আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2522

সন্তানদের সম্পত্তি লিখে দেওয়ার পরেও চিকিৎসা হচ্ছে না বাবার

নাবিলা ওয়ালিজা, মাদারীপুর : মাদারীপুরে এক সময়ের তাজ বিড়ি ফ্যাক্টরীর মালিক ও কোটিপতি ব্যবসায়ী নুরু মাতুব্বর ৪ সন্তানকে বিঘার পর বিঘা সম্পত্তি লিখে দেওয়ার পরেও পরিবারের জ্বালাতনে গত ১৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে দু’বেলা খাবার খেতেন। সেই ব্যক্তি চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালের ফ্লোরে পড়ে আছেন। অথচ, ৪ দিনেও খোঁজ নিতে আসেননি কেউ। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা ছাড়া স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবেন না নুর হোসেন। এদিকে সন্তানদের আইনের আওতায় আনার পাশাপাশি বৃদ্ধ ওই বাবার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
মাদারীপুর সদর হাসপাতালের ফ্লোরে গত রোববার থেকে মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের নুরু মাতুব্বর। অজ্ঞাত এক ব্যক্তি অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছেন। প্রাথমিক চিকিৎসা চললেও খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে তার। অথচ, ৪ দিনেও পরিবার থেকে ৬০ বছর বয়সী বাবার কোনো খোঁজ নিতে আসেননি কেউ। দ্রুত তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ইমরানুর রহমান।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে যায় চরমুগরিয়া এলাকার ‘তাজ বিড়ি ফ্যাক্টরী’। পরে ফ্যাক্টরীর মালিক নরু মাতুব্বর বাড়ি বিক্রি করে ছেলেকে লন্ডন পাঠান পড়াশোনা করাতে। লন্ডন থেকে ফিরে এসে ছেলে বিয়ে করে ঢাকায় ব্যবসা করছেন। পরে নুরু মাতুব্বরের বিঘার পর বিঘা জমি তিন মেয়ে ও এক ছেলেকে লিখে দেয়ার পাশাপাশি তাদের সভ্রান্ত পরিবারে বিয়েও দেন। অথচ, গত ১৫ বছর ধরে বাড়ি ছাড়া ওই বাবা। মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাবার সংগ্রহ করলেও আজ চিকিৎসার অভাবে মৃত্যুশয্যা। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন এলাকাবাসী। অসুস্থ্ হওয়ার পূর্বে তিনি চরমুগুরিয়া বাজার এলাকায় একটি দোকানে রাতে পাহাদার হিসেবে কাজ করতেন। হাসপাতালের অন্যান্য রোগীরা বৃদ্ধাকে খাবার দিচ্ছে ও আদর আপ্যায়ন করছে।
নুরু মাতুব্বরের মেয়ে শামসুর নাহার চৈতী বলেন, পারিবারিক ঝামেলার কারণে বাবার সাথে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। বাবা তার মতো করে থাকে, আমারা মাকে নিয়ে আমাদের মতো করে থাকি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, এক বৃদ্ধ কয়েক দিন ধরে সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তার খোঁজ-খবর নিতে কেউ আসে না শুনে আমি সকালে হাসাপাতালে তাকে দেখতে যাই। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে আসি। তার ভরণ-পোষণ ও খোঁজ না নেওয়ায় সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/২ সেপ্টেম্বর-২০২০/জেডএন

টাঙ্গাইলে শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক আটক

সবুজ সরকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে নূরানি মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামে এক শিক্ষককে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

শিক্ষক আব্দুর রাজ্জাক উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল হাই’র ছেলে। তিনি স্থানীয় আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ওই মাদরাসা শিক্ষককে বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন পুলিশ। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, ওই শিশু ছাত্রী শিক্ষক আব্দুর রাজ্জাকের কাছে মাদরাসায় প্রাইভেট পরানোর সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে ভয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। ঘটনার ওই দিনই শিশুর মা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

আলোকিত প্রতিদিন/২ সেপ্টেম্বর-২০২০/জেডএন

৯ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণের নতুন তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা প্রনয়ণের খসড়া চূড়ান্ত করার বিষয়ে সর্বশেষ তথ্য আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারীর আইনজীবী ড. বশির আহমেদ। আইনজীবী বশির আহমেদ সাংবাদিকদের বলেন, আদালত নির্ধারিত দিনে শুনানি নিয়ে ডাক্তারদের প্রাক্টিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সর্বশেষ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ করে রিভাইস করে নতুন যে তালিকা করা হয়েছে তাও দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে ২০১৮ সালের ২৪ জুলাই দেশের সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা আইন অনুসারে প্রদর্শনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। পাশাপাশি দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশ ছাড়াও দেশের সকল জেলা সদরের হাসপাতালে ৩০টি আইসিইউ বা সিসিইউ বেড স্থাপন করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছিলেন হাইকোর্ট। এছাড়াও অনুমোদিত এবং অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষা ও ফি-র মূল্য তালিকা কেন প্রদর্শন করা হবে না এবং বেসরকারি ক্লিনিকগুলো যাচাই-বাছাই করে কেন লাইসেন্স দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। আগে হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম রিটটি দায়ের করেন। রিট আবেদনে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর ১৪ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। এই ধারায় বলা আছে, ‘ডিজি হেলথ অথবা তার মনোনীত কোনো কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত এ অধ্যাদেশের অধীন কোনো অপরাধ আমলে নিতে পারবেন না।’ রিট আবেদনে সব অনুমোদিত এবং অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের যন্ত্রপাতিসহ তালিকা দাখিল, সব জেলা সদরের হাসপাতালে ৩০ বেডের আইসিইউ/সিসিইউ স্থাপন, মেয়াদহীন ওষুধ ব্যবহারে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিএসটিআই অনুমোদিত ওষুধ ও যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশনা চাওয়া হয়েছিল।

 

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

মেসি ১০ কারণে বার্সা ছাড়ছেন

ক্রীড়া প্রতিবেদকঃ বার্সেলোনার কোভিড টেস্টে অংশ নেননি। নেননি প্রাক-মৌসুমের প্রথম অনুশীলনেও। লিওনেল মেসি নিজে থেকেই মনে করছেন, তিনি এখন আর বার্সেলোনা খেলোয়াড় নন। মূলতঃ বার্সার কাছে নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দেয়ার পর মেসি যে আর ন্যু ক্যাম্পে থাকছেন না, এটা প্রায় নিশ্চিত। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সার ফুটবল একাডেমি লা মাসিয়ায় যোগ দেয়ার পর একে একে কেটে গেছে ২০টি বছর। এর মধ্যেই মেসি এবং বার্সেলোনা পরিণত হয়েছিলেন একে অপরের পরিপূরক হিসেবে। যেন মূদ্রার এপিঠ আর ওপিঠ। মেসিকে ছাড়া বার্সা, বার্সাকে ছাড়া মেসিকে চিন্তা করারও উপায় ছিল না। এখন সে সবই অতীত। মেসির পথ এখন বার্সা থেকে বেঁকে গেছে। বিচ্ছেদটা শারীরিকভাবে না হলেও মানসিকভাবে হয়ে গেছে। শারীরিকভাবে বিচ্ছেদ ঘটার সময়টাও খুব অল্প। কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষণাটা চলে আসবে। মূলতঃ কেন বার্সা ছাড়তে চাচ্ছেন মেসি? কিছু কারণ ফুটবল সমর্থক কিংবা মেসি ভক্ত- সবারই জানা আছে। তবে সঠিকভাবে কারণগুলো অনেকেরই জানা নেই। স্পেনের মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা ১০টি কারণগুলো তুলে ধরেছে পাঠকদের জন্য। এর মধ্যে আবার কিছু আছে আইনগত কারণ, কিছু রয়েছে খেলাধুলা সম্পর্কিত কারণ।

আইনগত কারণ

১. মেসি বার্সেলোনা ছাড়ার ইচ্ছেটা ক্লাবের কাছে প্রকাশ করেছেন অনেক পরে, কিছুটা সময় নিয়ে। কারণটা হচ্ছে, মৌসুম শেষ করার ক্ষেত্রে বিলম্ব হওয়া। মূলতঃ তার ইচ্ছা-অনিচ্ছা প্রকাশ করার শেষ সময় ছিল ১০ জুন। যদিও এখন এই তারিখটা নিয়েই চলছে আইনী খেলা। এই তারিখটা নিয়ে বার্সা তার সঙ্গে যে আচরণ করছে, তাতে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন মেসি।

২. সর্বশেষ মেসির সঙ্গে বার্সার যে চুক্তি হয়েছে, সেখানে কিন্তু ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ নির্ধারিত ছিল না।

৩. বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু বেশ কয়েকবার কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলেন, মেসি যখনই চাইবেন, তখনই বার্সা ছেড়ে যেতে পারবেন।

খেলাধুলা সম্পর্কিত কারণ

৪. বার্সেলোনার সামনে যেসব প্রজেক্ট রয়েছে, সেগুলো খুব বেশি উচ্চাভিলাসি নয় এবং মেসিও বার্সার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি শঙ্কিত। তিনি নিশ্চিত নন, কি হতে যাচ্ছে ভবিষ্যতে। এমনকি প্রায় সময়ই পুরো দল একা তার ওপর নির্ভর করে দলের জয়-পরাজয়ের ব্যপারে। যেটা কোনোভাবেই মানতে রাজি নন মেসি।

৫. কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার সময় এবং আচরণ- কোনোটাই পছন্দ ছিল না মেসির। মূলতঃ তখন থেকেই মেসি বার্সেলোনায় নিজেকে অনিরাপদ ভাবতে শুরু করেন।

৬. বার্সেলোনা বোর্ডের সঙ্গেই মূলতঃ মেসির সমস্যার শুরু। গত কয়েকমাসে বার্সেলোনা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলোর সঙ্গে মোটেও একমত ছিলেন না মেসি। এমনকি সোশ্যাল মিডিয়া স্ক্যান্ডাল এবং ইআরটিই নিয়ে বার্সার অবস্থানকেও মেসি সমর্থন করেননি।

৭. বার্সার অন্য অনেক কর্মকর্তার সঙ্গেই মেসির সম্পর্কের অবনতি হয়েছিল। যেমন স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল। যাকে অনেক খেলোয়াড়ই দায়ী করে থাকেন আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার জন্য।

৮. মেসি মনে করেন, বিভিন্ন বিষিয়ে তিনি কোনো মতামত দিলে সেগুলো শোনা হয় না ক্লাবে। বিশেষ করে বার্সার একাডেমিকে কিভাবে আরও ব্যবহারযোগ্য করা যায়, কিভাবে সেখান থেকে প্রতিভা তুলে আনা যায়, কিংবা ক্লাবের বিভিন্ন বিষয়ে কোনো মতামত দিলে সেগুলো আগ্রাহ্য করা হয়।

৯. মেসি মনে করেন, বার্সায় একটি যুগের সমাপ্তি হতে চলেছে। তিনি জেরার্ড পিকের সঙ্গে একমত যে, সিনিয়র খেলোয়াড়দের এখনই জায়গা ছেড়ে সরে দাঁড়ানো প্রয়োজন এবং সে জায়গায় নতুন রক্তের সঞ্চার করা প্রয়োজন।

১০. বার্সেলোনার সোশ্যাল মিডিয়া কেলেঙ্কারিতে টার্গেট করা হয় মেসি এবং তার পরিবারকে। ক্লাবের পক্ষ থেকে এসব ঘটার কারণে তিনি মানসিকভাবেও বেশ আহত হয়েছিলেন।

 

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

ডোমিঙ্গো-কুক বুধবার আসছেন, বাকিরা যোগ দেবেন শ্রীলঙ্কায় গিয়ে

নিজস্ব প্রতিবেদকঃ আগেই জানা, টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাবে সেপ্টেম্বর মাসের ২৭-২৮ তারিখে। সেই সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। প্রশ্ন উঠেছিল, জাতীয় দল শ্রীলঙ্কা যাবার আগে দেশের মাটিতে যে অল্প কদিনের অনুশীলন করবে, তাতে কি হেড কোচ রাসেল ডোমিঙ্গো উপস্থিত থাকবেন? নাকি তিনি সরাসরি শ্রীলঙ্কা চলে যাবেন? তবে জাগো নিউজে আগেই সংবাদ প্রকাশ হয়েছে, টাইগারদের প্রধান প্রশিক্ষক সেপ্টেম্বর মাসের একদম শুরুতে চলে আসবেন। সেটাই সত্য হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২ সেপ্টেম্বর বুধবার ঢাকায় আসবেন এ দক্ষিণ আফ্রিকান। আগামীকাল বুধবার হেড কোচের সাথে রাজধানীতে পা রাখবেন ফিল্ডিং কোচ রায়ান কুকও। ২২ সেপ্টেম্বর প্র্যাকটিস শুরু, তাহলে হেড ও ফিল্ডিং কোচ এত আগে আসবেন কেন? এ কৌতুহলি প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তাদের জন্য খবর, করোনাকালিন সময়ে দেশে পা রাখার পর স্বাস্থ্যবিধি মেনে ২ সপ্তাহ কোয়ারেনটাইনে থাকতে হবে ডোমিঙ্গোকে। অর্থাৎ ২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ারেন্টাইনেই কাটবে ডোমিঙ্গো ও কুকের সময়। এদিকে হেড কোচের আগে আসার আরও একটি কারণ আছে। নির্বাচকরা তার সাথে দল নিয়ে কথা বলবেন। তিনি কোয়ারেন্টাইনে থাকলেও মুঠোফোন ও ইন্টারনেটে তার সাথে যোগাযোগ করে দল নির্বাচনের কাজ সারবেন নির্বাচকরা। সেই আভাস পাওয়া গেছে প্রধান নির্বাচকের কথায়। আজ মঙ্গলবার মধাহ্নে জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক আসছেন কাল বুধবার।’ প্রধান নির্বাচক আরও একটি তথ্য জানিয়েছেন। তাহলো, নতুন ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান এবং স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভোট্টোরি এখন আর আসবেন না। মানে জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবার আগে বাংলাদেশে যে অল্প কদিনের প্রস্তুতি ক্যাম্প করবে, তাতে অংশ নেবেন না ম্যাকমিলান ও ভেট্টোরি। এ দুই কিউই কোচের কেউই আপাততঃ বাংলাদেশে আসবেন না। নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কা চলে যাবেন। সেখানেই জাতীয় দলের সাথে মিলিত হবেন।

 

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর’২০/এসএএইচ

সুন্দরবনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা, মোংলাঃ সুন্দরবনের বেতবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির। তিনি জানান, সোমবার দুপুরে সুন্দরবন সংলগ্ন পাইকগাছার বেতবুনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গাঁজাসহ আটক ওই মাদক ব্যবসায়ীরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো।  আটক মাদক ব্যবসায়ীরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামের পবিত্র দাসের স্ত্রী পারমিতা দাস (৩৬) ও যশোর জেলার কেশবপুর উপজেলার কালিডাঙ্গা গ্রামের মৃত মধু রায়ের পুত্র বাবু তুষার রায় (৪২)। আটককৃতরা দীর্ঘদিন ধরেই গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ থাকলেও এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে । আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাইকগাছা থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3মামলা  হওয়ার পর তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

 

আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট’২০/এসএএইচ

 

ফুলবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতা, ফুলবাড়ী(দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ক্ষেতের ডোবার পানিতে ডুবে ইমন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার পৌরএলাকার উত্তর সুজাপুর রাজবংশিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ইমন ওই গ্রামের রিকশা চালক আনিছুর রহমানের ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় ইমন তার মায়ের সাথে বাড়ির পাশের কৃষিজমির মধ্যখানের বাগানে পাতা কুড়াতে যায়। তার মা পাতা কুড়ানোয় মগ্ন থাকায় মায়ের অদৃষ্টিতে দুই সঙ্গীর সাথে খেলতে যায়। খেলতে খেলতে গোসলের উদ্দেশ্যে ক্ষেতের ডোবায় নামে ইমনসহ তার দুই সঙ্গী। গোসলের একসময় ইমন ডুবে গেলে তার দুই সঙ্গী চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, শিশু ইমনের মৃত্যুর ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট’২০/এসএএইচ

গাইবান্ধায় পৃথক ঘটনায় মহিলাসহ ২ জনের মৃত্যু

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রোববার পৃথক দুটি ঘটনায় এক মহিলাসহ ২ জনের মৃত্যু হয়েছে।  পুলিশ জানায়, উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি স্কুুল এন্ড কলেজের নির্মাণ কাজ করার সময় ভবনের ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। নিহত নির্মাণ শ্রমিক পাশর্^বর্তী জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোহফেল ইসলামের ছেলে। অপরদিকে পৌরশহরের কুঠিবাড়ী এলাকায় করতোয়া নদীর পাশ থেকে লিটন রাজভর (৩২) নামে এক সার ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পাওয়া একটি সুইসাইট নোট থেকে জানা গেছে, আর্থিক অনটন ও দেনাগ্রস্থ হওয়ায় সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট’২০/এসএএইচ

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৮ টি বসতঘর পুড়ে ছাই

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের আলতাফ হোসেনের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশের বাড়ীঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।কিন্তু ততক্ষণে আলতাফ হোসেনের ৫ টি, জমেলা বেওয়ার ২টি, রাশেদা বেওয়ার ১টি বসতঘর ও ঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন জানান, সন্ধ্যা সাতটার দিকে আমরা মোবাইল কলের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত এখানে চলে আসি। কিন্তু গাড়ি যাতায়তের উপযুক্ত রাস্তা না থাকায় ঠেলাগাড়ীতে করে আমাদের যন্ত্রাদি ঘটনা স্থলে নিতে হয়েছে। এতে আগুন নেভানোর কাজ আরম্ভ করতে দেরি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি পরিবারের ৮ টি বসত ঘর ও আসবাব পত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট’২০/এসএএইচ

 

দিনাজপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে জাপা ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট)  বিকেল ৫ টায় দিনাজপুর প্রেসক্লাবে এম আব্দুর রহিম মিলনায়তনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা জাপার সংগ্রামী সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলে্‌ন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপার সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম (৪)। জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম (১) এর সভাপতিত্বে ও  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম। পার্বতীপুর উপজেলা  থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির  সমাজকল্যাণ সম্পাদক সোলায়মান সামি। জেলা জাপার সহ-সভাপতি এ্যাড. আমিনুল হক পুতুল, মহিলা সম্পাদিকা ও কেন্দ্রীয় নেত্রী পৌর কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান পিরু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর মোঃ আনিসুজ্জামান মিলন, জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ ফরহাদ হোসেন সহ অন্যান্য জেলা জাপার নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক অাখতারুজ্জামান তুহিন, জাতীয় ছাত্র সমাজের বিভাগীয় নেতা অারিফ অাহম্মেদ, জেলা জাতীয় ছাত্র সমাজের ফরহাদ হোসেন, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নিহাল হোসেন  অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য  ও জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক এ্য্যাডভোকেট সুধীর চন্দ্র শীল।প্রধান অতিথি এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী বলেন, এরশাদ সরকারের আমলে মানুষ শান্তিতে ছিল, মানুষ এখন একটি ভালো রাজনৈতিক প্লাটফর্ম খুঁজছে। জাতীয় পার্টি একদিন ক্ষমতায় আসবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। বহু মানুষ আওয়ামী লীগ ও বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করতে আগ্রহী। এরশাদের গৌরবময় উজ্জল ইতিহাস মানুষকে জানাতে হবে। দেশের জন্য হুসেইন মুহাম্মদ এরশাদ অনেক কিছু করে গেছেন। এরশাদ ক্ষমতায় থাকা কালে উপজেলা পরিষদ গঠন করেছেন, জাপা দেশ ও জনগণের কল্যাণের জন্য চিন্তা করছে। তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই সুসংগঠিত থাকলে এরশাদ বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা একদিন অবশ্যই বাস্তবায়িত হবে।

 

আলোকিত প্রতিদিন/৩০ আগস্ট’২০/এসএএইচ