আজ , ।   
Home Blog Page 598

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি গ্রেপ্তার 

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:
টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি রবিবার গভীর রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত, হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে শহরের বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবালকে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা (মামলা নং ১৮) দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরো জানান,  ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ইকবাল হায়াতকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১০ফেব্রুয়ারি-২৫/মওম  

দেশ গঠনে শহীদ জিয়ার অবদান

সৈয়দ রনো:

পাকিস্তান সৃষ্টির পর পরই ঐতিহাসিক ঢাকা নগরীতে মিঃ জিন্নাহ যেদিন ঘোষণা করলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, আমার মতে ঠিক সেদিনই বাঙালির হৃদয়ে অংকুরিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। জন্ম হয়েছিল বাঙালি জাতির। পাকিস্তানের স্রষ্টা নিজেই ঠিক সেদিন অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের বীজটাও বপণ করে গিয়েছিলেন এই ঢাকার ময়দানে। এই ঐতিহাসিক নগরী ঢাকাতেই মিঃ জিন্নাহ অত্যন্ত নগ্নভাবে পদদলিত করেছিলেন আমাদের জনগণের জন্মগত অধিকার। আর এই ঐতিহাসিক ঢাকা নগরীতেই চূড়ান্তভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেলো তার সাধের পাকিস্তান। ঢাকা নগরী প্রতিশোধ নিল জিন্নাহ ও তার অনুসারীদের নষ্টামীর। প্রতিশোধ নিল যোগ্যতমভাবেই। মহানগরী ঢাকা চিরদিন ছিল মানবিক অধিকার প্রতিষ্ঠা ও মানবিক মুক্তি সাধনের পীঠস্থান। সে এবারও হয়েছে মুক্তির উৎসরূপে সুপ্রতিষ্ঠিত। সুপ্রতিষ্ঠিত হয়েছে এবার বিশ্বের নির্যাতিত জনতার গর্বের শহর আশার নগর রূপে।

অতি প্রিয় মাতৃভূমির মুক্তির আশায় ঢাকা নগরীর বীর জনতা সংগ্রাম করেছে বীরত্বের সাথে। সংগ্রাম করেছে এবং হানাদার, দখলদার, দস্যু বাহিনীর বিরুদ্ধে। দস্যু বাহিনীর নৃশংসতা আর হত্যার বিরুদ্ধে শির উঁচু করে রুখে দাঁড়িয়েছে ঢাকার মানুষ। সংগ্রাম করেছে দৃঢ়তার সাথে। বর্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছে এই ঢাকা নগরীতেই। এই বীর নগরীর পবিত্র ভূমিতে ফিরে এসেছি আমি হানাদার বাহিনীর আত্মসমর্পনের দিন কয়েকের মধ্যেই। বীর নগরীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রথমেই আমি সংগ্রামী ঢাকা ও ঢাকাবাসীর উদ্দেশ্যে শির নত করেছি অকুন্ঠ শ্রদ্ধায়। পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের সপ্তাহখানেক পরে একজন সাংবাদিক আমাকে বলেছিলেন, সেই দুঃস্বপ্নেভরা দিনগুলো সম্পর্কে কিছু স্মৃতিকথা লিখতে। আমি একজন সৈনিক। আর লেখা একটি ঈশ্বর প্রদত্ত শিল্প। সৈনিকরা স্বভাবতই সেই বিরল শিল্পক্ষমতার অধিকারী হয় না। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল এমনই আবেগধর্মী যে আমাকেও তখন কিছু লিখতে হয়েছিল। কলম তুলে নিতে হয়েছিল হাতে। ভারত ভেঙ্গে দু’ভাগ হয়ে সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের। আর তার অব্যবহিত পরেই আমরা চলে গিয়েছিলাম করাচী। সেখানে ১৯৫২ সালে আমি পাশ করি ম্যাট্রিক। যোগদান করি পাকিস্তান সামরিক একাডেমিতে। অফিসার ক্যাডেট রূপে। সেই থেকে অধিকাংশ সময়ই বিভিন্ন স্থানে আমি কাজ করেছি পাকিস্তানী বাহিনীতে।

স্কুল জীবন থেকেই পাকিস্তানীদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিতো। আমি জানতাম, অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে। স্কুল জীবনেই বহুদিন শুনেছি আমার স্কুল বন্ধুদের আলোচনা। তাদের অভিভাবকরা বাড়িতে যা বলতো তাই তারা রোমন্থন করতো স্কুল প্রাঙ্গণে। আমি শুনতাম মাঝে মাঝেই, শুনতাম তাদের আলোচনার প্রধান বিষয় হতো বাংলাদেশ আর বাংলাদেশকে শোষণ করার বিষয়। পাকিস্তানী তরুণ সমাজকেই শেখানো হতো বাঙালিদের ঘৃণা করতে। বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই। শিক্ষা দেয়া হতো তাদের, বাঙালিকে নিকৃষ্টতম মানবজাতি রূপে বিবেচনা করতে। অনেক সময়ই আমি থাকতাম নীরব শ্রোতা। আবার মাঝে মধ্যে প্রত্যাঘাত হানতাম আমিও। সেই স্কুল জীবন থেকেই মনে মনে আমার একটা আকাক্সক্ষাই লালিত হতো, যদি কখনো দিন আসে, তাহলে এই পাকিস্তানবাদের অস্তিত্বেই আমি আঘাত হানবো। সযত্নে এই ভাবনাটাকে আমি লালন করতাম। আমি বড় হলাম। সময়ের সাথে সাথে আমার সেই কিশোর মনের ভাবনাটাও পরিণত হলো। জোরদার হলো। পাকিস্তানী পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরার, দুর্বারতম আকাক্সক্ষা দুর্বার হয়ে উঠতো মাঝে মাঝেই। উদগ্র কামনা জাগতো পাকিস্তানের ভিত্তি ভূমিটাকে তছনছ করে দিতে। কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষা। ১৯৫২ সালে মশাল জ্বললো আন্দোলনের। ভাষা আন্দোলনের। আমি তখন করাচীতে। দশম শ্রেণীর ছাত্র। পাকিস্তানী সংবাদপত্র, প্রচার মাধ্যম, পাকিস্তানী বুদ্ধিজীবী, সরকারি কর্মচারী, সেনাবাহিনী, আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করেছিল বাংলা ভাষার।

নিন্দা করেছিল বাঙালিদের। তারা এটাকে বলতো বাঙালি জাতীয়তাবাদ। তাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা এটাকে মনে করেছিল এক চক্রান্ত বলে। এক সুরে তাই তারা চেয়েছিল একে ধ্বংস করে দিতে। আহ্বান জানিয়েছিল এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের। কেউ বলতো, বাঙালি জাতির মাথা গুঁড়িয়ে দাও। কেউ বলতো, ভেঙ্গে দাও এর শিরদাঁড়া। এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল, পাকিস্তানীরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। জীবনের সর্বক্ষেত্রে তারা চায় বাঙালিদের উপর ছড়ি ঘুরাতে। কেড়ে নিতে চায় বাঙালিদের সব অধিকার। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক রূপে বাঙালিদের মেনে নিতে তারা কুন্ঠিত।
১৯৫৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হলো নির্বাচন। যুক্তফ্রন্টের বিজয় রথের চাকার নীচে পিষ্ট হলো মুসলিম লীগ। বাঙালিদের আশা আকাক্সক্ষার মূর্ত প্রতীক যুক্তফ্রন্টের বিজয় কেতন উড়লো বাংলায়। আমি তখন দ্বিতীয় পর্যায়ের ক্যাডেট। আমাদের মনেও জাগলো তখন পুলকের শিহরণ। যুক্তফ্রন্টের বিরাট সাফল্যে আনন্দে উদ্বেলিত হয়ে আমরা সবাই পর্বতে ঘেরা এ্যাবোটাবাদের প্রত্যন্ত অঞ্চলে, আমরা বাঙালি ক্যাডেটরা আনন্দে হলাম আত্মহারা।

খোলাখুলিভাবে প্রকাশ করলাম সেই বাঁধভাঙ্গা আনন্দের তরঙ্গমালা। একাডেমির ক্যাফেটারিয়ায় নির্বাচনী বিজয় উৎসব করলাম আমরা। এ ছিল আমাদের বাংলা ভাষার জয়, এ ছিল আমাদের অধিকারের জয়, এ ছিল আমাদের আশা আকাক্সক্ষার জয়, এ ছিল আমাদের জনগণের, আমাদের দেশের এক বিরাট সাফল্য। এই সময়েই একদিন কতকগুলো পাকিস্তানী ক্যাডেট আমাদের জতীয় নেতা ও জাতীয় বীরদের গালাগাল করলো। আখ্যায়িত করলো তাদের বিশ্বাসঘাতক বলে। আমরা প্রতিবাদ করলাম। অবতীর্ণ হলাম তাদের সাথে এক উষ্ণতম কথা কাটাকাটিতে। মুখের কথা কাটাকাটিতে এই বিরোধের মীমাংসা হলো না, ঠিক হলো এর ফয়সালা হবে মুষ্টিযুদ্ধের দ্বন্দ্বে। বাঙালিদের জন্মগত অধিকার প্রতিষ্ঠা করতে বক্সিং গ্লোভস হাতে তুলে নিলাম আমি। পাকিস্তানী গোয়ার্তুমীর মান বাঁচাতে এগিয়ে এলো এক পাকিস্তানী ক্যাডেট। নাম তার লতিফ (পাকিস্তানী সেনাবাহিনীর অর্ডেন্যান্স কোরে এখন সে লেফটেন্যান্ট কর্নেল)। লতিফ প্রতিজ্ঞা করলো, আমাকে সে একটু শিক্ষা দেবে। পাকিস্তানের সংহতির বিরুদ্ধে যাতে আর কথা বলতে না পারি সেই ব্যবস্থা নাকি সে করবে। এই মুষ্টিযুদ্ধ দেখতে সেদিন জমা হয়েছিল অনেক দর্শক। তুমুল করতালির মাঝে শুরু হলো মুষ্টিযুদ্ধ। বাংলাদেশ বনাম পাকিস্তানের দুই প্রতিনিধির মধ্যে। লতিফ আর তার পরিষদ দল অকথ্য ভাষায় আমাদের গালাগাল করলো। হুমকি দিলো বহুতর। কিন্তু মুষ্টিযুদ্ধ স্থায়ী হলো না ত্রিশ সেকেন্ডের বেশি। পাকিস্তানপন্থী আমার প্রতিপক্ষ ধুলায় লুটিয়ে পড়লো। আবেদন জানালো, সব বিতর্কের শান্তিপূর্ণ মীমাংসার জন্যে।

এই ঘটনাটি আমার মনে এক গভীর রেখাপাত করেছিল। পাকিস্তানী সেনাবাহিনীতেও বাঙালি অফিসারদের আনুগত্য ছিল না প্রশ্নাতীত। অবশ্য গুটিকয়েক দালাল ছাড়া। আমাদের ওরা দাবিয়ে রাখতো, অবহেলা করতো, অসম্মান করতো। দক্ষ ও যোগ্য বাঙালি অফিসার আর সৈনিকদের ভাগ্যে জুটতো না কোনো স্বীকৃতি বা পারিতোষিক। জুটতো শুধু অবহেলা আর অবজ্ঞা। আখ্যায়িত করতো আমাদের আওয়ামী লীগের দালাল বলে। একাডেমির ক্লাসগুলোতেও সব সময় বোঝানো হতো, আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল। পাকিস্তানের সংহতি বিনষ্ট করতেই আওয়ামী লীগ সচেষ্ট। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই ক্যাডেটদের শেখানো হতো।
বাঙালি অফিসার ও সৈনিকরা সব সময়ই পরিণত হতো পাকিস্তানী অফিসারদের রাজনৈতিক শিকারে। সব বড় বড় পদগুলো আর লোভনীয় নিয়োগপত্রের শিকাগুলো বরাবরই ছিঁড়তো পাকিস্তানীদের ভাগ্যে। বিদেশে শিক্ষার জন্য পাঠানো হতো না বাঙালি অফিসারদের। আমাদের বলা হতো ভীরু কাপুরুষ। আমাদের নাকি ক্ষমতা নেই ভালো সৈনিক হওয়ার। ঐতিহ্য নেই যুদ্ধের, সংগ্রামের। এরপর এলো আইয়ুবী দশক। আইয়ুব খানের নেতৃত্বে চালিত এক প্রতারণাপূর্ণ সামরিক শাসনের কালো দশক। এই তথাকথিত উন্নয়ন দশকে সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছিল বাঙালি সংস্কৃতিকে বিকৃত করার। আমদের জাতীয়তা খাটো করার। বাংলাদেশের বীর জনতা অবশ্য বীরত্বের সাথে প্রতিহত করেছে এই হীন প্রচেষ্টা। এ ছিল এক পালা বদলের কাল। এখান থেকেই আমাদের ভাষা সাহিত্য ও শিল্প গ্রহণ করেছে এক নতুন পথ। আমাদের বুদ্ধিজীবীমহল, ছাত্র-জনতা আর প্রচার মাধ্যমগুলো সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করার জন্য পালন করেছে এক বিরাট ভূমিকা। আমাদের দেশের তথা বাংলাদেশের স্বাধীনতার জন্য আসন্ন সশস্ত্র সংগ্রামের ক্ষেত্র প্রস্তুতিতে জনগণ ও সৈনিকদের মনোভাবকে গড়ে তোলা আর আন্দোলনে দ্রুততর গতি সঞ্চারণে এদের রয়েছে এক বিরাট অবদান। জাতীয়তাবাদ গড়ে তোলার একমাত্র উপাদান হচ্ছে এর সংস্কৃতি।

১৯৬৩ সালে আমি ছিলাম সামরিক গোয়েন্দা বিভাগে। সামরিক গোয়েন্দা বিভাগের তদানিন্তন পরিচালক মেজর জেনারেল নওয়াজেশ আলী মালিক এক সময় আমার এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল একদিন। বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা উন্নতর করবার সরকারি অভীপ্সা সম্পর্কে দ্বিমত পোষণ করছিলেন তিনি। এক পর্যায়ে এ ব্যাপারে তিনি আমার অভিমত জানতে চাইলে আমি বললাম, বাংলাদেশের অর্থনীতিতে যদি ব্যাপক অগ্রগতি সাধন করা না হয়, তাহলে দেশে প্রশাসন ব্যবস্থা চালু রাখা সরকারের পক্ষে কঠিন হবে। এর জবাবে তিনি বললেন, বাংলাদেশ যদি স্বয়ম্ভর হয় তাহলে সে আলাদা হয়ে যাবে। পাকিস্তানের শীর্ষ স্থানীয় সামরিক কর্তাদের বাংলাদেশ সম্পর্কে এটাই ছিল মনোভাব। অথচ তারাই তখন দেশটা শাসন করছিলেন। তারা চাইছিলেন বাংলাদেশটাকে অর্থনৈতিক দিকে দিয়ে দেউলিয়া করে রাখতে।
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ হচ্ছে আর একটি উল্লেখযোগ্য বিষয়। সে সময়ে আমি ছিলাম পাকিস্তানী সেনাবাহিনী যার নামে গর্ববোধ করতো তেমনি একটা ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার। সেই ব্যাটেলিয়ান এখন বাংলাদেশ সেনাবাহিনীরও গর্বের বস্তু। খেমখারান রণাঙ্গনের বেদিয়ানে তখন আমরা যুদ্ধ করেছিলাম। সেখানে আমাদের ব্যাটেলিয়ান বীরত্বের সাথে যুদ্ধ করেছিল। এই ব্যাটেলিয়ানই লাভ করেছিল পাকবাহিনীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক বীরত্ব পদক।

ব্যাটেলিয়ানের পুরস্কার বিজয়ী কোম্পানি ছিল আমার কোম্পানি আলফা কোম্পানি। এই কোম্পানি যুদ্ধ করেছিল ভারতীয় সপ্তদশ রাজপুত, উনবিংশ মারাঠা লাইট ইনফ্যান্ট্রি, ষোড়শ পাঞ্জাব ও সপ্তম লাইট ক্যাভালরীর (সাজোয়া বহর) বিরুদ্ধে। এই কোম্পানীর জওয়ানরা এককভাবে এবং সম্মিলিতভাবে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, ঘায়েল করেছে প্রতিপক্ষকে। বহু সংখ্যক প্রতিপক্ষকে হতাহত করে, যুদ্ধবন্দী হিসেবে আটক করে এই কোম্পানি অর্জন করেছিল সৈনিক সুলভ মর্যাদা, লাভ করেছিল তাদের প্রশংসা ও প্রীতি। যুদ্ধবিরতির সময় বিভিন্ন সুযোগে আমি দেখা করেছিলাম বেশ কিছু সংখ্যক ভারতীয় অফিসার ও সৈনিকের সাথে। আমি তখন তাদের সাথে কোলাকুলি করেছি, হাত মিলিয়েছি। আমার ভালো লাগতো তাদের সাথে হাত মেলাতে। কেননা আমি তখন দেখেছিলাম, তারাও অত্যন্ত উঁচু মানের সৈনিক। আমরা তখন মত বিনিময় করেছিলাম। সৈনিক হিসেবেই আমাদের মাঝে একটা হৃদ্যতাও গড়ে উঠেছিল, আমরা বন্ধুতে পরিণত হয়েছিলাম। এই প্রীতিই দীর্ঘদিন পর বাংলাদেশে হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি ভাই-এর মত দাঁড়িয়ে সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছে আমাদের।

পাকিস্তানীরা ভাবতো বাঙালিরা ভালো সৈনিক নয়। খেমকারানের যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। পাকিস্তানী বাহিনীর সবার কাছেই আমরা ছিলাম তখন ঈর্ষার পাত্র। সে যুদ্ধে এমন একটা ঘটনাও ঘটেনি যেখানে বাঙালি জওয়ানরা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। ভারতের সাথে সেই সংঘর্ষে বহুক্ষেত্রে পাকিস্তানীরাই বরং লেজ গুটিয়ে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছে। সে সময় পাকিস্তানীদের সমন্বয়ে গঠিত পাক বাহিনীর এক প্রথম শ্রেণির সাঁজোয়া ডিভিশনই নিম্নমানের ট্যাংকের অধিকারী ভারতীয় বাহিনীর হাতে নাস্তানাবুদ হয়েছিল। এসব কিছুতে পাকিস্তানীরা বিচলিত হয়ে পড়েছিল। বাঙালি সৈনিকদের ক্ষমতা উপলব্ধি করে হৃদকম্পন জেগেছিল তাদের।

এই যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি পাইলটরাও অর্জন করেছিল প্রচুর সুনাম। এসব কিছুই চোখ খুলে দিয়েছিল বাঙালি জনগণের, তারাও আস্থাশীল হয়ে উঠেছিল তাদের বাঙালি সৈনিকদের বীরত্বের প্রতি। বাঙালি সৈনিকের বীরত্ব ও দক্ষতার প্রশংসা হয়েছিল তখন বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে, উল্লেখ করা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম। এ নাম আজ বাংলাদেশেরও এক পরম প্রিয় সম্পদ। এসব কিছুর পরিণতিতে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী গ্রহণ করলো এক গোপন পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক করলো প্রতিরক্ষা বাহিনীতে বাঙালিদের আনুপাতিক হার কমাতে হবে। তারা তাদের এই গোপন পরিকল্পনা পুরোপুরিভাবে কার্যকরী করলো। কিন্তু এই গোপন তথ্য আমাদের কাছে গোপন ছিল না। ভারত-পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল আমাদের মনে। বাঙালি সৈনিকদের মনে। বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে। আমরা তখনই বুঝেছিলাম, বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবিলায়ই আমরা সক্ষম।

জানুয়ারি মাসে আমি নিযুক্ত হয়েছিলাম পাকিস্তান সামরিক একাডেমিতে প্রশিক্ষকের পদে। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি একদিন শিক্ষক হলাম। মনে রইলো শুধু যুদ্ধের স্মৃতি। সামরিক একাডেমিতে শুরু হলো আমার শিক্ষক জীবন। পাকিস্তানীদের আমি সমরবিদ্যায় পারদর্শী করে তোলার কাজে আত্মনিয়োগ করলাম। আর সেই বর্বররা এই বিদ্যাকে কাজে লাগালো আমারই দেশের নিরস্ত্র জনতার বিরুদ্ধে এক পাশবিক যুদ্ধ ঘোষণা করে দিয়ে।

সামরিক একাডেমিতে থাকাকালে আমি সম্মুখিন হয়েছি শুধু নিকৃষ্ট অভিজ্ঞতার। সেখানে দেখেছি বাঙালি ক্যাডেটদের প্রতি পাকিস্তানীদের একই অজ্ঞতার ঐতিহ্যবাহী প্রতিচ্ছবি। পাকিস্তানীদের দেখেছি অবৈধ উপায়ে বাঙালি ক্যাডেটদের কোনঠাসা করতে। আমরা যখন ছাত্র ছিলাম তখন যেমন, আমি যখন শিক্ষক হলাম তখনো তেমনিভাবেই বাঙালি ক্যাডেটদের ভাগ্যে জুটতো শুধু অবহেলা, অবজ্ঞা আর ঘৃণা। আন্তঃসার্ভিস নির্বাচনী বোর্ডে গ্রহণ করা হতো নিম্নমানের বাঙালি ছেলেদের, ভালো ছেলেদের নেয়া হতো না ক্যাডেটরূপে। রাজনৈতিক মতাদর্শ আর দরিদ্র পরিবারের নামে প্রত্যাখ্যান করা হতো তাদের। এর সবকিছুই আমাকে ব্যথিত করতো। এই সামরিক একাডেমিতেই পাকবাহিনীর বিরুদ্ধে আমার মন বিদ্রোহ করলো। একাডেমির গ্রন্থাগারে সংগৃহিত ছিল সব বিষয়ের ভালো ভালো বই। আমি জ্ঞানার্জনের এই সুযোগ গ্রহণ করলাম। আমি ব্যাপক পড়াশোনা করলাম ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে, বৃটিশ ঐতিহাসিকরা এটাকে আখ্যায়িত করেছিল বিদ্রোহ হিসেবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা বিদ্রোহ ছিল না, এটা ছিল এক মুক্তিযুদ্ধ। ভারতের জন্যে স্বাধীনতার যুদ্ধ। পাকিস্তানী সেনাবাহিনীর তথাকথিত সমরবিদদের সাথেও মাঝে মাঝে আমার আলোচনা হতো। তাদের পরিকল্পনা ছিল আরো কয়েক দশক কোটি কোটি জাগ্রত বাঙালিকে দাবিয়ে রাখার। কিন্তু আমি বিশ্বাস করলাম, বাংলাদেশের জনগণ আর ঘুমিয়ে নেই। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পরিণতিই ছিল এর জ্বলন্ত প্রমাণ। স্বাধীনতার জন্য আমাদের সশস্ত্র সংগ্রামের দিকে এটাও ছিল একটা সুস্পষ্ট অঙ্গুলি সংকেত। এই মামলার পরিণতি এক করে দিল বাঙালি সৈনিক, নাবিক ও বৈমানিকদের। বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে গেল তারা। তাদের উপর পাকিস্তান সরকারের চাপিয়ে দেওয়া সব বিধিনিষেধ ঝেড়ে ফেলা হলো। এক কন্ঠে সোচ্চার হলো তারা মাতৃভূমির স্বাধীনতার দাবিতে। ইসলামাবাদের যুদ্ধবাজদের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং অস্ত্র হাতে তুলে নেয়ার মধ্যেই যে আমাদের দেশের, বাংলাদেশের কল্যাণ নিহিত তাতে আর কোনো সন্দেহই ছিল না আমাদের মনে। এটাও আমাদের সশস্ত্র সংগ্রামের আরেক দিকদর্শন। এ সময় থেকেই এ ব্যাপারে আমরা মোটামুটিভাবে খোলাখুলি আলোচনাও শুরু করেছিলাম।

১৯৬৯ সালের এপ্রিল মাসে আমাকে নিয়োগ করা হলো জয়দেবপুরে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটেলিয়নে আমি ছিলাম সেখানে সেকেন্ড ইন কমান্ড। আমাদের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আবদুল কাইয়ুম ছিল একজন পাকিস্তানী। একদিন ময়মনসিংহের এক ভোজসভায় ধমকের সুরে সে ঘোষণা করলো, বাংলাদেশের জনগণ যদি সদাচরণ না করে তাহলে সামরিক আইনের সত্যিকার ও নির্মম বিকাশ এখানে ঘটানো হবে। আর তাতে হবে প্রচুর রক্তপাত। এই ভোজসভায় কয়েকজন বেসামরিক ভদ্রলোকও উপস্থিত ছিলেন। তাদের মাঝে ছিলেন ময়মনসিংহের তদানিন্তন ডেপুটি কমিশনার জনাব মোকাম্মেল। লেফটেন্যান্ট কর্নেল কাইয়ুমের এই দম্ভোক্তি আমাদের বিস্মিত করলো। এর আগে কাইয়ুম এক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। ইসলামাবাদে পাকিস্তানী নীতি নির্ধারকদের সাথে সংযোগ ছিল তার। তার মুখে তার পুরনো প্রভুদের মনের কথাই ভাষা পেয়েছে তাই আমি ভাবছিলাম। পরবর্তী সময়ে এ ব্যাপারে আমি তাকে অনেকগুলো প্রশ্ন করি। এর কথা থেকে আমার কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে সে যা বলেছে তা জেনেশুনেই বলেছে। উপযুক্ত সময়ে কার্যকরী করার জন্য সামরিক ব্যবস্থার এক পরিকল্পনা তৈরি করা হয়েছে। আর কাইয়ুম সে সম্পর্কে ওয়াকিবহাল। আমি এতে আতংকগ্রস্ত হয়ে পড়ি। এই সময়ে আমি একদিন চতুর্দশ ডিভিশনের সদর দফতরে যাই। জিএসও (গোয়েন্দা) লেঃ কর্নেল তাজ আমাদের রাজনৈতিক নেতাদের কয়েকজন সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চায়। আমি তার এসব তথ্য সংগ্রহের উদ্দেশ্য কী জিজ্ঞাসা করি। সে আমাকে জানায় যে, তারা বাঙালি নেতাদের জীবনী সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করছে। আমি বারবার তাকে জিজ্ঞোস করি, এসব খুঁটিনাটির প্রয়োজন কী? এই প্রশ্নের জবাবে সে জানায়, ভবিষ্যৎ রাজনৈতিক গতিধারায় এগুলো কাজে লাগবে। গতিক যে বেশি সুবিধার নয়, তার সাথে আলোচনা করেই আমি তা বুঝতে পারি। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে চার মাসের জন্য আমি পশ্চিম জার্মানী যাই। এই সময়ে বাংলাদেশের সর্বত্র এক রাজনৈতিক বিক্ষোভের ঝড় বয়ে যায়। পশ্চিম জার্মানীতে অবস্থানকালে আমি একদিন দেখি সামরিক এ্যাটাচি কর্নেল জুলফিকার সে সময়ের পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারিগরি এ্যাটাচির সাথে কথা বলছিল। এই ব্যক্তিটি ছিল এক সরলমনা পাঠান অফিসার। তাদের সামনে ছিল করাচীর দৈনিক পত্রিকা ডনের একটা সংখ্যা। এতে প্রকাশিত হয়েছিল ইয়াহিয়ার ঘোষণা, ১৯৭০ সালেই নির্বাচন হবে। সরলমনা পাঠান অফিসারটি বলছিল, নির্বাচন হলে আওয়ামী লীগ ব্যাপকভাবে নির্বাচনে জয়ী হবে, আর সেখানেই হবে পাকিস্তানের সমাপ্তি। এর জবাবে কর্নেল জুলফিকার বললো, আওয়ামী লীগ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। কিন্তু কেন্দ্রে সে ক্ষমতা পাবে না। কেননা, অন্যান্য দলগুলো মিলে কেন্দ্রে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে। আমি এটা জেনে বলছি। এ সম্পর্কে আমার কাছে বিশেষ খবর আছে। এরপর আমি বাংলাদেশে ফিরে এলাম। ১৯৭০ সালের সেপ্টেম্বরে আমাকে নিয়োগ করা হলো চট্টগ্রামে। এবার ইস্টবেঙ্গল রেজিমেন্টের অস্টম ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড। এর কয়েক দিন পর আমাকে ঢাকা যেতে হয়। নির্বাচনের সময়টায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে। প্রথম থেকেই পাকিস্তানী অফিসাররা মনে করতো, চূড়ান্ত বিজয় তাদেরই হবে। কিন্তু নির্বাচনের দ্বিতীয় দিনেই তাদের মুখে আমি দেখলাম হতাশার সুস্পষ্ট ছাপ। ঢাকায় অবস্থানকারী পাকিস্তানী সিনিয়র অফিসারদের মুখে দেখলাম আমি আতংকের ছবি। তাদের এই আতংকের কারণও আমার অজানা ছিল না। শীঘ্রই জনগণ গণতন্ত্র ফিরে পাবে, এই আশায় আমরা বাঙালি অফিসাররা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিলাম।

চট্টগ্রামে আমরা ব্যস্ত ছিলাম অষ্টম ব্যাটেলিয়ানকে গড়ে তোলার কাজে। এটা ছিল রেজিমেন্টের তরুণতম ব্যাটেলিয়ন। এটার ঘাঁটি ছিল ষোলশহর বাজারে। ১৯৭১ সালের এপ্রিল মাসে এই ব্যাটেলিয়নকে পাকিস্তানের খারিয়ানে নিয়ে যাওয়ার কথা ছিল। এর জন্য আমাদের সেখানে পাঠাতে হয়েছিল দু’শ জওয়ানের এক অগ্রগামী দল। অন্যরা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ের সৈনিক। আমাদের তখন যে সব অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল তিনশ পুরনো ৩০৩-রাইফেল, চারটা এলএমজি ও দুটি তিন ইঞ্চি মর্টার। গোলাবারুদের পরিমাণও ছিল নগণ্য। আমাদের এন্টি ট্যাংক বা ভারী মেশিনগান ছিল না। ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি বিস্ফোরণোস্মুখ হয়ে উঠছিল, তখন আমি একদিন খবর পেলাম, তৃতীয় কমান্ডো ব্যাটেলিয়নের সৈনিকরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিহারীদের বাড়িতে বাস করতে শুরু করেছে। খবর নিয়ে আমি আরো জানলাম, কমান্ডোরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ নিয়ে বিহারী বাড়িগুলোতে জমা করছে এবং রাতের অন্ধকারে বিপুল সংখ্যায় তরুণ বিহারীদের সামরিক ট্রেনিং দিচ্ছে। এসব কিছু থেকে এরা যে ভয়ানক রকমের অশুভ একটা কিছু করবে তার সুস্পষ্ট আভাসই আমরা পেলাম। তারপর এলো ১লা মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দেশে শুরু হলো ব্যাপক অসহযোগ আন্দোলন। এর পরদিন দাঙ্গা হলো। বিহারীরা হামলা করেছিল এক শান্তিপূর্ণ মিছিলে, এর থেকেই ব্যাপক গোলযোগের সূচনা হলো।

এই সময়ে আমার ব্যাটেলিয়নের এনসিওরা আমাকে জানালো প্রতিদিন সন্ধ্যায় বিংশতিতম বালুচ রেজিমেন্টের জওয়ানরা বেসামরিক পোশাক পরে, বেসামরিক ট্রাকে করে কোথায় যেন যায়। তারা ফিরে আসে আবার শেষ রাতের দিকে। আমি উৎসুক হলাম। লোক লাগালাম খবর নিতে। খবর নিয়ে জানলাম প্রতি রাতেই তারা যায় কতকগুলো নির্দিষ্ট বাঙালি পাড়ায় নির্বিচারে হত্যা করে সেখানে বাঙালিদের। এই সময় প্রতিদিনই ছুরিকাহত বাঙালিকে হাসপাতলে ভর্তি হতেও শোনা যায়। এই সময়ে আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া আমার গতিবিধির উপর লক্ষ্য রাখার জন্যেও লোক লাগায়। মাঝে মাঝেই তার লোকেরা যেয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। আমরা তখন আশংকা করছিলাম, আমাদের হয়ত নিরস্ত্র করা হবে। আমি আমার মনোভাব দমন করে কাজ করে যাই এবং তাদের উদ্যোগ ব্যর্থ করে দেয়ার সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করি। বাঙালি হত্যা ও বাঙালি দোকানপাটে তাদের অগ্নিসংযোগের ঘটনা ক্রমেই বাড়তে থাকে।আমাদের নিরস্ত্র করার চেষ্টা করা হলে আমি কী ব্যবস্থা গ্রহণ করবো কর্নেল (তখন মেজর) শওকতও আমার কাছে তা জানতে চান। ক্যাপ্টেন শমসের মবিন এবং মেজর খালেকুজ্জামান আমাকে জানান যে স্বাধীনতার জন্য আমি যদি অস্ত্র তুলে নিই তাহলে তারাও দেশের মুক্তির জন্য প্রাণ দিতে কুন্ঠাবোধ করবেন না, ক্যাপ্টেন অলি আহমদ আমাদের মাঝে খবর আদান প্রদান করতেন। জেসিও এবং এনসিওরাও দলে দলে বিভক্ত হয়ে আমার কাছে বিভিন্ন স্থানে জমা হতে থাকলো। তারাও আমাকে জানায় যে কিছু একটা না করলে বাঙালি জাতি চিরদিনের জন্যে দাসে পরিণত হবে। আমি নীরবে তাদের কথা শুনতাম। কিন্তু আমি ঠিক করেছিলাম, উপযুক্ত সময় এলেই আমি মুখ খুলবো। সম্ভবতঃ ৪ঠা মার্চে আমি ক্যাপ্টেন অলি আহমদকে ডেকে নিই। আমাদের ছিল সেটা প্রথম বৈঠক। আমি তাকে সোজাসুজি বললাম, সশস্ত্র সংগ্রাম শুরু করার সময় দ্রুত এগিয়ে আসছে। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন আহমদও আমার সাথে একমত হন। আমরা পরিকল্পনা তৈরি করি এবং প্রতিদিনই আলোচনার বৈঠকে মিলিত হতে শুরু করি। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রীন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্তরূপ দিলাম। কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না। বাঙালি ও পাকিস্তানী সৈনিকদের মাঝেও উত্তেজনা ক্রমেই চরমে উঠছিল। ১৩ই মার্চ শুরু হলো বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়ার আলোচনা। আমরা সবাই ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমরা আশা করলাম পাকিস্তানী নেতারা যুক্তি মানবে এবং পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানীদের সামরিক প্রস্তুতি হ্রাস না পেয়ে দিন দিনই বৃদ্ধি পেতে শুরু করলো। প্রতিদিনই পাকিস্তান থেকে সৈন্য আমদানি করা হলো। বিভিন্নস্থানে জমা হতে থাকলো অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ। সিনয়র পাকিস্তানী সামরিক অফিসাররা সন্দেহজনকভাবে বিভিন্ন গ্যারিসনে আসা যাওয়া শুরু করলো। চট্টগ্রামে নৌ-বাহিনীরও শক্তি বৃদ্ধি করা হলো। ১৭ই মার্চ স্টেডিয়ামে ইবিআরসির লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী, আমি, ক্যাপ্টেন অলি আহমদ ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হলাম। এক চূড়ান্ত যুক্ত পরিকল্পনা গ্রহণ করলাম। লেঃ কর্নেল চৌধুরীকে অনুরোধ করলাম নেতৃত্ব দিতে। দু’দিন পর ইপিআর-এর ক্যাপ্টেন (এখন মেজর) রফিক আমার বাসায় গেলেন এবং ইপিআর বাহিনীকে সঙ্গে নেয়ার প্রস্তাব দিলেন। আমরা ইপিআর বাহিনীকে আমাদের পরিকল্পনাভুক্ত করলাম। এর মধ্যে পাকিস্তানী বাহিনীও সামরিক তৎপরতা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করলো। ২১শে মার্চ জেনারেল আবদুল হামিদ খান গেল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। চট্টগ্রামে সামরিক ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নই তার এই সফরের উদ্দেশ্য। সেদিন ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের ভোজসভায় জেনারেল হামিদ ২০তম বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাতমীকে বললো, ফাতমী, সংক্ষেপে, ক্ষিপ্রগতিতে আর যত কম সম্ভব লোক ক্ষয় করে কাজ সারতে হবে। আমি এই কথাগুলো শুনেছিলাম। ২৪শে মার্চ ব্রিগেডিয়ার মজুমদার ঢাকা চলে এলেন। সন্ধ্যায় পাকিস্তানী বাহিনী শক্তি প্রয়োগে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথ করে নিল। জাহাজ সোয়াত থেকে অস্ত্র নামানোর জন্যেই বন্দরের দিকে ছিল তাদের এই অভিযান। পথে জনতার সাথে ঘটলো তাদের কয়েকদফা সংঘর্ষ। এতে নিহত হলো বিপুল সংখ্যক বাঙালি। সশস্ত্র সংগ্রাম যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, এ আমরা ধরেই নিয়েছিলাম। মানসিক দিক দিয়ে আমরা ছিলাম প্রস্তুত। পরদিন আমরা পথের ব্যারিকেড অপসারণের কাজে ব্যস্ত ছিলাম। তারপর এলো সেই কালো রাত। ২৫শে ও ২৬শে মার্চের মধ্যবর্তী কালো রাত। রাত ১টায় আমার কমান্ডিং অফিসার আমাকে নির্দেশ দিলো নৌ-বাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যেয়ে জেনারেল আনসারীর কাছে রিপোর্ট করতে। আমার সাথে নৌ-বাহিনীর (পাকিস্তানী) প্রহরী থাকবে তাও জানানো হলো। আমি ইচ্ছা করলে আমার সাথে তিনজন লোক নিয়ে যেতে পারি। তবে আমার সাথে আমারই ব্যাটেলিয়নের একজন পাকস্তানী অফিসারও থাকবে। অবশ্য কমান্ডিং অফিসারের মতে সে যাবে আমাকে গার্ড দিতেই। এ আদেশ পালন করা আমার পক্ষে ছিল অসম্ভব। আমি বন্দরে যাচ্ছি কিনা তা দেখার জন্য একজন লোক ছিল। আর বন্দরে শর্বরীর মত প্রতীক্ষায় ছিল জেনারেল আনসারী। হয়তো বা আমাকে চিরকালের মতোই স্বাগত জানাতে। আমরা বন্দরের পথে বেরোলাম। আগ্রাবাদে আমাদের থামতে হলো। পথে ছিল ব্যরিকেড। এই সময়ে সেখানে এলো মেজর খালেকুজ্জামান চৌধুরী। ক্যাপ্টেন অলি আহমদের কাছ থেকে বার্তা এসেছে। আমি রাস্তায় হাঁটছিলাম। খালেক আমাকে একটু দূরে নিয়ে গেল। কানে কানে বলল, ‘তারা ক্যান্টনমেন্ট ও শহরে সামরিক তৎপরতা শুরু করেছে। বহু বাঙালিকে ওরা হত্যা করেছে।’ এটা ছিল একটা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময়। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বললাম, আমরা বিদ্রোহ করলাম। তুমি ষোলশহর বাজারে যাও। পাকিস্তানী অফিসারদের গ্রেফতার করো। অলি আহমদকে বলো ব্যাটেলিয়ন তৈরি রাখতে, আমি আসছি। আমি নৌবাহিনীর ট্রাকের কাছে ফিরে গেলাম। পাকিস্তানী অফিসার, নৌ-বাহিনীর চীফ পেটি অফিসার ও ড্রাইভারকে জানালাম যে, আমাদের আর বন্দরে যাওয়ার দরকার নেই।এতে তাদের মনে কোনো প্রতিক্রিয়া হলো না দেখে আমি পাঞ্জাবী ড্রাইভারকে ট্রাক ঘুরাতে বললাম। ভাগ্য ভালো, সে আমার আদেশ মানলো। আমরা আবার ফিরে চললাম। ষোলশহর বাজারে পৌঁছেই আমি গাড়ি থেকে লাফিয়ে নেমে একটা রাইফেল তুলে নিলাম। পাকিস্তানী অফিসারটির দিকে তাক করে বললাম, হাত তোল। আমি তোমাকে গ্রেফতার করলাম। নৌ-বাহিনীর লোকেরা এতে বিভ্রান্ত হয়ে পড়লো। এক মুহূর্তের মধ্যেই আমি নৌ-বাহিনীর অফিসারের দিকে রাইফেল তাক করলাম। তারা ছিল আটজন। সবাই আমার নির্দেশ মানলো এবং অস্ত্র ফেলে দিল। আমি কমান্ডিং অফিসারের জীপ নিয়ে তার বাসার দিকে রওয়ানা দিলাম। তার বাসায় পৌঁছে হাত রাখলাম কলিংবেলে। কমান্ডিং অফিসার পাজামা পরেই বেরিয়ে এলো। খুলে দিল দরজা। ক্ষিপ্রগতিতে আমি ঘরে ঢুকে পড়লাম এবং গলাশুদ্ধ তার কলার টেনে ধরলাম। দ্রুতগতিতে আবার দরজা খুলে কর্নেলকে আমি বাইরে টেনে আনলাম। বললাম, বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিলে? এই আমি তোমাকে গ্রেফতার করলাম। এখন লক্ষী সোনার মত আমার সঙ্গে এসো। সে আমার কথা মানলো। আমি তাকে ব্যাটেলিয়নে নিয়ে এলাম। অফিসারদের মেসে যাওয়ার পথে আমি কর্নেল শওকতকে (তখন মেজর) ডাকলাম। তাকে জানালাম, আমরা বিদ্রোহ করেছি। শওকত আমার হাতে হাত মিলালো। ব্যাটেলিয়নে ফিরে দেখলাম, সমস্ত পাকিস্তানী অফিসারকে বন্দী করে একটা ঘরে রাখা হয়েছে। আমি অফিসে গেলাম। চেষ্টা করলাম লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীর সাথে আর মেজর রফিকের সাথে যোগাযোগ করতে। কিন্তু পারলাম না। সব চেষ্টা ব্যর্থ হলো। তারপর রিং করলাম বেসামরিক বিভাগের টেলিফোন অপারেটরকে। তাকে অনুরোধ জানালাম, ডেপুটি কমিশনার, পুলিশ সুপারিনটেনডেন্ট, কমিশনার, ডিআইজি ও আওয়ামী লীগ নেতাদের জানাতে যে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটেলিয়ন বিদ্রোহ করেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে তারা।এদের সবার সাথেই আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু কাউকেই পাইনি। তাই টেলিফোন অপারেটরের মাধ্যমেই আমি তাদের খবর দিতে চেয়েছিলাম। অপারেটর সানন্দে আমার অনুরোধ রক্ষা করতে রাজি হলো। সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটেলিয়নের অফিসার, জেসিও, আর জওয়ানদের ডাকলাম। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। তারা সবই জানতো। আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এ আদেশ মেনে নিলো। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ২৬শে মার্চ। ১৯৭১ সাল। রক্ত অক্ষরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে। স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না। কো-নো-দি-ন না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা এই প্রবন্ধটি দৈনিক বাংলা পত্রিকার ১৯৭২ সালের ২৬ মার্চ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। ২৬ মার্চ, ১৯৭৪ তারিখে অধুনালুপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘বিচিত্রা’-য় বাংলাদেশ সেনাবাহিনীর তদানীন্তন উপ-প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম ‘একটি জাতির জন্ম’ শীর্ষক শিরোনামে লেখাটি পুনঃ প্রকাশিত হয়। লেখাটি অত্র গ্রন্থে প্রাসঙ্গিক বিবেচনায় এখানে উদ্ধৃত করা হলো।

আলোকিত প্রতিদিন/১০ফেব্রুয়ারি-২৫/মওম  

 

 

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে নাচার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তার মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী এক তরুণী মারা গেছেন। মৃত ওই তরুণীকে পরিনিতা জৈন হিসাবে শনাক্ত করা হয়েছে এবং তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় শনিবার রাতে মঞ্চে হঠাৎ ঢলে পড়েন পরিনিতা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশিত হয়। পরিবারের সদস্যদের যারা ডাক্তার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

পরে দ্রুত তাকে একটি  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমবিএ গ্র্যাজুয়েট পরিনিতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সরকারি তথ্য অনুসারে, তার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।

অবশ্য মধ্যপ্রদেশে গানের সুরে নাচতে নাচতে মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের অক্টোবরে আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সী এক ছেলে মারা গিয়েছিল।

একইভাবে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি যোগ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে গিয়ে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আলোকিত প্রতিদিন/১০ফেব্রুয়ারি-২৫/মওম  

 

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

আলোকিত ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে।

গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।

আলোকিত প্রতিদিন/১০ফেব্রুয়ারি-২৫/মওম  

শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেডের আওয়াজও শুনা যায়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পৌনে ২টার দিকে সীমিত পরিসরে যানচলাচল শুরু হয়।

আলোকিত প্রতিদিন/১০ফেব্রুয়ারি-২৫/মওম  

মানিকগঞ্জে ৮ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

মো. মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বলধরা ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ৮ ভাটায় এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের  মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। এ সময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-রিচালক ডক্টর মো. ইউসুফ, আলী, সিনিয়র কেমিস্ট এ, কে, এম, সামিউল আলম কুরসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী  উপস্থিত ছিলেন। অভিযানে র‍্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের  মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডঃ মো. ইউসুফ আলী বলেন, ইট  প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)  (সংশোধন) আইন ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বলধরা ইউনিয়নের মেসার্স আলী আকবর ব্রিকস-১, ২, ৫ ও ৬, মেসার্স সফুর ব্রিকস, আকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস -১ ও মেসার্স আওয়াল ব্রিক -৩ নামক ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় ১৬ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শুধু বলধরা ইউনিয়নে ২৩টি ইটভাটা রয়েছে। প্রচলিত আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কেটে এসব ভাটায় সরবরাহ করা হচ্ছে বলে দীর্ঘদিন যাবত  ভুক্তভোগী কৃষকের লোমহর্ষক প্রতিবাদ গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রে*প্তার-৮

শওকত আলী:  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানা নাটকীয়তার পর অবশেষে দুই ভুয়া পুলিশসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০ টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই ভুয়া পুুলিশ হচ্ছে উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মোঃ রাসেল (২২) এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মোঃ রাসেল মিয়া (২৪)। অপর ছয়জন হলেন জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫), মানজু মিয়া-(৪৮), সোহেল মিয়া (৩০), ইছা মিয়া (৪৮) আল ইমরান (২২) এবং নান্নু মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জায়গা-সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার সাথে একই গ্রামের আবদুর রহমানের বিরোধ চলে আসছে। উভয় পক্ষ থেকে একাধিক মামলা চলমান। গত শনিবার রাত ৮টার দিকে মোঃ রাসেলের নেতৃত্বে তিনটি মোটর সাইকেলে করে ছয় যুবক জয়দরকান্দি গ্রামে যান। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে নারী-পুরুষকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পরিচয় দেয়া যুবকদের আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে।এ ঘটনা থানায় অবগত হলেও পুলিশ তাদের আটক করতে কালক্ষেপণ করতে থাকে বলে এলাকায় অভিযোগ রয়েছে  তবে পুলিশের দাবি তারা  খবর পেয়ে সরাইল থানার পুলিশ জয়দরকান্দি গ্রামে গিয়ে দুই ভুয়া পুলিশসহ ৮ জনকে গ্রেপ্তার করে। এ সময় অপর ভুয়া চার পুলিশ পালিয়ে যায়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘ভুয়া দুই পলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া অপর ছয়জনকে সি আর মামলার আসামি হিসেবে আদালতে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

তিস্তা নিয়ে করনীয় শীর্ষক গণশুনানি

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী

“জাগো বাহে

তিস্তা বাঁচাই”
‘রিলিফ চাই না, তিস্তায় পানি চাই’

৯ই ফ্রেব্রুয়ারি রোজ রবিবার বিকাল ২ ঘটিকার সময়ে

লাখো মানুষের সমাগমে তিস্তা ব্রিজ সংলগ্ন রংপুরের কাউনিয়া উপজেলায় ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানিতে উপস্থিত গণমানুষের ঢলে তিস্তার নাব্যতা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণে সম্ভাব্য করণীয় নিয়ে তিস্তা ব্রিজে নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজকের সিদ্ধান্ত:
১. পানিসম্পদ মন্ত্রণালয় এই বর্ষার পূর্বেই তিস্তার ভাঙন প্রবণ ৪৫ কিলোমিটার তীরে বাঁধ নির্মানের উদ্যোগ নিতে যাচ্ছে।
২. স্থানীয় সরকার বিভাগ ৪০ কোটি টাকা ব্যায়ে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের উদ্যোগ নিচ্ছে।
৩. বড় বড় স্থায়ী চরাঞ্চল গুলোতে স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
৪. উত্তরবঙ্গের কৃষক যেন তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিতকরণে কোল্ড স্টোরেজ স্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।
৫. তুলনামূলক কম স্বাক্ষরতার হার যে উপজেলা গুলোতে সেখানে আধুনিক ও সম্মৃদ্ধ পাঠাগার স্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।
৬. রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পীরগাছা – চিলমারী ১৪০০ মিটার ব্রীজ নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে। (স্থানীয় সরকার বিভাগ)
এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে যৌতুক না পেয়ে, গৃহবধূকে শ্বাসরোধে হ*ত্যার অভিযোগ 

 নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে এক প্রবাসী স্বামীর বিরুদ্ধে। ফাঁসি নয়, শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসির নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করছে পরিবার।
নিহত গৃহবধূ নাসরিন আক্তার বৃষ্টি (২৬) বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের শাহীন ভিলার নুরুজ আলীর মেয়ে।
অভিযুক্ত স্বামী মো. আব্দুল হালিম সুমন মোল্লা (৩৫) বেগমগঞ্জের ১৪ নং হাজিপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মোল্লাবাড়ির নুরুজ্জামান মোল্লার ছেলে। পেশাগত জীবনের সে একজন কাতার প্রবাসী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে নিহতের পিত্রালয়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, শনিবার গভীর রাতে বৃষ্টিকে তার শ্বশুরবাড়িতে শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয় বছর আগে সুমন মোল্লার সাথে বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানান বাহানায় সুমন মোল্লা বৃষ্টির বাবার বাড়িতে যৌতুকের টাকা দাবি করে। দাবি অনুযায়ী মেয়ের সুখের কথা চিন্তা করে অদ্যাবধি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সুমন মোল্লাকে দেয় বৃষ্টির পরিবার। এরপরেও নানা রকম কলহ বিবাদ লেগে থাকে বৃষ্টির পরিবারে। কলহ বিবাদ লেগে থাকার কারণ হিসেবে সুমন মোল্লার অনৈতিক পরকীয়া প্রেমের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তারা জানায় সুমন মোল্লা একাধিক নারীর সাথে সম্পর্ক রক্ষা করেন, যে কারণে নিজের বিবাহিত স্ত্রীর প্রতি উদাসীন থেকেও যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক টর্চার করছেন প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় সুমন মোল্লা ও তার পরিবারের সদস্যরা মিলে বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করে তাকে গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।
নিহতের মামাতো ভাই ফখরুল ইসলাম কিরণ বলেন, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি বৃষ্টি সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকলেও তার পা খাটের উপরে লাগানো রয়েছে এবং গলায় পেঁচানো গামছা তার থুতুনিতে কোনরকম আটকে আছে। যাতে কোনভাবেই প্রমাণ হয় না যে বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বরং এটাই স্পষ্ট প্রমাণ হয় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসির নাটক সাজানো হয়েছে। এমনকি যে কক্ষে তাকে ফাঁস লাগানো হয়েছে সেই কক্ষের দরজা ভেতরে আটকানো ছিল না, তা বাহিরের দিক থেকে আটকানো ছিল। আর তারা যদি আমার বোনকে হত্যা না করে তবে তারা পরিবারের সকল সদস্যরা কেন পালিয়ে বেড়াচ্ছে। আমরা তো এখনো কোন মামলা করিনি। মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তারা একবারের জন্যেও আমার বোনের খবর নেয়নি তারা সবাই পলাতক রয়েছে। আমার বোনের হত্যার জন্য আমি তাদের উপযুক্ত বিচার ফাঁসির দাবী করছি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে জুয়ার আসরে অভিযান,গ্রেপ্তার ১১

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে ৮ ফেব্রুয়ারি শনিবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তাদেরকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মামুন সরকার(৪৫), কাগমারীপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক(৩৮), নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া(২৫), ঘাটান্দী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে খন্দকার রুবেল(৩৫), হাবিবুরের ছেলে মঞ্জুরুল(৪৩), বরকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শিপন(২৪), কুকাদাইর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আল আমিন(৪২), গোবিন্দাসী গ্রামের মৃত কানচুর ছেলে লতিফ(৪৫), ডিগ্রির চর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম(৩৫), পাশের গোপালপুর উপজেলার জয়নগর আবুল মেম্বারের ছেলে গোলাপ(৪৫) এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম(৩৮)।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভূঞাপুর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়
আলোকিত প্রতিদিন/০৯ফেব্রুয়ারি-২৫/মওম