আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 176

আন্তর্জাতিক বাণিজ্য মেলা: শীতবস্ত্রের স্টলে উপচে পড়া ভিড় বিক্রিতে খুশি ব্যবসায়ীরা

রিপন পাল:

শীত আর ঘন কুয়াশার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন কেনাকাটার শীর্ষ তালিকায় রয়েছে নানা ধরণের শীতবস্ত্র। ফলে শীতের পোশাকের স্টলগুলোতেই ক্রেতা-দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড়। বিক্রি হচ্ছে প্রচুর। দাম হাতের নাগালে। শীতবস্ত্র ন্যায্য মূল্যেই ক্রয় বিক্রয় হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরাও খুশি।
১২ জানুয়ারি সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্রেতারা দেখেশুনে পছন্দমতো শীতের পোশাক ক্রয় করছেন। শীতবস্ত্রের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টলে তিল ধারণের ঠাঁই নেই। কেউ চাদর কিনছেন। কেউ সোয়েটার, জ্যাকেট, আবার কেউ-বা কোট ব্লেজার কিনছেন। শীতবস্ত্রের দোকানিরা জানিয়েছেন, ক্রেতার কাছে শীতের পোশাক হিসেবে সবচেয়ে বেশি চাহিদা জ্যাকেট, চাদর, সোয়েটার, শাল, টুপি, কোট, ব্লেজার, মাফলার, কানটুপি, মোজা, হাত মোজা, পা মোজা, কম্বল এবং ট্রাউজারের।
মেলায় শীতের পোশাকের পাশাপাশি সাইজ ও মানভেদে ৬০০ টাকা থেকে সাড়ে ৫হাজার টাকায় পাওয়া যাচ্ছে কম্বল। অনেকেই কম্বল কিনে বাসায় ফিরছেন। পণ্যগুলোর মানও ভালো। তবে ক্রেতাদের কেউ কেউ পণ্যের দাম বেশি বলে অভিযোগ করছেন।
ভারতীয় কাশ্মীরি শালের স্টলের মালিক কুমার হোসেন বলেন, স্টলের বরাদ্দ, নির্মাণ, সাজসজ্জা এবং কর্মচারীর বেতন পুষিয়ে নিতে পণ্যের দাম একটু বেশি নির্ধারণ করা হয়েছে। তবে পণ্যের মান ভালো। চাহিদাও বেশি। বিক্রিও হচ্ছে দেদারসে। এখানে শীতবস্ত্রের মধ্যে নারীদের চাহিদার শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী কাশ্মীরি শালের। নারীরাই শীতবস্ত্রের মূল ক্রেতা।
মেলায় স্টলগুলো ঘুরে দেখা গেছে, শীতবস্ত্র বিক্রিতে মূল্যছাড় দেওয়া হচ্ছে। ক্রেতারা দেখে শুনে শীতের পোশাক কিনছেন। কেউ কেউ শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে শাল কিনছেন। কাশ্মীরি শাল ২ হাজার টাকা থেকে শুরু করে ৩৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সঙ্গে ৩০ ভাগ ছাড়। ব্লেজারের স্টলগুলোতে কলেজ পড়–য়াদের ভিড় লেগেই থাকে। প্রতিটি ব্লেজার ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে ১৫ ভাগ ছাড় দেওয়া হচ্ছে। চামড়ার তৈরি কোট ব্লেজারের দাম একটু বেশি। এখানে ৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত একেকটি চামড়ার ব্লেজার বিক্রি হচ্ছে। এখানে ২০ ভাগ ছাড় রয়েছে। দামের পাশাপাশি মূল্য ছাড়ের দিকে লক্ষ্য রেখে ক্রেতারা শীতবস্ত্র কিনছেন। এক্ষেত্রে কোনো কোনো স্টল মালিক সঠিক মূল্যের দ্বিগুণ দাম লিখে পোশাকের সঙ্গে মূল্য তালিকায় সেঁটে দিয়েছেন। পরে ওই পোশাকের মূল্যের ৫০ভাগ ছাড় দিচ্ছেন।
পাকিস্তানি কোয়ালিটি স্টলের বিক্রয় প্রতিনিধি হাজিক হাবিব বলেন, শীত আর ঘন কুয়াশায় শীতবস্ত্রের চাহিদা বেশি। ভালো মানের হওয়ায় অনেকেই মেলা থেকে শীতবস্ত্র ক্রয় করছেন। সকাল থেকে রাত পর্যন্ত শীতবস্ত্রের স্টলের কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন।
ক্লাসিক্যাল হোমটেক্সের বিক্রয় প্রতিনিধি নুরুল ইসলাম বলেন, শিশু, কিশোর, নারী, পুরুষ সকলেরই আগ্রহ শীতবস্ত্রের প্রতি। তাই এখানে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিক্রি হচ্ছে।
রাজধানীর বাড্ডা এলাকার ব্যবসায়ী মেলায় এসে তার স্ত্রীর পছন্দে ৪ হাজর ৮০০ টাকায় একটি কাশ্মীরি শাল ক্রয় করেছেন।
নারায়ণগঞ্জের চাষাড়া থেকে আগত এনজিওকর্মী স্বপরিবারে মেলায় এসেছেন। ছবি তোলা আর খাওয়া ছাড়া মেলায় প্রথমে কিছু কিনতে চাননি। কিন্তু ছোট মেয়ের আবদারে শীতবস্ত্রের স্টলে যান তারা। পরে পোশাক পছন্দ হওয়ায় পরিবারের সবার জন্য শীতের পোশাক কেনা হয়েছে বলে জানান তিনি।

আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

১২ জানুয়ারি সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রচার সম্পাদকি এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা বিএনপিতে যোগ দেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী।

নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন টুকুকে বিজয়ী করার লক্ষ্যেই এবং সকলে মিলেই তাঁর পক্ষে কাজ করবেন।

অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না; বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন, এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা।

আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনে দেশ কার হাতে যাবে, তা নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০২৬/মওম

কাল-পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামায়াত আমির একথা বলেন।

১২ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের আমির।

নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।
ইইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবেন? জানতে চাইলে জামায়াত আমির বলেন, এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা এবং সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন।

দেশের স্বার্থে নির্বাচনের পরে খোলা মনে বসতে চান। তবে এর সঙ্গে আবার শর্ত জুড়ে দিলেন। জানতে চাইলে জামায়াতে ইসলামীর আমির বলেন, নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব। আমরা তো দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই।

প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। এই প্রশাসনকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মাহমুদুল হাসান।

আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০২৬/মওম

রেড লাইন’ অতিক্রম করছে ইরান, খুব শক্তিশালী পদক্ষেপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘ খুব শক্তিশালী বিকল্প’ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১১ জানুয়ারি রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরান তার নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করা শুরু করেছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প বলেন, তারা আমার রেড লাইন অতিক্রম করতে শুরু করেছে বলে মনে হচ্ছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা নয়।

ইরানের ক্ষমতাসীনদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ওরা যদি নেতা হয়ে থাকে-আমি জানি না তারা নেতৃত্ব দেয় নাকি সহিংসতার মাধ্যমে শাসন করে তবে আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক কর্তৃপক্ষও বিষয়টি পর্যালোচনা করছে এবং আমরা খুব শক্তিশালী কয়েকটি বিকল্প বিবেচনা করছি।’

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের পরিস্থিতি নিয়ে তিনি ‘প্রতি ঘণ্টায় রিপোর্ট’ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের হামলা হলে ইরানের পাল্টা পদক্ষেপের হুমকি সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তারা যদি এমন কিছু করে আমরা তাদের এমন মাত্রায় আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। তারা বিশ্বাসই করতে পারবে না।

তিনি আরও যোগ করেন, ‘আমার হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প রয়েছে। তারা যদি এমন কিছু করে তবে তার মোকাবিলা হবে অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দিয়ে।’

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০২৬/মওম

 

নোয়াখালী সুপার মার্কেট স্বর্ণ চুরির ঘটনায় দুর্ধর্ষ চোর সহ গ্রেপ্তার-৩,৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর মাইজদী শহরের থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার। ১১ জানুয়ারি রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন। গত শনিবার কুমিল্লা জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো.মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার ও মো.আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)। জানা যায়, গত বৃহস্পতিবার ১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সের শার্টারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ২ জানুয়ারি সুধারাম থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই চোরদের শনাক্ত ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তথ্য প্রযুক্তি এবং গোপনে তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর ভাঙা সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিন ভরি ৫ আনা ২রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে চট্রগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার বড় দিঘীর পাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে ৫ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন আরও বলেন, মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।

আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জে চাচাকে মারধর: ভাতিজাসহ তিনজনের এক বছরের কারাদণ্ড

মো: মহিদ:

মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে মারধরের ঘটনায় ভাতিজাসহ তিনজনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। ১১ জানুয়ারি রবিবার দুপুরে মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল আদালতের হাকিম আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রজ গোপাল তরফদার, নবীন তরফদার এবং তাদের সহযোগী লোকমান। মামলার অপর আসামি নবীনের স্ত্রী কনক লতা রায়ের বিষয়ে আদালত পৃথক আদেশ প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিরঞ্জন তরফদারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২১ সালের ২৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্রজ গোপাল তরফদার, নবীন তরফদার, নবীনের স্ত্রী কনক লতা রায় এবং তাদের সহযোগী লোকমানসহ কয়েকজন নিরঞ্জন তরফদারের জমি দখলের চেষ্টা করে। এ সময় নিরঞ্জন তরফদার, তার ছেলে ও স্ত্রী বাধা দিলে অভিযুক্তরা তাদের উপর হামলা চালায়। মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন ২০২১ সালের ২৪ আগস্ট ভুক্তভোগী নিরঞ্জন তরফদারের ছেলে নীহার রঞ্জন তরফদার ঘিওর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন। রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী নীহার রঞ্জন তরফদার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আদালতের এই রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে সাহস পাবে না।

আলোকিত প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০২৬/মওম

বিক্ষোভে উত্তাল ইরান, অন্তত ১৯২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া গত দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এছাড়া চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। রবিবার নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষমতাসীন সরকার এবং অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এর আগে ইরানে বিক্ষোভে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল সংস্থাটি। তবে নতুন হিসাবে সেই সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা চালিয়ে যাচ্ছে অভিযোগে করে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ।

ইরান হিউম্যান রাইটস বলেছে, ‘‘আমরা বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।’’ সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক পরিকল্পনা এবং জনগণের দাবি নিয়ে কথা বলবেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতাসীন সরকারের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় ও পরিকল্পনা তুলে ধরবেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, জাতীয় গণমাধ্যমের সঙ্গে এক কথোপকথনে প্রেসিডেন্ট ভর্তুকি ব্যবস্থার সংস্কারে সরকারের প্রধান অর্থনৈতিক পরিকল্পনার বর্তমান অবস্থা তুলে ধরেছেন এবং সাম্প্রতিক ঘটনাবলি ও জনগণের দাবির জবাবে সরকারের অবস্থান নিয়েও আলোচনা করেছেন। সাক্ষাৎকারটি রবিবার আরও পরে সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ব্যাপক কঠোর অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘‘সন্ত্রাসী সংগঠন’’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাািজক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার বলেছেন, সফররত জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্টকে তিনি জানিয়েছেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার এখনই সময়।’’

সূত্র: এএফপি।

আলোকিত প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০২৬/মওম

রাজৈরে কিশোরীর রহস্যজনক মৃ*ত্যু: ঘর থেকে ম*রদেহ উদ্ধার

নাসির উদ্দিন(নাহিদ) তালুকদার:

১০ জানুয়ারি শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ইতালির মোড় এলাকার হাসানকান্দি গ্রাম থেকে মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার একটি বাড়ির ভেতরে কিশোরীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাজৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০২৬/মওম

 

নেত্রকোনায় আহত অবস্থায় গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা সদরের সতেরশ্রী বাজার থেকে আহত গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করেছে জেলা বন বিভাগ।শনিবার রাতে স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছু বাঘ) পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধবকুলটিকে উদ্ধার করে অফিসে
নিয়ে যায়।স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কর্মকর্তাদের ধারনা,রাতে গাড়ির সাথে ধাক্কা লেগে গন্ধবকুলটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা আহত গন্ধবকুলটিকে (মেছো বাঘটি) উদ্ধার করে ১১জানুয়ারি রবিবার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়।এ ব্যাপারে নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বিলপ্তপ্রায় গন্ধবকুল আহত অবস্থায় উদ্ধারের কথা স্বীকার করে বলেন, সদর উপজেলার সতেরশ্রী বাজার থেকে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করা হয়েছে। আহত মেছো বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকে বনে অবমুক্ত করে দেয়া হবে।

আলোকিত প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০২৬/মওম

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে হলদিয়ায় নতুন নৌঘাঁটি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।

ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টু-ডেকে জানিয়েছেন, সম্প্রতি বঙ্গপোসাগরের উত্তরদিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে; আবার একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে কয়েকবার পাকিস্তান সফরও করেছেন। এসব ব্যাপার বিবেচনাধীনে রেখেই নতুন এই নৌঁঘাটি তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ঘাঁটিটির দূরত্ব হবে ১০০ কিলোমিটার। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যে বঙ্গপোসাগরে পৌঁছানো সম্ভব হবে ভারতীয় নৌ সেনাদের।

নৌঘাঁটি তৈরির ক্ষেত্রে হলদিয়ারি ডক কমপ্লেক্সকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে অপারেশনের ক্ষেত্রে সুবিধা হবে নৌবাহিনীর, অন্যদিকে অতিরিক্ত অবকাঠামোও তৈরির প্রয়োজনও পড়বে অনেক কম।

ভারতীয় নৌবাহিনীসূত্রে জানা গেছে, নতুন এই ঘাঁটিতে মোতায়েন করা হবে বেশ কয়েকটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস (এনডব্লিউজেএফএসি)-এর মতো দ্রুতগামী সামরিক নৌযান ও যুদ্ধজাহাজ।  যুদ্ধজাহাজগুলোর গতি ৪০ থেকে ৪৫ নট, অর্থাৎ ঘণ্টায় ৭৪ দশমিক ০৮ থেকে ৮৩ দশমিক ৩৪ কিলোমিটার।

ভারতীয় নৌবাহিনীর এফাআইসি এবং এনডব্লিউজেএফএসি সিরিজের যুদ্ধজাহাজগুলো বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযান। এই নৌযানগুলোকে সমৃদ্ধ করা হবে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন নাগাস্ত্র সিস্টেমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে। প্রস্তাবিত এই ঘাঁটিতে ১০০ জন সেনা কর্মকর্তা এবং সৈনিক সার্বক্ষণিকভাবে থাকবেন বলে জানা গেছে।

মূলত বঙ্গপোসাগর এবং ভারত মহাসগারে চীনের উপস্থিতি বৃদ্ধি, বাংলাদেশ ও চীনের মধ্যকার সামরিক সহযোগিতা সম্পর্কিত সাম্প্রতিক বিভিন্ন চুক্তি এবং চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেল ঘণ ঘন যোগাযোগের কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নৌঘাঁটি তৈরি করছে ভারত।

সূত্র: ইন্ডিয়া টুডে

আলোকিত প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০২৬/মওম