টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে এসব বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় আলামত হিসেবে ইজিবাইকটিও জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আদালতের কাছে গ্রেনেডগুলো ধ্বংসের আবেদন করা হয়। পরে ২১ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ (নন-জিআর), কক্সবাজারের নির্দেশনায় ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোমা ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

