আজ , ।   
Home Blog Page 679

বিপ্লব পরবর্তী ৩ মাসে সবচেয়ে বড় ব্যর্থতা আওয়ামী দোসরদের উৎখাত করা যায়নি: মাসুদ

আলোকিত প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মুক্তিযোদ্ধারা কোনো একক দলের সম্পদ নয়, তারা জাতীয় সম্পদ। আওয়ামী লীগ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা পরবর্তী দলীয় সম্পদ বানিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ১০০ দিনের অর্জন ও ব্যর্থতা নিয়ে কেউ কেউ আলোচনা করছে। আমি বলবো, বিপ্লব পরবর্তী গত ৩ মাসে সবচেয়ে বড় ব্যর্থতা আওয়ামী দোসরদের উৎখাত করা যায়নি। ১৬ নভেম্বর শনিবার রাতে রাজধানীর ওয়ারী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের পর কেউ কেউ শহীদদের নিজ দলের কর্মী হিসেবে দাবি করছে। নিজ দলের শহীদের সংখ্যা ঘোষণা করছে। অবশ্য আহতদের এড়িয়ে যাওয়া হচ্ছে। কারণ তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব দলের ওপর পড়তে পারে। জামায়াতে ইসলামী জুলাই-আগস্টে আন্দোলনে শহীদদের জামায়াত-শিবির হিসেবে দলীয় পরিচয় দেয়নি, দিতে চায় না। আমরা মনে করি এই আন্দোলনে সব শহীদ ও আহতরা জাতীয় বীর, জাতীয় সম্পদ। তাদেরকে দলীয় কর্মী হিসেবে দেখলে জাতির কাছে তাদের মর্যাদা সীমিত হয়ে যাবে। আমরা চাই জাতীয় বীর, জাতীয় বীরের সম্মানেই থাকুক।

হাসিনামুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হয়নি উল্লেখ করে ড. মাসুদ বলেন, ফ্যাসিবাদের দোসরের খুঁটি অনেক গভীর এবং শক্তিশালী। এদের তালিকা করে সমূলে উৎখাত করতে না পারলে ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে। তাই অন্তবর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এ বিষয়ে সরকারকে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন এবং সহযোগিতা দেবে। শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের পর এখন দেখা যায়, কেউ কেউ সভা সমাবেশ করেন কিন্তু মঞ্চে কে নেতা, কে কর্মী বোঝা যায় না। প্রধান অতিথি বক্তব্য দিতে গেলে তার চারপাশে কর্মীরা এমনভাবে তাকে ঘিরে দাঁড়ায় প্রধান অতিথি কে সেটাও বোঝা যায় না। পরে প্রধান অতিথির চেহারার ওপর টিক চিহ্ন দিয়ে ঐ ছবি পোস্ট করে! তারা কোনোভাবে দলে শৃঙ্খলা ফেরাতে পারছে না। যাদের নিজ ঘরে, নিজ দলে শৃঙ্খলা নাই, তারা রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে আছে। ক্ষমতা দখল করেই দুর্বার গতিতে লুটপাট শুরু করবে। আমরা মানুষের হৃদয় দখল করি। তারা হিন্দুদের সম্পদ আত্মসাৎ করে আমরা হিন্দুদের আশ্রয়ের ঠিকানা হয়ে আছি এবং থাকবো। চোর-ডাকাতের দল মানুষকে ভয়ভীতি লাগায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হাত কেটে দেবে! কিন্তু না এটা জামায়াতে ইসলামীর বিধান নয়, চুরি করলে হাত কেটে দাও এটা আল্লাহর বিধান। চুরি না করলে তো কারো হাত কাটবে না। অপরাধীরা ইসলামকে ভয় পায়। নিরপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ের ঠিকানাই হচ্ছে ইসলাম।

ওয়ারী পূর্ব থানা আমির মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে টিকাটুলি শহীদ নবী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ১৭ নভেম্বর-২৪/মওম

মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

আলোকিত প্রতিবেদক…

অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৭ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মওলানা ভাসানী অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে এখন। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে।

তারেক রহমান আরো বলেন, অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন তিনি।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন বিএনপির এই নেতা।

আলোকিত প্রতিদিন/এপি

পেট্রোবাংলা অবরোধ করেছে চাকরি প্রত্যাশীরা,আটকা পড়েছেন শত শত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:

মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মীরা।

১৭ নভেম্বর  রবিবার  বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।  অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনরত চাকরিপ্রত্যাশী একজন  বলেন, পেট্রোবাংলা ২০২২ সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে আমরা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি এবং ১৭ ক্যাটাগরির মধ্যে ১৬ ক্যাটাগরির ভাইভা সম্পন্ন করা হয়েছে। কিন্তু অজানা এক কারণে প্ল্যান্ট অপারেটর পদের একটি ক্যাটাগরির ভাইভা তিনবার স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত ২৩ অক্টোবর আমরা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি। আজ একই দাবি নিয়ে আমরা আবার এসেছি। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে।  দাবি আদায় না হলে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনও কেউ কোনো মন্তব্য করেননি।

আলোকিত প্রতিদিন/ ১৭ নভেম্বর-২৪/মওম

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গতকাল,শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা এগারোটার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোঁজাখুজি করে কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। শনিবার বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে লেট্রিনের মধ্যে পরে থাকতে দেখেন।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
আলোকিত/১৭/১১/২০২৪/আকাশ

র‌্যাব-৭, চট্টগ্রামের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা সহ গ্রে*ফতার-২

মোঃ আতিকুর রহমান রোজেন, ফেনী 
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব এর সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক ২০১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরাগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারস্থ গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহন নামীয় ০১টি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ০২ জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ নুরুজ্জামান (৩৭), পিতা-আঃ হান্নান, সাং-জামতলী ইসলাম কলোনী এবং  মোঃ আঃ হান্নান (৩৯), পিতা-মৃত আঃ ছামাদ, সাং-জামতলী বাঙ্গালীপাড়া, উভয় থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়িদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের দেখানো ও শনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতর বিশেষ কৌশলে রক্ষিত এবং আসামিদের নিজ হাতে বের করে দেয়া মতে ০৫টি সাদা প্লাস্টিকের বস্তা হতে ৫৮ কেজি উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রংপুরসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিদেরকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ!

বিনোদন প্রতিবেদক…

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭১ পেরিয়ে ৭২ বছরে পা রাখলেন তিনি। এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন রুনা লায়লা। তবে চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমার সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর ১২টায় সানজিদা রহমানের উপস্থাপনায় রুনা লায়লাকে ঘিরেই ‘তারকা কথন’ অনুষ্ঠানটি প্রচার হবে ঘণ্টাব্যাপী। রুনা লায়লার সঙ্গে এই আয়োজনে দেশের বেশ কয়েকজন প্রখ্যাত সংগীতশিল্পীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া আজ রাত আটটায় রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনিগমা টিভিতে ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গায়ক ইউসুফের উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান ও প্রিয়াঙ্কা। এ ছাড়া অন্য বেশ কয়েকটি চ্যানেলেও নানাভাবে রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হবে।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই- যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন; ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছি তাতে আমি মনেকরি সবার দোয়াতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। বিশেষত জন্মদিন এলে বাবা-মা আর আমার বড় বোন দীনা লায়লাকে ভীষণ মিস করি।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কীÑ গান নিয়েইতো আমার সারাবেলার ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে। আমার সুরে যেমন কয়েক শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব সে পরিকল্পনাও আছে। যেমন এরইমধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটি গান করেছি। সামনে আরও গান আসছে।’

 

সুরেলা কণ্ঠ দিয়েই যুগের পর যুগ শ্রোতা-দর্শককে মুগ্ধ করে চলেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। সিলেটে জন্ম নেওয়া রুনা লায়লার গ্রামের বাড়ি রাজশাহীতে। গানের পাশাপাশি কয়েক বছর আগে সুরকার হিসেবেও তার অভিষেক হয়। এমএ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। পরে তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলি খান, আদনান সামি, আঁখি আলমগীর, তানি লায়লা, লুইপা, হৈমন্তী। আঁখি আলমগীর, লুইপা, হৈমন্তীর গানগুলো রাজা ক্যাশেফের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ থেকে প্রকাশ হয়েছিল।

রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দি রেইন’, ‘যাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমাতে প্লে-ব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে আর কখনও অভিনয় করার আগ্রহ নেই তার। রুনা লায়লার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘যদি প্রশ্ন করো’। গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শফিক তুহিন, সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আধুনিক গান তারই সুর করা ‘ফেরাতে পারিনি’ গানটি।

এখনো তিনি অনায়াসে স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন। স্টেজ শোতে গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। কিংবদন্তি এই শিল্পীর গান এখনও মঞ্চে উপভোগ করার জন্য যেমন শ্রোতা-দর্শক প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, ঠিক তেমনি তার গান কোথাও প্রচার হলে শ্রোতারা এক নিমিষেই বুঝতে পারেন গানটি রুনা লায়লার গাওয়া গান।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে কমিউনিস্ট পার্টির গণ*সমাবেশ

মো. মিজানুর রহমান খান কুদরত, মানিকগঞ্জ

“দুনিয়ায় মজুমদার এক হও” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ মিলনায়তনে গণ অভূত্থানের আকাঙ্খা বাস্তবায়নে শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র যাত্রা ও সমাবেশ- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম। বিশেষ আলোচনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত, কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রাসাদ ভৌমিক, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন দুর্জয় প্রমুখ।

বক্তারা বলেন দেশে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। এটাকে আমরা বিপ্লব বা স্বাধীনতা বলতে চাইনা। মহান ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে অর্জিত স্বাধীনতার স্বাদ ও আকাঙ্খা থেকে জনগণ বারংবার বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি  মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজের চেতনায় গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

দূর্গাপুর প্রেসক্লাবে সদস্য সংগ্রহ ফরম বিতরণ

মমিন জাদরান: দেশের স্বার্থে সাংবাদিকতার আহ্বানে দূর্গাপুর প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।
দূর্গাপুর প্রেসক্লাবের নতুন ভবনে সাংবাদিকের উপস্থিতিতে এক সাধারণ সভা আয়োজন করা হয়। উক্ত সভায় আহবায়ক কমিটির উপস্থিতে
আনুষ্ঠানিক ভাবে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। যা আগামী এক সপ্তাহে চলমান থাকবে।
সকল ‘সদস্য পদের’ জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। প্রসঙ্গত আরও উল্লেখ্য, উল্লেখিত সময়ের মধ্যে প্রেসক্লাবের নিয়মিত সদস্যগণদেরও নিজ নিজ তথ্য হালনাগাদ করার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা আছে সরকারী ভাবে নিবন্ধিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া হতে হবে। এবং প্রেসক্লাবের সদস্য হতে হলে সর্বনিম্ন দুই বছরের পত্রিকার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও, আবেদনকারীর অন্য কোন সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে উক্ত সংগঠন কর্তৃক অব্যহতিপত্র সংযুক্তি প্রদান সাপেক্ষে আবেদন বিবেচ্য হবে। পাশাপাশি, একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন বিবেচ্য হবে না।
ফরম বিতরণ কার্যক্রম শুরুর সময় দূর্গাপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাহাজামাল, সদস্য সচিব হাসিবুর রহমান হাসিব ও দূর্গাপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো: মমিন জাদরান। এ ছাড়া ছিলেন এক নাম্বার সদস্য আলামিন হক বিজয়, রাকিবুল ইসলাম, মোফাজ্জল হোসেন মায়া, মোনোয়ার হোসেন পন্টি।
আলোকিত/১৬/১১/২০২৪/আকাশ

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম নুরজাহান বেগম (৪৫)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো.জাহাঙ্গীরের স্ত্রী।  ১৬ নভেম্বর শনিবার বিকেলে পৌনে ৪টার দিকে রেইলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যায়। ভিকটিম চৌমুহনী পৌরসভার ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেইট এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১৬ নভেম্বর-২৪/মওম

শ্রীপুরে বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ

মোঃ আরিফ হোসেন জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ও ভাংচুরের ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শামীম মোড়ল বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন ঐ এলাকার মৃত আব্দুল আলী মোড়লের দুই ছেলে জাকির মোড়ল ও রনি মোড়ল। আবু সাঈদ এর ছেলে সুভাষ মোড়ল।‌ গোলাম হোসেন মোড়লের ছেলে সোহেল মোড়ল ও সাত্তার মোড়ল এর দুই ছেলে মাহবুব মোড়ল ও জুবায়ের মোড়ল।

যানা গেছে এক গ্রামের জাকারিয়া মোড়ল এর সাথে শামীম মোড়লের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর ই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৭ ই নভেম্বর দুপুর ১২ টার দিকে শামীম মোড়লের বাড়িতে হামলা করে। এ ঘটনার জের ধরে শামীম মোড়ল শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে প্রতিপক্ষের লোকজন খিপ্ত হয়ে ১০ নভেম্বর বাড়িতে এসে হামলা ভাংচুর ও লুটপাট করে।

এ সময় বাড়ির সি সি ক্যামেরা সহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে জানান। এ ঘটনায় সিফাত মোড়ল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা হুমকি অব্যাহত রেখেছেন।

বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে অভিযুক্ত রনি মোড়ল মারধর ও লুটপাটের ঘটনা অস্বীকার করে বলেন ওরাই আমাদের একজন কে ব্যাপক মারধর করেন। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আলোকিত প্রতিদিন/এপি