তানজিলা আক্তার রুবি:
নেত্রকোণার আটপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই বরাদ্দের চালের বিপরীতে অর্থ উত্তোলন এবং দীর্ঘদিন অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নে একই অর্থবছরে একই স্থানে একই নামে দুটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে একটি টিআর প্রকল্প, যার বরাদ্দ ১ লাখ ২০ হাজার টাকা। অপরটি কাবিখা (চাল) প্রকল্প, যার বরাদ্দ ৬ দশমিক ৫৩৫ মেট্রিক টন চাল। সরকারি বরাদ্দমূল্য অনুযায়ী যার আর্থিক মূল্য ৩ লাখ ৮১ হাজার ১১৪ টাকা।
কাবিখা প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শুনই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা আক্তার তনুরা।
স্থানীয়দের অভিযোগ, কাবিখা প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রকল্পের সভাপতি সালমা আক্তার তনুরা উত্তোলন করেন। অন্যদিকে দ্বিতীয় কিস্তির অর্থ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মমিন নিজেই উত্তোলন করেছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তবে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুন ক্লোজিং শেষ হওয়ার পরও দীর্ঘদিন দ্বিতীয় কিস্তির ডিও (ডেলিভারি অর্ডার) ইস্যু করা হয়নি। গোপন সূত্রের দাবি, সাংবাদিকরা প্রকল্পের অনিয়ম নিয়ে খোঁজখবর শুরু করার পর গত ১৮ নভেম্বর দ্বিতীয় কিস্তির ডিও ইস্যু করেন পিআইও। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়া এবং অর্থবছর শেষ হওয়ার কয়েক মাস পর ডিও ইস্যুর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রকল্পের সভাপতি সালমা আক্তার তনুরা জানান, প্রকল্পটি বরাদ্দ হওয়ার পরপরই এলাকায় পানি চলে আসায় মাটি কাটার কাজ করা সম্ভব হয়নি। তবে পানি শুকিয়ে যাওয়ার পরও কেন কাজ করা হয়নি, সে বিষয়ে তাঁর কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ বিষয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মমিনের বক্তব্য জানতে চাইলে তিনি সাক্ষাৎকার দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
অন্যদিকে নেত্রকোণা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর জানান, একই অর্থবছরে একই স্থানে দুটি প্রকল্প গ্রহণের সুযোগ নেই। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। অন্যথায় বরাদ্দের অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হলে কিংবা অর্থ নিজের কাছে রেখে দেওয়া হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, প্রকল্পের বরাদ্দ, প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ উত্তোলন, ডিও ইস্যুর তারিখ এবং প্রকল্পের বাস্তব কাজের অগ্রগতি সরেজমিনে তদন্ত করা হোক। একই সঙ্গে সরকারি বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আলোকিত প্রতিদিন /২৩নভেম্বর /২০২৬/মওম

