আজ , ।   
Home Blog Page 517

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করব : স্বরাষ্ট্র উপদেষ্টা!

আলোকিত ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এ কথা বলেন তিনি।

 

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সব আসামিদের ঘটনার পরে ধরা হচ্ছে শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঘটনার আগেও ধরা হচ্ছে ঘটনার পরেও ধরা হচ্ছে। আমি তো অস্বীকার করিনি। ঘটনার আগেও ধরা হচ্ছে ঘটনার দুদিন পরেও ধরা হচ্ছে। আমি এটা এখানে আসার পর জানতে পারছি। আমি সঙ্গে সঙ্গেই এটা নিয়ে কথা বলেছি।

তিনি বলেন, যারা এই ঘটনায় জড়িত তাদের শুধু পদচ্যুত নয় তদন্ত করে শাস্তির আওতায় আনব।

এর আগে তিনি দুপুরে জেলার বিরল উপজেলার ঢালাপীর নামক স্থানে কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেওয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন। আর লিচু পাকার সময় স্প্রে না করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি  

মুরাদনগর যৌথবাহিনীর অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাজমুল হাসান:

কুমিল্লা মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ থেকে ৯৪ পিস ইয়াবা এবং নগদ ৫ হাজার টাকা সহ আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

০৮ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম)  ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পৈয়াপাথর কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী সহ মুরাদনগর থানা পুলিশের একটি টিম। আনোয়ার হোসেন ১৫নং নবীপুর (পশ্চিম)  ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পৈয়াপাথর গ্রামের মৃত- সুলতান আহমেদ এর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর দেবিদ্বার ও মুরাদনগরের দায়িত্বে থাকা ক্যাম্পের চৌকস দল কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। সুনিশ্চিত তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন কে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, ক্যাপ্টেন ফুয়াদ, ওয়ারেন অফিসার নাহারুল সহ সঙ্গীয় ফোর্স ও মুরাদনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার এসআই মো: আলী আক্কাছ। তিনি জানান, মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম)  ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কোম্পানীগঞ্জ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে আল মদিনা রেস্টহাউজ এর ৩য় তলা উত্তর পাশে একটি রুম থেকে ৯৪ পিস ইয়াবা ও নগদ খুরচা ৫ হাজার টাকা সহ আনোয়ার হোসেনকে আটক করি।

পুলিশি জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছে- তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। কোম্পানীগঞ্জ এলাকা থেকে মুরাদনগর সহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। জব্দকৃত ইয়াবা বিক্রির জন্য নিজের হেফাজতে রেখে কোম্পানীগঞ্জ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে আল মদিনা রেস্টহাউজ এর ৩য় তলা উত্তর পাশে একটি রুমে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

মুরাদনগর থানার এসআই মো: আলী আক্কাছ জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে মুরাদনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। সিডিএমএস যাচাই অনুযায়ী তার বিরুদ্ধে এর আগেও ৬ টি মাদক মামলা রয়েছে। মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/৮মে ২০২৫/মওম

২৫টি ড্রোন ভূপাতিতের কথা বলছে পাকিস্তান,পাল্টা হামলা প্রতিহতের দাবি ভারতের

পাকিস্তান দাবি করেছে, ভারতের পাঠানো ২৫টি ড্রোন তাদের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে। একইসঙ্গে ভারত বলছে, পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা তারা প্রতিহত করেছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৮ মে বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ভারত থেকে আসা ইসরায়েলি নির্মিত ড্রোনগুলো করাচি এবং লাহোরসহ বিভিন্ন শহরে ভূপাতিত করা হয়েছে। এর ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

একটি ড্রোন রাওয়ালপিন্ডির ঘাঁটি এলাকার উপর গুলি করে নামানো হয়েছে বলে তিনি জানান। লাহোরের কাছাকাছি একটি সামরিক স্থাপনায় ড্রোন আঘাত হানে, এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন। তিনি আরও বলেন, ভারতীয় ড্রোন অব্যাহতভাবে আমাদের আকাশসীমায় পাঠানো হচ্ছে। এই নগ্ন আগ্রাসনের মাশুল ভারতকে গুনতেই হবে।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাত এবং বৃহস্পতিবার ভোরে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

ভারত জানিয়েছে, এর জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সিস্টেমে পাল্টা হামলা চালানো হয়েছে। ভারতের বক্তব্য, পাকিস্তানের হামলার ব্যাপ্তি এবং মাত্রাতেই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোরে ভারত ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি করে। দুই সপ্তাহ আগে কাশ্মীরের এক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক।

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। তারা আরও দাবি করেছে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে বেইজিংয়ে ভারতীয় দূতাবাস একে ‘ভুল তথ্য’ হিসেবে উল্লেখ করেছে।

পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলা এবং সীমান্ত গুলিতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে। ভারত জানিয়েছে, তাদের ১৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৯ জন আহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, আমরা পরিস্থিতি বাড়াতে চাই না। তবে আমাদের বিরুদ্ধে সামরিক হামলা হলে, তার জবাব অত্যন্ত কঠোর হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমরা উত্তেজনা কমাতে প্রস্তুত। তবে পাকিস্তানের ফেডারেল সরকার ভারতের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

উত্তেজনার মধ্যেই গুলমার্গের কেবল কার বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তের কাছে হওয়ায় হোটেলও খালি করতে বলেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে।

ভারতের পাঞ্জাব রাজ্যে আতঙ্কে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত শুরু হয়েছে। অন্যদিকে পাকিস্তানের লাহোর, করাচি এবং শিয়ালকোট বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সংঘাতের খবরে পাকিস্তানের শেয়ারবাজারে ৬.৩ শতাংশ ধস নামে, ফলে লেনদেন বন্ধ করে দিতে হয়। ভারতীয় শেয়ারবাজার, রুপি এবং বন্ডেও বড় ধাক্কা লাগে।

বিশ্ব সম্প্রদায় দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি চাই তারা নিজেরা মিটিয়ে ফেলুক। যদি পারি, আমি সাহায্য করব।

চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরিস্থিতি আরও জটিল হয় এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

এই সংঘাত এমন সময়ে বাড়ছে, যখন পাকিস্তান এখনও ২০২৩ সালের অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। আইএমএফ-এর সহায়তায় দেউলিয়া হওয়া এড়াতে পারলেও, দেশের অর্থনীতি এখনো নাজুক অবস্থায় রয়েছে।

আলোকিত প্রতিদিন/৮মে ২০২৫/মওম

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গ্রামীণ জনপদে এক সময় অধিকাংশ স্বচ্ছল গৃহস্থের বাড়িতেই ছিল কাচারি ঘর । এ ঘর ছিল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য , কৃষ্টি  এবং     সংস্কৃতির একটি অংশ । কালের বিবর্তনে আজ কাচারি ঘর বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে । গেস্টরুম কিংবা ড্রয়িং রুমের আদি ভার্সন ছিল এ কাচারি ঘর । এখন আর গ্রামীণ জনপদে কাচারি ঘর দেখা যায় না । মূল বাড়ি থেকে একটু দূরে আলাদা খোলা মেলা জায়গায় কাচারি ঘরের অবস্থান ছিল । অতিথি,পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন । প্রয়োজনে এক-দুই রাত্রি যাপনের ব্যবস্থা ও থাকত কাচারি ঘরে । কাচারি ঘর ছিল গ্রামের অবস্থা সম্পন্ন  এবং মধ্যবিত্তের গৃহস্থের আভিজাত্যের প্রতীক । এ ঘরের চার দিকে ঢেউ টিনের বেড়ার সঙ্গে কাঠের কারুকাজ করে উপরে টিন অথবা ছনের ছাউনি থাকত । এতে প্রাকৃতিক বান্ধব পরিবেশর আবহ ছিল । তখন বৈদ্যুতিক পাখা না থাকলেও কাচারি ঘড়ে ছিল আরামদায়ক শীতল পরিবেশ । তীব্র গরমেও কাচারি ঘরের খোলা জানালা দিয়ে হিমেল বাতাস বইত। আলোচনা, শালিস বৈঠক,গল্প-আড্ডার আসর বসতো এ কাচারি ঘর গুলোতে । তখনকার দিনে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে মানুষজন বেশি হলে ছেলেরা কাচারি ঘরে থাকতেন। বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাচারি ঘরে বসতো পুঁথি পাঠ ও জারি গানের আসর । অনেক সময় পথচারীরা কাচারি ঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন এবং বিপদে পরলে রাত্রি যাপন ও করত এ ঘড়ে । গৃহস্থের বাড়ির ভিতর থেকে খাবার পাঠানো হত কাচারি ঘরের অতিথিদের জন্য । আবাসিক গৃহশিক্ষকের (লজিং মাস্টার) ও আররি শিক্ষার জন্য কাচারি ঘড়ের অবদান অনস্বীকার্য । মাস্টার এবং আরবী শিক্ষকগণের কাচারি ঘরে থাকার ব্যবস্থা করা হত । কোন কোন বাড়ির কাচারি ঘর সকাল বেলা মক্তব হিসেবেও ব্যবহৃত হত । জানা যায় – জমিদারী প্রথার সময় খাজনা আদায় করা হত গ্রামের প্রভাবশালী গ্রাম্য মোড়লের কাচারি ঘরে বসে । এখন আর কাচারি ঘর তেমন চোখে পরে না । এখনো নবীনগরের রতনপুর, শ্যামগ্রাম, রছুল্লাবাদ, ইব্রহিমপুর শ্রীরামপুর (পুরাতন), বিটঘর, বিদ্যাকুটসহ ঐতিহ্যবাহি গ্রাম গুলোতে অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় এ ঘর দেখতে পাওয়া যায়।
আলোকিত প্রতিদিন/৮মে ২০২৫/মওম

বিস্ফোরণে কেঁপে উঠলো লাহোর

পাকিস্তানের লাহোরে ৮ মে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণে আওয়াজ পাওয়া গেছে। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভি এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের লাহোর শহরের আকাশে বৃহস্পতিবার দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। পরিচয় গোপন রাখার শর্তে তিনি এই তথ্য দিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে। পাকিস্তানে ভারতের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার একদিন পরেই এই ঘটনা ঘটলো। ভূপাতিত করা ড্রোন দুটি কী ধরনের ছিল বা সেগুলো কোথা থেকে এসেছিল, সে বিষয়ে কিছু জানাননি ওই পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, আমরা এগুলোর বৈশিষ্ট্য খতিয়ে দেখছি এবং এসব কোথা থেকে এসেছে ও কার মালিকানাধীন, সেটি বের করার চেষ্টা চলছে।

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবদ।ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এইসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে।

এদিকে, পাকিস্তানের দাবি, তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে।

সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন। সম্ভবত এই ঘটনা এবং সনাতন দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে।

আলোকিত প্রতিদিন/৮মে ২০২৫/মওম

আওয়ামী লীগকে সুযোগ দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারে কালক্ষেপণ করা হচ্ছে

আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

৮ মে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে।

তিনি বলেন, লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালে ক্ষপণ করা হচ্ছে। একটা পর্যায় গিয়ে বলা হবে এক সময়ের জন সমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।

 

আলোকিত প্রতিদিন/৮মে ২০২৫/মওম

ভারতের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ গ্রহণ করে পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মির এবং পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমানবাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট (সম্মুখ লড়াই) হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে ‘বড় এবং দীর্ঘ ডগ ফাইট’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

তিনি বলেছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান এবং ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে।

২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি। তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি।

এ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলের সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী। এতে হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এ কর্মকর্তা।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন/৮মে ২০২৫/মওম

গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ!

আলোকিত ডেস্ক : ৫ আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।

আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও আছে।

১৪ জানুয়ারি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।

আলোকিত প্রতিদিন/এপি 

পাকিস্তানের ভয়ে কাঁপছে ভারত, ২১ বিমানবন্দর বন্ধের নির্দেশ!

আলোকিত ডেস্ক : ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান কী জিনিস। এপর্যন্ত হামলার জবাব পাকিস্তান যেভাবে দিয়েছে তাতে বলা যায়, ভারতকে সমীহ করে চলার মতো সময় পাকিস্তানের নেই বললেই চলে। মধুর চাকে ঢিল দিয়ে এখন ভারতের সামনে অপেক্ষা করছে বিশাল বিপদ। হামলার জবাব অবশ্যই দেবে পাকিস্তান, তবে তার আগেই যেন ভারতের গলা শুকিয়ে এসেছে।
মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলার পর থেকেই বিশ্ববাজারে কমতে শুরু করে দেশটির রুপির দাম পাশাপাশি এদিন রাতে চালানো অপারেশন সিঁদুরে প্রভাবে ভারতের বেসামরিক বিমান চলাচলে বেশ ধাক্কা লেগেছে। নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির অধিকাংশ বিমানবন্দর। এতে লাখ-লাখ ডলারে ক্ষতির মুখে পড়েছে দেশটি।
পাকিস্তানের হামলার ভয়ে দেশটিতে অন্তত দুশটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে দেশটির বিদেশগামী যাত্রীরা। দেশটির বিমান বন্দর সূত্র থেকে জানা গেছে, বুধবার সারা দিন বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দর। জম্মু, পাঠানকোট, জয়সলমীর, শিমলা ও ধর্মশালাসহ ২১টি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাশ্মির ইস্যুতে যখন পাকিস্তান ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশ নিষিদ্ধ ঘোষণা করে তার পর থেকেই এক বিশাল ক্ষতির মুখে পড়ে দেশটির কয়েকটি জনপ্রিয় বিমান কোম্পানি। পাকিস্তানের আকাশ এড়িয়ে ঘুরে মধ্য প্রাচ্যর দেশগুলোতে যাওয়ার বেলায় দেশটির বিমানগুলোর তেল খরচ বাড়ে এমনকি তা সময় সাপেক্ষও বটে।
এসব বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের বলা হচ্ছে, ভ্রমণের আগে সবাই যেন বিমানবন্দর থেকে দেওয়া সব শেষ তথ্য যাচাই করে তবেই বিমানবন্দরে উপস্থিত হন। ভারত সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা পরিস্থিতি নজরে রাখছে। অবস্থা স্বাভাবিক হলে দেশটির বিমান সংস্থাগুলো থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি 

ভারতে হামলার অনুমতি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। সামরিক বাহিনীকে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই সর্বোচ্চ কমিটি।
বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলেছে এনএসসি।
জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।
এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ‘ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ এবং মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে।’

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানায়। পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনো সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা জনগণের কোনো ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

আলোকিত প্রতিদিন/৭মে ২০২৫/মওম