প্রতিনিধি,জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবিতে পৈতৃক সম্পত্তি ও জমির আইল নির্মাণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৬৭)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান একই গ্রামের মৃত জামতুল্যার ছেলে। তাঁরা আপন দুই ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন তাঁর ছোট ভাই নবীনুর রহমানের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর ঘটনাস্থলে এসে তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুর রহমানকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জমির আইল নির্মাণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৭ নভেম্বর /২০২৬/মওম

