কৃষকের দোরগোড়ায় সরকারি সহায়তা, চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরণ শুরু
ফরিদপুর থেকে: আহম্মেদ আল ইভান: কৃষক বাচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ ফরিদপুরের চরভদ্রাসনে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মো. শাহজাহান শিকদার, সাবেক সভাপতি উপজেলা বিএনপি, মোঃ কুদ্দুস আলী সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী ব্লকে এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মোট ৮৪৮ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন ৬০২ জন কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে। এতে মোট ১৫ লাখ ৫ হাজার টাকা সরাসরি উপকার ভোগীদের ব্যাংক হিসাবে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ব্যাংক হিসাবে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ফলে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয় এবং চাষাবাদের ব্যয় নির্বাহে সহায়তা পাবেন।
অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং সরকারি কৃষি সহায়তার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও কৃষি উৎপাদন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
আলোকিত প্রতিদিন/এপি

