আজ শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 104

ইরা*কে মার্কিন রিফুয়েলিং বিমান ভূপা*তিত, নিহ*ত ৪ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত মার্কিন কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমানটিতে মোট চালক ও সহ-চালক-সহ মোট ৬ জন সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে চার জনই নিহত হয়েছেন, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে সেন্টকোমের পক্ষ থেকে এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, ‘ইরাকের আকাশ সীমায় দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে। ধ্বংস হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং উড়োজাহাজ।’

বার্তায় আরও বলা হয়েছিল, উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে শত্রুর হামলায় এমন ঘটনা ঘটেনি।

তবে সেন্টকোমের এই বার্তার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উড়োজাহাজটি ভূপাতিত করার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

টেলিগ্রাম পোস্টে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। তবে ওয়াশিংটন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রি-ফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী গত শতকের পঞ্চাশের দশক থেকে নিয়মিত রি-ফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করছে এবং এই উড়োজাহাজ মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জন খুবই গুরুত্বপূর্ণ।

এএফপি

আলোকিত প্রতিদিন / এম আর এম

পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রোববার তৃতীয় দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার চতুর্থ ও মঙ্গলবার পঞ্চম দিনে দেশের সব বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তবে পঞ্চম দিনে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সিনেমায় পা রাখছেন সংগীতশিল্পী বিলি আইলিশ

নিজস্ব প্রতিবেদক:

রূপালি পর্দায় পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিলি আইলিশ। সিলভিয়া প্লাথের কালজয়ী উপন্যাস ‘দ্য বেল জার’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই সংগীতশিল্পীর। ১৯৬৩ সালে প্রকাশিত জনপ্রিয় এই উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র এস্থার গ্রিনউড-এর ভূমিকায় দেখা যাবে আইলিশকে।

ছবিটি পরিচালনা করবেন একাডেমি পুরস্কার জয়ী পরিচালক সারাহ পলি। পরিচালনার পাশাপাশি তিনি চিত্রনাট্য নিয়েও কাজ করছেন। আর এটি প্রযোজনা করবে ‘ফোকাস ফিচার্স’।

সিলভিয়া প্লাথের আত্মজীবনীমূলক এই উপন্যাসটি বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এক সৃষ্টি। এর কাহিনী আবর্তিত হয়েছে মেধাবী তরুণী এস্থার গ্রিনউডকে ঘিরে, যে নিউইয়র্কের একটি নামী ম্যাগাজিনে কাজ শুরু করার পর ধীরে ধীরে মানসিক সংকটের মুখোমুখি হয়। গল্পটিতে বিষণ্ণতা, নারীবাদের লড়াই এবং সামাজিক প্রত্যাশার চাপে পিষ্ট এক প্রতিভাদীপ্ত মনের চিত্র ফুটে উঠেছে।

দীর্ঘ বছর ধরে ‘দ্য বেল জার’কে সিনেমায় রূপ দেওয়ার একাধিক প্রচেষ্টা চালানো হয়েছে। এর আগে জুলিয়া স্টিলস, কার্স্টেন ডানস্ট এবং ডাকোটা ফ্যানিংয়ের মতো তারকাদের নাম এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেও শেষ পর্যন্ত সেটা আর আলোর মুখ দেখেনি। তবে এবার সারাহ পলি ও বিলি আইলিশের হাত ধরে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

অভিনয়ে এটিই আইলিশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র । ভাই ফিনিয়াস ও কনেলের সঙ্গে মিলে দুটি গান লিখে তিনি ইতোমধ্যে দুবার একাডেমি পুরস্কার (অস্কার) জয় করেছেন। এছাড়াও তিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

৩০০নং আসনের এমপি রাজপুত্র সাঁচিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের ৩০০ নং সংসদীয় আসন বান্দরবানের নবনির্বাচিত এমপি ও বোমং রাজপরিবারের সন্তান বাবু সাঁচিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো। ঢাকার বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের রেস্টহাউজে সাক্ষাতের সময় ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে পার্বত্য চট্টগ্রামের প্রাসঙ্গিক বিষয় আলোচনা করেন তিনি।
উভয়ের সৌহার্দ্য পূর্ণ আলোচনায় উঠে আসে পার্বত্য জেলা বান্দরবানের আগামীর উন্নয়ন ও ভবিষ্যত নিয়ে নানা পরিকল্পনার কথা। রাজপুত্র সাঁচিং প্রু জেরী বলেন, জনগণের প্রত্যেক ও পরোক্ষ সহযোগিতায় দীর্ঘ সময় পর আওয়ামী লীগের হাতে থাকা এই আসনটি বিএনপি জয়লাভ করেছে৷ আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিবেন।
বিগত দিনে আওয়ামী লীগের অত্যাচারে কারা নির্যাতিত, হামলা মামলা,জেল,জুলুমের শিকার নেতাকর্মীদের জন্য আমি দলের পক্ষ থেকে শিরদাঁড় করে কাজ করেছি। আগামীতেও দল বা নেতাকর্মীদের প্রয়োজনে তাদের পাশে থাকবো।  বান্দরবানের উন্নয়নে প্রধান মন্ত্রী আমাকে যে দায়িত্ব দিবেন আমি তা পালন করবো। এমন মন্তব্য করেন সংক্ষিপ্ত আলোচনায়। সৌজন্য সাক্ষাৎ-এর সময় উপস্থিত ছিলেন আলোকিত প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মুহিবউল্লাহ চৌধুরী।
আলোকিত প্রতিদিন/এপি

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

আলোকিত ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন,আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, আজকে মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। সেই অনুযায়ী উনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয়: যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে মার্কিন নৌবাহিনী এখনও ‘প্রস্তুত নয়’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী বলেন, “এটা হয়তো শিগগিরই ঘটবে, কিন্তু এখন সম্ভব নয়। আমরা প্রস্তুত নই। কারণ এই মুহূর্তে আমাদের সমস্ত সামরিক শক্তি ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং এই সক্ষমতা উৎপাদনকারী যাবতীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কাজে মনযোগ দিয়েছে। আমি এমনটাই মনে করি।”

একই দিন অপর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকেও সাক্ষাৎকার দেন ক্রিস রাইট। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “যে ক্ষমতার বলে গত ৪৭ বছর ধরে হরমুজ প্রণালীকে হুমকির মুখে রেখেছে ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সেই ক্ষমতাকেই ধ্বংস করতে সেখানে গিয়েছে। যুক্তরাষ্ট্র যদি সেনা না পাঠাতো, তাহলে নিজেদের পরমাণু অস্ত্র ও ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জোরে আর অল্প কিছুদিনের মধ্যে ইরান স্থায়ীভাবে হরমুজ প্রণালি দখল করে নিতো।”

“হ্যাঁ এটা সত্যি যে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে জ্বালানি পরিবহনে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যদি একটি দীর্ঘমেয়াদি সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে স্বল্পমেয়াদি কিছু যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে।”

প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালি দিয়ে চলচলকারী মার্কিন, ইসরায়েলি কিংবা তাদের প্রতি মিত্রভাবাপন্ন দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা করা হবে।

ইতোমধ্যে বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলা করাও হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

ইরানের সরকার হরমুজ প্রণালি বন্ধ রেখে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে তোলার হুমকি দিয়েছে।

মার্কিন জ্বালানিমন্ত্রীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনে হয় এটা অসম্ভব। তবে তারপরও আমরা সামরিক অভিযানের দিকেই মনোযোগ দেবো।”

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

নবীনগর-জীবনগঞ্জ সড়কের ঝুঁ*কিপূর্ণ ব্রিজে দু*র্ঘটনার আশঙ্কা

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্রিজের পাটাতন ভেঙে গর্ত তৈরি হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ- যে কোনো সময় বড় মারাত্মক  দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
সরেজমিনে দেখা যায়- ব্রিজের ভাঙা পাটাতনের কারণে প্রায়ই গাড়ির চাকা আটকে যাচ্ছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। প্রতিদিন নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার শত শত মানুষ এই সেতু দিয়ে ঢাকা ও জেলা সদরে যাতায়াত করেন। এ সেতু দিয়ে যখন সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাক চলাচল করে তখন সেতুটি কাঁপতে থাকে। স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান বলেন-“দ্রুত সেতুটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” সিএনজি চালক ডালিম মিয়া জানান-“এই সেতু দিয়ে চলার সময় দুর্ঘটনার আতঙ্কে থাকি।” জীবনগঞ্জ বাজারে আসা বাড্ডা গ্রামের কুদ্দুস মিয়া বলেন- “আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করি।” এলাকাবাসীর দাবি দ্রুত এই সেতু সংস্কার /পূণঃনির্মাণ করা।
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান-“সেতুটির সর্বশেষ অবস্থা লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করব।”
আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

ফ্যাসিস্ট বন্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্পিকার

খোরশেদ আলম:

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মত যাতে বাংলাদেশে আর পুণরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন। ১৩ মার্চ শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে। আমরা আশা করবো, বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকান্ডে সহায়তা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এর আগে, জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বিকাল ৩টায় ঢাকায় অবতরণ করবে। সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে সন্ধ্যা ৬টায়। ১১ মার্চ  বুধবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা সম্ভব নয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিচ্ছে। আর তা হলো— রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়।

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরই দিমিত্রিভ এমন মন্তব্য করলেন।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে চার বছরের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বড় ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও, সমুদ্রের মাঝপথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ লাইসেন্স বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

গত ৫ মার্চ, ভারতের জন্য একইভাবে ৩০ দিনের একটি বিশেষ ছাড় দিয়েছিল মার্কিন ট্রেজারি বিভাগ। ফলে সাগরে আটকে থাকা রুশ তেল কেনার সুযোগ পায় নয়াদিল্লি।

সূত্র : বিবিসি।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম