আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 204

জাপানে ভূমিকম্পে আহত ৩০,বিদ্যুৎহীন হাজারও মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানে সোমবার ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

গতকাল ৮ ডিসেম্বর সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের  ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার।

সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ভূতত্ত্ববিদরা।

ভূমিকম্পের পর জাপানের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যেও একই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, “আপনারা সবাই সামনের কয়েক দিন সতর্ক থাকবেন। কম্পন অনুভূত হওয়ামাত্র যেখানেই থাকুন— তাৎক্ষণিকভাবে যেন বাইরে বেরিয়ে পড়তে পারেন—সে বিষয়ক প্রস্তুতি রাখবেন। ভূমিকম্পের নিজেদের মূল্যবান সম্পত্তি-আসবাবপত্র যেন ক্ষতিগ্রস্ত না হয়- সে বিষয়েও সতর্ক থাকবেন।”

অন্য এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর তাৎক্ষণিকভাবে আওমোরি এবং আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন জাপানের দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনী।

এদিকে ভূমিকম্পে আওমোরি জেলার বিদ্যুৎ সরবাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২ হাজার ৭০০ বাড়িঘর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ আছে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের ট্রেন পরিষেবা।

প্রধানমন্ত্রীর দপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতোমধ্যে আওমোরি এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ‘রেসপন্স অফিস’ খোলা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগর অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর গড়ে প্রায় ১ হাজার ৫০০ ভূমিকম্প হয় জাপানে।

সূত্র : বিবিসি

আলোকিত প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০২৫/মওম

 

চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন তিনি।

এবার যারা পদক পেলেন তারা হলেন- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

আলোকিত প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০২৫/মওম

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার: ইসি মাছউদ

আলোকিত প্রতিবেদক:

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

৯ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।

আলোকিত প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০২৫/মওম

তারাগঞ্জে দ্রুতগতির গাড়ির ধাক্কায় শ্রমিক নি*হত, আহ*ত-১

শফিউল মন্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি,রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকার এসবিএল ইটভাটার সামনে সড়ক দুর্ঘটনায় সুমন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আরেক শ্রমিক রহমত আলী। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার পূর্ব রসুনখাই গ্রামের লাল বাবুর ছেলে। আহত রহমত আলী একই গ্রামের জুবাইদুল মিয়ার ছেলে। তারা দুজনই তারাগঞ্জ উপজেলার একটি বেসরকারি জুতা কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান এবং রহমত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারাগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, এসবিএল ইটভাটার সামনে ভারী যানবাহন ও টলি গাড়ির চলাচল এবং অতিরিক্ত গতিতে যান চলাচলের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানান। নিহত সুমনের মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কু*পিয়ে হ*ত্যা

প্রতিনিধি,নোয়াখালী: 
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (২৫) নামে এক যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। তবে পুলিশ বলছে, নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত বলি উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টার দিকে বলি তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যায়। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় নিজের বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫/২০জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজিতে কোপ দেয়। পরে সে সিএনজি থেকে পড়ে গেলে তারা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবারের দাবি পূর্ব শক্রতার জেরে বলিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব দাবি করেন, আজ সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয়। যাত্রা পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছলে বলি ও তার সাঙ্গপাঙ্গরা আমার ছেলেকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা গুলো ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে গণপিটুনি দিলে সে মারা যায়। তাৎক্ষণিক বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডা খানায় হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, অস্ত্র, বিস্ফোরকসহ নিহত বলির বিরুদ্ধে ৫/৭টি মামলা রয়েছে। এলাকায় তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জনঅসন্তোষে তাকে গণপিটুনি দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগব ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাইফুল ইসলাম সবুজ: 
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ডিসেম্বর রবিবার বিকেলে কাকুয়া হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ে সকল নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০২৫/মওম

কক্সবাজার জেলার ৯ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

আবু সায়েম:

 কক্সবাজার জেলার ৯টি থানায় সদ্য নিয়োগ পাওয়া নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার ৮ ডিসেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে  দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।এ উপলক্ষে পুলিশ সুপার এ.এন.এম  সাজেদুর রহমানের সভাপতিত্বে  নবনিযুক্ত অফিসার ইনচার্জগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

তিনি নবনিযুক্ত অফিসার ইনচার্জগণকে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

জেলা পুলিশের মুখপাত্র ( গণমাধ্যম)  অলক বিশ্বাস জানান, নতুন ওসিরা সোমবার সন্ধ্যায় নিজ নিজ থানায় যোগ দেবেন। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উখিয়ায় নুর মোহাম্মদ, কুতুবদিয়ায় মাহবুবুল হক, রামুতে মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁওতে এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়ায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফে মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালীতে মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়ায় মোহাম্মদ খাইরুল আলম এবং কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সামীম কবীর,অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি)  অলক বিশ্বাস সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০২৫/মওম

মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে খোন্দকার দেলোয়ার পুত্র বাবলুর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে অধ্যাপক ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে বিএনপির মনোনয়ন না দেয়ার ক্ষুব্ধ নেতাকর্মিরা। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে মওলানা আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের নেতাকর্মিদের নিয়ে সংবাদ সম্মেলন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য. দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও মনোনয়ন প্রত্যাশী  ড. খোন্দকার আকবর হোসেন।

৮ ডিসেম্বর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতিনির্ধারকদের প্রতি বিতর্কিত প্রার্থী বাদ দিয়ে ত্যাগী ও ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। লিখিত বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি, সেই সরকারের দোসর, সুবিধাভোগী এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে দলকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থে লাভবান হওয়া ব্যক্তিকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি নিজ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ও বালু মহল দখলসহ নানা অপকর্মে জড়িত। আওয়ামী পরিবারের সন্তান ও বিতর্কিত শিল্পগোষ্ঠীর আশীর্বাদপুষ্ট ওই প্রার্থীর হাতে দলের ত্যাগী নেতাকর্মীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন।’’ বাবার রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘১/১১-এর জরুরি অবস্থার সময় যখন জিয়া পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছিল, তখন আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেন শত প্রলোভন ও হুমকির মুখেও দলের হাল ধরেছিলেন। সেই সময় তিনি আপোষহীনভাবে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। আজ জাতীয় ও মানিকগঞ্জের রাজনীতি থেকে খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে মাইনাস করার অপচেষ্টা চলছে।’’ তিনি আরও বলেন, ‘‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের জন্য প্রার্থীর যোগ্যতার মাপকাঠি হিসেবে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দলের প্রতি ত্যাগ ও জনপ্রিয়তার কথা বলেছেন। আমার ও আমার পরিবারের ওপর বিগত দিনে হওয়া হামলা-মামলা, জেল-জুলুম এবং এলাকায় আমাদের গ্রহণযোগ্যতা সেই মাপকাঠিতে উত্তীর্ণ। কিন্তু দলের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, যা দলের ইমেজের ক্ষতি করছে।’’ সংবাদ সম্মেলনে ড.বাবলু অভিযোগ করেন, ‘‘যোগ্যতা হিসেবে অবৈধ টাকা ও বিতর্কিত শিল্পগোষ্ঠীর প্রভাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অবিলম্বে এই সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করে আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিন, যাতে আমি আমার বাবার অসমাপ্ত কাজ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারি।’’

সংবাদ সম্মেলনে ড. আকবর আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের জন্য পরিচ্ছন্ন ভাবমূতির্, এলাকায় জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ-আনুগত্য ও সাংগঠনিক যোগ্যতাকে মনোনয়নের ক্রাইটেরিয়া হিসেবে ঘোষণা করা হয়। সেই অনুযায়ী চেয়ারপারসনের ঘনিষ্ট ও অনেক নীতিনির্ধারক মনোনয়নের ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছিলেন। আমাকে এ-ও বলা হয়েছিল দলের চেয়ারপারসন আমার ব্যাপারে দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবকে সুন্দরভাবে মনোনয়ন দেয়ার পক্ষে বলেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট মেয়ে ডা. দেলোয়ারা বেগম পান্না, ছোট ছেলে খোন্দকার আকতার হামিদ পবন, ভাতিজা খোন্দকার রোমান, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু এবং সিংজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল মাস্টারসহ মানিকগঞ্জ এবং ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

আলোকিত প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০২৫/মওম

সিরাজদিখানে নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন, র‍্যালি ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলা বাজার এলাকায় নারী শান্তি সহায়তা প্ল্যাটফর্মের উদ্যোগে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে নিমতলা জেমস গ্রিল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি ও ওয়েভ সদস্যদের নিয়ে “জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার পিএফজি এবং ওয়েভ নেটওয়ার্কের সদস্যরা।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের জেন্ডার ও ইয়ুথ এমপাওয়ার সেন্টার এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য এবং ঢাকা ক্লাস্টারের এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ। সহযোগিতায় ছিলেন এমআইপিএস প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার এস এম আতিক এবং ইন্টার্ন জেরিন মুনতাহা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লিঙ্গভিত্তিক বৈষম্য, জেন্ডার সংবেদনশীলতা, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে কমিউনিটির ভূমিকা বিষয়ে বিভিন্ন সেশন সম্পন্ন করেন। আয়োজকরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণই পারে ইতিবাচক পরিবর্তন আনতে।

আলোকিত প্রতিদিন/এপি

ভারতে থাকা নিয়ে সিদ্ধান্ত হাসিনাকেই নিতে হবে: জয়শঙ্কর!

বিশেষ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নয়াদিল্লিতে থাকার ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এন এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে রাহুল কানওয়াল জানতে চান, শেখ হাসিনা কি ‌‌যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন? জবাবে জয়শঙ্কর বলেন, ‘এটা তো ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবেই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে তিনি জানান।

এ সময় নয়াদিল্লি-ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থানের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যা শুনেছি তা হলো; বাংলাদেশে, বিশেষ করে যারা এখন ক্ষমতায়, তাদের আগের নির্বাচনগুলো কীভাবে হয়েছে; সে বিষয়ে আপত্তি ছিল। এখন, যদি সমস্যাটি নির্বাচন নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা বাংলাদেশের।

ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ‘আমাদের দৃষ্টিতে, আমরা বাংলাদেশের মঙ্গলই চাই। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই, বাংলাদেশে জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। আমি বেশ আশাবাদী, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তাদের একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতিও হবে।

আলোকিত প্রতিদিন/এপি