বিশেষ প্রতিনিধি: মো: নুর হোসেন। শেরপুরের নালিতাবাড়ীতে বারোমারী গারো পাহাড়ের সাধুলিওর খ্রিস্টধর্মপল্লীতে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার তীর্থযাত্রী দুই হাতে দুটি করে মোমবাতি জ্বালিয়ে অংশ নেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা মিছিলটি চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। তীর্থোৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ বছর ‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী ২৯তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
তীর্থোৎসবের সমন্বয়কারী রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, উপজেলার সীমান্তবর্তী বারোমারী সাধুলিওর খ্রিস্টধর্মপল্লীতে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের অনুকরণে বারোমারী তীর্থস্থানটি সাজানো হয়। এটি রোমান ক্যাথলিক খ্রিস্টভক্তদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতিবছর হাজার হাজার খ্রিস্টভক্ত এখানে সমবেত হয়ে ভিন্ন ভিন্ন মূলসুরের ওপর বার্ষিক তীর্থোৎসব পালন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উপাসনার জন্য এখানে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট উঁচু দেশের সবচেয়ে বড় মা মারিয়ার মূর্তি। প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বার্ষিক তীর্থোৎসব পালিত হয়। আজ শুক্রবার জুমার নামাজের আগে তীথোর্ৎসব এর সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রসাশনের বিভিন্ন সাপোর্ট টিম তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে। ব্যবসায়ীরা রাত দিন মিলে টানা ব্যবসা করছেন। মোটামুটি সকল খাদ্য সামগ্রী বিক্রি হলেও শীতে পোশাক ও কম্বল বিক্রি হয়নি শীত কম থাকায়।
আলোকিত প্রতিদিন/এপি

