আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2609

‘গণস্বাস্থ্যের কিট পরীক্ষার সুযোগ আপাতত নেই’

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশকেই র‌্যাপিড কিট পরীক্ষার অনুমোদন দেয়নি। এক্ষেত্রে গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট পরীক্ষারও আপাতত কোনো সুযোগ নেই। তবে ভবিষ্যতে র‌্যাপিড কিট বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও নির্দেশিত হলে গণস্বাস্থ্যের কিট গ্রহণে সরকারের কোনো আপত্তি থাকবে না।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল আয়োজিত ‘কোভিড-১৯ পরীক্ষার কিটস’ সংক্রান্ত বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় রোববার (২৬ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয় তুলে ধরে তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ কিটস পরীক্ষার বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসনকে যেভাবে দোষারোপ করেছেন, তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে গণস্বাস্থ্য তাদের দাবির ক্ষেত্রে কোনো রকম প্রটোকল মেইনটেইন করেনি। গণস্বাস্থ্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি না রেখেই ঢালাওভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাবিবুর রহমান খান বলেন, করোনা প্রতিরোধে খুব দ্রুতই আরও দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ করা হবে। করোনা মোকাবিলায় সরকারের হাতে এক লাখের বেশি কিটস মজুদ আছে।
গণস্বাস্থ্যের কিটস গ্রহণ না করা ও ঔষধ প্রশাসনের অসহোযোগিতা প্রসঙ্গে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান বলেন, ঔষধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রে সরকারিভাবে বারবার পরিদর্শনে গিয়েছে এবং সে জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিরা সরকারকে একাধিকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতাপত্রও পাঠিয়েছে। যেগুলো তারিখসহ আমাদের কাছে রক্ষিত আছে। কিন্তু তারা যা মুখে বলেছেন, বাস্তবে সে কাজ করেননি। উল্টো সরকারকে জনসম্মুখে হেনস্তা করতে নানারকম বিভ্রান্তি ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, গণস্বাস্থ্যের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে গণস্বাস্থ্যকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র সরকারের কোনো প্রটোকল আজ পর্যন্ত মেইনটেইন করেনি।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের সদস্য সচিব ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।

ফেইসবুকে প্রচারিত সাংবাদিকদের জন্য চাল বরাদ্দের খবর গুজব

:: নিজস্ব প্রতিবেদক::

সাংবাদিকদের জন্য সরকার এককালীন ৩০ কেজি করে চাল বরাদ্দ করেছে বলে ফেইসবুকে যে ‘খবর’ ছাড়ানো হয়েছে তাকে গুজব হিসেবে চিহ্নিত করেছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ সেল’ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘Mostafizur Rahman Sumon, Shahin Hasnat সহ আরও কয়েকটি ফেইসবুক আইডি থেকে ‘তাজা খবর’ শিরোনামে ওই গুজব রটানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া তালিকা হতে সীমিত সংখ্যক সাংবাদিক ৩০ কেজি করে চাল পাওয়ার কথা বলছে। এটি একটি জঘন্য গুজব। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ ধরনের গুজব রটানো শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে এ ধরনের গুজবের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়েছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সহায়তা চেয়ে গত ২১ এপ্রিল তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করে বিএফইউজে ও ডিইউজে। অন্যদিকে কোভিড-১৯ মহামারীর মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল; যদিও দুই দিনের মাথায় তা প্রত্যাহার করা হয়।

নজিমুদ্দিন সারা বিশ্বের জন্য মহৎ দৃষ্টান্ত বললেন প্রধানমন্ত্রী, নেতিবাচক মনোভাবের বিত্তবানদের সমালোচনা

::নিজস্ব প্রতিবেদক::

করোনাভাইরাস মহামারীতে কর্মহীন মানুষের সহায়তায় ভিক্ষার জমানো ১০ হাজার টাকা দান করে আলোচিত শেরপুরের সেই বৃদ্ধ নজিমুদ্দিনকে ‘বিশ্বের জন্য মহৎ দৃষ্টান্ত’ হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মহামারী পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই প্রসঙ্গ টানেন। এ সময় তিনি নেতিবাচক মনোভাবের বিত্তবানদের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘অনেক সময় দেখি অনেক বিত্তশালীরা হা-হুতাশ করেই বেড়ায়। কিন্তু তাদের নাই নাই অভ্যাসটা যায় না। তাদের ওই চাই চাই ভাবটাই সব সময় থেকে যায়।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে ভিক্ষা করে তিনি জমিয়েছিলেন ১০ হাজার টাকা। ওই টাকা তিনি মহামারীতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে দান করেন। ভিক্ষুক নজিমুদ্দিনের দানের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ আসে। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়।

নাজিমুদ্দিনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন,‘একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, আপনারা দেখেছেন। একজন ফকির, ভিক্ষা করে খায়, একটা সাধারণ মানুষ। এক সময় কৃষিকাজ করতো। এক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়। তারপরে আর কাজ করতে পারেনি, ভিক্ষা করে এবং এই ভিক্ষা করে করে মাত্র ১০ হাজার টাকা জমা করেছিল। তার থাকার ঘরটা ঠিক করবে বলে। তার মাত্র একটা ছেড়া কাপড় গায়ে। তার খাবারও ঘরে ঠিকমতো নেই। কিন্তু তারপরও সেই মানুষটা সেই জমানো ১০ হাজার টাকা সে তুলে দিয়েছে করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য। আমি মনে করি, সারাবিশ্বে একটা মহৎ দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন। এতবড় মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ওই টাকা দিয়ে আরো দুইটা জামা কিনতে পারতো,ঘরে আরো খাবার নিতে পারতো বা এই করোনাভাইরাসের জন্য তার যে অসুবিধা তার জন্য অনেক কিছু করতে পারতো, সে চিন্তা করতে পারতো। কোনো চিন্তা সে করেনি।’

শেখ হাসিনা বলেন, এই অবস্থায় ঘুরে ঘুরে ভিক্ষা করাও যেখানে মুশকিল সেখানে তিনি নিজের চিন্তা না করে শেষ সম্বলটুকু দান করে দিয়েছেন। এই যে একটা মহৎ উদারতা দেখালেন..বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনো এই মানববিকবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছেই।’

উমর আকমল ৩ বছর নিষিদ্ধ

:: ক্রীড়া প্রতিবেদক ::
দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আজ সোমবার (২৭ এপ্রিল) এক টুইট বার্তায় পিসিবি জানায়, শুনানি শেষে সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহান এই নিষেধাজ্ঞাদেশ দেন।
বিতর্কে জর্জরিত ক্যারিয়ারে বারবার নিয়ম ভেঙেছেন আকমল। মূলত এ কারণে দারুণ প্রতিভাবান হওয়ার পরও দলে থিতু হতে পারেননি কখনও। তবে এবারের অভিযোগ ছিল বেশ গুরুতর। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। গত ২০ ফেব্রুয়ারি থেকেই সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন দেশের হয়ে ১৬ টেস্ট খেলা এই ক্রিকেটার।
বোর্ডের আনা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগ ছিল আকমলের। কিন্তু তিনি তা না করার সিদ্ধান্ত নেন। ফলে নিশ্চিত হয়ে যায় যে শাস্তি পেতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই অপরাধে ৬ মাস থেকে আজীবন পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বলে শুরুতে গণমাধ্যমে বলা হয়েছিল। তবে আপিল না করায় শাস্তি কম হতে পারে বলেও ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সম্ভবত সেটিই হলো।
আগামী ২৯ মে ৩০ বছর পূর্ণ করবেন আকমল। এই বয়সে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকার পর আবারও ফেরাটা তার জন্য অনেক কঠিন হবে, তা নিশ্চিতভাবেই বলা যায়।
১৬ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা আকমল দেশের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৯ সালের ৭ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি রান আছে তার।

কিমকে নিয়ে নিশ্চুপ উত্তর কোরিয়া, বাড়ছে জল্পনা

:: প্রতিবেদন, রয়টার্স ::
জনসম্মুখে দু’সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের অনুপস্থিতি এবং তার অসুস্থতা নিয়ে যে সব খবর পাওয়া যাচ্ছে সে ব্যাপারে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চুপ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা দেখা দিয়েছে।
উত্তর কোরিয়া থেকে সরাসরি কোনো খবর না মেলায় ভাসা ভাসা কিছু খবর এবং স্যোশাল মিডিয়ায় প্রকাশিত খবর থেকে নানারকম জল্পনা ডালপালা মেলছে। শোনা যাচ্ছে নানা কথা।
পায়ের গোড়ালিতে সামান্য আঘাত পাওয়া থেকে ধীরে ধীরে কিম সুস্থ হয়ে উঠছেন এমন জল্পনা থেকে শুরু করে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর তার ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়া, চিকিৎসা করতে আসা কোনো চীনা ডাক্তারের কাছ থেকে কিমের কোভিড-১৯ আক্রান্ত হওয়া এমনকী তিনি মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েছেন, অচেতন হয়ে আছেন, কোমায় চলে গেছেন এবং মারা গেছেন বলেও গুজব ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার একটি ম্যসেজিং অ্যাপ-এ এও বলা হচ্ছে যে, ফরাসি ডাক্তাররা কিমকে কোমা থেকে বের করে আনতে পারেননি। এ অবস্থায় দেশটির ক্ষমতা দখল করেছেন কিম জং উনের চাচা কিম পিয়ং ইল।
দক্ষিণ কোরিয়া সরকার অবশ্য এইসব অনিশ্চিত খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো বেশির ভাগ খবরকেই গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে খবরগুলো একেবারে ভুয়া বলে নাকচও করা যাচ্ছে না। কারণ, উত্তর কোরিয়া এত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোও কিমের ঘনিষ্ঠমহলের ভেতরের খবর জানতে পারে না।
গত ১১ এপ্রিলে একটি পলিটব্যুরো বৈঠকে কিম জং-উনকে সর্বশেষ সভাপতিত্ব করতে দেখা গিয়েছিল। এরপর থেকে উত্তর কোরিয়ার কোনও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেই তার ছবি দেখা যায়নি বা ভাষণ প্রকাশিত হয়নি। তার শরীর-স্বাস্থ্য নিয়েও পিয়ংইয়ংয়ের কোনো সংবাদমাধ্যম মুখ খোলেনি। গত ১৪ এপ্রিল কিমকে তার দাদা কিম ইল-সাং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও দেখা যায়নি। তখন থেকেই কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ‘কিমের অবস্থা আশঙ্কাজনক হতে পারে’ বলে গুঞ্জন উঠে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ওয়েবসাইট এনকের খবরেও ১২ এপ্রিলে কিম জং-উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে বলা হয়। এ অস্ত্রোপচারের পর কিমের গুরুতর অসুস্থতার খবরে শোরগোল পড়ে যায়।
কিম সত্যিই গুরুতর অসুস্থ? নাকি রাজধানী পিয়ংইয়ং থেকে কিছুটা দূরের কোনও শহরে? এমন জল্পনা নতুন মাত্রা পায় উত্তর কোরিয়ার নেতা কিমের বিশেষ ট্রেনকে রিসর্ট শহর উনসানের একটি স্টেশনে ২১ এবং ২৩ এপ্রিলে দাঁড়িয়ে থাকতে দেখে। স্যাটেলাইটের ছবিতে তা ধরা পড়েছে বলে দাবি করে ওয়াশিংটন-ভিত্তিক উত্তর কোরিয়া পর্যবেক্ষণ সংগঠন ‘থার্টিএইট নর্থ’।
কিম ও তার পরিবারের সদস্যরা যাওয়া-আসা করেন এই বিশেষ ট্রেনে। কিন্তু সেই ট্রেনে কিম ছিলেন কি না বা তিনি উনসানেই আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরপর শনিবারই সামনে আসে কিম জংয়ের ‘মৃত্যুসংবাদ’। যুক্তরাষ্ট্রের টিএমজেড ট্যাবলয়েড নিউজ ওয়েবসাইট জানায়, “উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর মারা গেছেন।” হংকংয়ের একটি টিভি চ্যানেলও কিমের মৃত্যুর খবর প্রচার করেছে বলে শোনা গেছে।
কিমের মৃত্যুর খবর নিয়ে কৌতূহল দেখা দিয়েছে নেট দুনিয়ায়। যদিও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা এমন খবরের সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকা বলছে, উপগ্রহের ছবিতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, কিমের বিশেষ ট্রেন গত কয়েকদিনে রিসর্ট শহরে গেছে।
‘লিডারশিপ স্টেশন’ এ ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে কিম তাতে আছেন বা তা থেকে ওঠা-নামা করেছেন সেটি নিশ্চিত না হওয়া গেলেও এমনকী তার শরীর-স্বাস্থ্যের কথা বলা না গেলেও কিম উনসানে থাকতে পারেন বলে যে খবর পাওয়া যাচ্ছে, এ থেকে সে ধারণা অমূলক বলে উড়িয়েও দেওয়া যায় না।

করোনাভাইরাসে প্রথম ব্যাংক কর্মকর্তার মৃত্যু

:: নিজস্ব প্রতিবেদক ::
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এই প্রথম একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এই কর্মকর্তা বেসরকারি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে এফভিপি ছিলেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ওই কর্মকর্তার মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়নি। ওই কর্মকর্তার মৃত্যুতে সিটি ব্যাংকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও ব্যাংক খোলা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যাংকার আক্রান্তও হয়েছেন। তবে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে সিটি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি করোনাভাইরাসের রোগী ছিলেন বলে নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান।
সিটি ব্যাংকের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ রাজধানীর তালতলা কবরস্থানে দাফন করে।
সিটি ব্যাংকের কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরে ওই কর্মকর্তা সর্দি-কাশি এবং জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে দুই বার তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তবে দুবারই ‘নেগেটিভ’ আসে। চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
অসুস্থতা বাড়লে শনিবার সকালে আবারও মুগদা হাসপাতালে যান ওই ব্যাংক কর্মকর্তা। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে নেন। নমুনা আবার পরীক্ষা করে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।
ডা. মাহবুবুর রহমান বলেন, ‘তিনি কোভিড-১৯ রোগী ছিলেন। আজ সকাল ১০টায় তার মৃত্যু ঘটে।’ সিটি ব্যাংকের ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তির পরই মোবাইল ফোনে তার পরিবারকে কল করে তার সঙ্গে দেখা না করার পরামর্শ দেন চিকিৎসকরা। মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের বলা হয়েছে বাড়িতে থাকতে।

গাজীপুরে খুলেছে ৫ শতাধিক পোশাক কারখানা, হয়েছে বিক্ষোভ, সবখানে কি মানা হচ্ছে স্বাস্থ্যবিধি!

:: প্রতিনিধি, গাজীপুর::
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জেলাজুড়ে দেওয়া লকডাউনের মধ্যেই গাজীপুরে চালু হয়েছে পাঁচ শতাধিক পোশাক কারখানা। পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে আজ রোববার (২৬ এপ্রিল) কারখানার আশেপাশে অবস্থান করা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা গেছে, কাজে যোগ দিতে ছুটে এসেছেন সরকার ঘোষিত ছুটির কারণে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া শ্রমিকরাও। এদিন প্রতিটি কারখানায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও হাতধোয়ার ব্যবস্থা করা হয়। বেশিরভাগ কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, ভেতরে সামাজিক সুরক্ষা মেনে শ্রমিকদের প্রবেশ করিয়ে কাজ করানো হয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে কারখানা শ্রমিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, টেবিলে লোক কমানো হলেও সামাজিক দলগত কাজে সামাজিত দূরত্ব বজায় রাখা অনেকটাই দুঃসাধ্য। অন্যদিকে শ্রমিক কমিয়ে আনার কারণে অনেকেই হয়েছেন চাকুরিচ্যুত বলেও রয়েছে অভিযোগ। এনিয়ে বিক্ষোভ করতেও দেখা গিয়েছে।
সরেজমিন বেশ কয়েকটি পোশাক কারখানা ঘুরে দেখা গেছে, সেখানে শ্রমিক পৌঁছানোর পরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও প্রত্যেককে মাস্ক পরিয়ে কারখানার প্রবেশ গেটে আনা হচ্ছে। সেখানে অনেক প্রতিষ্ঠান আগেই পাত্রভর্তি জীবানুনাশক পানি রেখে দিয়েছে। শ্রমিকরা সে পানিতে নিজের পা ও জুতা চুবিয়ে পরিষ্কার করে যাচ্ছেন নিরাপত্তা কর্মীর কাছে। তিনি থার্মাল স্ক্যানার দিয়ে পোশাক কর্মীদের তাপমাত্র মাপার পর তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এরপরেই ভেতরে কোনও কোনও প্রতিষ্ঠান বেসিনে আবার কোনও কোনও প্রতিষ্ঠান সাপ্লাই পানির লাইনে একাধিক ট্যাপ লাগিয়ে ও সাবার রেখে শ্রমিকদের হাত-মুখ ধোয়ার ব্যবস্থা করেছে। এরপরই তারা কাজের জন্য কারখানার ভেতরে প্রবেশ করছে। তবে কাজের জায়গাটিতে কতটা সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে সে তথ্য পোশাক কারাখানাগুলো গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় দেখা যায়নি। তবে কারখানাগুলো দাবি করেছে সেখানে সামাজিক দূরত্ব মেনে ফঁকা ফাঁকা বসে কাজ করেছে শ্রমিকরা। যেহেতু সব শ্রমিক এখনও আসেনি তাই এটি নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেও দাবি অনেক কারখানা মালিকের। অনেক কারখানা প্রয়োজনে একাধিক শিফটের ব্যবস্থা করতে পারে এমন ইঙ্গিতও দিয়েছে।
গতকাল থেকেই গাজীপুরের কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের বেশিরভাগ উপস্থিত হন বিভিন্ন উপায়ে। যদিও বিজিএমই-র নির্দেশনা ছিল, শুধু আশেপাশের শ্রমিকরাই স্বাস্থ্যবিধি মেনে কারখানায় কাজে যোগ দেবে। দূরে গ্রামে থাকা শ্রমিকদের এই মুহূর্তে না এলেও চলবে। এজন্য তাদের চাকরিচ্যুত করা যাবে না। তবে বিভিন্ন কারখানার শ্রমিকদের অভিযোগ, দূরে থাকলেও গত দুদিন ধরে তাদের ফোন করে আসতে বলা হয়েছে। এজন্য তারা চলে এসেছেন। গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা অতিরিক্ত ভাড়ায় রিকশা, ভ্যান, মাছের ট্রাক ও সবজির ট্রাকে করেও বিভিন্ন জেলা থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানায় তারা কাজে যোগদান করেন। বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা বলেন, না এসে উপায়ও নেই। হয় ছাঁটাইয়ের তালিকায় পড়তে হবে, না হলে বেতন-বোনাস আটকিয়ে রাখবে কারখানা কর্তৃপক্ষ। তাই সব দিক বিবেচনা করেই জীবনের ঝুঁকি নিয়ে কাজে যোগ দিতে হচ্ছে আমাদের। আবার দুই একজন কারখানায় এসে ছাঁটাই হয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকার এডিশন ফুট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক কামাল হোসেন বলেন, রবিবার থেকে কারখানা খোলা। সকালে কারখানায় এসে জানতে পারি আমার চাকরি নাই। আমি এখানে যোগদান করেছি দুই মাস হয়েছে। তাই চাকরি স্থায়ী না হওয়ায় কর্তৃপক্ষ আমাকে কারখানায় ঢুকতে দেয়নি। তাহলে কারখানা কর্তৃপক্ষ কেন আমাকে ফোন দিয়ে এত কষ্ট করে বাড়ি থেকে আসতে বললো? গার্মেন্টস শ্রমিক বলে আমাদের জীবনের কি কোনও মূল্য নেই?
গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার হান্নান গ্রুপের লিংকিং অপারেটর আলম মিয়া বলেন, গত শুক্রবার কারখানার সুপারভাইজারকে ফোন দিলে তিনি কারখানায় আসতে বলেন। পেটের তাগিদে করোনা ঝুঁকি নিয়েই আমরা কাজে যোগ দিয়েছি।
গাজীপুরের পিমকি অ্যাপারেলস কারখানার কাটিং অ্যাসিস্ট্যান্ট মোমিন মিয়া বলেন, একদিকে বাড়ি থেকে আসতে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। অপরদিকে, রবিবার সকালে কারখানায় কাজে যোগ না দিলে চাকরি যাওয়ার হুমকি ছিল। এ কারণে অসুবিধা হলেও আমাদের আসতে হয়েছে।
কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক দুই পোশাক কর্মী রুবিনা আক্তার ও তানজিলা আক্তার বলেন, আমাদের ফোন করে বলা হয়েছে রবিবার সকাল ৭টার মধ্যে গার্মেন্টস খুলবে। সকাল ৭টার আগেই কাজে যোগদান করতে হবে। আমরা যদি সঠিক সময়ে না যাই চাকরি চলে যাবে। তাই শত কষ্ট হলেও কাজে যোগ দিয়েছি।
কারখানায় করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, তাপমাত্রা মাপা ও হাতধোয়ার নির্দেশ মানা হয়েছে। তবে ভেতরের পরিবেশ কেমন সেটা কেবল আমরাই বলতে পারবো। মানছে না কারখানা কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও জীবন হাতে নিয়ে যথা সময়ে কারখানায় উপস্থিত হয়েছি। আমরা শ্রমিকরা কারখানা মালিকের নির্দেশ মেনেছি, এবার আমরা চাই কারখানা মালিকরা আমাদের বাঁচাতে সরকারের সব নির্দেশ মানুক। আমাদের পুরো নিরাপত্তা দিয়ে কাজ করতে বললে তো আামাদের আপত্তি নাই। আর যদি তারা নির্দেশ না মানেন, আর কোনও শ্রমিক যদি আক্রান্ত হই তাহলে পুরো কারখানাই আবার লকডাউন হয়ে যাবে। মালিকরাও নিশ্চয় এই রিস্ক বুঝবেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সুশান্ত সরকার জানান, আজ রোববার থেকে গাজীপুরে প্রায় সাড়ে চারশ’ পোশাক কারখানা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে কাজ শুরু করেছে। আমরা এসব কারখানায় মনিটরিং করছি যেন কারখানাগুলো শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের কাজ করায়।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, জেলার বেশিরভাগ কারখানা’ই কমপ্লায়েন্স নিয়ম মেনে চলে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা ও শিল্প পুলিশ রয়েছে। তারা সবসময় কারখানাগুলোর দিকে নজর রাখছে যেন করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে ওইসব কারখানা শ্রমিকদের কাজ করায়।
তিনি বলেন, সরকারি নির্দেশনা মানা হচ্ছে না,এরকম কোনও অভিযোগ আমরা পাইনি। শর্ত সাপেক্ষে শ্রমিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এজন্য সরকারি নির্দেশ সবাইকে মেনে চলার ও সচেতন থাকার পরামর্শও দেন তিনি।

চাকরি ফিরে পেতে শ্রমিকদের বিক্ষোভ ::
গাজীপুরের মির্জাপুর (তালতলী) এলাকার এডিসন ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলতি বছরে নিয়োগ পাওয়া শ্রমিকেরা বিক্ষোভ করে।

শ্রমিকেরা জানান, গত ১১ এপ্রিল আন্দোলন বিক্ষোভে বাধ্য হয়ে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল কিছু শ্রমিকের বেতন পরিশোধ করেন। কিন্তু যেসব শ্রমিক চলতি বছর নিয়োগ পান এরকম কমপক্ষে পাঁচশ’ শ্রমিকের কাছ থেকে কর্তৃপক্ষ বেতন পরিশোধ ছাড়াই জোর করে সাদা কাগজ, আবার কারও পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে পরিচয়পত্র রেখে দেন। এরপর কর্তৃপক্ষ পরবর্তী ২৬ এপ্রিল কারখানায় যোগদান করতে বলেন। কর্তৃপক্ষ শুক্র ও শনিবার ফোন করে অনেক শ্রমিককে রবিবার থেকে কারখানায় যোগদান করতে বলে। ওই কারখানায় দুই হাজারের অধিক শ্রমিক রয়েছে বলে জানান শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাতটার দিকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শ্রমিকেরা কারখানায় যোগ দিতে যায়। যেসব শ্রমিক চলতি বছর নিয়োগ লাভ করেন তাদেরকে কর্তৃপক্ষ কারখানায় ঢুকতে দেয়নি। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে শ্রমিকেরা ভেতের ঢুকতে কারখানার গেটে হামলা করে।

এ ব্যাপারে এডিসন ফুটওয়্যার লিমিটেডের সহকারি মহা-ব্যবস্থাপক (এজিএম) বিপুল বরণ ঘোষ বলেন, সকল শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। কারও বেতন বকেয়া রাখা হয়নি। শ্রমিকদেরকে রবিবার আসতে বলা হয়েছিল। কিন্তু গাজীপুর এলাকায় ২ মে কারখানা খোলার নির্দেশ পাওয়ার পর গাজীপুর সদর থানা পুলিশ বিষয়টি তাদের অবহিত করলে কারখানা ছুটি দেওয়া হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, যেসব শ্রমিকের পরিচয়পত্র রেখে দিয়েছিল তাদের পরিচয়পত্র ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেকের পরিচয়পত্র ফেরত দেওয়া হয়েছে। তাদের চাকরি থেকেও বাদ দেওয়া হবে না। কারখানা কর্তৃপক্ষ পুলিশকে এরকম নিশ্চয়তা দেওয়ার পর শ্রমিকেরা কারখানা এলাকা ত্যাগ করেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) জালাল আহমেদ বলেন, পুলিশ লাঠিচার্জ করেনি। কারখানা চালু রাখার জন্য সরকারি নিয়ম মেনে চলার জন্য তাগিদ দেওয়া হয়েছে। পুলিশ শ্রমিকদের মানবিক বিষয় নিয়েই কথা বলেছে।

জামালপুরে ৬ চিকিৎসকসহ ১৮ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

:: সংবাদদাতা, জামালপুর ::

জামালপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একের পর এক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ জেলার স্বাস্থ্যসেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা জেলায় এ পর্যন্ত মোট ৪৬ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগে কর্মরত ছয় জন চিকিৎসকসহ মোট ১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। এছাড়া অনেকেই হোম কোয়ারেন্টিনে আছেন। ফলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
এ জেলার সাতটি উপজেলার সরকারি হাসপাতালগুলোর মধ্যে চারটি হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ব্রাদার, ওয়ার্ড বয়, বাবুর্চি, আয়া, ড্রাইভার ও এমএলএসএস করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এই হাসপাতালের দুজন চিকিৎসক, এক নার্স, দুই ওয়ার্ড বয়, একজন এমএলএসএস, একজন ব্রাদার ও একজন বাবুর্চি করোনায় আক্রান্ত। জামালপুর জেনারেল হাসপাতালের মোট ৩০ জন চিকিৎসক এবং ১৫ জন স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. উত্তম কুমার সরকার। তিনি বলেন, হাসপাতালের যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তার মধ্যে ৩০ জন চিকিৎসক এবং ১৫ জন স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিনে থাকা চিকিৎসকদের নমুনা পরীক্ষার পর রিপোর্টে যাদের নেগেটিভ এসেছে, তাদের মধ্যে ১০ জন চিকিৎসক রবিবার (২৬ এপ্রিল) যোগ দিয়েছেন। তিনি আরও জানান, প্রতিদিন হাসপাতালের আউটডোরে গড়ে ৬০০ রোগী চিকিৎসা নিতেন। এখন রোগী আসছেন মাত্র ৩০ জন। ইনডোরে ৫০০ রোগীর মধ্যে এখন ভর্তি আছেন মাত্র ৫৪ জন। সরকারি নির্দেশ মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সব হাসপাতালেই জরুরি ও স্বাভাবিক স্বাস্থ্যসেবা চালু রয়েছে। যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন, তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারা আক্রান্তদের সংস্পর্শে আসেনি, তাদের দিয়ে বর্তমানে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

সাড়ে ৬শ’ পরিবারকে রমজানের উপহার তুলে দিয়ে ‘মানবিক কমলাপুর’ এর আত্মপ্রকাশ

:: ব্যুরো প্রধান, ঢাকা ::

করোনাভাইরাস পরিস্থি মোকাবেলায় সর্বদা জনগণের পাশে থাকলে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সামাজিক সংগঠন। রমজানের প্রথম দিনে ‘মানবিক কমলাপুর’ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করেই গতকাল শনিবার (২৫ এপ্রিল) জনগণের পাশে দাঁড়িয়েছে। কমলাপুরের অর্ধসহস্রাধিক পরিবারের মধ্যে তুলে দিয়েছে মাহে রমজানের উপহার।
গতকাল সমাজসেবামূলক সংগঠন ‘মানবিক কমলাপুর’ মতিঝিল থানার ৮ নং ওয়ার্ড বৃহত্তর কমলাপুর এলাকায় মধ্যবিত্ত পরিবার ও অসহায় মানুষদের মাঝে রমজানের উপহার পৌঁছে দেয়। এলাকার ৬৫০টি পরিবারের মধ্যে এই উপহার বণ্টন করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা জানান, ‘রোজদারদের কথা মাথায় রেখে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।’ এছাড়া আগামীতেও আত্মমানবতার সেবায় তাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আছে বলে জানা যায়।

চাল চোরদের জেলে দিন বিদায় হোন ব্যর্থরা

না, অপেক্ষা করতে পারব না। চাল চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ধরা পড়ার সঙ্গে সঙ্গেই জেল। প্রজ্ঞাপন জারি করুন, জনপ্রতিনিধি থাকার কোনো অধিকার তাদের নেই। চোরের রক্ষকদেরও ছাড় দেওয়া যাবে না। এলজিআরডি মন্ত্রণালয়কে বসে থাকলে হবে না। নির্দেশ জারি করতে হবে জনপ্রতিনিধি পদ থেকে ওদের চিরতরে বিদায়ের। শুধু বিদায় নয়, আর কোনো দিন এই চোরেরা ভোট করতে পারবে না। কঠোর হাতে চোর দমন চাই। প্রয়োজনে এলজিআরডি মন্ত্রণালয়ে কমিটি হোক। একজন অতিরিক্ত সচিব কমিটির নেতৃত্বে থাকুক। এ কমিটির কাজ শুধুই চাল চোরদের বাদ দেওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল থাকবে। এ সেলের কাজ ওদের জেল নিশ্চিত করা। আইন মন্ত্রণালয়ের সেল কাজ করবে জামিন বন্ধের। এই কঠিনতম সময়ে কোনো সুস্থ মানুষ গরিবের ত্রাণ চুরি করতে পারে না। চোর দমনে মাননীয় এমপি সাহেবরা কী করছেন? তারা কি নিজের এলাকার খোঁজ রাখেন? এত চোর কোথা থেকে এলো? কীভাবে এলো? এত দিন তারা কী করেছেন? জবাব সবাইকে দিতে হবে। অনেক এমপি নিজেই লকডাউন হয়েছেন। ফোন বন্ধ করে দিয়েছেন। এলাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চাল কীভাবে বণ্টন হচ্ছে নিজেই জানেন না। জানলেও দলের লোকদের আশকারা দিচ্ছেন। চুরিতে প্রশ্রয় দিচ্ছেন। দয়া করে কেউ চোরদের আশকারা দেবেন না। সাতক্ষীরার এমপি জগলু, কুমিল্লার সীমাসহ অনেক এমপির মতো মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিন। আপনি না পারেন দলের ভালো লোকদের কাজে লাগান। চোরদের নিয়ে ঘরবসতি বন্ধ করুন। অন্যথায় মানুষ ক্ষমা করবে না। মানুষ ক্ষমা করলেও আল্লাহ রেহাই দেবেন না।

চারদিকের অবস্থা বোঝার চেষ্টা করুন। মানুষ ভালো নেই। বিশ্ব আজ কাঁদছে। চারদিকে অশ্রু আর হাহাকার। সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আগামীর পৃথিবী টিকবে কিনা কেউ জানি না। দুনিয়ার দিকে একবার তাকান। লোভ করে কী হবে? কুমিল্লার নাঙ্গলকোটে একটি লাশ পড়েছিল। কেউ এগিয়ে আসেনি। পুলিশ এসে লাশ দাফন করে। রাজবাড়ীতে একই চিত্র। পুলিশ ছাড়া কেউ আসেনি। আত্মীয়-পরিজন কারও খবর ছিল না। ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে মৃত ব্যক্তির পরিবার-পরিজনকে ফোন করা হয়। কেউ সাড়া দেয়নি। এক পর্যায়ে ফোনের সুইচ বন্ধ করে দেওয়া হয়। নরসিংদীতে লাশ পড়ে ছিল নৌকার ভিতর। দীর্ঘ সময় পড়ে থাকা লাশের পাশে কেউ এগিয়ে আসেনি। নারায়ণগঞ্জে রাস্তায় কত ঘণ্টা পড়ে ছিল লাশ? বিশ্বাস করুন, একজন মানুষও আসেনি। পুলিশ এসে লাশ দাফনে নিয়ে যায়। দুনিয়ার সব হাসপাতালের একই চিত্র। আমেরিকায় গণকবর খোঁড়া হচ্ছে। নিকটজনেরা কেউ এগিয়ে যাচ্ছে না লাশ দাফনে। পৃথিবী আজ বদলে গেছে। তার পরও লোভ করবেন ত্রাণের সামগ্রীতে? কে খাবে আপনার এ সম্পদ? ব্যাংক লুটেরা, শেয়ার কেলেঙ্কারির খলনায়করা কি একবারও ভেবেছেন এসব? ত্রাণ লুটেরা ধরা পড়ছে। জেলে যাচ্ছে। পত্রিকায় ছবি প্রকাশিত হচ্ছে। টিভিতে চোর হিসেবে খবর দিচ্ছে। কীসের জনপ্রতিনিধি আপনারা? আপনাদের, তোমাদের, তোদের একটি পরিচয়- চোর। আর কিছু নয়। চোরদের কোনো দল নেই, দেশ নেই, সমাজ নেই। ওরা মানবতার শত্রু। ওদের বাদ দিয়ে ত্রাণ বণ্টন হোক সিভিল প্রশাসনের তত্ত্বাবধানে সেনা, পুলিশ, র‌্যাবের মাধ্যমে। গরিব মানুষের তালিকা ধরে ত্রাণ পৌঁছে দেবে বাড়ি বাড়ি। মানবতার জয়গান ফিরে আসুক। স্বস্তি ফিরে আসুক সবখানে। মানুষকে ভালো রাখতে হবে।

দুনিয়ার কোথাও মানুষ ভালো নেই। সময়টা কারও জন্যই ভালো নয়। ভুল করে কেউ টিকছে না। থাকতে পারছে না মন্ত্রিত্বে। নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লাপ নিজেই লকডাউন ভাঙলেন। পরিবার-পরিজন নিয়ে বেড়াতে গেলেন সমুদ্রসৈকতে। বিষয়টি প্রকাশ পেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। বয়ে যায় সমালোচনার ঝড়। পরিস্থিতি অনুধাবন করে মন্ত্রী নিজেকে বললেন, নির্বোধ! তারপর পদত্যাগ করলেন। মন্ত্রিসভা ছাড়লেন। বিদায় নিলেন। বারবার প্রকাশ করলেন অনুতাপ। একইভাবে মন্ত্রিসভা ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক মন্ত্রীকে। এ সময়টা বিনোদনের নয়। আনন্দ আর অবহেলার নয়। বাস্তবতা অনুধাবন করুন। মানুষের পাশে দাঁড়ান। মানুষ না থাকলে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, মেম্বার কাউকে দরকার নেই। প্রয়োজন মানবতাকে জাগিয়ে তোলার। একজন চেয়ারম্যান ত্রাণ দিয়ে ছবি তুললেন। ছবি তোলা শেষে ত্রাণ কেড়ে নিলেন! এরপর তিনি কী থাকতে পারেন? আপনাদের বিবেক কী বলে? নিজের বিবেককে জাগিয়ে তুলুন। কঠিন ডেঙ্গুর সময় আমাদের মন্ত্রী সাহেব যান প্রমোদভ্রমণে মালয়েশিয়া। তিনি বিদায় নেন না। তাকে বিদায় করা হয়ও না। পিয়াজের দাম বাড়ার সময় আরেক মন্ত্রী সাহেব ঘুরে বেড়ান অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। কাকে দোষারোপ করব? আপনি মন্ত্রী, গার্মেন্ট চলবে কি বন্ধ থাকবে ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার। এটুকু না বুঝলে আছেন কেন? আপনি মন্ত্রী আপনারই দায়িত্ব ক্রাইসিসকালীন সমন্বয়ের। আপনি কী করে বলেন, জাতীয় কমিটির চেয়ারম্যান হওয়ার পরও আপনাকে কোনো কিছু জানানো হয় না? এরপর আপনি কী করে থাকেন? হায়রে মন্ত্রী! হায়রে মন্ত্রণালয়! আপনি মন্ত্রী হলে আপনাকে জানতে হবে। আপনার দক্ষতা, মেধা, মনন, ম্যানেজমেন্ট ক্যাপাসিটির প্রমাণ আপনাকেই দিতে হবে। না পারলে বাড়িতে ঘুমিয়ে থাকুন। মানুষের সামনে হাস্যকর কথা বলবেন না। এই কঠিনতম সময়ে মানুষ কষ্টে আছে। নতুন করে কষ্ট বাড়াবেন না। মানুষের দীর্ঘশ্বাসের শব্দ শুনুন। কাঁদতে ভুলে গেছে মানুষ। চোখ থেকে অশ্রু ঝরছে না। চারদিকের অবস্থায় বোবা আর্তনাদের মতো বাজছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের শেষ আর্তনাদ জানিয়ে দিয়েছে আমাদের অবস্থান। পাহাড়ের মেধাবী ছেলেটি ঢাকায় এসে ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে। পরিবারের মাঝে স্বপ্ন তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এ ছেলেই বদলে দেবে সবাইকে। কিন্তু হায়! হঠাৎ কী হতে কী হয়ে গেল। ক্যান্সার ধরা পড়ল সুমনের। নিয়মিত হাসপাতালে যেতে হতো চিকিৎসার জন্য। করোনাভাইরাসের আক্রমণ বাংলাদেশে আসার পরই বদলে গেল হাসপাতালের চিত্র। সুমন ঘুরছে হাসপাতাল থেকে হাসপাতালে। কেউ এগিয়ে আসছে না। চিকিৎসা দিচ্ছে না। ডাক্তার-নার্স সরে যাচ্ছে দূরে। সবাই বলছে, আমাদের প্রটেকশন নেই। জবাবে সুমন বলছে, আমি করোনা রোগী নই। আমাকে চিকিৎসা দিন। আমাকে বাঁচান। কিন্তু সেই ডাকে কেউ সাড়া দেয়নি। ঢাকায় সুমনের কেউ থাকে না। ক্যান্সার ছিল প্রাথমিক পর্যায়ে। বিপর্যস্ত সুমন নিজের ফেসবুকে লিখলেন, ‘আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।’ তাই হয়েছে। হাসপাতালে ঘুরতে ঘুরতে ক্লান্ত সুমন। সহ্য আর করা যায় না। বাবা-মাকে ফোন করে চলে যায় গ্রামের বাড়ি। পর্যাপ্ত ওষুধ সঙ্গে নিয়ে যেতে পারেনি। পাহাড়ি এলাকায় ওষুধ ম্যানেজ করতে পারেনি পরিবার। সুমন চলে গেল বিনা চিকিৎসায়। সুমনের জন্য আজ সবাই কাঁদছে। পাহাড় কাঁদছে। মানুষ কাঁদছে। কিন্তু সুমন তো আর ফিরবে না। তার পরও স্বাস্থ্যমন্ত্রী বলবেন সব ঠিক আছে! কোথাও কোনো সমস্যা নেই। বেসরকারি হাসপাতালগুলোর মালিকরা গিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী নেই। এ বৈঠকটি কেন স্বাস্থ্যমন্ত্রী আগে ডাকলেন না? তারপর যদি বলেন, আপনি ডেকেছেন তারা আসেননি, তাহলে বলব আপনার থাকার কোনো দরকার নেই। অবশ্যই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সবার আগে। কিন্তু কাজটা কে করবে? কে তাদের আশ্বস্ত করবে? কে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে? মাননীয় মন্ত্রী আপনিই বলুন। মাঝেমধ্যে ইরাকে সাদ্দামের তথ্যমন্ত্রী সাহাফের মতো বেরিয়ে এসে আপনি বাণী দেবেন। তারপর আবার হাওয়া হয়ে যাবেন। কিছুই বলার নেই।

এই দুঃসময়ে আমরাও ভালো নেই। মিডিয়াকর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। জানি না আগামী দিনের দুনিয়ায় কে বাঁচব কে মরব। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতার লাইনগুলো মনে পড়ছে।  রুদ্র লিখেছেন-

‘হঠাৎ ডেকে ওঠে নাম না জানা অজানা পাখি

অজান্তেই চমকে উঠি

জীবন, ফুরালো নাকি!

এমনি করে সবাই যাবে, যেতে হবে…’

চলে তো যেতেই হবে। চাইলেও কেউ থাকতে পারব না। জানি না আগামীর পৃথিবীতে কে থাকব আর কে থাকব না। শুধু প্রশ্ন- এ কেমন যাওয়া? চোখের সামনে বাবার মৃত্যু হচ্ছে। সন্তান কিছুই করতে পারছে না। লাশ দাফনে যেতে পারছে না। চিৎকার করে কাঁদতেও পারছে না। গুমরে গুমরে নিজের ভিতরের চাপাকান্না জমিয়ে রাখতে হচ্ছে। কাউকে জড়িয়ে ধরে মনের কষ্ট লাঘব করতে পারছে না। অসুস্থ প্রিয়জনদের পাশে হাসপাতালে আজ কেউ নেই। সন্তান মায়ের খবর নিতে পারছে না। মা পারছেন না সন্তানের পাশে দাঁড়াতে। লাশের খাটিয়া অজানা মানুষের হাতে। আহারে শেষ গোসল হলো কি? জানি না কেউ। পৃথিবী আজ নিষ্ঠুর। থাকব কার অপেক্ষায়? কোথাও কেউ নেই। মেয়েরা বাবার লাশ বহন করে নিয়ে গেছে দাহ করতে। ভারতের ঘটনাটি বিশ্ববাসীকে কাঁদিয়েছে। মুসলমানরা দাহ করতে নিয়ে গেছে হিন্দু ভাইয়ের লাশ। এখন আর লাশের কোনো জাতপাত নেই। কোন ধর্মমতে শেষ অন্ত্যেষ্টি হচ্ছে সেই প্রশ্নও নেই। গণকবরের খবর আসছে উন্নত বিশ্বে। কোনো খবরই এখন আর কাউকে আঘাত করে না। চারদিকে শুধু বুকভাঙা আর্তনাদ। এক অজনা পথের দিকেই এগিয়ে চলেছি আমরা। কোথায় গিয়ে থামব, শেষ পরিণতি কী? কিছুই জানি না।

মাঝেমধ্যে প্রশ্ন জাগে পৃথিবী কি চিরতরে শেষ হয়ে যাবে? এমন তো আগেও হয়েছে। ইউরোপে ভয়াবহ প্লেগ হানা দিয়েছে বারবার। কালো প্লেগ খ্যাত সেই অসুখ ইউরোপের তিন ভাগের এক ভাগ মানুষকে নিয়ে যায় তেরো শর মাঝামাঝি। এর আগে-পরেও প্লেগ দুনিয়াবাসীকে অনেক যন্ত্রণা দিয়েছে। আমাদের এ ভূখন্ডে ভয়াবহতায় ছিল কলেরা। সেই সময়গুলো মানুষ পার করেছে। কিন্তু এখন যে সময় যেতে চায় না। থমকে আছে সবকিছু। মানুষ বড্ড অসহায়। হুমায়ূন আহমেদ লিখেছেন, ‘কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা-বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে।’ একটা বেদনাবিধুর দীর্ঘশ্বাস নিয়েই এ সময়গুলো কাটছে। অমাবস্যার অন্ধকারে শ্মশানের পাশ ঘেঁষে যেতে একটা ভয় হতো। সেই ভয়টা এখন আবার পেয়ে বসেছে নাগরিক জীবনের আলোক উজ্জ্বলতায়। কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ভাষায়, ‘বিদায়ের সেহনাই বাজে/নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে’।

প্লেগ একসময় থেমে গিয়েছিল। কলেরা আর মহামারী হিসেবে থাকেনি। হয়তো একদিন এ মহামারীও থেমে যাবে। একটি সাধারণ সিজনাল অসুখ হিসেবেই দেখব আমরা করোনাভাইরাসকে। কিন্তু তত দিন এ ধাক্কা কীভাবে সামলে উঠবে পৃথিবী। আর সামলে উঠলেও ক্ষতটা থেকে যাবে। সেই ক্ষত যুগের পর যুগ ভোগাবে। মানুষকে নিয়ে যাবে কঠিন এক পরিস্থিতিতে। ২০২৩ সালের আগে বিমানবন্দরগুলোর স্বাভাবিকতা ফিরে আসবে না। বিশ্ব বাণিজ্য হবে না স্থির। মানুষ কি বুঝতে পারছে সবকিছু? এখনই মানুষ ধৈর্যহারা। না থাকতে পারছে ঘরে, না পারছে বের হতে। দিল্লিতে এক যুবককে পাঠানো হয় এক হাসপাতালের কোয়ারেন্টাইনে। যুবকের ভালো লাগছিল না। তিন তলা থেকে লাফিয়ে পড়ল নিচে। দুই পা ভেঙে আবার হাসপাতালে। নিয়ম না মেনে ঘর থেকে বের হওয়ার পরিণতি ভালো হচ্ছে না। নারায়ণগঞ্জে লাশ পড়ে ছিল রাস্তায়। ঢাকায়ও তাই হচ্ছে। কেউ সাহস করে লাশের ধারেকাছে যায়নি। ইকুয়েডরের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে বিশ্বব্যাপী। লাশের সারি পড়ে আছে। সেনাবাহিনী নেমেছে লাশ সরাতে। আমরা সতর্ক না হলে আমাদের অবস্থা কী হবে একবারও ভেবেছেন? বাংলাদেশ ঘনবসতির। জীবন-জীবিকার তাগিদে মানুষকে ঘর থেকে বের হতে হয়। লকডাউন কিংবা মৃত্যুর হুমকি কাউকে আটকাতে পারছে না। একবার সংক্রমণ বাড়লে এর শেষ থাকবে না। সবকিছু শেষ হয়ে যাবে। লাশ দাফন করার প্রতিষ্ঠানও পাওয়া যাবে না। কে মারা যাবে কে জীবিত থাকবে কেউ জানি না।

এমন মহামারী মোকাবিলায় বিশ্ব একবিন্দুও প্রস্তুত ছিল না। ক্ষমতাবান রাষ্ট্রগুলো ছিল আত্মঅহমিকায়। নিজেদের জাহির করা নিয়ে ব্যস্ত। মহামারীর টর্নেডো নিয়ে তাদের কোনো সতর্কতা ছিল না। শুরু থেকেই তাদের বক্তব্য-বিবৃতি ছিল হতাশাজনক। বড় বড় দেশগুলোর ব্যর্থ নেতৃত্বের কবলে পড়ে বিশ্ব আজ এক ধ্বংসস্তূপ। আগামী শুধুই অন্ধকার। মহামারীর দুনিয়া কেড়ে নিয়েছে সবার ক্ষমতা। একটিবার ভাবুন না, প্রকৃতি কেন এত নিষ্ঠুর হলো? আমরা কি বাড়াবাড়িটা কম করেছি? সবার অহংকার আর নিষ্ঠুরতা আজকের সর্বনাশ ডেকে এনেছে। এখন আর কেউ নিজেকে দুনিয়ার বাদশাহ দাবি করতে পারছে না। দুই দিন আগেও অহংকার ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এখন আর নেই। করোনাভাইরাস ব্রিটিশ প্রধানমন্ত্রী চেনে না। রানীকে তোয়াক্কার সময় নেই। তাই ট্রাম্পের কণ্ঠ নমনীয়। চুপসে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। উন্নত বিশ্বের চোখ-ধাঁধানো হাসপাতালগুলোয় শুধুই মৃত্যুর বিভীষিকা। বিমানবন্দরগুলো পরিত্যক্ত। শহরগুলো খাঁখাঁ করছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বুঝতে পারছে না কী হবে আগামীতে। অজানা গন্তব্যের দিকে ছুটছি আমরা। সামনে থমকে দাঁড়ানোর লাইট নেই। শুধুই অনিশ্চয়তায় পথচলা। আর চিন্তা বেঁচে থাকব তো? অদ্ভুত আঁধার নেমে এসেছে। একটু আলোর সন্ধান করছি আমরা। জীবনের বহতা নদীতে সেই আলোর রশ্মি একটু যদি জ্বলে ওঠে। সামনে কূলকিনারাহীন অথৈ সাগর। পরিত্রাণ কী, কেউ জানি না। এমন বিপর্যয়ে কেউ পড়েনি কোনো দিন। এত অসহায় কখনো মনে হয়নি। এ মৃত্যুপুরীর পৃথিবী আমার নয়। এ জগৎ আমার অচেনা। এ পৃথিবী আমার অচেনা।

 

লেখক: প্রধান সম্পাদক নিউজ টোয়েন্টিফোর ও সম্পাদক বাংলাদেশ প্রতিদিন।