আজ , ।   
Home Blog Page 526

সোনারগাঁয়ে ‘ময়মনসিংহ সাহিত্য সংসদে’র ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন 

সুজন মাহমুদ – (নারায়ণগঞ্জ) : ঐতিহ্যবাহী ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে এবং একই স্থানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে মঞ্চটি দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন। গতকাল রবিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে, লেখক ও উদীচী’র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি রহমান মুজিব, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সোনারগাঁ শাখার সম্পাদক, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষক ও সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন শাম্মী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কৃতিকর্মী আব্দুস সাত্তার, আব্দুল করিম, শিক্ষক ও সংস্কৃতিকর্মী লতা মাহমুদ, খাদিজা আক্তার, তানিয়া আক্তার, পল্লবী সরকার, শিক্ষার্থী আনন্দ দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৪৫ বছরের পুরোনো ‘ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মঞ্চ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। আমরা মনে করি এটি শুধু একটি স্থাপনা ধ্বংস নয়, বরং মুক্তচিন্তা, সৃজনশীলতা এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ওপর একটি চরম আঘাত। ১৯৯৩ সাল হতে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে বীক্ষণ আসরে বিভিন্ন সময়ে ইতিহাসবিদ-লেখক বদরুদ্দীন উমর, কবি শামসুর রাহমান, কবি আল মাহমুদ, কবি ও গবেষক আব্দুল মান্নান সৈয়দ, কবি হেলাল হাফিজ, কবি আবু করিম, কবি নির্মলেন্দু গুণ, কবি শহিদ কাদরী, কবি আল মুজাহিদী, ছড়াকার আবু সালেহ, কবি মাহবুব সাদিক, কবি আসাদ চৌধুরী, কবি হাবিবুল্লাহ সিরাজীসহ আরও অসংখ্য  কবি-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আমরা এই মানববন্ধন থেকে অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী ‘বীক্ষণ মঞ্চের’ পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন/এপি 

ড. ইউনূস সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহবান করলেন: সাবেক এমপি কায়কোবা!

নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা মুরাদনগর উপজেলার সাবেক ৫ বারের এমপি আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহবান করছি।
শনিবার (০৩ মে) কুমিল্লা মুরাদনগর ৬নং বাঙ্গরা (পূর্ব)  ইউনিয়ন ৫নং ওয়ার্ডে অবস্থিত বাঙ্গরা উচ্চ বিদ্যালয় মাঠে এমন মন্তব্য করেন সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সংস্কার সংস্কার করছে কিছু লোক, কিন্তু এসব সাধারণ মানুষ বোঝে না। সংস্কার করলে এদেশের বড়লোকদের লাভ হবে তবে সাধারণ মানুষের কিছুই হবেনা। দুই বেলা পেটপুরে খেতে পারাটাই সবচেয়ে বড় সংস্কার। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। দ্রুত একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার ফল শান্তিপূর্ণভাবে  ভোট দেওয়ার ব্যবস্থা করুন। ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। অনেকে সমালোচনা করে কিন্তু এটা ছাড়া উপায় কী। দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে।
তিনি আরও বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে যেসব মিথ্যা মামলা দিয়ে আমার মুরাদনগরের রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে সেসব মামলা প্রত্যাহার করতে হবে। এখনও মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থান দিয়ে আমার মুরাদনগরের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিচ্ছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মুরাদনগরে অশান্তি এবং বিশৃঙ্খলা হোক এমন পরিবেশ দেখতে চাই না। নির্বাচন এলেই হানাহানি আর যেন না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
সবশেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার মেয়েরা বলছে এই মুরাদনগর বাসীর জন্য কিছু করে যেতে। আমি আমার মুরাদনগর বাসীর জন্য একটি কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করবো। এই কল্যাণ ট্রাস্ট থেকে যেন মুরাদনগরবাসী সব ধরনের সহযোগিতা পায়। আমি এই মুরাদনগরের ২২টি ইউনিয়নে ২২টি সমাবেশ করবো এবং প্রতিটি ইউনিয়নে ১ দিন করে রাতে থাকবো। আমার মুরাদনগরের সাধারণ মানুষের সাথে মুক্তভাবে কথা সহ তাদের সাথে সুখ-দুঃখ গুলো ভাগ করে নেওয়ার জন্য।
আলোকিত প্রতিদিন/এপি 

ড. ইউনূসের অনুরোধে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স দেন কাতার আমির!

লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ও বিএনপির সূত্রে জানা গেছে, ড. ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন। শনিবার (৩ মে) রাত পৌনে ১২টায় বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় খালেদা জিয়ার আসার বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি। এই তথ্য পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যে বিমানে তিনি (খালেদা জিয়া) গেছেন, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন। এর আগে গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, রবিবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। তার সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি 

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেপ্তার ২

মুহাম্মদ জুবাইর, চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে নোয়াখালী অভিমুখী একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজন অস্ত্র ব্যবসায়ীক আটকসহ তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে আগে থেকে বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ০৬টি শ্যুটার গান, ০১টি দেশীয় তৈরী রাইফেল ও ০১টি এক নলা বন্ধুক।
আটককৃত আসামিরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ন ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ে এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়।
আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কারাগারে পাঠানো হবে।
আলোকিত প্রতিদিন/এপি 

কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন!

বিনোদন ডেস্ক,  লাক্স চ্যানেল সুপারস্টার তারকা ফারিয়া শাহরিন। তবে সবাই তাকে এখন কাজর আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্তরা নামেই চেনেন।  ইতোমধ্যে ৪ টি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকেরা, এবার আসছে এর সিজন ফাইভ। এই সিজনেও অভিনেত্রী ফারিয়া শাহরিনকে দেখা যাবে।

সম্প্রতি নানা বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিয়া শাহরিন। সেখানে ক্যারিয়ার, কাজ, শুটিং, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানালেন, খুব তাড়াতাড়িই ব্যাচেলর ফাইভের শুটিংয়ে যোগ দেবেন এই অভিনেত্রী।

ফারিয়া শাহরিন বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।

আলোকিত প্রতিদিন/এপি 

চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: চট্টগ্রাম শহরের পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍‍্যাব-৭। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ওই  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন। তিনি বলেন, মিয়ানমার থেকে বোটে করে বেশ কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে অনুপ্রবেশ করছে; এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী-শিশু ও পুরুষসহ মোট ৩৫জনকে আটক করা হয়।

আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে রোহিঙ্গাগুলো কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। ওরা কি ভাসানচর থেকে এসেছে; নাকি মিয়ানমার থেকে এসে শহরে প্রবেশ করতে চেয়েছিল এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অপরদিকে, আটক রোহিঙ্গাদের কয়েকজন সাংবাদিকদের জানান, তারা প্রতিজন ২ হাজার টাকার বিনিময়ে মিয়ানমার থেকে দালালের মাধ্যমে শহরে প্রবেশ করেছে। এভাবে আরও রোহিঙ্গা মিয়ানমার থেকে শহরে এসেছে বলে তারা জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি 

ফ্লোরেন্স নার্সিং ভর্তি কোচিং ফেনী শাখার ২য় ব্যাচের  বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি। ফ্লোরেন্স নার্সিং ভর্তি কোচিং ফেনী শাখার ২০২৫ এর  ২য় ব্যাচের  বিদায় অনুষ্ঠান ফেনী কুইন্স নার্সিং কলেজ এর অডিটোরিয়ামে ফ্লোরেন্স নার্সিং কোচিং এর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে, ফ্লোরেন্স নার্সিং ভর্তি কোচিং  ফেনী শাখার পরিচালক ডাঃ মোঃ নাজমুল হক ভূইয়া সঞ্চালনায়  সকাল থেকে ৯ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম এর সাবেক বিভাগীয় পরিচালক ডাঃ আলাউদ্দিন  মজুমদার।
কুইন্স নার্সিং কলেজ এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আব্দুল কাইয়ুম।
কুইন্স নার্সিং কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম।
কুইন্স নার্সিং কলেজ এর অধ্যক্ষ দিপালী রানী চক্রবর্তী।
ফুলগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মো: নাসিম উদ্দিন পাটোয়ারী।
সহ আরো অনেকে।
প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে মডেল টেস্ট পরীক্ষায় সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়, এবং সরকারি নার্সিং প্রস্তুতিমূলক পরীক্ষা উত্তীর্ণের ধারনা দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/এপি 

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন!

আলোকিত ডেস্ক : ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশন শুরু করেন এই তরুণী।

এদিকে তরুণীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন জামায়াত নেতা ও তার পরিবারের লোকজনও।

অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর এওয়াজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে ও একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি তিনি।

তরুণী জানান, সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। ৩ বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মুঠোফোনে কথা হয় আমাদের দুজনের। এরই মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে সম্পর্কের দীর্ঘদিন পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুজন। বিয়ে করে ঢাকায় গিয়ে কাবিন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা। পরে তাকে ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে আসেন সাইফুল্লাহ। এ সময় থাকা খাওয়ার জন্য টাকা পাঠাতেন সাইফুল্লাহ।

সরেজমিনে শুক্রবার বিকেলে সাইফুল্লাহর বাড়িতে গিয়ে দেখা যায় ঘর তালাবদ্ধ। বাইরে ঘরের সিঁড়িতে বসে অনশনে আছেন তরুণী। অনশনরত তরুণী বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় তিনিও আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।

এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দেন অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর। মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, তারা পরস্পর আত্মীয়স্বজন। ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসব। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

আলোকিত প্রতিদিন/এপি 

নাফ নদীর লালদিয়া থেকে ধরে নিয়ে যাওয়া চারজনকে ছেড়ে দিলো আরকান আর্মি

হেলাল উদ্দিন, টেকনাফ। টেকনাফের নাফ নদীর লাল দিয়ার চর থেকে ধরে নিয়ে যাওয়া ৪ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরকান আর্মি শুক্রবার(২ মে) বিকেল পাঁচটার দিকে তারা টেকনাফের হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
এর আগে বৃহস্পতিবার সকালে নাফ নদীর লালদিয়া থেকে এই ৪ রোহিঙ্গাকে জিন্মি করা হয়েছিল। এই ৪ জন হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
শরণার্থী, ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারী ও টেকনাফের ২৭ নম্বর জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পেরর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই চারজন রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ফেরত আসা রোহিঙ্গারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি 

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার সহ ১০ জন আটক

হেলাল উদ্দিন, টেকনাফ। মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ০২ মে  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পহেলা মে কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়।  বর্তমান সময়ে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি। কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন এর সদস্যরা বোটটিকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে আটক করা হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারিরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।
জব্দকৃত সার গুলো টেকনাফ কাস্টমস এ হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি