নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা, রেলপথনির্ভর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও উঠে আসে।
আলোচনায় গুরুত্ব পায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি। এই চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে প্রতিষ্ঠানটি।
এ সময় বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা ও রেলভিত্তিক আইসিডি নির্মাণে প্রতিষ্ঠানটির আগ্রহের বিষয়ে জানতে চান তিনি। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ডসহ বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে দেশের বন্দর অবকাঠামো আরও উন্নত করা, আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়ানো এবং পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও কার্যকর করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আলোকিত প্রতিদিন / এম আর এম

