নিজস্ব প্রতিবেদক :
শিশুর অধিকার নিশ্চিত করা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সার্বিক বিকাশের সুযোগ তৈরিতে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, শিশুদের কল্যাণ ও অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নারী ও শিশুর নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে শিশুর অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই চালু করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। ইতোমধ্যে এ কর্মসূচির বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ১ লাখ ৪৫ হাজার শিশু।
শিশুদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে শিশুদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
এর আগে, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী তিন দিনব্যাপী ‘শিশু অধিকার দিবস ২০২৬’ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু অধিকারবিষয়ক সংস্থার প্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার শিশু একাডেমির শিশুরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

