আজ , ।   

মানিকগঞ্জ আদালত চত্বরে ভু*য়া কাজী সন্দেহে এক ব্যক্তিকে আ*টক,২১টি সিল উদ্ধার

আরো খবর

  মো, মহিদ:

মানিকগঞ্জ আদালত চত্বরে ভুয়া কাজী সন্দেহে আহসান লিটন নামে এক ব্যক্তিকে আটক করেন আইনজীবীরা। এ সময় তাঁর কাছ থেকে একাধিক বিয়ের রেজিস্টার বই ও ২১টি সিল উদ্ধারের দাবি করা হয়েছে। তবে আইনজীবীদের হাত থেকে কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান ওই ব্যক্তি।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ আইনজীবী সমিতির ২ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। অ্যাডভোকেট হাফিজুর রহমান হীরা জানান, ওই ব্যক্তির কাছ থেকে একাধিক বিয়ের রেজিস্টার বই ও ২১টি সিল উদ্ধার করা হয়। তাঁকে আটকের পর একপর্যায়ে কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান তিনি।

অভিযোগ, ভূয়া রেজিস্টার বই ব্যবহার করে আদালত চত্বরে বিয়ে নিবন্ধনের নামে অনিয়ম করা হচ্ছে। এসব রেজিস্টার বইয়ে বর-কনের নাম-ঠিকানা উল্লেখ না করে শুধু টিপসই নেওয়া হচ্ছে। এ ছাড়া কাবিননামায় দেনমোহরের পরিমাণ পরিবর্তন করেও প্রতারণা করা হচ্ছে।

তবে অভিযুক্ত আহসান লিটন তাঁর কাছ থেকে রেজিস্টার বই ও সিল উদ্ধারের এবং তাঁকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি নিজেকে আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী বলে দাবি করেন।

অন্যদিকে, কৃষ্ণপুর ইউনিয়নের কাজী নুরুল ইসলাম জানিয়েছেন, আদালত এলাকায় বিয়ে পড়ানো বা নিবন্ধনের জন্য তাঁর কোনো প্রতিনিধি নেই। তাঁর অভিযোগ, কিছু আইনজীবীর সহকারী ও মুহুরি কাবিননামায় দেনমোহরের পরিমাণ পরিবর্তন করে প্রতারণা করছেন। এক লাখ টাকার দেনমোহরকে ১০ লাখ টাকা এবং ১০ লাখ টাকার দেনমোহরকে এক লাখ টাকা উল্লেখ করে প্রতারণার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।

আদালত চত্বরে বিয়ে নিবন্ধনের নামে এমন অনিয়ম ও প্রতারণার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন /২৭ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -