মোহাম্মদ ইয়াসিন: সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ কারখানা থেকে বেরিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টার অভিযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ আশপাশের চালু কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন। এ সময় কাজে যোগ দেওয়া কিংবা দেরিতে কারখানা থেকে বের হওয়া কয়েকজন শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি এক শ্রমিককে রিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগও পাওয়া গেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, প্রথমে সাভারগামী একটি বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে অনন্ত ও জনন কারখানায় হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি টিয়ারশেল ও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় ইটের আঘাতে তিন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে নিউ এইজ কারখানার আন্দোলনকারী এক নারী শ্রমিক অন্য কারখানায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কারখানা থেকে বের হওয়ার পর পুলিশ তাঁদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সকাল ১১টা ২৮ মিনিটের প্রতিবেদন অনুযায়ী, আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। এ ছাড়া পাঁচটি কারখানার ভেতরে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছিলেন।
এর আগে জাগো নিউজের সকাল ১০টা ৪১ মিনিটের প্রতিবেদনে সাধারণ ছুটি ঘোষিত কারখানার সংখ্যা ছিল ৯টি। অর্থাৎ সকাল থেকে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছুটি ঘোষিত কারখানার সংখ্যাও বেড়েছে।
অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। এদিনের সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও সভার চূড়ান্ত সিদ্ধান্ত বা মালিকপক্ষের প্রস্তাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/এপি

