আজ , ।   
Home Blog Page 608

নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন

 প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের স্থাপিত অবৈধ ইটভাটা একতা ব্রিকসকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নোয়াখালী পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদ প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন 2019 এর আলোকে আজ ২৭ শে জানুয়ারি সোমবার এক মোবাইল কোর্ট পরিচালনা  করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং নগদ  ৫০  হাজার টাকা জরিমানা আদায় হয়। পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে উপরোক্ত শাস্তি প্রদান করেন কবিরহাট  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান,কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের  সদস্যরা।

 গত ১০ডিসেম্বর তারিখে ঐ একই আইনে ইটভটাটি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু সময়ের ব্যবধানে মালিক পক্ষ ফের ইটভাটা চালু করে। এর প্রতিবাদে জমির মালিক ২১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।উল্লেখ্য বিগত ১৫ বছর  উক্ত ইটভাটার মালিক অন্যের জমি দখল করে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই পরিচালনা করে আসছে।জমির মালিক পক্ষকে বিগত বছরগুলোতে কানাকড়িও দেয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগে জানানো হয়।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

মুন্সীগঞ্জে মাদক ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ

আবু সাঈদ দেওয়ান সৌরভ:
তরুণ যুব সমাজকে মাদকের থাবা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মুন্সীগঞ্জের চরাঞ্চলে মানববন্ধন ও মাদক ব্যবসয়ীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী।
২৭ শে জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া বাজারে সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় কয়েক শতাধিক মানুষ।
এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করে জানায়, দীর্ঘদিন যাবত চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারির অভাবে গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। এতে বিপথগামী হয়ে মাদকাসক্ত হয়ে উঠেছে তরুণ প্রজন্ম। ফলে সমাজ ও পরিবারে অশান্তি বিরাজ করছে। শীঘ্রই চরাঞ্চলে মাদক বিক্রির সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা, এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি শরীফ মীর ও জরিনা বেগমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।
আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

আজ পবিত্র শবে মেরাজ

আলোকিত ডেস্ক:

পবিত্র শবে মেরাজ আজ। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত এবং ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ইবাদত-বন্দেগি পালন করবেন।

ইসলাম ধর্মে শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)।ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায়। এই উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করে।

১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় এবং জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়-বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

এমতাবস্থায় বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ জানুয়ারি দিনগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

শ্যামনগরের নুরনগর বিএনপির আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

এস কে সিরাজ:
সাতক্ষীরার সুন্দরবন ও সীমান্ত উপকূলীয় শ্যামনগরের নুরনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং বিএনপি ও সাবেক  তাতীদলের অন্যতম নেতা জি এম আবু ইউছুপের সার্বিক ব্যবস্থানপনায় নুরনগর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিএনপি অফিসে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শেখ লিয়াকত হোসেন এর সভাপতিত্বে  রবিবার সন্ধ্যায় দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।
এ সময় তিনি বলেন, দল কে সু সংগঠিত করতে আমাদেরকে  তৃনমুল নেতাদের মধ্যে দলীয় কার্য্যক্রম বৃদ্ধি করতে হবে,তাদের সংগঠিত করে দলকে আরো শক্তিশালী করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বিএনপির অন্যতমনেতা মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আশেক ই এলাহী মুন্না, সাবেক ছাত্রনেতা প্রভাষক মোক্তার হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক,হাফিজ আল কল্লোল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিকী, মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ সেলিম হোসেন, বিএনপি নেতা নুর ইসলাম, ফিরোজ হোসেন বাবলু,সাবেক জাসাসনেতা আসাদুজ্জামান লিটন, নুরনগর বিএনপি নেতা এবং ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন মন্টু, যুবদলের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ রাজু,যুবদলের আহবায়ক গোলাম মাহমুদ রাজু,জিয়ামন্ঞ এর সভাপতি আব্দুল হাকিম সহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক:

আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)।

আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ইতোমধ্যেই অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতোদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ২৬ জানুয়ারি রবিবার রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) “অবৈধ আমদানিওয়ালি পার্টি” (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন ৷

দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। এদিন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানান অমিত শাহ।

তিনি বলেন, “বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।”

গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আর রবিবার তিনি বলেন, “কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন ৷ আপ মানে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’।”

ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গেছে। তার কথায়, “পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।”

অমিত শাহ আরও বলেন, “আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি  এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। দিল্লিতে আপের শাসনকালে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া স্কুল, মন্দির এবং গুরুদ্বারগুলোর কাছে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করার পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছেন।”

প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আর ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

ঢাবি প্রো-ভিসির পদত্যাগে আল্টিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড.মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। সেইসঙ্গে রবিবার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। ২৭ জানুয়ারি সোমবার ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দীন। তিনি ছয় দফা দাবি তুলে ধরেন।

এসময় শিক্ষার্থীরা আরও বলেন, জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে সকালের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, বিকেল ৪টার মধ্যে যদি প্রো-ভিসি পদত্যাগ করে ক্ষমা না চান কিংবা ৬ দফা দাবি পূরণ করা না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তাদের দাবিগুলো নিম্নরূপ:

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

dhakapost

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক মিটিংয়ের মাধ্যমে এ ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকার সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

নবীনগরে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকেলে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাজী আবু সামা সরকার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক কেএম মামুনুর অর রশীদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী নাজমুল করিম
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক জরু, যুগ্ন আহবায়ক মমিনুল হক পলাশ, কাজী হেলাল, মোজম্মেল হক, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন খাঁন, বিটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মাঃ মাকসুদুল হক।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
বক্তারা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের কারণে আপনাদের সেবা করতে পারি নাই৷ আমি আগামী দিনে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই৷ আপনারা আমার জন্য দোয়া করবেন৷
নবীনগর পূর্বাঞ্চল বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি প্রশাসনিক থানা বাস্তবায়ন। আগামী নির্বাচনে আপনাদের প্রতক্ষ ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পূর্বাঞ্চলে প্রশাসনিক থানা বাস্তবায়ন চেষ্টা করবো।
আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

নাসিরের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

আলোকিত ডেস্ক:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

২৭ জানুয়ারি সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। গতকাল আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

 ১৮ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একইসাথে পরীমনি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি এবং তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন । পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এতে আরও বলা হয়, বাদী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি এবং তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি-২৫/মওম

পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না: রুহুল কবির রিজভী

মো. মিজানুর রহমান খান কুদরত:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলুম-অত্যাচার ও গুম-খুন-হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করে বিগত ১৭ বছর দেশে ফেরাউনের রাজ্য কায়েম করেছিল শেখ হাসিনা। পৃথিবীর সব ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজরা যা করে শেখ হাসিনা তাই করেছে।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, শেখ পরিবারে একটি সৎ মানুষ খুঁজে পাবেন না। ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। শুধু লুটপাট আর লুটপাট। দেশে কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হোক, দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক শেখ হাসিনা তা চাননি। তিনি চেয়েছিলেন অন্য একটি দেশ তাদের এসব দিবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা তার নামে, পতুলের নামে, জয়ের নামে, রেহানার নামে, টিউলিপের নামে, রুপন্তির নামেসহ আত্মীয়দের নামে দুর্নীতি করে সম্পদ করেছেন। উন্নয়ন দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান আর হাসপাতাল ধ্বংস করেছেন।

মানিকগঞ্জ জেলা শাখা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো.রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর।

জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন- কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ, কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস।

রুহুল কবির রিজভী আরো বলেন, বর্তমান ড. ইউনূস সরকারকে আমরাও সমর্থন করি। তবে তাদের অবশ্যই চালের দাম কমাতে হবে, মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। শেখ মুজিবের পাহাড়সম জনপ্রিয়তা থাকার পরও চালের দাম বৃদ্ধি ও দুর্ভিক্ষের কারণে সবই ধসে গিয়েছিল। মুজিব মরার পর কেউ ইন্না-লিল্লাহ পড়েনি। আপনারা সংস্কার করুন তবে দ্রুত করুন। মানুষের পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শর্টগান নিষিদ্ধ করতে হবে, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, খাদ্যের নিশ্চয়তা দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। এর চাইতে বড় কোনো সংস্কার আর হতে পারে না। অবশ্যই এই সরকারকে গণতন্ত্রের উত্তোরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। ১৪০০ খাল খনন করে মানুষের ভাতের নিশ্চয়তা বিধান করেছিলেন, চিকিৎসা নিশ্চিত করেছিলেন। তার কারণেই দেড় কোটি প্রবাসী আয় করে যাচ্ছেন।আমাদের জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে, আমাদের নেতাদের স্বপ্ন কী জানতে হবে, জাতীয়তাবাদ কী বুঝতে হবে। আজকে জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে যে জ্ঞানভিত্তিক শিক্ষা প্রদান করা হচ্ছে তার জন্য মানিকগঞ্জের নেত্রী আফরোজা খান রিতা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আফরোজ খান রিতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, মেধা, জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। তিনি মেধা বিকাশের জন্যে কাজ করেছেন কিন্তু বিগত পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে মেধাশূন্য করেছে। বিএনপিকে ক্ষমতায় এনে আবার একটা মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।

রিতা বলেন, ৫ আগস্টের পর শুধু সংস্কার সংস্কার বলা হচ্ছে কিন্তু এদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম প্রকৃত সংস্কার করেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, উন্নয়নের রাজনীতি শুরু করে, দেশে সমৃদ্ধি এনে দিয়ে প্রকৃত সংস্কার শুরু করেন। আমাদের তারেক রহমানের নেতৃত্বে আগামীর সরকার গঠন করে আবার দেশকে উন্নয়ন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেয়ার আগে শহরের সেওতায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন রিজভী। আলোচনা সভা শেষ জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগ পূতি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/ ২৭ জানুয়ারি- ২৫/ এম এম এ

টাঙ্গাইলে গাড়িতে তুলে অপহরণ-মুক্তিপণ আদায় চক্রের ১ সদস্য গ্রেপ্তার

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। ২৫ জানুয়ারি শনিবার রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.ইউনুস আলী(৩২) লালমনির হাটের আদিতমারী উপজেলার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ক্লিনিকের সামনে থেকে মো. হাসান নামের এক ব্যাক্তিকে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলেন অপহরণকারীরা। পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করেন ওই চক্রটি। এসময় অপহৃতের পরিবার ওই চক্রের এক সদস্যের মোবাইল নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। পাশাপশি পুলিশকেও বিষয়টি জানায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে ক্যাশ আউট করার সময় অপহরণ চক্রের সদস্য ইউনুসকে গ্রেপ্তার করে। এসময় অপহৃত হাসানকেও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপহরণ চক্রের বাকী সদস্যরা হাসানকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায় এবং পরিবারের পক্ষ থেকে পাঠানো ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিহাতি থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরেই অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৬ জানুয়ারি-২৫/মওম