইসরায়েল) এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে।”

সূত্র: দ্য গার্ডিয়ান

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করতে ভুললে চলবে না

 লাইফ-স্টাইল ডেস্ক:

ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে কয়েক দিনের জন্য বাসা-ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে চুরি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তাই ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখা জরুরি। এতে ঘর নিরাপদ থাকবে এবং ফিরে এসে অপ্রত্যাশিত ঝামেলায় পড়তে হবে না।

বাসা কয়েক দিনের জন্য ফাঁকা থাকলে নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেকেই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছেন। মোবাইলের সঙ্গে সংযুক্ত এসব ক্যামেরার মাধ্যমে দূর থেকেও বাসার পরিস্থিতি দেখা যায়। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কর্মীদের জানানো সম্ভব।

বাড়ি ছাড়ার আগে দরজা ও জানালা ঠিকভাবে বন্ধ আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করা দরকার। অনেক সময় তাড়াহুড়ায় তালা লাগানো হয়েছে কি না, তা খেয়াল করা হয় না। তাই বের হওয়ার আগে আরেকবার যাচাই করে নেওয়া ভালো। প্রয়োজনে প্রতিবেশী বা দারোয়ানকে বিষয়টি জানিয়ে যেতে পারেন।

দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে গ্যাসের লাইন বা সিলিন্ডার বন্ধ রাখা নিরাপদ। বের হওয়ার আগে গ্যাসের চুলা, রেগুলেটর বা মূল লাইন বন্ধ আছে কি না, তা নিশ্চিত করা দরকার। একই সঙ্গে পানির কল বা ট্যাপ খোলা রয়ে গেছে কি না, সেটিও দেখে নেওয়া উচিত।

ভ্রমণ বা বাড়ি ফেরার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ নথির ফটোকপি বা ডিজিটাল কপি আগে থেকেই করে রাখলে সুবিধা হয়।

বাসা থেকে বের হওয়ার আগে বৈদ্যুক যন্ত্রপাতির সুইচ বন্ধ করা অত্যন্ত জরুরি। লাইট, ফ্যান বা অন্যান্য যন্ত্রপাতি অন অবস্থায় থাকলে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।

অনেক দিন বাসা বন্ধ থাকলে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ তৈরি করতে পারে। তাই দীর্ঘ ছুটিতে যাওয়ার আগে ফ্রিজের খাবার গুছিয়ে রাখা বা প্রয়োজন হলে পরিষ্কার করে নেওয়া ভালো। একইভাবে ডাস্টবিন খালি করে রাখলে ফিরে এসে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় না।

ছুটিতে যাওয়ার আগে ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার করে রেখে গেলে ফিরে এসে স্বস্তি পাওয়া যায়। এতে ধুলাবালি, পোকামাকড় বা অগোছালো পরিবেশের ঝামেলাও কম থাকে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই যখন বাড়ির পথে, তখন সামান্য কিছু সতর্কতা আপনার বাসাকে নিরাপদ রাখতে পারে। তাই যাত্রার আগে একটু সময় নিয়ে এসব বিষয় নিশ্চিত করে নেওয়াই সবচেয়ে ভালো।

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন,নির্বাচিত ৩

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৩টি পদের বিপরীতে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন— মো. গোলাম মোস্তফা, মো. আলমাস উদ্দিন, মো. সেলিম মিয়া, মো. মনির হোসেন, মো. ইব্রাহিম সরকার, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুস সাত্তার বাবু ও মির্জা মনিরুল হক।

৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৩১৭ জন। এর মধ্যে ৪১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সর্বোচ্চ ২২৬ ভোট পেয়ে ৭ নম্বর ব্যালটের প্রার্থী মো. আব্দুস সাত্তার বাবু প্রথম হন। ১৭৫ ভোট পেয়ে ২ নম্বর ব্যালটের প্রার্থী মো. আলমাস উদ্দিন দ্বিতীয় এবং ১৫৫ ভোট পেয়ে ১নং ব্যালটের মো. গোলাম মোস্তফা তৃতীয় হয়ে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। প্রথম হওয়া প্রার্থী মো. আব্দুস সাত্তার বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মুরাদনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

নির্বাচিত প্রার্থীরা জানান, কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি কলেজমুখী করার জন্য তারা কাজ করবেন।

অপরদিকে কয়েকজন প্রার্থী অভিযোগ করে বলেন, প্রথমে প্রার্থীদের সমন্বয়ের মাধ্যমে তিনজনকে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আলোচনা ছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টি সমালোচনার সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ৯ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ১২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। স্বল্প সময়ের কারণে অনেক ভোটারের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে এবং অনেকেই কলেজের আইডি কার্ড না আনায় ভোট দিতে পারেননি।

কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, আমি ২০২৩ সালে এই কলেজে যোগদান করি। শুনেছি দীর্ঘদিন ধরে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়নি। তাই এবার নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের আয়োজন করা হয়েছে। যদিও ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, তবে দীর্ঘদিন পর ভোট দিতে এসে অনেক অভিভাবকের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে কলেজের অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ দেখা যায়।

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

রূপগঞ্জে বিদেশি পি*স্তল ও মা*দকসহ আ*টক-২

রিপন পাল:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । গত ১১ মার্চ বুধবার রাত ১২ টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের সরজু মিয়ার ছেলে আবু হানিফ(৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(২০)। নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা টেবলেট ,এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এসময় মাদকবহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,অভিযানের সময় মাদককারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় । হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া,
সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান আহত হয়।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয় ১১৩০ কোটি ডলার: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাবমতে, চলমান যুদ্ধের প্রথম ছয় দিনেই দেশটির খরচ হয়েছে ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত মঙ্গলবার আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এই ব্যয়ের হিসাব তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আনুমানিক হিসাবের মধ্যে সংঘাত সংশ্লিষ্ট আরও কিছু ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে প্রথম হামলার আগে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং জনবল মোতায়েনের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা এখানে যুক্ত নেই। ফলে যুদ্ধের প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি হবে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

মির্জা আব্বাস অসুস্থ, হাসপাতালে ভর্তি

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ মার্চ বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থা উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি দেশবাসীর কাছে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আলোকিত প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ করিয়েছেন রাষ্ট্রপতি মো.শাহাবুদ্দিন।

১২ মার্চ  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয় জাতীয় সংসদে। প্রস্তাব করেন বরগুনা-২ সংসদীয় আসনের সদস্য নুরুল ইসলাম এবং সমর্থন করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবটি সংসদে উত্তাপিত হলে কণ্ঠভোটের মাধ্যমে তা পাস হয়। হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।

নেত্রেকোনা-১ এর সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কাইসার কামালের নাম প্রস্তাব করে নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন লক্ষীপুর-৪ এবিএম আশরাফ উদ্দিন মিজান। ব্যারিস্টার কাইসার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত করার জন্য সংসদে কণ্ঠভোটে দেওয়া হয়। কণ্ঠভোটে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন ।

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:

গত ১২ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা সত্ত্বেও ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পতনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না ওয়াশিংটন। ইরানে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অন্তত ৪ জন জ্যেষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরান যুদ্ধ এবং ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতনের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে সরকার পতনের কোনো সম্ভাব্যতা দেখা যাচ্ছে না ; উপরন্তু সাধারণ জনগণের মধ্যে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রর গ্রহণযোগ্যতা বাড়ছে, যা গত ডিসেম্বর-জানুয়ারির সরকারপতন আন্দোলনের সময়ে অনেকাংশ নষ্ট হয়ে গিয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ ইরানের অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। নিহত এই কর্মকর্তাদের মধ্যে ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কয়েক জন শীর্ষ কমান্ডারও আছেন।

ইরানে হামলা শুরুর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানিয়ে একটি ভিডিওবার্তাও পোস্ট করেছিলেন।

তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাজিত করে ইরানের প্রভাবাশালী সংস্থা অ্যাসম্বলি অব এক্সপার্ট। আইআরজিসির যেসব শীর্ষ কমান্ডার এবং যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন— তাদের শূন্যপদও অনেকাংশে পূরণ কারা হয়েছে ইতোমধ্যে।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল কোনোভাবেই চায় না যে ইরানে ইসলামি প্রজাতন্ত্রী সরকার টিকে থাকুক। আবার যুদ্ধের এই পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠাতে ইচ্ছুক নন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রী সরকারের প্রধান শক্তি আইআরজিসিকে দুর্বল করতে বিদ্রোহী কুর্দ যোদ্ধাদের মাঠে নামানোর চিন্তাভাবনা করছিল যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইরাকে কুর্দ নেতাদের সঙ্গে এ ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের বৈঠকও হয়েছে।

ইরানের বিদ্রোহী কুর্দ বাহিনীর মূল ঘাঁটি পার্শ্ববর্তী দেশ ইরাকে। সীমান্ত পেরিয়ে এসে ইরানের নিয়মিত প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসির ওপর হামলা চালায় কুর্দ বাহিনী।

ইরানের কুর্দি রাজনৈতিক দল কোমালা পার্টি এবং এবং ৬টি কুর্দি রাজনৈতিক দল গঠিত জোটের নেতা আবদুল্লাহ মোহতাবি গতকাল বুধবার রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের লক্ষাধিক কুর্দ সেনা আইআরজিসিকে মোকাবিলা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র একবার সংকেত দিলেই তারা দলে দলে ইরানে প্রবেশ করা শুরু করবে।”

তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন— এ ইস্যুতেও দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে যুক্তরাষ্ট্র। কারণ কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যসংখ্যা, তাদের দক্ষতা এবং তাদের হাতে থাকা গোলাবারুদ আইআরজিসির জন্য কার্যকর হুমকি সৃষ্টি করতে পারবে কি না— তা নিয়ে ব্যাপকভাবে সন্দিহান ওয়াশিংটন।

তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও এর পক্ষে নন। ইতোমধ্যে তিনি বলেছেন যে তিনি চান না কুর্দি যোদ্ধারা ইরাক থেকে ইরানে প্রবেশ করুক।

এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পরবর্তী করণীয় প্রসঙ্গে জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু হোয়াইট হাউসের কোনো মুখপাত্র এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

জাতীয় সংসদ হবে দেশের সব যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ দেড় দশকের দুঃশাসন এবং ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, এখন থেকে জাতীয় সংসদ হবে দেশের সব যুক্তি-তর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু।

১২ মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি। যারা গুম, খুন এবং আয়নাঘরের মতো বর্বর নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সাহসিকতাতেই আজ দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদীয় গণতন্ত্রের অগ্রদূত উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। কিন্তু বিগত শাসনামলে সেই সংসদকে প্রহসনে পরিণত করা হয়েছিল। তিনি আপসহীনভাবে লড়াই করেছেন, কিন্তু এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

একইসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উক্তি উদ্ধৃত করে বলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয়, তবে আমি সেই দলেই আছি। ব্যক্তি বা দলের চেয়ে জনগণের স্বার্থই বড়—এটাই বিএনপির মূল দর্শন।

তারেক রহমান স্পষ্ট করে বলেন, আমি দলীয়ভাবে নির্বাচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে এই সংসদে সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু একটি সার্বভৌম, নিরাপদ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।

বর্তমান সংসদের বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জনরোষে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারদের কাউকেও খুঁজে পাওয়া যায়নি। তারা হয় কারাগারে, না হয় পলাতক।

এই সংকটকালীন অধিবেশনে সভাপতিত্বের প্রস্তাব প্রসঙ্গে তিনি ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। আজকের এই নজিরবিহীন প্রেক্ষাপটে আমরা প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু করছি।

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন!

এম. জসিম উদ্দিন, চট্টগ্রাম॥ উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ২১ রমজান বুধবার বিকেলে রেডিসন ব্লুতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আ ন ম তৈয়ব আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সভাপতি মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু সংগঠনের ভবিষ্যৎ রুপরেখা তুলে ধরেন এবং তিনি সংগঠনের তহবিল ব্যবস্থাপনা, সঞ্চয় বৃদ্ধি ও সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত সদস্যরা সংগঠনের সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কথাসাহিত্যিক- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রকাশক সাংবাদিক জামাল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক ও সাহিত্য বিচিত্রার স্বত্বাধিকারী মোঃ সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলী প্রয়াস, প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অধ্যাপক শামসুদ্দিন শিশির, অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, এম. জসিম উদ্দিন, মুশফিকুর রহমান, গাজী মোঃ জাহেদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক বিজ্ঞান লেখক আখতারুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম, সুব্রত কান্তি চৌধুরী, নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন নিশান, ফরিদা রহমান, নাফিজ সাদেকিন, আফছার উদ্দিন লিটন, একরাম আজাদ, মোখতার হোসাইন সিকদার, কিশোর হাবিবুর রহমান, রানা মল্লিক, শাখাইরুল ইসলাম, আলমগীর ইমন, সাইফুল ইসলাম শাকিল, মহীশূর বাপ্পী, সানাউল্লাহ রানা, মনিরুল ইসলাম সজীব, আইমান রহমান, কাজী জোহেব, ইমাম উদ্দিন নীরব, জাহিদুল ইসলাম আযযিহান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, ফারুক হাসান, জোবায়দুর রশীদ হানিফ এর জন্য শোক প্রস্তাব আনা হয়। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি